প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী রেলস্টেশনে দুই যাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার ৬০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সিপাহির বিরুদ্ধে। অভিযুক্ত সিপাহির নাম আমিনুল ইসলাম পলাশ। ঘটনার পর লিখিত অভিযোগ দায়েরের পর তিনি স্টেশন ছেড়ে লাপাত্তা হয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লার মুরাদনগর থানার সরকারপাড়া গ্রামের রুবেল (২৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চর চকপাড়া গ্রামের অলিউল্লাহ ‘সাগরদাঁড়ি’ ট্রেনে কুষ্টিয়া থেকে রাজশাহী আসেন। রাতের বেলা গন্তব্যে যাওয়ার ব্যবস্থা না থাকায় তাঁরা স্টেশনের প্ল্যাটফর্মে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় আরএনবির সিপাহি আমিনুল ইসলাম পলাশ আরও দুজনকে সঙ্গে নিয়ে তাঁদের থানায় নেওয়ার ভয়ভীতি দেখান। একপর্যায়ে জোরপূর্বক তাঁদের কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা আদায় করে নিয়ে যান তিনি।
ঘটনার পর ওই রাতেই ভুক্তভোগী দুজন রাজশাহী রেলস্টেশনের আরএনবি চৌকির ইনচার্জের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সিপাহি আমিনুল ইসলাম পলাশ অভিযোগকারীদের সঙ্গে বিষয়টি আপস করার চেষ্টা করেন। তবে ভুক্তভোগীরা অভিযোগ প্রত্যাহারে রাজি না হওয়ায় তিনি গোপনে স্টেশন ছেড়ে কেটে পড়েন। সারাদিন তাঁকে স্টেশনে আর দেখা যায়নি। তা ছাড়া তাঁর মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার বিষয়ে রাজশাহী রেলস্টেশনের আরএনবি চৌকির ইনচার্জ শিহাবুল হাসান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সিপাহি আমিনুল ইসলাম পলাশ ও তাঁর দুই সহযোগী মিলে ওই দুই যাত্রীর কাছ থেকে টাকা নিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, আগামী রোববার অফিস খোলার পর রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় কমান্ড্যান্টের অনুমতি নিয়ে অভিযুক্ত সিপাহির বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন