বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১২:১৭ পি.এম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগির বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে স্বদেশে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে যুক্তরাজ্য, আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি ঝুঁকির মুখে থাকা রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরেন।
বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।
রাষ্ট্রপতি বলেন, "অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্য, বিশেষ করে নারী ও শিশুদের জন্য, ডাচেস অব এডিনবার্গের এই সফর আশার বার্তা বহন করছে।" তিনি আশা প্রকাশ করেন যে, ডাচেসের রোহিঙ্গা শিবির পরিদর্শন চলমান মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাষ্ট্রপতি আরও বলেন, "দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ তৈরি করছে।" তিনি উল্লেখ করেন যে, এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠেছে।
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে রাষ্ট্রপতি উল্লেখ করেন। তিনি মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপরও জোর দেন।
ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, "পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।"
বৈঠকে বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ডাচেস অব এডিনবার্গ তাঁর তিন দিনের বাংলাদেশ সফরে কক্সবাজারের রোহিঙ্গা শিবির, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
এ সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতির প্রশংসা করেন। দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের কথাও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ডাচেস অব এডিনবার্গের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উদ্দেশ্যে ১১ ও ১২ নভেম্বর, ২৬ বুধ ও বৃহস্পতিবার, সাটুরিয়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের জন্য একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালাটি উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজি মোহাম্মদ অনিক ইসলাম, যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সাটুরিয়া, মানিকগঞ্জে। কর্মশালাটি পরিচালনা করেন নাহিদ ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সাটুরিয়া, মানিকগঞ্জ। প্রশিক্ষণে মোট ৩৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ করেছেন। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে পৌঁছান। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী’র ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান। সম্মেলনের মূল কার্যক্রমের পাশাপাশি, প্রধানমন্ত্রীর কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং সৌজন্য সাক্ষাৎ করার পরিকল্পনা রয়েছে।
সম্মেলনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ‘ওয়ার্ল্ড লিডার সামিট’-এ যোগদান করবেন। পরে তিনি ‘জিরো ওয়েস্ট রাউন্ড টেবিল’ বৈঠকেও অংশগ্রহণ করবেন। এবারের সম্মেলনে সভাপতিত্ব করছেন তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম।
সম্মেলনের ফাঁকে, প্রধানমন্ত্রীর উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে আলাদা বৈঠক করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, রাতে বিশ্বনেতাদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করবেন তিনি।
এর আগে, মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের সময় তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল এবং পরিবেশ, বর্ণ ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
এছাড়া, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী এবং বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষা হাব হিসেবে গড়ে তুলতে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এই উদ্দেশ্যে ক্যানবেরাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা চলছে। এছাড়া, বিদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে, এমনটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আবাসিক এলাকা উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরেন।
তিনি জানিয়েছেন, সরকার ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। চলতি সংসদ অধিবেশনেই সংশোধনী বিল উত্থাপন করা হবে। উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং বাংলাদেশকে শিক্ষার হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঠিক ব্যবহার ও বিকাশে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা খাতের সংশ্লিষ্টদের আরও সচেতন হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করাও অত্যন্ত জরুরি।
নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ প্রসঙ্গে তিনি জানান, আগামী ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র ভালো ফলাফল অর্জন করা নয়, এমনটি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সফলতা মূল্যবোধ, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার ওপর নির্ভর করে।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়া, গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন শিক্ষককে ‘বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম হুঁশিয়ারি দিয়েছেন যে, পৌরসভাগুলো বরাদ্দ পাওয়ার পরও নির্ধারিত সময়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন না করলে সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে।
প্রতিমন্ত্রী বুধবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে পৌরসভার প্রশাসক, নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত জাতীয় কর্মশালায় এসব মন্তব্য করেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান এতে সভাপতিত্ব করেন।
মীর শাহে আলম উল্লেখ করেন, পৌরসভাগুলোতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য আগেই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ পৌরসভায় এখনও প্যানেল বসানো হয়নি। তিনি বলেন, "দ্রুত এসব প্যানেল স্থাপন করে প্রথমে পৌর ভবনের বিদ্যুতের চাহিদা মেটাতে হবে। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও করতে হবে।"
প্রতিমন্ত্রী নগর ব্যবস্থাপনার একটি বড় সমস্যা হিসেবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, "অধিকাংশ পৌরসভায় বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট ল্যান্ডফিল নেই। খোলা জায়গায় বর্জ্য ফেলে রাখলে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হয়, পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ে।"
এ পরিস্থিতি থেকে বের হতে ম্যানহোল ও সীমানাপ্রাচীরসহ আধুনিক ল্যান্ডফিল নির্মাণের নির্দেশনা দেন তিনি। তিনি জানান, সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের ব্যবস্থা করা হবে।
কর্মশালায় অনেক কর্মকর্তা অনুপস্থিত থাকায় প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক এবং ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা কর্মশালায় উপস্থিত ছিলেন না। তিনি বলেন, "সরকার বিপুল অর্থ ব্যয় করে আয়োজন করার পরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতিকে তিনি উদাসীনতা হিসেবে উল্লেখ করেন।" তবে প্রকৌশলীদের উপস্থিতির প্রশংসা করেন তিনি।
মীর শাহে আলম অভিযোগ করেন, পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে অনিয়ম হয়েছে। তাঁর ভাষ্য, "এর ফলে অনেক গুরুত্বপূর্ণ ও যোগ্য পৌরসভা মাস্টারপ্ল্যানের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।" তিনি বলেন, "শুরুতেই জেলাভিত্তিক এবং ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।"
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের আওতায় এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। তিনি বলেন, "অবকাঠামো উন্নয়নে শুধু রাস্তাঘাট নির্মাণ করলেই হবে না। শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের দিকেও গুরুত্ব দিতে হবে।"
মীর শাহে আলম পৌরসভার নাগরিক সেবা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, "জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা দিতে গিয়ে নাগরিকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।" তিনি বলেন, "কিছু পৌরসভায় পরিকল্পিতভাবে সেবা কার্যক্রম বন্ধ রেখে কিংবা দুর্নীতির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়া হচ্ছে।" তিনি হুঁশিয়ারি দেন, এসব কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে। তিনি বলেন, "আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"
কর্মশালায় পৌরসভাগুলোর খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সেবা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি। তিনি নির্দেশ দেন, নাগরিকেরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এসব সেবা পান।
সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের গৃহকর্ত্রীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। চলতি বছর ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ৪১ লাখ নারীকে এ সুবিধার আওতায় আনা হবে।
পিছিয়ে পড়া যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরির ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে আরবি, মালয়, কোরিয়ান অথবা জাপানি ভাষা শেখানোর প্রশিক্ষণ চালুর আহ্বান জানান।
এ ছাড়া সাড়ে ৩ লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।
কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ