প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সুখী ও স্বাচ্ছন্দ্যময় জীবনযাপনের ক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে হাওয়াই, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। অন্যদিকে, পশ্চিম ভার্জিনিয়া তালিকার নিচের দিকে অবস্থান করছে, যেখানে জীবনযাত্রার মান ও বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সূচকে পিছিয়ে পড়েছে। এই তথ্যটি মার্কিন গবেষণা ও তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান 'ওয়ালেটহাব'-এর ২০২৬ সালের প্রতিবেদন থেকে জানা গেছে।
প্রতিবেদনটি ৩০টি ভিন্ন সূচকের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা মানসিক ও শারীরিক সুস্থতা, কর্মপরিবেশ এবং সামাজিক-পরিবেশগত পরিস্থিতি নিয়ে আলোচনা করে। ওয়ালেটহাবের মতে, ৬৫ দশমিক ৫০ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে হাওয়াই। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মেরিল্যান্ড, যার স্কোর ৬৪ দশমিক ১৩, তৃতীয় স্থানে নেব্রাস্কা ৬৩ দশমিক ৬১ স্কোর নিয়ে, চতুর্থ স্থানে নিউ জার্সি ৬৩ দশমিক ৪২ স্কোর নিয়ে এবং পঞ্চম স্থানে কানেকটিকাট ৬২ দশমিক ৫৩ স্কোর নিয়ে অবস্থান করছে।
প্রতিবেদনটি উল্লেখ করে যে, হাওয়াইয়ের শীর্ষস্থান অর্জনের পেছনে স্থানীয় বাসিন্দাদের জীবন নিয়ে উচ্চমাত্রার সন্তুষ্টি, বিষণ্নতার নিম্নহার এবং দীর্ঘ গড় আয়ু বড় ভূমিকা পালন করেছে। অঞ্চলটির প্রায় ৮৫ শতাংশ প্রাপ্তবয়স্ক নিজেদের শারীরিক স্বাস্থ্য ভালো বলে জানিয়েছেন। এছাড়া, ২ দশমিক ৪ শতাংশের কম বেকারত্ব এবং উঁচুমাত্রার বার্ষিক পরিবারিক আয় রাজ্যটির অবস্থানকে শক্তিশালী করেছে।
মেরিল্যান্ড, যা দ্বিতীয় স্থানে রয়েছে, অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক সম্পর্কের দিক থেকে এগিয়ে রয়েছে। এই অঙ্গরাজ্যটিতে আত্মহত্যার হার দেশের পঞ্চম সর্বনিম্ন। অন্যদিকে, তৃতীয় স্থানে থাকা নেব্রাস্কায় বেকারত্বের হার মাত্র ২ দশমিক ৯ শতাংশ এবং সেখানে দাম্পত্য বিচ্ছেদের হার দেশের মধ্যে ষষ্ঠ সর্বনিম্ন। নিউ জার্সি সামগ্রিক বিচারে চতুর্থ হলেও মানসিক ও শারীরিক সুস্থতার পৃথক সূচকে এবং বিষণ্নতা ও আত্মহত্যার সর্বনিম্ন হারে দেশজুড়ে প্রথম স্থান অধিকার করেছে।
সূচক বিশ্লেষণে পরবর্তী স্থানগুলোতে রয়েছে যথাক্রমে উটাহ, ক্যালিফোর্নিয়া, নিউ হ্যাম্পশায়ার, ম্যাসাচুসেটস ও আইডাহো। এর মধ্যে কর্মপরিবেশ এবং পরিবেশগত সূচকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে উটাহ।
তালিকার অপরপ্রান্তে, অর্থাৎ ৫০তম স্থানে অবস্থান করছে পশ্চিম ভার্জিনিয়া, যার সামগ্রিক স্কোর মাত্র ৩২ দশমিক ০৪। তলানির দিকে থাকা অন্য অঙ্গরাজ্যগুলোর মধ্যে ৪৯তম স্থানে রয়েছে লুইজিয়ানা এবং ৪৮তম স্থানে রয়েছে আরকানসাস।
ওয়ালেটহাবের বিশ্লেষক চিপ লুপো জানান, "আর্থিক স্বচ্ছলতা গুরুত্বপূর্ণ হলেও কেবল টাকাপয়সা সুখ নিশ্চিত করতে পারে না।" তিনি আরো বলেন, "অর্থের পাশাপাশি মানসিক স্বাস্থ্য, উপযুক্ত কর্ম পরিবেশ এবং সামাজিক ও পারিবারিক সুসম্পর্ক মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।" এই তালিকা মার্কিন আদমশুমারি ব্যুরো, শ্রম পরিসংখ্যান ব্যুরো, সিডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ডেটা বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন