ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

কুয়েত-পাকিস্তানের মধ্যে বড় পরিসরের প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা


কুয়েত-পাকিস্তানের মধ্যে বড় পরিসরের প্রতিরক্ষা চুক্তির সম্ভাবনা

কুয়েত ও পাকিস্তানের মধ্যে একটি সম্প্রসারিত প্রতিরক্ষা চুক্তি বিষয়ক আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যের দেশটি পাকিস্তানের সঙ্গে এই প্রতিরক্ষা চুক্তি করতে উৎসাহী, যা জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগের বিনিময়ে করা হবে।

শনিবার (১৮ জুলাই) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কুয়েত ও পাকিস্তানের মধ্যে চলমান আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট পাঁচটি সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এই আলোচনা জটিল করে তুলতে পারে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সোমবার ইয়েমেনে ইরানের মিত্র হিসেবে পরিচিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা সৌদি আরবে হামলা চালায়। এরপর পাকিস্তান তাদের বার্তায় স্পষ্টভাবে উল্লেখ করে, সৌদি আরবের ওপর যেকোনো হামলাকে নিজেদের ওপর হামলা হিসেবে বিবেচনা করবে।

এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সংঘাতে কুয়েত একাধিকবার হামলার শিকার হয়েছে। ফলে, পাকিস্তান যদি কুয়েতের সঙ্গে নতুন প্রতিরক্ষা চুক্তি করে, তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কুয়েতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এমনকি, ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধেও জড়িয়ে পড়তে পারে কুয়েত।

যদিও কুয়েতের সঙ্গে পাকিস্তানের সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়া নিয়ে একটি সীমিত প্রতিরক্ষা চুক্তি ২০২৩ সাল থেকে কার্যকর রয়েছে। তবে, কুয়েত এখন পাকিস্তানের কাছ থেকে আরও শক্তিশালী নিরাপত্তা সহযোগিতা চাইছে, ঠিক সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের বর্তমান চুক্তির মতো।

এ প্রসঙ্গে, পাকিস্তান সরকারের একজন কর্মকর্তা জানান, প্রস্তাবিত সহযোগিতার আওতায় হাজার হাজার পাকিস্তানি সেনা মোতায়েন, যুদ্ধবিমান, ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক সুবিধা অন্তর্ভুক্ত থাকতে পারে। কিন্তু পাকিস্তান এতটা অগ্রসর হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। কারণ, সৌদি আরবের সঙ্গে বহু দশকের পুরোনো মিত্রতার ভিত্তিতে ঘটানো প্রতিরক্ষা চুক্তির উপর নির্ভর করছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

মধ্যপ্রাচ্যের একটি সূত্রও উল্লেখ করেছে, কুয়েত পাকিস্তানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এতে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে, এই আলোচনা শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ প্রতিরক্ষা চুক্তিতে রূপ নেবে কিনা, তা নিশ্চিত নয়।

এদিকে, পাকিস্তানি এক কর্মকর্তা বলেন, 'একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, বর্তমানে যুদ্ধের জন্য সেনা মোতায়েনের বিষয়ে আমরা বিবেচনা করছি না এবং খুব সম্ভবত করতে পারি না।'

গত এক বছরে পাকিস্তানের সঙ্গে নতুন আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের সম্ভাবনা নিয়ে উপসাগরীয় দেশগুলো আরো আগ্রহী হয়ে উঠেছে। পাকিস্তানের একটি বড় সামরিক বাহিনী রয়েছে এবং নিজস্ব যুদ্ধবিমানও নির্মাণ করে। পাকিস্তানও প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তিকে জরুরি বিদেশি বিনিয়োগ আকর্ষণের একটি উপায় হিসেবে বিবেচনা করছে।

এছাড়া, তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব একটি নতুন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির খসড়া তৈরি করছে। এটি সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের বর্তমান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির বাইরে একটি আলাদা উদ্যোগ। বাহরাইনও একই ধরনের চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানের সঙ্গে অস্ত্র সরবরাহ ও সামরিক প্রশিক্ষণের প্রস্তাব নিয়ে জর্ডানও আগ্রহী। এদিকে, কুয়েত পাকিস্তানের জন্য তেল ও জ্বালানির নিরাপত্তার বড় সুযোগ নিয়ে এসেছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

পাকিস্তানের একটি সূত্র বলেছে, কুয়েত পাকিস্তানে শুল্ক-সুবিধাসহ জ্বালানি সংরক্ষণাগার স্থাপন সম্ভাবনা নিয়ে চিন্তা ভাবনা করছে। এটি দুই দেশের সরকারের মধ্যে আগেই প্রতিষ্ঠিত ডিজেল সরবরাহ চুক্তির ভিত্তিতে এগোতে পারে। যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমে আসে, তাহলে এ বিষয়ে আলোচনা আরো ত্বরান্বিত হতে পারে। এ ধরনের প্রস্তাব আরো বড় পরিসরের প্রতিরক্ষা চুক্তির দিকে এগোতে উৎসাহিত করতে পারে পাকিস্তানকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করতে চাইলে তা জনগণ মেনে নেবে না

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


রিজভী: শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করতে চাইলে তা জনগণ মেনে নেবে না

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভী ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেছেন, কোনো ফ্যাসিস্ট শাসকের পতনের পর তাকে আবার ক্ষমতা বা রাজনীতিতে ফিরিয়ে আনা যায় না। তিনি মন্তব্য করেন, ‘শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করতে চাইলে তা জনগণ মেনে নেবে না।’

শুক্রবার (১৭ জুলাই) ঢাকার যাত্রাবাড়ী মোড়ে ‘১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এই অনুষ্ঠানটি আয়োজন করেছে যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস বাস্তবায়ন কমিটি।

রুহুল কবির রিজভী আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্যে জানিয়েছেন, ‘ফ্যাসিস্টের পতন হলে পরে তাকে ফেরত আনা যায় না। যে রক্তের আলপনা সে এঁকেছে, সেই রক্তের আলপনা মাড়িয়ে আবার সে এ দেশে রাজনীতি করবে—এটা কী করে সম্ভব? এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে।’ তিনি আরও বলেছেন, ‘শেখ হাসিনা যদি এ দেশে ফেরত এসে রাজনীতি করতে চান, তাহলে ইয়াহিয়া খানের যে উত্তরসূরি আছে, টিক্কা খানের যে উত্তরসূরি আছে, তাদেরও আনতে হবে।’

এদিকে, বিএনপির এই নেতা শিশু, কিশোর ও তরুণ হত্যার দায়কে কোনোভাবেই ক্ষমার যোগ্য নয় বলে দাবি করেন। তিনি ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, ‘হিটলার কিংবা মুসোলিনির মতো শাসকদের পতনের পর তাঁদের রাজনৈতিক ধারাও আর ফিরে আসতে পারেনি।’ তিনি উল্লেখ করেন, জনগণ রক্তপাত ও দমন-পীড়নের রাজনীতি মেনে নেয় না।

রুহুল কবির রিজভী শেখ হাসিনার আমলে বিরোধী মত দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহারের অভিযোগ তুলেছেন। এছাড়া, তিনি আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতির সমালোচনা করেন। রিজভী বলেন, ‘মানুষের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও সেগুলোর বাস্তবায়ন হয়নি। প্রতারণা ও জনগণকে বিভ্রান্ত করাই তাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন কেউ কেউ দেখি টক শোতে একটু একটু করে гলা-আওয়াজ করছে, এই শেখ হাসিনার আমলে এই হয়েছে, সেই হয়েছে এত উন্নতি হয়েছে। কেন একটা বড় দল তাকে কেন ইয়ে (নিষিদ্ধ) দেওয়া হবে, রাজনীতি করার সুযোগ পাবে না, শেখ হাসিনার চলে আসতে হবে, শেখ হাসিনা যদি এতই পাওয়ারফুল হন, তে পালালেন কেন?’

রিজভী বলেন, ‘মইন ইউ আহমেদ, ফখরুদ্দীন আহমদ সাহেব কত চেষ্টা করেছেন, থ্রেট করেছেন, হুমকি দিয়েছেন, নিজে বছরের পর বছর জেল খেটেছেন তবে শেখ হাসিনার কাছে আত্মসমর্পণ করেননি।’

এর পর জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ‘ধর্মের নামে রাজনীতি করা দলটির আদর্শিক অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে। ইসলামের ইতিহাসে সত্য, ন্যায় ও আত্মত্যাগের যে শিক্ষা রয়েছে, জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডে তার প্রতিফলন নেই।’

রিজভী এই প্রসঙ্গে বললেন, ‘গোটা দেশের জনগণ স্বাধীনতার পক্ষে, আপনারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন ’৭১ সালে।’ তিনি আরও বলেন, ‘৮৬ সালে আপনারা হাসিনার সঙ্গে গিয়ে এরশাদের অধীনে নির্বাচন করলেন, অথচ অঙ্গীকার ছিল এরশাদবিরোধী আন্দোলনের। ৫ আগস্টের পরে বলে দিলেন, আমরা আওয়ামী লীগের সব মাফ করে দেব। আবার বললেন, ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তুলব।’

অনুষ্ঠানে, জামায়াতে ইসলামী রাজনৈতিকভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে গিয়ে বারবার সংকটে পড়েছে বলেও মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। তিনি জামায়াতের ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে প্রশ্ন তোলেন: ‘আপনারা কি আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেন? আমাদের সার্বভৌমত্বে বিশ্বাস করেন? আমাদের গণতন্ত্রের ধারাবাহিকতায় বিশ্বাস করেন?’

অন্যদিকে, জুলাই সনদের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমান যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়িত হবেই।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণের প্রশাসক আবদুস সালাম, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ অনেকেই বক্তব্য দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জ ইউপি নির্বাচন বানচালের অভিযোগ তুলেছে জামায়াত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


রূপগঞ্জ ইউপি নির্বাচন বানচালের অভিযোগ তুলেছে জামায়াত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদে প্রশাসক ও সদস্য নিয়োগের মাধ্যমে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বানচালের অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, রূপগঞ্জ ইউনিয়ন শাখা এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে।

শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলায় পিতলগঞ্জস্থ ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে বক্তারা অভিযোগ করেন যে, সরকার সম্প্রতি জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতা নূরনবী ভূঁইয়াসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহিলাদলের নেত্রীদের ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে।

তারা আরো দাবি করেন যে, এ ধরনের দলীয় নিয়োগ গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবু বকর সিদ্দীক, কর্মপরিষদ সদস্য শহিদুল ইসলাম ও মো. আব্দুল বাছির।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবু তাহের মোল্লা, কর্মপরিষদ সদস্য নেয়ামুল কবির জিলান, মাওলানা আব্দুল বারী, আনোয়ার হোসেন, বাবুল মিয়া, মানিক, সাজাহান, মজিবর, আব্দুল আহাদ, আব্দুল্লাহ, নজরুল ইসলাম, মনজুর হোসেনসহ দলের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের পথ সুগম করা। কিন্তু রূপগঞ্জ ইউনিয়নে প্রশাসক ও সদস্য নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তাদের দাবি, পূর্বাচল এলাকার সীমানা ও ভোটারসংক্রান্ত জটিলতাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার উদ্দেশ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।

এ ধরনের নিয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা দ্রুত নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের দাবি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


সরকারি কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা

বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম, পরিচয় এবং ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে আতিয়ার দর্জি (৪৪) নামে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

শনিবার (১৮ জুলাই) র‍্যাব-১০ এর সিপিসি ৩ এর কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা এসব তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের সময় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মেজর ফারহান মাহমুদ আরও জানান, যিনি গ্রেপ্তার হয়েছেন, তিনি আতিয়ার দর্জি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগরের বাসিন্দা। তার কাছ থেকে একটি মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড এবং নগদ ৮ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র সরকারের উচ্চপদস্থ ও গণ্যমান্য ব্যক্তিদের ছবি ও নাম ব্যবহার করে বিভিন্ন মোবাইল নম্বরের মাধ্যমে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতো। তারা নিজেদের সরকারি উচ্চপর্যায়ের ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্নভাবে তদবির, প্রভাব বিস্তার এবং অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা চালিয়ে আসছিল।

এ ঘটনার পর যখন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে, তখন নিশ্চিত হওয়া যায় যে, ব্যবহৃত মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সরকারি উচ্চপদস্থ ব্যক্তিদের কোনো সম্পর্ক নেই। এরপর সরকারের পক্ষ থেকে এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধের ভিত্তিতে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

মেজর ফারহান বলেন, প্রাথমিক অনুসন্ধানে প্রতীয়মান হয়েছে যে, এই চক্রটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারি গণ্যমান্য ব্যক্তিদের পরিচয় ভুয়াভাবে ব্যবহার করে প্রতারণা, প্রভাব বিস্তার এবং অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালিয়ে এসেছে।

গ্রেপ্তার আতিয়ার দর্জিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং প্ল্যাটফর্মে যদি কোনো ব্যক্তি সরকারি বা গুরুত্বপূর্ণ পরিচয় ব্যবহার করে যোগাযোগ করে, তাহলে পরিচয় নিশ্চিত না করে অর্থ লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার অনুরোধ জানানো হয়েছে। সেইসাথে এ ধরনের প্রতারণার তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র‌্যাবকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্যপ্রবাহের বিকেন্দ্রীকরণে ও মূল্যবোধ গঠনে সরকারের উদ্যোগ: সালেহ শিবলী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


তথ্যপ্রবাহের বিকেন্দ্রীকরণে ও মূল্যবোধ গঠনে সরকারের উদ্যোগ: সালেহ শিবলী

 জনগণের সর্বস্তর তথা তৃণমূল থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্যের বিকেন্দ্রীকরণে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তিনি বলেছেন, জেলা তথ্য কর্মকর্তাদের আরো বেশি ক্ষমতায়িত ও সক্রিয় করা হচ্ছে, যাতে সংশ্লিষ্ট জেলার সাংবাদিকরা স্থানীয় যেকোনো ঘটনার তথ্য খুব সহজেই পেতে পারেন।

আজ বিকেলে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এসব কথা বলেন।

সরকার নির্বাচনী ইশতেহারের ৩১ দফা এবং সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’ পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, ‘সরকারের এসব কর্মকাণ্ড ও বাস্তবায়নের চিত্র সংবাদমাধ্যমের মাধ্যমেই জনগণ জানতে পারছে।’

বিগত সরকারের আমলের তথাকথিত উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা অতীতে অনেক উন্নয়নের গালগল্প শুনেছি। কিন্তু, বর্তমান প্রধানমন্ত্রী যখন দেশের বিভিন্ন জেলা সফরে গেছেন, তখন মানুষের নানা সমস্যা ও অনুন্নয়নের বাস্তব চিত্র সামনে এসেছে।’

স্বাস্থ্যখাতের উন্নয়নের উদাহরণ দিয়ে সালেহ শিবলী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে ৩০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থা চালু করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় তা ৫০ শয্যায় উন্নীত করা হয়। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৪৯২টি উপজেলার সবকটি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন করছেন।’

সালেহ শিবলী আরো বলেন, ‘বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের পাশাপাশি মানুষের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের মারাত্মক অবক্ষয় ঘটেছে, যা অন্য সব অর্জনকে ম্লান করে দেয়। এ অবস্থা থেকে উত্তরণে প্রধানমন্ত্রী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শুধু মুখের কথায় নয়, কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে গুণগত রাজনৈতিক পরিবর্তন আনছেন। সম্প্রতি আর্মি স্টেডিয়ামে শিশুদের এক অনুষ্ঠানে মাঠ থেকে নিজ হাতে প্লাস্টিকের বোতল কুড়িয়ে এবং জাতীয় সংসদে সমাপনী বাজেট বক্তৃতায় নিজ উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনার তাগিদ দিয়ে তিনি দেশের নাগরিকদের প্রতি এক অনন্য বার্তা দিয়েছেন।’

প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে প্রশাসন, সংবাদকর্মীসহ দেশের সব স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন বলেও জানান সালেহ শিবলী।

তিনি বলেন, সংসদে প্রধানমন্ত্রীর ‘সকালে উঠিয়া আমি মনে মনে বলি ...’ কবিতাটি স্মরণ করানোর প্রসঙ্গ টেনে প্রেস সচিব বলেন, এটি মূলত একটি মূল্যবোধসম্পন্ন বাংলাদেশ গড়ার বার্তা। এই বার্তা নিজেদের মধ্যে ধারণ করলে আমরা নিজেদেরকে সাফল্যের পথে এগিয়ে নিতে পারবো।

সংসদীয় বা যেকোনো সংবাদ সম্মেলনে অতীতের ‘নেতার বন্দনা করার অপসংস্কৃতি’ থেকে বর্তমান সরকার সম্পূর্ণ বেরিয়ে এসেছে উল্লেখ করে প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘এখন আর চাটুকারিতার কোনো সুযোগ নেই, বরং অর্থবহ কাজের সংস্কৃতি তৈরি করা হচ্ছে। এমনকি বিগত আমলে অবহেলিত বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণেও প্রধানমন্ত্রী আন্তরিকভাবে কাজ করছেন।

সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অর্জন হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ‘জীবনবান্ধব বাজেট’ হিসেবে উল্লেখ করে প্রেস সচিব বলেন, অন্যান্য বছরের মতো এবার বাজেট ঘোষণার পর বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি। বিশেষ করে ক্যান্সার ও ডায়ালাইসিসসহ বিভিন্ন জটিল চিকিৎসার খরচ কমানো হয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা হয়েছে।

এ সময় একটি সুন্দর, সমৃদ্ধ ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমকর্মীদের এসব ইতিবাচক সামাজিক ইস্যুগুলো জনগণের সামনে বেশি বেশি তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) ও শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক, গাজী শাহরিয়ার পামির এবং আশরোফা ইমদাদ।

উল্লেখ্য, জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর আজ ১৮ জুলাই পাঁচ মাস পূর্ণ হলো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%