১২:৪৪ পি.এম
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলার পর ৫১ বস্তা নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চিঠি ও চিরকুট উদ্ধার করা হয়েছে। এসব চিরকুটের মধ্যে ইউরোপে পাড়ি জমানোর আশায় দালালচক্রের হাতে প্রতারিত হওয়ার বিচার চাওয়ার বিষয় রয়েছে। কিছু চিরকুটে প্রিয়জনকে কাছে পাওয়ার এবং ভালোবাসার আকুতি প্রকাশ করা হয়েছে। আবার কেউ রোগ সেরে ওঠা, সুন্দরী বা চিকন হওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন; কেউবা পছন্দের কাউকে রাষ্ট্রীয় নেতৃত্বে দেখার কামনা করেছেন।
মসজিদটির ১৫টি সিন্দুক শনিবার (২১ নভেম্বর) খোলা হয়েছে, যা প্রায় পাঁচ মাস (চার মাস ২৪ দিন) পর করা হয়েছে। সিন্দুকগুলো থেকে চিরকুট ও স্বর্ণালংকার আলাদা করার পর সকাল সাড়ে সাতটা থেকে টাকা গোনার কাজ শুরু হয়।
একটি উদ্ধার হওয়া চিঠিতে একজন ব্যক্তি ইউরোপ যাওয়ার স্বপ্ন নিয়ে দালালের খপ্পরে পড়ার কথা তুলে ধরেছেন। তিনি খোয়ানো অর্থের কষ্ট, দালালদের শাস্তি এবং নিরাপদ অভিবাসনের প্রার্থনা জানিয়ে সৃষ্টিকর্তার কাছে বিচার চেয়েছেন।
আরও পড়ুন: ফতুল্লায় পুলিশের কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে হত্যা, পালিয়ে বাঁচলেন এএসআই
চিঠিতে তিনি উল্লেখ করেছেন, তার ইউরোপ যাত্রা যেন নির্বিঘ্ন ও নিরাপদ হয়। এছাড়া দেশে ইউরোপীয় দেশগুলোর দূতাবাস ও ভিসা কার্যক্রম চালুর দাবি জানানো হয়েছে এবং ভবিষ্যতে যেন কেউ দালালদের প্রতারণার শিকার না হন—সেই দোয়াও করা হয়েছে। চিঠির শেষে ওই ব্যক্তি নিজেকে ‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে পরিচয় দিয়েছেন।
দানবাক্স থেকে স্বর্ণাকে উদ্দেশ্যে করে লেখা একটি প্রেমিকের আবেগমাখা চিরকুটও উদ্ধার হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘এই জীবনে আমি তোমাকে কখনো ভুলতে পারব না স্বর্ণা।’ শেষে স্বর্ণার হৃদয়ে স্থান পাওয়ার আকুতি জানিয়ে তিনি লিখেছেন, ‘আল্লাহ গো, আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন, আমিন।’
দীর্ঘ আরেকটি চিঠিতে এক ব্যক্তি স্ত্রী ও শ্বশুরবাড়ির স্বজনদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে আল্লাহর কাছে বিচার প্রার্থনা করেছেন। তার দাবি, শ্যালকের হাতে তার ২০ মাস বয়সী শিশু নির্যাতিত হয়েছে। এছাড়া স্ত্রী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তিন লাখ ৫৬ হাজার টাকা নিয়ে গেছেন এবং প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছেন।
সব মিলিয়ে শ্বশুরবাড়ির লোকজনের কারণে তার প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই ব্যক্তি। এসব ঘটনার ন্যায়বিচার ও হারানো সম্পদ ফিরে পেতে পাগলা মসজিদে দান করে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় স্বাভাবিক জনজীবন, তবে রাজনৈতিক উদ্বেগ বিরাজমান
কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন জানিয়েছেন, দানবাক্সে পাওয়া চিঠি ও চিরকুট নিয়ে দ্রুত সিন্দুক ভরে যাওয়ায় নতুন করে আরও দুটি দানবাক্স বসানো হয়েছিল; ফলে সিন্দুকের সংখ্যা ১৩ থেকে বেড়ে ১৫টিতে দাঁড়িয়েছে। তবে চিঠি ও চিরকুটের কারণে সিন্দুকে জায়গার অভাব দেখা দিয়েছে। বরাবরই এ ধরনের অপ্রাসঙ্গিক ও বিব্রতকর চিঠি সিন্দুকে না ফেলতে অনুরোধ করা হলেও তা মানা হচ্ছে না। এতে টাকা গণনার কাজে বিঘ্ন ঘটছে এবং সংশ্লিষ্টদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন