শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
১১:১৬ এম
শক্তিশালী টাইফুন চাম্পির প্রভাবে তাইওয়ান ও প্রতিবেশী জাপানে শত শত ফ্লাইট বাতিল হয়েছে। এর ফলে হাজার হাজার যাত্রীর ভ্রমণ বিঘ্নিত হয়েছে। ঝড়ের সম্ভাবনার কারণে তাইওয়ানের কর্তৃপক্ষ উপকূলীয় ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে।
টাইফুন চাম্পির প্রভাবে শুক্রবার (২৩ অক্টোবর) তাইওয়ানে ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হয়েছে। ঝড়টির বাতাসের সর্বোচ্চ দমকা গতি ঘণ্টায় ১৭৩ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর বিস্তৃত প্রভাববলয় পুরো দ্বীপজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তাইওয়ানের কর্তৃপক্ষ বাসিন্দাদের উপকূল ও পাহাড়ি এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। উত্তর-পূর্ব উপকূলে ভূমিধসের ঝুঁকিতে থাকা একটি প্রাকৃতিক বাঁধের কাছাকাছি বসবাসকারী লোকজনকে সরিয়ে নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। প্রবল বৃষ্টিতে বাঁধটি ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
ঝড়ের কারণে তাইওয়ানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। প্রতিবেশী জাপানেও বেশ কিছু ফ্লাইটের চলাচল বন্ধ রাখা হয়েছে। এর ফলে হাজারো যাত্রীকে তাদের ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে হচ্ছে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক সময়ে একের পর এক শক্তিশালী টাইফুন তৈরি হচ্ছে। সুপার এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা বাড়লে এ ধরনের ঝড়ের শক্তি ও তীব্রতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তথ্যসূত্র: বিবিসি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তিউনিসিয়ার রাজধানী তিউনিস এবং দক্ষিণাঞ্চলীয় শহর জেবিনিয়ানায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের হেফাজতে এবং নিরাপত্তা বাহিনীর ধাওয়ার সময় কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটার পর এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন শহরে এই অস্থিরতা দেখা দিয়েছে, যখন তিউনিসিয়া গভীর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজধানীর উপশহর ইততাধামেনে মাদক ব্যবসার সন্দেহে আটক হওয়া এক ব্যক্তির মৃত্যুর পর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। ওই ব্যক্তির পরিবারের অভিযোগ, পুলিশের নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারটি মৃত্যুর প্রকৃত ঘটনা তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।
তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির মৃত্যু মাদক গিলে ফেলার কারণে হয়েছে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে, টায়ারে আগুন দেয় এবং পুলিশের দিকে পাথর ছোড়ে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই এলাকায় ন্যাশনাল গার্ডের একটি স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করার সময় নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস ব্যবহার করে।
দক্ষিণাঞ্চলীয় স্ফ্যাক্স গভর্নরেটের জেবিনিয়ানা শহরেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটে। নিরাপত্তা বাহিনীর ধাওয়ার সময় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগের পর সেখানে বিক্ষোভ শুরু হয়। তিউনিসিয়ার গণমাধ্যমের খবর অনুযায়ী, বিক্ষোভকারীরা একটি গাড়িতে আগুন দেন এবং টায়ার পোড়ান। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।
স্ফ্যাক্স শহরে আরেক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। হৃদ্যন্ত্রের সমস্যায় আক্রান্ত এক ছাত্রীর মৃত্যুর জন্য তাঁরা অ্যাম্বুলেন্স সেবাকে দায়ী করেছেন। ওই ছাত্রীর সহপাঠীদের অভিযোগ, অ্যাম্বুলেন্স পৌঁছাতে অনেক দেরি হয়েছিল। তাঁরা চিকিৎসাসুবিধার ঘাটতিকে এর জন্য দায়ী করেছেন। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার স্ফ্যাক্স বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ধর্মঘটের আহ্বান জানিয়েছেন তাঁরা।
বৃহস্পতিবারের এই বিক্ষোভগুলো এমন সময়ে হয়েছে, যখন তিউনিসিয়ায় অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংকট আরও গভীর হচ্ছে। জীবনযাত্রার অবনতি এবং জনসেবার নিম্নমান নিয়ে মানুষের ক্ষোভ বাড়ছে। এতে দেশজুড়ে আরও বড় আকারে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে শনিবার রাজধানীতে কয়েক হাজার মানুষ প্রেসিডেন্ট কাইস সাঈদের বিরুদ্ধে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম বড় বিক্ষোভে অংশ নেন। তাঁদের অভিযোগ, সাঈদ গণতন্ত্রকে দুর্বল করছেন এবং অর্থনীতি পরিচালনায় ব্যর্থ হয়েছেন।
এদিকে বুধবার তিউনিসিয়ার একটি সামরিক আদালত বিরোধী রাজনীতিক ওলফা হামদিকে চার বছরের কারাদণ্ড দেন। রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সামরিক বাহিনীকে আদেশ অমান্য করতে উসকানি দেওয়ার অভিযোগে তাঁকে এ সাজা দেওয়া হয়। প্রেসিডেন্ট সাঈদের বিরোধীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে এটি সর্বশেষ ঘটনা। তথ্যসূত্র: আল-জাজিরা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শরতের সকালে শিউলি ফুলের সুবাস এবং মাটিতে ঝরে থাকা সাদা-কমলা ফুলের দৃশ্য অনেকের মনকে আকৃষ্ট করে। ঋতুর এই পরিচিত ফুলের প্রতি ভালোবাসা থেকেই শিউলির খোঁজে বের হয়েছেন ঢালিউডের অভিনেত্রী পরীমনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি ছোট পোস্টের মাধ্যমে ভক্তদের মধ্যে চলছে মিষ্টি মন্তব্যের আদান-প্রদান।
সম্প্রতি পরীমনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘শিউলি ফুলের খোঁজে যাই…’। এই কথার সঙ্গে তিনি ফুল, পরী এবং ভালোবাসার ইমোজিও যুক্ত করেছেন। সংক্ষিপ্ত এই পোস্টে শিউলি ফুলের প্রতি তাঁর ভালো লাগা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
পোস্টের মন্তব্যের ঘরে ভক্তরাও তাঁদের ভালোবাসা প্রকাশ করেছেন। কেউ কেউ শিউলি ফুলের সঙ্গে অভিনেত্রীর তুলনা করেছেন, আবার কেউ মজার ছলে বলেছেন, শিউলি খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
এক ভক্ত মন্তব্য করেছেন, ‘সে জানেও না যে সেও একটা শিউলি ফুল।’ অন্য একজন লিখেছেন, ‘কি দরকার? তুমি তো নিজেই শিউলিফুল।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ফুল ফুলকে খুঁজে।’
শরতের শিউলি ফুলকে কেন্দ্র করে পরীমনির এই ছোট পোস্টে ভক্তদের মন্তব্যগুলো একটি নতুন মাত্রা যোগ করেছে। ফুলের খোঁজে বের হওয়া অভিনেত্রীকে তাঁর অনুরাগীরা যেন তাঁদের ভালোবাসার কথাগুলো নতুন করে মনে করিয়ে দিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফ্রান্সের রাজধানী প্যারিসের দুটি নির্দিষ্ট অঞ্চলে রাতের কারফিউ সোমবার (২৬ অক্টোবর) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় সময় রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পুলিশ কর্তৃপক্ষ সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
প্যারিস পুলিশ প্রিফেকচার বৃহস্পতিবার (২২ অক্টোবর) কারফিউয়ের মেয়াদ বাড়ানোর কথা ঘোষণা করে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে প্লাস দে লা রিপাবলিকের কেন্দ্রীয় চত্বর এবং লে আল এলাকার কিছু নির্দিষ্ট সড়ক ও সংলগ্ন অংশ। ২২ অক্টোবর রাত থেকে ২৬ অক্টোবর ভোর পর্যন্ত প্রতিদিন এই বিধিনিষেধ কার্যকর থাকবে।
কারফিউ প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক সকলের জন্য প্রযোজ্য। তবে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা, কর্মস্থলে যাতায়াতকারী, ব্যবসায়ী এবং জরুরি সেবার কর্মীদের জন্য কিছু ব্যতিক্রম রাখা হয়েছে। তাঁরা প্রয়োজনের সপক্ষে প্রমাণ দেখিয়ে চলাচল করতে পারবেন।
গত ১৭ অক্টোবর জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্যারিসের পাশাপাশি লিয়ঁ ও মার্সেইসহ বিভিন্ন শহরে ওই কর্মসূচির কারণে সহিংসতা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এর পর ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সীমিত পরিসরে কারফিউ জারির নির্দেশ দেন।
এদিকে ২৪ ও ২৫ অক্টোবর নতুন বিক্ষোভের কর্মসূচি থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ পুলিশ ও জেন্ডারমেরি সদস্যদের উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সরকার লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য সহায়তার ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও করছে। ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী সের্ঝ পাপাঁর হিসাব অনুযায়ী, দেশজুড়ে অন্তত তিন হাজার ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাটের শিকার হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী রেলস্টেশনে দুই যাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সিপাহির বিরুদ্ধে। অভিযুক্ত সিপাহির নাম আমিনুল ইসলাম পলাশ। ঘটনার পর লিখিত অভিযোগ দায়েরের পর তিনি স্টেশন ছেড়ে লাপাত্তা হয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার মুরাদনগর থানার সরকারপাড়া গ্রামের রুবেল (২৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চর চকপাড়া গ্রামের অলিউল্লাহ ‘সাগরদাঁড়ি’ ট্রেনে কুষ্টিয়া থেকে রাজশাহী আসেন। রাতের বেলা গন্তব্যে যাওয়ার ব্যবস্থা না থাকায় তাঁরা স্টেশনের প্ল্যাটফর্মে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় আরএনবির সিপাহি আমিনুল ইসলাম পলাশ আরও দুজনকে সঙ্গে নিয়ে তাঁদের থানায় নেওয়ার ভয়ভীতি দেখান। একপর্যায়ে জোরপূর্বক তাঁদের কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা আদায় করে নিয়ে যান তিনি।
ঘটনার পর ওই রাতেই ভুক্তভোগী দুজন রাজশাহী রেলস্টেশনের আরএনবি চৌকির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সিপাহি আমিনুল ইসলাম পলাশ অভিযোগকারীদের সঙ্গে বিষয়টি আপস করার চেষ্টা করেন। তবে ভুক্তভোগীরা অভিযোগ প্রত্যাহারে রাজি না হওয়ায় তিনি গোপনে স্টেশন ছেড়ে কেটে পড়েন। সারাদিন তাঁকে স্টেশনে আর দেখা যায়নি। তা ছাড়া তাঁর মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে রাজশাহী রেলস্টেশনের আরএনবি চৌকির ইনচার্জ শিহাবুল হাসান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সিপাহি আমিনুল ইসলাম পলাশ ও তাঁর দুই সহযোগী মিলে ওই দুই যাত্রীর কাছ থেকে টাকা নিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, আগামী রোববার অফিস খোলার পর রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় কমান্ড্যান্টের অনুমতি নিয়ে অভিযুক্ত সিপাহির বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ