বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:১০ পি.এম
নেত্রকোনার খালিয়াজুরী এলাকায় নিখোঁজ হওয়ার প্রায় ৩১ ঘণ্টা পর সুরমা নদী থেকে উদ্ধার করা হয়েছে অদ্বৈত্য সরকার আদিত্য (৫৫) নামে এক শিক্ষকের মরদেহ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে কিশোরগঞ্জের ইটনা উপজেলার রমানাথপুর এবং নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাঁদপুর গ্রামের মধ্যবর্তী স্থানে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।
নিহত অদ্বৈত্য সরকার আদিত্য খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের পুত্র। তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বাড়ির নিকটবর্তী সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন অদ্বৈত্য সরকার। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর রাত ১১টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার প্রায় ৩১ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে সুরমা নদীতে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হাসান মাসুদ অপরাধী চক্র ও মাদক কারবারীদের জন্য এক আতঙ্কের নাম হয়ে উঠেছেন। নিখোঁজ ভিকটিম উদ্ধার, দুর্গম বিলাঞ্চলে সর্বহারা নকশালদের আস্তানায় অভিযান চালিয়ে তাজা গুলি ও ভারী দেশীয় অস্ত্র উদ্ধার, একাধিক সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার এবং মাদকের বিস্তার প্রতিরোধের মাধ্যমে ফরিদপুর থানায় ইতিবাচক পরিবর্তনের নতুন উদাহরণ সৃষ্টি করেছেন তিনি।
ওসি মো. মনজুরুল হাসান মাসুদের পেশাদার নেতৃত্ব, দূরদর্শী কৌশল এবং অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ফলে মাত্র আড়াই মাসের মধ্যে ফরিদপুর থানা অপরাধীদের জন্য এক আতঙ্কের জায়গায় পরিণত হয়েছে।
ফরিদপুর থানার সূত্রে জানা যায়, ২৯ আগস্ট মনজুরুল হাসান মাসুদ অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকেই অপরাধ দমনে একাধিক বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। সাধারণ মানুষের মধ্যে আইনি সুরক্ষার আস্থা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একের পর এক অভিযান শুরু হয়।
২৪ সেপ্টেম্বর ঘটে যাওয়া একটি উল্লেখযোগ্য ঘটনায়, উত্তর থানা পাড়ার মো. জিন্নাত ফকিরের মেয়ে মোছা. জিয়াসমিন খাতুন নিখোঁজ হলে থানায় একটি জিডি (নং- ১৫৬০) দায়ের করা হয়। ওসির প্রত্যক্ষ তদারকিতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ২৫ সেপ্টেম্বর নিখোঁজ ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করে তার স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
হাদল ইউনিয়নের দুর্গম বিলাঞ্চলে সর্বহারা নকশাল বাহিনীর ক্যাডাররা রাতের আঁধারে গুলিবর্ষণ, চাঁদাবাজি ও জলাশয় দখলের চেষ্টা চালাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর রাতে কুচলিয়া গ্রামে ওসির নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে উদ্ধার করা হয় ১৫ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি, ১টি চাপাতি, ১টি রামদা ও ৩টি ধারালো দা। সন্ত্রাসীদের এই অস্ত্র মজুদ নস্যাৎ করার ফলে নদীবেষ্টিত দুর্গম এলাকার বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে কঠোর ভূমিকা পালন করছে। ৬ অক্টোবরের বিশেষ অভিযানে ডেমড়া ও রতনপুর এলাকার সিআর অর্থজারী ও পরোয়ানাভুক্ত চার আসামি শাহ আলম, মিলন হোসেন, মাসুদ রানা ও চাঁদ আলীকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২৭ সেপ্টেম্বর ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রওশন মল্লিককে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মাদকমুক্ত সমাজ গঠনে ওসির নেতৃত্বে একের পর এক অভিযানে সফলতা আসছে। ১ অক্টোবর ২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। ৫ অক্টোবর ১ পুরিয়া গাঁজাসহ আটক মোমিন প্রামানিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং চুরির মামলার এজাহারনামীয় আসামি মজিবর রহমান ও এমডি সাগরসহ একাধিক অপরাধীকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।
ওসি মনজুরুল হাসান মাসুদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। ১৮ নভেম্বর পাবনা পুলিশ সুপার কার্যালয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজি মির আশরাফ আলী এবং পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ তার হাতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়ার ক্রেস্ট তুলে দেন।
ফরিদপুর উপজেলার সার্বিক নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় ওসির এই দূরদর্শী পদক্ষেপ স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ মানুষের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী আক্কাস আলী মন্তব্য করেন, ওসি মনজুরুল হাসান মাসুদের দ্রুত পদক্ষেপ ও জনবান্ধব কার্যক্রম পাবনা জেলার পুলিশি সেবাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিলাঞ্চলে সর্বহারা বাহিনীর দৌরাত্ম্য থামানো থেকে শুরু করে পরোয়ানা তামিল ও ভিকটিম উদ্ধারে রেকর্ড গড়ে তোলা এই কর্মকর্তা পেশাদারিত্ব ও কর্মদক্ষতার বিচারে পাবনা জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে আইনশৃঙ্খলা রক্ষায় তার ভূমিকা অব্যাহত থাকবে।
ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, “অপরাধী যত শক্তিশালী বা প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ফরিদপুর থানাকে সম্পূর্ণ অপরাধমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ বাহিনীর এ সাড়াশী অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।
বৃহস্পতিবার, বাণিজ্য মন্ত্রণালয়ে কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানারের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ বিষয়টি নিয়ে আলোচনা করেন।
মন্ত্রী দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জন্য বাংলাদেশের আগ্রহের কথাও তুলে ধরেন।
বৈঠকে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি করার উদ্দেশ্যে প্রতিনিধিদলের সফর বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি, দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমঝোতা স্মারক সই এবং বাণিজ্য চুক্তিগুলো দ্রুত চূড়ান্ত করার বিষয়েও আলোচনা করা হয়।
কসোভোর রাষ্ট্রদূত উল্লেখ করেন, দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে কসোভোর কৌশলগত অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে দেশটির শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ইউরোপের বাজারে প্রবেশের সুযোগ তৈরি করতে পারে।
আলোচনায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য, তৈরি পোশাক, ওষুধ এবং তথ্যপ্রযুক্তি খাতে কসোভোতে রপ্তানি ও বিনিয়োগের সম্ভাবনা উঠে আসে। কসোভোর লিগনাইট, তামা ও দস্তার মতো খনিজ সম্পদ নিয়ে যৌথ উদ্যোগের পাশাপাশি কৃষি ও সেবা খাতে সহযোগিতার বিষয়েও মতবিনিময় হয়।
বৈঠকে শিক্ষা, সংস্কৃতি ও জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে দুই পক্ষ একমত পোষণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : তথ্য কমিশন বাংলাদেশ কর্তৃক ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আরটিআই) বিমলাংশু রায়কে। এটি করা হয়েছে তথ্য কমিশনের নির্দেশনা সত্ত্বেও আবেদনকারীর চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ না করার কারণে।
আজ বৃহস্পতিবার প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন তথ্য অধিকার আইন অনুযায়ী অভিযোগের শুনানি শেষে এই জরিমানা আরোপ করেন।
অভিযোগের সূত্রে জানা যায়, শেখ আবু তাহের মো. আজরফ নামের এক ব্যক্তি ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী বিমলাংশু রায়ের কাছে ১৩টি বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেন।
চাহিদাকৃত তথ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল কলেজের গভর্নিং বডির সভার কার্যবিবরণী, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি, নিয়োগ অনুমোদনের কার্যবিবরণী, নিয়োগ ও যোগদানপত্র, এমপিও সংক্রান্ত কাগজপত্র এবং বিভিন্ন মাসের বেতন-ভাতার সরকারি অংশের বিলের সত্যায়িত অনুলিপি।
নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পাওয়ার কারণে অভিযোগকারী ২০২৩ সালের ২৬ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও আপিল কর্তৃপক্ষের কাছে আপিল আবেদন করেন। সেখান থেকেও কোনো প্রতিকার না পেয়ে তিনি ২০২৪ সালের ৩০ জানুয়ারি তথ্য কমিশন বাংলাদেশে অভিযোগ দায়ের করেন।
পরবর্তীতে ২০২৪ সালের ২২ এপ্রিল অভিযোগের শুনানি শেষে তথ্য কমিশন অভিযোগকারীকে তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী চাহিদাকৃত সব তথ্য সরবরাহের জন্য বিমলাংশু রায়কে নির্দেশ দেয়। সিদ্ধান্তপত্র পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছিল। কিন্তু কমিশনের নির্দেশনা সত্ত্বেও তথ্য সরবরাহ না করায় অভিযোগকারী পুনরায় তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন।
আজ তথ্য কমিশন বাংলাদেশে এ অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে চাহিদাকৃত তথ্য সরবরাহ না করায় তথ্য অধিকার আইন অনুযায়ী বিমলাংশু রায়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। কমিশন একই সঙ্গে আগামী ১০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে চাহিদাকৃত তথ্য সরবরাহের নির্দেশ দেয়।
উল্লেখ্য, তথ্য কমিশন বাংলাদেশ আজ দায়ের করা ছয়টি অভিযোগের শুনানি গ্রহণ ও নিষ্পত্তি করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোরগঞ্জ উপজেলা সমিতি, ঢাকা’র বিশেষ সংবর্ধনা ও শিক্ষার্থী সমাবেশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই আয়োজনে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও রাজধানীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মিলনমেলায় কেআইবি চত্বর পরিণত হয় একখণ্ড কিশোরগঞ্জে।
অনুষ্ঠানে বুয়েট, ডুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ও ড্যাফোডিলসহ দেশের ১১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী অংশ নেন।
বিকাল ৪টা থেকেই ডিজিটাল নিবন্ধন, স্যুভেনির সংগ্রহ, ফটোবুথে ছবি তোলা আর কফির আড্ডায় মুখর হয়ে ওঠে কেআইবির থ্রিডি অডিটোরিয়াম প্রাঙ্গণ।
ডুয়েটের শিক্ষার্থী মাশরুব আহমেদ ও তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী জানান, দীর্ঘদিন পর পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়া এবং নিজ এলাকার কৃতী ব্যক্তিত্বদের সান্নিধ্য পাওয়া তাদের জন্য দারুণ অনুপ্রেরণার।
সন্ধ্যা ৬টায় শুরু হয় মূল আলোচনা ও সংবর্ধনা পর্ব। সমিতির সভাপতি নাদির বেগ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের (৩০৭) সংসদ সদস্য বিলকিস ইসলাম। বিশেষ ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মো. আব্দুর রউফ, রংপুর বিভাগ সমিতি ঢাকার সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সমিতির বিশেষ সংবর্ধনা ও শিক্ষার্থী সমাবেশ আয়োজনের আহ্বায়ক মো. কামরুজ্জামান লিটু। অতিথিদের জীবনী পাঠ এবং বিশেষ পর্ব পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ড. আ.ক.ম. আকতারুজ্জামান বসুনিয়া লিটন।
শুরুতে অতিথিদের ফুল, উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতিনিধিরা এলাকার শিক্ষাব্যবস্থা ও নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিলকিস ইসলাম শিক্ষার্থীদের আলোকিত মানুষ ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘শেকড়কে ভুলে যাওয়া চলবে না। কিশোরগঞ্জের উন্নয়নে সম্মিলিত প্রয়াস দরকার, সেখানে তরুণদেরই অগ্রণী ভূমিকা নিতে হবে।’
সংবর্ধিত অতিথি সচিব মো. আব্দুর রউফ বলেন, ‘পিছিয়ে পড়া জনপদ হওয়া সত্ত্বেও আমাদের সন্তানেরা নানা ক্ষেত্রে ভালো করছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার অনেক সমস্যাই সমাধান সম্ভব।’
সাবেক অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম শিক্ষার্থীদের সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং অল্প সময়ে কিশোরগঞ্জবাসীকে এক ছাতার নিচে আনার জন্য সমিতির ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মোদাব্বের হোসেন, সাবেক অতিরিক্ত সচিব হাবিব মো. হালিমুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ ফকরে হোসেন, কর কমিশনার মুহাম্মদ আমিনুর রহমান, অধ্যাপক ড. হুসাইন মোহাম্মদ সায়েম, সহযোগী অধ্যাপক ড. মেহের জেড রহমান এবং নৌবাহিনীর ক্যাপ্টেন সেলিম আখতার সুমন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সমিতির উপদেষ্টা, নির্বাহী কমিটির সদস্য ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাংগঠনিক সম্পাদক হাসান মেজর ও মহিলা বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম ডলের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দোতারা বাদক মাহাদুল হকের সুরের মূর্ছনায় ভাওয়াইয়া গান পরিবেশন করেন ফাহমিদা আলম রত্না, আরিফ চৌধুরী পলাশ, রাজা এবং পূজা। লালনগীতি পরিবেশন করেন শিল্পী দোয়েল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ