ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

কক্সবাজারে আরেকটি আবাসিক হোটেলে আগুন, শতাধিক পর্যটক আতঙ্কিত


কক্সবাজারে আরেকটি আবাসিক হোটেলে আগুন, শতাধিক পর্যটক আতঙ্কিত

কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আবারও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে এসেছেন হোটেলটিতে অবস্থানরত শতাধিক পর্যটক।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী এলাকায় কক্স অ্যাম্বাসেডর নামে একটি হোটেলের ৮ম তলায় আগুনের সূত্রপাত ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলটিতে অবস্থানরত শতাধিক পর্যটক এবং আশপাশের হোটেলগুলোর পর্যটক ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় অবস্থান নেন।

আরও পড়ুন: তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হোটেলটির ৮তলার একটি কক্ষে এসি থেকে আগুন লেগেছে, এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেল সংলগ্ন বসতঘরে আগুন লাগে। এই ঘটনায় অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

একই মাসের ১৭ তারিখে ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনা। উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দুই তলাবিশিষ্ট টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ভোরে রিসোর্টের পর্যটকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: শিক্ষাগত যোগ্যতার বিতর্কে ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ

ক্রমাগত এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজারের হোটেল-মোটেল ও পর্যটন স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রায়ত্ত শিল্পের হাল বেহাল, ৫৫টির মধ্যে লাভে মাত্র ৫টি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


রাষ্ট্রায়ত্ত শিল্পের হাল বেহাল, ৫৫টির মধ্যে লাভে মাত্র ৫টি

শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। বর্তমানে ৫৫টি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে লাভজনক অবস্থায় রয়েছে মাত্র ৫টি প্রতিষ্ঠান। বাকি প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ লোকসানে রয়েছে, এবং কিছু প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীরের প্রদত্ত তথ্য থেকে এই চিত্র উঠে এসেছে। যশোর-৬ আসনের এমপি মো. মোক্তার আলীর সংশ্লিষ্ট তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, বন্ধ এবং অব্যবহৃত শিল্পকারখানার জমি দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবহার করে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনে অব্যবহৃত জমিতে যৌথ বিনিয়োগের মাধ্যমে সমজাতীয় পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীনে শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য উৎপাদিত পণ্য সরকারি দপ্তর ও সংস্থার মাধ্যমে ডিপিএম পদ্ধতিতে কেনার ব্যবস্থা, ইলেকট্রিক মোটরসাইকেল ও স্কুটার বাজারজাতকরণ এবং বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগে যৌথ উদ্যোগে কারখানা পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়া, ন্যাশনাল টিউবস লিমিটেডে ৬০০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং ইস্টার্ন কেবলস লিমিটেডে এক্সএলপিই কেবল উৎপাদনের নতুন লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে লোকসানি ও বন্ধ প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি করতে আর্থিক ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ, নিয়মিত বাজেট প্রণয়ন, অভ্যন্তরীণ ও বহিঃনিরীক্ষা এবং ই-জিপির মাধ্যমে ক্রয় কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়া চিনিকলগুলোর আধুনিকায়নে পর্যায়ক্রমে বিএমআর (ব্যালান্সিং, মডার্নাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন) কর্মসূচি বাস্তবায়ন, ডিজিটাল পদ্ধতিতে আখ ক্রয়, স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার এবং চিনিকলগুলোর আখ মাড়াই সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। চিনিকলভিত্তিক ডিস্টিলারি, জৈব সার ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমি কাজে লাগিয়ে নতুন শিল্প স্থাপনের পরিকল্পনাও সংসদে তুলে ধরেন মন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এএফসিসিএল) অব্যবহৃত ১৯৭ একর জমিতে যৌথ উদ্যোগে প্রিমিয়াম ফ্লোট গ্লাস, সোলার গ্লাস ও সোলার প্যানেল কারখানা স্থাপনের প্রস্তাব রয়েছে। এ প্রকল্পের প্রি-ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে।

একই প্রতিষ্ঠানের জমিতে বার্ষিক আট লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতার এমওপি সার এবং ১৫ হাজার মেট্রিক টন উৎপাদনক্ষমতার কীটনাশক ও জৈব কীটনাশক কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বন্ধ উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের জায়গায় জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব শিল্পপ্রযুক্তিতে গ্লাস প্ল্যান্ট বা কনটেইনার গ্লাস প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পের প্রি-ফিজিবিলিটি স্টাডিও সম্পন্ন হয়েছে।

এছাড়া টিএসপি কমপ্লেক্স লিমিটেডের অব্যবহৃত ১৫ একর জমিতে বার্ষিক চার লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতার নতুন টিএসপি সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসির অব্যবহৃত ১০ একর জমিতে ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ কারখানা এবং পাঁচ একর জমিতে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ডব্লিউপিপি ব্যাগ কারখানা স্থাপনের প্রস্তাব রয়েছে।

রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর লোকসান কমিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং অব্যবহৃত সম্পদের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংসদকে জানান খন্দকার আব্দুল মুক্তাদীর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় শুরু হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


ঢাকায় শুরু হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং এবং পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়েছে।

এই প্রদর্শনীগুলো তিন দিনব্যাপী চলবে এবং আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে শুরু হয়ে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এবারের প্রদর্শনীগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—৩১তম বিল্ড বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬, ২৮তম পাওয়ার বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৩তম সোলার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬, ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৬ এবং ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬।

আইসিসিবির ৪ নম্বর হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশেদুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মৎ নার্গিস মুর্শিদা, এইচবিআরআই-এর মহাপরিচালক ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, স্রেডার সদস্য (যুগ্ম সচিব) ড. আশরাফুল আলম এবং ইনভেস্ট বাংলাদেশের মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক।

এবারের ছয়টি প্রদর্শনীতে ২০টিরও বেশি দেশের ২০০টির অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যেখানে ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন রয়েছে। নির্মাণ ও আবাসন খাতের ‘বিল্ড সিরিজে’ লেসো বাংলাদেশ, কিংলং, আর আর ক্যাবল, রহিম স্টিল, একেএস ও আকিজ ইলেকট্রনিকসসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণসামগ্রী ও প্রযুক্তি তুলে ধরছে। শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের অংশগ্রহণে ৪ নম্বর হলে বিশেষ ‘শ্রীলঙ্কা প্যাভিলিয়ন’ও থাকছে।

বিদ্যুৎ, সৌরশক্তি ও লাইটিং প্রদর্শনীতে নবায়নযোগ্য জ্বালানি ও স্মার্ট প্রযুক্তি নিয়ে অংশগ্রহণ করেছে এসিআই রিনিউএবেল এনার্জি, ওমেরা, হুয়াওয়ে, রহিমআফরোজ, সিমেন্স ও গ্রামীণ সোলারের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো।

ওয়াটার বাংলাদেশ প্রদর্শনীতে পানি পরিশোধন ও স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট সমাধান প্রদর্শিত হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনে ২০ হাজারের বেশি ব্যবসায়ী, পেশাজীবী ও দর্শনার্থী এই প্রদর্শনীতে অংশ নেবেন।

এদিকে, প্রদর্শনীর পাশাপাশি ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬’। এর উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আর্কিকানেক্টের প্রতিষ্ঠাতা স্থপতি জালাল আহমেদ, আইএফসির পরামর্শক এ টি এম ইকবাল চৌধুরী এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর স্থপতি তাহমিদা আফরোজ। এই উৎসবে বিশেষায়িত মাস্টারক্লাস, প্যানেল সেশন এবং পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য প্রকল্পগুলোর উপস্থাপনা থাকছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে বিজিবি টহল দলের ওপর হামলা, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


টেকনাফে বিজিবি টহল দলের ওপর হামলা, আহত ১

কক্সবাজারের টেকনাফে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালনকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি বিশেষ টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় ইটপাটকেলের আঘাতে একজন বিজিবি সদস্য আহত হয়েছেন। হামলার ফলে টহল দলের ব্যবহৃত একটি পিকআপের তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।

গত ১০ নভেম্বর রাত ১১টা ১০ মিনিটের দিকে টেকনাফ উপজেলার অলিয়াবাদ মাদ্রাসা-সংলগ্ন এলাকায় হামলাটি ঘটে। রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে নিয়োজিত বিজিবির এক প্লাটুন বিশেষ টহল দলের ওপর একদল দুর্বৃত্ত অতর্কিতে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এই হামলায় একজন বিজিবি সদস্য আহত হন। একই সঙ্গে টহল দলের পিকআপের পেছনের দরজাসহ তিনটি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়।

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুন পল্লানপাড়া গ্রামের ফজল আহামদের ছেলে খোরশেদ আলম (২৫), জাফর আলমের ছেলে আকিব (২২) এবং মার্কিন মিয়ার ছেলে আব্দুল গফুর (১৯)।

বিজিবি আরও জানায়, এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও আটক করার জন্য পুলিশ, এসআরবি ও বিজিবির যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, "দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।" এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিজিবির সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের বিক্ষোভ, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের বিক্ষোভ, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি

রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীরা মহানগর শপিং কমপ্লেক্সের দখল ও চাঁদাবাজদের দৌরাত্ম্যের বিরুদ্ধে বিক্ষোভে অংশগ্রহণ করেছেন। মার্কেটের চেয়ারম্যান আলহাজ আব্দুর রহমান এই সময় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান করেন। তিনি জানমালের নিরাপত্তা ও গাড়ি ভাঙচুরের হুমকির অভিযোগও তুলে ধরেন। বৃহস্পতিবার চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মার্কেট কর্তৃপক্ষের অভিযোগ, গত বুধবার গোলাম মাওলা নামের এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন মহানগর শপিং কমপ্লেক্সের সামনে স্লোগান দিয়ে মার্কেট দখলের চেষ্টা করেন। এ সময় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন।

এই ঘটনার পর বৃহস্পতিবার মার্কেট সমিতির পক্ষ থেকে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সমাবেশে আব্দুর রহমান উল্লেখ করেন, চাঁদাবাজদের কারণে গুলিস্তান এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। তিনি বলেন, "মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে এবং নির্বিঘেœ ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য কাজ করতে পারে, সে পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যেই ৫ আগস্টের পরিবর্তন এসেছে।" তিনি আরও বলেন, "চাঁদাবাজদের দৌরাত্ম্য প্রতিষ্ঠার জন্য দেশ স্বাধীন হয়নি।"

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, "এসব চাঁদাবাজ কখনোই সরকারের শুভাকাক্সক্ষী হতে পারে না। বরং তাদের কর্মকা- দল ও সরকারের ভাবমূর্তিক্ষুন্ন করছে।" অভিযুক্তদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তিনি আহ্বান জানান। তিনি জানান, চাঁদাবাজরা তার জানমালের ক্ষতি করার পাশাপাশি গাড়ি ভাঙচুরের হুমকি দিচ্ছে এবং মার্কেট দখলের চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, মহানগর শপিং কমপ্লেক্সের সব বৈধ কাগজপত্র রয়েছে এবং নিয়মিত সরকারকে ভ্যাট ও ট্যাক্স প্রদান করা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, "পুলিশ হেডকোয়ার্টার্সের পাশেই কীভাবে একটি মার্কেট দখলের চেষ্টা হয়?" এ সময় গোলাম মাওলা, মাজাহার, দেলোয়ার হোসেন ও কামাল নামের ব্যক্তিদের পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন। অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

সমাবেশে মার্কেটের পরিচালক মাসুদুর রহমান পারভেজ, শেখ শাকিল, আবু সাঈদ চৌধুরী হিমু, এরশাদসহ অন্যান্য ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%