ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম: রাশেদ খান


চোরের মায়ের বড় গলা, আসিফের অবস্থাও সে রকম: রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান অভিযোগ করেছেন, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সাবেক এমপিদের ‘প্রটেকশন’ ও পুনর্বাসন প্রদান করেছেন।

তিনি একইসঙ্গে আসিফের বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ দেওয়ার অভিযোগও তুলেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এসব দাবি করেন রাশেদ।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, "আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী ব্যবসায়ী ও ডামি এমপিদের প্রটেকশন দিয়েছে! অন্তত একজন আওয়ামী লীগের পদধারী নেতা ও ব্যবসায়ীকে সে পুনর্বাসন করেছে, সেটা আমি জানি। এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আসিফ মাহমুদকে আমি সরাসরি কয়েকবার সতর্ক করেছি। কিন্তু সে তোয়াক্কা করেনি!"

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

রাশেদ খান আরও বলেন, "এই বিষয়টা এনসিপির প্রত্যেক নেতা জানে। আমি তখন আসিফ মাহমুদের এই বিষয়টা তাদের জানালে তারা বলতো, ভাই, আসিফ তো আমাদের কেউ না! তার সঙ্গে এনসিপির কোনো যোগাযোগ ও সম্পর্ক নাই! দুর্নীতি ও বিতর্কের দায় না নিতে নাহিদ ইসলাম তো বহুবার গণমাধ্যম বলেছে, দুজন ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির কোন সম্পর্ক নাই!"

তিনি আরও লেখেন, "আসিফ মাহমুদ একজনকে বড় অঙ্কের অর্থ দিয়েছিল। যে তথ্য আমি নিজে জানি। এছাড়া সে সময় আসিফের এপিএস মোয়াজ্জেম বেশকিছু তথ্য আমার কাছে আসে। এই দুজনের বিষয়ে আমি অন্তর্বর্তীকালীন সরকারের আরেকজন উপদেষ্টাকে অবহিত করেছিলাম।"

রাশেদ খান পোস্টে উল্লেখ করেন, "তিনি আমার দেওয়া তথ্য পেয়ে উত্তরে বলেছিলেন, আমরা যে বেতন পায়, সেটা দিয়ে চলতে পারি না, আর ওরা মানুষকে লাখ লাখ টাকা দেয়! স্বাভাবিক বেতন থেকে এটা দেওয়া যায়?"

রাশেদ খান প্রশ্ন করেন, "দেখেন, নাহিদ ইসলাম, আখতার হোসেনসহ সিনিয়র নেতারা কেন আসিফ মাহমুদের পাশে শক্তভাবে দাঁড়ায় না? কারণ তারা সবাই এসব তথ্য জানে! চোরের মায়ের বড় গলা, আসিফ মাহমুদের অবস্থাও সে রকম হয়েছে!"

আরও পড়ুন: জামায়াত নেতার কথা শুনে ব্যথিত হয়েছি: ইশরাক হোসেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে সাবেক রাবি শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে নির্যাতন, মুক্তিপণ আদায়ে গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


রাজশাহীতে সাবেক রাবি শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে নির্যাতন, মুক্তিপণ আদায়ে গ্রেপ্তার ৪

রাজশাহীর আলুপট্টি এলাকায় একটি ফ্ল্যাটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক এক শিক্ষার্থীকে হানি ট্র্যাপে ফেলে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বোয়ালিয়া থানার শেখপাড়া এলাকার মোহাম্মদ তৌকির জাহান স্মরণ (২৯), রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার আবু রায়হান (২৪) ও শাহরিয়ার মনন (২৯) এবং বহরমপুর এলাকার জুনাইরা ইসলাম (২২)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ২৮ বছর বয়সী ওই সাবেক শিক্ষার্থী ব্যক্তিগত কাজে রাজশাহী শহরে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে স্বচ্ছ টাওয়ারের পশ্চিম পাশে একটি বিসিএস কোচিং সেন্টার থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় তার সঙ্গে এক ব্যক্তির ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উপস্থিত কয়েকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে, একটি তরুণী ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসার প্রস্তাব দিয়ে তাকে ওই ব্যক্তিদের সঙ্গে স্বচ্ছ টাওয়ারের ১৫ তলার একটি ফ্ল্যাটে নিয়ে যান। ফ্ল্যাটে প্রবেশের পর তার মুখ গামছা দিয়ে বেঁধে তিন ব্যক্তি মারধর করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। এ সময় ওই নারীকে পাশে বসিয়ে তার ভিডিও ধারণ করা হয় বলেও অভিযোগ রয়েছে।

পরে তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারলে তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দেওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে মুক্তিপণের পরিমাণ কমিয়ে ৪০ হাজার টাকা করা হয়।

অভিযোগ অনুযায়ী, ভুক্তভোগীর মোবাইল ফোন থেকে তার বড় বোনের কাছে ফোন করে টাকা চাওয়া হয়। পরে তার বোনের স্বামী কৃষি ব্যাংকের একটি অ্যাকাউন্ট থেকে শাহরিয়ার মননের পূবালী ব্যাংকের রাজশাহী শাখার অ্যাকাউন্টে ৩০ হাজার ১০ টাকা পাঠান। এ ছাড়া ভুক্তভোগীর কাছে থাকা ১০ হাজার টাকা জোর করে নেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মুক্তিপণের টাকা ব্যবসায়িক লেনদেন হিসেবে দেখিয়ে ডায়েরিতে লিখিয়ে তার স্বাক্ষর নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। টাকা পাওয়ার স্ক্রিনশট নেওয়ার পর তাঁকে ভয়ভীতি ও হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে আসামিরা পেছন পেছন গিয়ে তাকে অটোরিকশায় তুলে দেন বলে এজাহারে বলা হয়েছে।

ঘটনার পর শনিবার রাতেই ভুক্তভোগী বোয়ালিয়া থানায় মামলা করেন। পরে ভোররাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের তদন্তে জানা গেছে, যে ফ্ল্যাটে ওই যুবককে আটকে রাখা হয়েছিল, সেটির মালিক রাজশাহীর হোটেল নাইস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী খন্দকার হাসান কবির। গ্রেপ্তার তৌকির জাহান স্মরণের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, ওই সম্পর্কের সূত্রে স্মরণ হোটেলের ব্যবস্থাপকের কাছ থেকে ফ্ল্যাটের চাবি নিয়ে সেখানে প্রবেশ করেন।

তবে খন্দকার হাসান কবির দাবি করেছেন, আসামিরা হোটেলের ব্যবস্থাপকের কাছ থেকে চাবি নেননি; ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাটে প্রবেশ করেছিলেন।

অন্যদিকে গ্রেপ্তার আবু রায়হানের বাবা রাজপাড়া থানা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম দাবি করেছেন, তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং বন্ধুরা বিপদে পড়ায় তাঁদের উদ্ধার করতে সেখানে গিয়েছিলেন। তার ছেলে ‘ফাঁদে ফেলার’ সঙ্গে জড়িত পুলিশের এমন দাবির বিষয়ে তিনি বলেন, তার ছেলে বেশি কথা বলায় পুলিশ এমনটি বলতে পারে।

মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পীদের ধর্মঘটে বাতিল সান ফ্রান্সিসকো অপেরার উদ্বোধনী প্রদর্শনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


শিল্পীদের ধর্মঘটে বাতিল সান ফ্রান্সিসকো অপেরার উদ্বোধনী প্রদর্শনী

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো অপেরা অর্কেস্ট্রার সংগীতশিল্পীরা আকস্মিক ধর্মঘটের ডাক দেওয়ার ফলে প্রতিষ্ঠানটির নতুন মৌসুমের উদ্বোধনী প্রদর্শনীগুলো বাতিল করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ইতালীয় সুরকার ভার্দির বিখ্যাত অপেরা ‘সাইমন বোক্কানেগ্রা’-এর পরিবেশনের ঠিক আগ মুহূর্তে কর্মবিরতির ঘোষণা দেন সান ফ্রান্সিসকো অপেরা অর্কেস্ট্রার সংগীতশিল্পীরা। এই কারণে কর্তৃপক্ষ অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়। একই কারণে রোববার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া পার্কের ঐতিহ্যবাহী ‘অপেরা ইন দ্য পার্ক’ কনসার্টটিও বাতিল করা হয়েছে।

শিল্পীদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমেরিকান ফেডারেশন অব মিউজিশিয়ানস লোকাল ৬’ জানায়, ধর্মঘটটি কোনো হালকা বিষয় নয়; যারা আজ সন্ধ্যায় অপেরায় সময় কাটানোর পরিকল্পনা করেছিলেন, তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

তারা আরও জানান, "আমাদের চুক্তির মেয়াদ গত ৩১ জুলাই শেষ হয়েছে। এরপর আমরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে আলোচনা করি। তবে আলোচনা চলাকালীন আমরা স্পষ্টভাবে জানিয়েছিলাম যে কর্তৃপক্ষের প্রস্তাবগুলো ছিল অপর্যাপ্ত এবং একটি ন্যায্য চুক্তি ছাড়া কাজ বন্ধ রাখা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।"

যৌথ এক বিবৃতিতে তারা আরও উল্লেখ করেন, "মূল্যস্ফীতি বিবেচনা করলে আগামী পাঁচ বছরের জন্য প্রস্তাবিত মজুরি স্থগিতের অর্থ হলো প্রকৃতপক্ষে তাদের ২০ শতাংশ বেতন কমানো। যেখানে গত তিন বছরে ছয়টি প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়েছে এবং অনুদান লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, সেখানে এই বাজেট ছাঁটাই মেনে নেওয়ার মতো নয়।"

এদিকে, সান ফ্রান্সিসকো অপেরা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক পৃথক বিবৃতিতে জানায়, প্রদর্শনী কিংবা অনুদান বাড়লেও প্রতিষ্ঠানটি চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিগত কয়েক দশক ধরে আয়ের চেয়ে ব্যয় বহুগুণ বেড়েছে এবং তাদের বাৎসরিক ঘাটতির পরিমাণ প্রায় দেড় কোটি (১৫ মিলিয়ন) মার্কিন ডলার।

সান ফ্রান্সিসকো অপেরার জেনারেল ডিরেক্টর ম্যাথিউ শিভলক জানান, "শিল্পমাধ্যমের বর্তমান বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে ৪৫ বছর আগের বেতনকাঠামো আর বয়ে বেড়ানো সম্ভব হচ্ছে না।" তবে তিনি দ্রুত সমাধান শেষে সংগীতশিল্পীদের অর্কেস্ট্রা পিটে ফিরে আসার আহ্বান জানান।

এদিকে শনিবারের বাতিল হওয়া নাটকের টিকিটধারীদের জন্য টিকেটের পূর্ণ অর্থ ফেরত দেওয়া কিংবা পরবর্তীতে অন্য কোনো প্রদর্শনীতে তা সামঞ্জস্য করার ব্যবস্থা নিশ্চিত করেছে অপেরা কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতেই বিজিবির জালে ৮০ লাখ টাকার চোরাই পণ্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করতেই বিজিবির জালে ৮০ লাখ টাকার চোরাই পণ্য

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী অঞ্চলে পৃথক অভিযানের মাধ্যমে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ৭৯ লাখ ৯৬ হাজার ৩২০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ও আদর্শ সদর উপজেলার সালদানদী ও শশীদল বিওপির টহলদল তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, অভিযানের সময় ভারতীয় শাড়ি, গরু, বাজি, রেডবুল এনার্জি ড্রিংকস, বাসমতি চাল ও টিনা সাবান জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৭৯ লাখ ৯৬ হাজার ৩২০ টাকা।

বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী এসব অভিযান পরিচালিত হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুখী অঙ্গরাজ্যের তালিকা প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুখী অঙ্গরাজ্যের তালিকা প্রকাশ

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সুখী ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের ক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে হাওয়াই, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। অন্যদিকে, পশ্চিম ভার্জিনিয়া তালিকার নিচের দিকে অবস্থান করছে, যেখানে জীবনযাত্রার মান ও বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সূচকে পিছিয়ে পড়েছে। এই তথ্যটি মার্কিন গবেষণা ও তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান 'ওয়ালেটহাব'-এর ২০২৬ সালের প্রতিবেদন থেকে জানা গেছে।

প্রতিবেদনটি ৩০টি ভিন্ন সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা মানসিক ও শারীরিক সুস্থতা, কর্মপরিবেশ এবং সামাজিক-পরিবেশগত পরিস্থিতি নিয়ে আলোচনা করে। ওয়ালেটহাবের মতে, ৬৫ দশমিক ৫০ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে হাওয়াই। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেরিল্যান্ড, যার স্কোর ৬৪ দশমিক ১৩, তৃতীয় স্থানে নেব্রাস্কা ৬৩ দশমিক ৬১ স্কোর নিয়ে, চতুর্থ স্থানে নিউ জার্সি ৬৩ দশমিক ৪২ স্কোর নিয়ে এবং পঞ্চম স্থানে কানেকটিকাট ৬২ দশমিক ৫৩ স্কোর নিয়ে অবস্থান করছে।

প্রতিবেদনটি উল্লেখ করে যে, হাওয়াইয়ের শীর্ষস্থান অর্জনের পেছনে স্থানীয় বাসিন্দাদের জীবন নিয়ে উচ্চমাত্রার সন্তুষ্টি, বিষণ্নতার নিম্নহার এবং দীর্ঘ গড় আয়ু বড় ভূমিকা পালন করেছে। অঞ্চলটির প্রায় ৮৫ শতাংশ প্রাপ্তবয়স্ক নিজেদের শারীরিক স্বাস্থ্য ভালো বলে জানিয়েছেন। এছাড়া, ২ দশমিক ৪ শতাংশের কম বেকারত্ব এবং উঁচুমাত্রার বার্ষিক পরিবারিক আয় রাজ্যটির অবস্থানকে শক্তিশালী করেছে।

মেরিল্যান্ড, যা দ্বিতীয় স্থানে রয়েছে, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক সম্পর্কের দিক থেকে এগিয়ে রয়েছে। এই অঙ্গরাজ্যটিতে আত্মহত্যার হার দেশের পঞ্চম সর্বনিম্ন। অন্যদিকে, তৃতীয় স্থানে থাকা নেব্রাস্কায় বেকারত্বের হার মাত্র ২ দশমিক ৯ শতাংশ এবং সেখানে দাম্পত্য বিচ্ছেদের হার দেশের মধ্যে ষষ্ঠ সর্বনিম্ন। নিউ জার্সি সামগ্রিক বিচারে চতুর্থ হলেও মানসিক ও শারীরিক সুস্থতার পৃথক সূচকে এবং বিষণ্নতা ও আত্মহত্যার সর্বনিম্ন হারে দেশজুড়ে প্রথম স্থান অধিকার করেছে।

সূচক বিশ্লেষণে পরবর্তী স্থানগুলোতে রয়েছে যথাক্রমে উটাহ, ক্যালিফোর্নিয়া, নিউ হ্যাম্পশায়ার, ম্যাসাচুসেটস ও আইডাহো। এর মধ্যে কর্মপরিবেশ এবং পরিবেশগত সূচকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে উটাহ।

তালিকার অপরপ্রান্তে, অর্থাৎ ৫০তম স্থানে অবস্থান করছে পশ্চিম ভার্জিনিয়া, যার সামগ্রিক স্কোর মাত্র ৩২ দশমিক ০৪। তলানির দিকে থাকা অন্য অঙ্গরাজ্যগুলোর মধ্যে ৪৯তম স্থানে রয়েছে লুইজিয়ানা এবং ৪৮তম স্থানে রয়েছে আরকানসাস।

ওয়ালেটহাবের বিশ্লেষক চিপ লুপো জানান, "আর্থিক স্বচ্ছলতা গুরুত্বপূর্ণ হলেও কেবল টাকাপয়সা সুখ নিশ্চিত করতে পারে না।" তিনি আরো বলেন, "অর্থের পাশাপাশি মানসিক স্বাস্থ্য, উপযুক্ত কর্ম পরিবেশ এবং সামাজিক ও পারিবারিক সুসম্পর্ক মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।" এই তালিকা মার্কিন আদমশুমারি ব্যুরো, শ্রম পরিসংখ্যান ব্যুরো, সিডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ডেটা বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%