০৪:২৮ পি.এম
ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় কন্ডাক্টরের ভূমিকায় অবতীর্ণ হয়ে সাধারণ যাত্রীদের সঙ্গে মিশে বাসে উঠে নারী যাত্রীদের হাতে বিনামূল্যে ভ্রমণের টিকিট বিতরণ করেছেন।
এটি শুক্রবার (২ অক্টোবর) চেন্নাইয়ে ঘটে।
রাজ্য সরকারের জনকল্যাণমূলক ‘ভেট্রি পয়ণম’ প্রকল্পের আওতা ও পরিধি সম্প্রসারণের আনুষ্ঠানিক সূচনা উপলক্ষে তিনি এই উদ্যোগ নেন। মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেই অধিক পরিচিত, বাসে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
এই সময় নারী যাত্রীদের হাতে বিনামূল্যে ভ্রমণের পাস তুলে দেন তিনি। বাসে উপস্থিত কয়েকজন কলেজ শিক্ষার্থী মুখ্যমন্ত্রীকে চকোলেট উপহার দিলে, তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে দেখা যায় তাকে। মুখ্যমন্ত্রীর এই ব্যতিক্রমী উপস্থিতিতে বাসের ভেতর একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
তামিলনাড়ু সরকারের ‘ভেট্রি পয়ণম’ প্রকল্পের মূল উদ্দেশ্য হলো নারী ও রূপান্তরকামী ব্যক্তিদের যাতায়াত সহজ করা এবং তাদের আর্থিক স্বাবলম্বিতা বৃদ্ধি করা। প্রকল্পটির সম্প্রসারণের ফলে এখন থেকে রাজ্যের সাতটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অধীনে থাকা ১২ হাজার ৬৯৫টি বাসে সুবিধাভোগীরা বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবেন।
আগে নির্দিষ্ট কিছু সাধারণ সিটি বাসে এই সুবিধা পাওয়া গেলেও, নতুন সিদ্ধান্তের মাধ্যমে এক্সপ্রেস, ডিলাক্স, মফস্বলের সাধারণ বাস এবং পাহাড়ি অঞ্চলের নির্দিষ্ট রুটের বাসেও বিনামূল্যে যাতায়াতের সুবিধা যুক্ত হয়েছে। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, প্রকল্পটির সম্প্রসারণের ফলে প্রতিদিন প্রায় ৮৪ লাখ ৩২ হাজার নারী ও রূপান্তরকামী ব্যক্তি উপকৃত হবেন।
সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মিশে যাওয়ার ঘটনা বিজয়ের জন্য নতুন নয়। এর আগে তিনি সচিবালয় থেকে পেরাম্বুর পর্যন্ত সাধারণ সরকারি বাসে যাতায়াত করেছেন। এছাড়া, মেত্তুর সফরে রাস্তার পাশে একটি খামারবাড়িতে গাড়ি থামিয়ে বয়স্কদের সঙ্গে সময় কাটানোর ঘটনাও আলোচনায় এসেছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
জনকল্যাণমূলক প্রকল্পের সম্প্রসারণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এই উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় আসলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন