প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ইসলামী বিশ্ববিদ্যালয় ৪৮ বছরে পদার্পণ করেছে, প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে। ১৯৭৯ সালের ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যে। তবে দীর্ঘ ৪৮ বছরেও বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট, নিরাপত্তাহীনতা, শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, বিশ্ববিদ্যালয়ের নাম নিয়ে বিভ্রান্তি, পরিবহন সংকট, প্রশাসনিক ভোগান্তি, নিয়োগ বাণিজ্য, সনাতন পদ্ধতির ধারাবাহিকতা এবং সনদ উত্তোলনে ভোগান্তি কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। বিভিন্ন সময়ে উপাচার্যরা সংকট নিরসনে আশ্বাস দিলেও আশানুরূপ ফলাফল দেখা যায়নি।
ক্যাম্পাস সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য পূর্ণাঙ্গ আবাসিকতা হলেও প্রায় ৮৩ শতাংশ শিক্ষার্থী আবাসিকতার বাহিরে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের আইনে ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’ নাম থাকলেও কাগজপত্রে একাধিক নাম ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ‘ইসলামী বিশ্ববিদ্যালয়; ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া; ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-ঝিনাইদহ; ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’। ফলে চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভ্রান্তিতে পড়ছেন। আবাসিকতার সংকটে বিশ্ববিদ্যালয়ের সাড়ে ১৯ হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী পার্শ্ববর্তী মেস ও কুষ্টিয়া-ঝিনাইদহের মেসে বসবাস করছেন। পরিবহন সংকটের কারণে যাতায়াতে ভোগান্তিতে পড়ছেন তারা। মেস ও গণপরিবহনে নারী শিক্ষার্থীরাও বিভিন্ন সময়ে হেনস্থার শিকার হন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদের অধীনে ৩৮ বিভাগে ৪১৫ জন শিক্ষক পাঠদান করছেন। এর মধ্যে প্রায় ১৫টি বিভাগে শ্রেণিকক্ষ সংকট বিদ্যমান। পর্যাপ্ত ল্যাব, কমনরুম, সেমিনার লাইব্রেরি ও গবেষণাগার নেই। তবে সংকট সমাধানে ৪টি হল ও ১টি একাডেমিক ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। সংশ্লিষ্টদের মতে, নির্মাণাধীন কাজ দ্রুত সমাপ্তি হলে অনেকাংশ আবাসিকতার সংকট কেটে যাবে।
প্রায় পাঁচ দশক ধরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সনাতন পদ্ধতিতে চলছে। বিভিন্ন ফি প্রদানে দু’টি ব্যাংকের সঙ্গে ই-পেমেন্ট সিস্টেম চালু করা হলেও তার কোনোটিই কার্যকর হয়নি। শিক্ষার্থীদের ফর্ম ফিলাপ ও সার্টিফিকেটসহ বিভিন্ন কাগজপত্রের জন্য এক ভবন থেকে অন্য ভবনে দৌড়াতে হয়। বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তাহীনতা প্রকট। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে দিনেদুপুরে নিজ কক্ষে কুপিয়ে হত্যা করা হয়েছে এবং ক্যাম্পাসের পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী কর্তৃক ক্যাম্পাসে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনার বিচারপ্রক্রিয়া চলছে কচ্ছপ গতিতে। শিক্ষক-কর্মকর্তা নিয়েগে বাণিজ্য ও দুর্নীতি নিয়ে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। শিক্ষার্থীদের দাবি সত্ত্বেও কেন্দ্রীয় ছাত্রসংসদ এখনো গঠিত হয়নি। গবেষণা ও আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয়টি তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। ফলে এসব নানামুখী সংকট নিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিশ্ববিদ্যালয়টি।
সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয়টি ‘সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা’ এমন সংকটে রয়েছে। তবে কর্তৃপক্ষ এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজছে। প্রশাসন বিভিন্ন সময় আশ্বাসও দিয়েছে। সম্মিলিত প্রচেষ্টা ও সদিচ্ছা নিয়ে এগিয়ে গেলে আশার আলো দেখা যেতে পারে শিগগির।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রশাসন কাজ করছে। তিনি জানান, "আমরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কোলাবোরেশানের চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের পূর্বের সকল সংকট ও দুর্নীতির ইতিহাস মুছে ফেলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। ইবিকে মালয়েশিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আদলে গড়ে তুলতে চাই।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন