০৫:০৫ পি.এম
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ইউনেস্কো উল্লেখ করেছে যে, বাংলাদেশ গত তিন দশকে শিক্ষা ব্যবস্থার প্রসারে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো)-র ‘গ্লোবাল এডুকেশন মনিটরিং (জিইএম) রিপোর্ট ২০২৬’-এ এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঝরে পড়ার হার কমানো, জেন্ডার সমতা অর্জন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বিস্তারে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
যদিও প্রাথমিক এবং নিম্নমাধ্যমিক শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার বৃদ্ধি এবং সামগ্রিক শিক্ষার গুণগত মানোন্নয়নে আরও মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।
আরও পড়ুন: ফ্যাসিস্টদের ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী
‘অ্যাকসেস অ্যান্ড ইক্যুইটি : কাউন্টডাউন টু ২০৩০’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার রূপান্তরকে বিশেষ ‘কান্ট্রি কেস স্টাডি’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০৩০ সালের মধ্যে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৪) অর্জনে বিশ্ব সামগ্রিকভাবে পিছিয়ে থাকলেও মৌলিক শিক্ষার প্রসারে বাংলাদেশ প্রশংসনীয় সাফল্য দেখিয়েছে।
ইউনেস্কোর প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ সালে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ছিল ৩৪ শতাংশ, যা ২০২৪ সালে বেড়ে ৯০ শতাংশে উন্নীত হয়েছে। এই হার বৈশ্বিক গড় হারের (৮৮ শতাংশ) চেয়েও বেশি। একই সময়ে, নিম্নমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার ২৩ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৭৪ শতাংশে পৌঁছেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক শিক্ষা সমাপ্তির বার্ষিক প্রবৃদ্ধির গতি সময়ের সঙ্গে কিছুটা কমেছে। ১৯৯০-এর দশকে বার্ষিক প্রবৃদ্ধি ছিল ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট, ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে ১ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট এবং ২০১৫ সালের পর থেকে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট হারে বেড়েছে। অন্যদিকে, নিম্নমাধ্যমিক পর্যায়ে সমাপ্তির গতি ক্রমান্বয়ে বেড়েছে; যা ১৯৯০-এর দশকে বছরে ১ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট, ২০০০-২০১৫ সময়ে ১ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট এবং ২০১৫ সালের পর থেকে বছরে ১ দশমিক ৭ শতাংশীয় পয়েন্ট হারে বৃদ্ধি পেয়েছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, উচ্চমাধ্যমিক স্তরে বাংলাদেশের অগ্রগতি মূলত সাম্প্রতিক বছরগুলোতে দৃশ্যমান হয়েছে। ১৯৯০-এর দশকে উচ্চমাধ্যমিক সমাপ্তির গতি দক্ষিণ এশিয়ার গড় গতির ৪০ শতাংশ এবং ২০০০ থেকে ২০১৫ সালের মধ্যে ৬০ শতাংশ ছিল। তবে ২০১৫ সালের পর থেকে এই প্রবৃদ্ধির গতি দক্ষিণ এশিয়ার গড় হারকে ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন: শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিকল্প নেই: আখতার হোসেন
তবুও, ২০২৪ সালে দেশে উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার প্রায় ৩৮ শতাংশে দাঁড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ার গড় হারের (৫৭ শতাংশ) তুলনায় এখনো পিছিয়ে রয়েছে।
অন্যদিকে, বিদ্যালয়বহির্ভূত তরুণের সংখ্যা কমাতে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। ২০০৫ সালে দেশে উচ্চমাধ্যমিক পর্যায়ের উপযুক্ত বয়সী তরুণ-তরুণীদের ৭২ শতাংশ বিদ্যালয়ের বাইরে থাকলেও (যেখানে দক্ষিণ এশিয়ার গড় ছিল ৫৩ শতাংশ) ২০২৩ সালে এই হার দুই-তৃতীয়াংশ কমে দক্ষিণ এশিয়ার গড় হারের নিচে নেমে এসেছে।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর তথ্য অনুযায়ী, ২০০৯ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ৪২ শতাংশ থাকলেও ২০২৩ সালে তা অর্ধেকে নেমে ২১ শতাংশে দাঁড়িয়েছে।
ব্যানবেইস-এর তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হারে বড় উল্লম্ফন ঘটেছে। ২০০৪ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৮ শতাংশ, যা বেড়ে ৯৩ শতাংশে এবং ২০২১ সালে এইচএসসিতে ৯৫ শতাংশে উন্নীত হয়েছে।
আরও পড়ুন: ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে প্রধানমন্ত্রী, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি
তবে পরীক্ষা পদ্ধতি সহজীকরণের ফলে পাসের হার বেড়েছে, কিন্তু শিক্ষার প্রকৃত গুণগত মান নিয়ে উদ্বেগ রয়ে গেছে বলে প্রতিবেদনে পর্যবেক্ষণ করা হয়েছে।
শিক্ষাক্ষেত্রে জেন্ডার সমতা অর্জনে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে বলে ইউনেস্কো জানিয়েছে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী, নিম্নমাধ্যমিক পর্যায়ে ছেলেদের বিদ্যালয়বহির্ভূত থাকার হার ১৫ শতাংশ হলেও মেয়েদের ক্ষেত্রে তা মাত্র ৪ শতাংশে নেমে এসেছে।
একইভাবে, উচ্চমাধ্যমিক স্তরেও ছেলেদের তুলনায় মেয়েদের বিদ্যালয়বহির্ভূত থাকার হার ৮ থেকে ১০ শতাংশীয় পয়েন্ট কম।
এই রূপান্তরের পেছনে ১৯৯৪ সালে চালু হওয়া মেয়েদের মাধ্যমিক শিক্ষা সহায়তা কর্মসূচি (এফএসএসএপি), উপবৃত্তি প্রদান এবং বিনামূল্যে পাঠ্যবই বিতরণের মতো সরকারি উদ্যোগকে কৃতিত্ব দিয়েছে ইউনেস্কো।
আরও পড়ুন: আটঘরিয়ায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন গ্রেফতার
এ ছাড়া, বিশ্বব্যাংকের অর্থায়নে ২০০৫ ও ২০১৩ সালে চালু হওয়া ‘রিচিং আউট-অব-স্কুল চিলড্রেন (আরওএসসি)’ প্রকল্পের মাধ্যমে কমিউনিটিভিত্তিক শিক্ষা কেন্দ্রগুলোর সহায়তায় প্রায় ৫ লাখ বিদ্যালয়বহির্ভূত শিশুকে আনুষ্ঠানিক শিক্ষায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাদ্রাসা ও বেসরকারি সংস্থা (বিশেষ করে ব্র্যাক) পরিচালিত বিদ্যালয়ের তুলনায় দেশের অতিদরিদ্র উপজেলাগুলোতে আরওএসসি কেন্দ্রগুলোর উপস্থিতি বেশি ছিল।
দেশে কর্মমুখী ও কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে বলে জিইএম রিপোর্ট ২০২৬-এ উঠে এসেছে।
২০০২ সালে দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৬০০টি থাকলেও ২০২২ সাল নাগাদ তা প্রায় পাঁচগুণ বেড়ে ৮ হাজারের কাছাকাছি পৌঁছেছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ মহড়া
শিক্ষার এই প্রসার দেশের আর্থ-সামাজিক সূচকেও গভীর ইতিবাচক পরিবর্তন এনেছে বলে ইউনেস্কো উল্লেখ করেছে।
প্রতিবেদনের তথ্যমতে, শিক্ষার হার বাড়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ১৮ বছর বয়সের আগে বিয়ের হার কমে ৩৯ শতাংশে নেমে এসেছে এবং প্রজনন হার ১৯৭৫ সালের নারীপ্রতি ৬ দশমিক ৭ জন সন্তান থেকে কমে ২০১৫ সালে ২ দশমিক ২-এ দাঁড়িয়েছে।
এছাড়া, ১৯৯০ সাল থেকে শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বছরে ০ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট হারে বৃদ্ধি পেয়ে ২০২৩ সালে ৪৪ শতাংশে পৌঁছেছে, যা ভারতের (প্রায় ৩০ শতাংশ) ও পাকিস্তানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিকাশ মেয়েদের বাল্যবিবাহ বিলম্বিত করতে এবং চাকরির লক্ষ্যে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহিত করেছে।
আরও পড়ুন: ভবদহের জলাবদ্ধতা নিরসনে ৩০০ কোটি টাকার মেগা প্রকল্পের প্রাক-পরিদর্শন করলেন চার মন্ত্রী
তবে কারখানায় কর্মসংস্থানের সহজলভ্যতা ১৭ ও ১৮ বছর বয়সী মেয়েদের বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কিছুটা বিরূপ প্রভাবও ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন