ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে প্রস্তুত নতুন রূপের বরিশাল স্টেডিয়াম


আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে প্রস্তুত নতুন রূপের বরিশাল স্টেডিয়াম

দীর্ঘ ২১ বছরের স্থবিরতা কাটিয়ে অবশেষে কীর্তনখোলা নদীর তীরের কবি জীবনানন্দ দাস স্টেডিয়াম আলোর মুখ দেখছে। প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে চলমান মেগা আধুনিকায়ন প্রকল্পটি জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এখন শেষ পর্যায়ে রয়েছে। যদি সব ঠিক থাকে, তাহলে চলতি বছরের শেষ নাগাদ এখানে আবারও আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড।

২০২২ সালে শুরু হওয়া এই মেগা প্রকল্পের ফলস্বরূপ স্টেডিয়ামটিতে দৃশ্যমান হয়েছে অত্যাধুনিক প্যাভিলিয়ন, আন্তর্জাতিক মানের মিডিয়া সেন্টার, প্যাসেঞ্জার লিফট ও ইনডোর প্র্যাকটিস নেট। ইতিমধ্যে মূল পিচের কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘ ২১ বছর পর নতুন করে জ্বলে উঠেছে আধুনিক ফ্লাড লাইট, যার আলোয় আলোকিত হয়েছে পুরো স্টেডিয়াম এলাকা। এখন শুধু অপেক্ষা আউটফিল্ডে সবুজ ঘাসের গালিচা বিছানোর।

অতীতে অব্যবস্থাপনা এবং নানা অনিয়মের কারণে এই মাঠ দীর্ঘ সময় জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ থেকে বঞ্চিত ছিল। তবে বর্তমানে সংস্কারের ফলে স্থানীয় ক্রিকেটাররা নতুন করে স্বপ্ন দেখছেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

স্থানীয় অনূর্ধ্ব-১৯ দলের উদীয়মান পেসার রাফসান বলেন, 'গত কয়েক বছর ধরে আমরা দেখেছি এই মাঠের যে অবহেলা, তা দুঃখজনক। কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে এখানে বছরের পর বছর কোনো বড় ম্যাচ হয়নি। একটি আন্তর্জাতিক মানের মাঠকে ফেলে রেখে আমাদের ক্যারিয়ার ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল।'

স্থানীয় ক্রিকেটার আসিফ জানান, 'অতীতে মাঠের দেখভালের নামে নানা অনিয়ম হয়েছে। ঠিকঠাক প্র্যাকটিস পিচ ছিল না, ড্রেসিংরুমের অবস্থা ছিল বেহাল। ফ্লাডলাইটগুলো নষ্ট হয়ে অন্ধকারে পড়ে ছিল ২১ বছর। এখন সংস্কার হওয়ায় ভালো লাগছে, তবে আমাদের দাবি— ভবিষ্যতে যেন আর কোনো নোংরা রাজনীতির কারণে এই মাঠের জৌলুস হারিয়ে না যায়।'

২৯ একরের এই ভেন্যুটিতে সর্বশেষ ২০১৯ সালের ২৬শে অক্টোবর বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের টেস্ট ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছিল বরিশালবাসী। এরপর আর কোনো বড় আসর এখানে অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সহ-সভাপতি এ.কে. এম আসাদুজ্জামান খসরু উল্লেখ করেছেন যে, '৬৫ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই ভেন্যুটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য শতভাগ যোগ্যতা অর্জন করছে। ক্রিকেট বোর্ড বরিশালের ক্রিকেটপ্রেমীদের আবেগকে মূল্যায়ন করে চলতি বছরের শেষ নাগাদ জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর ব্যাপারে ইতিবাচক।'

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মঞ্জু সংস্কার কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানান, 'সংস্কার কাজ পুরোপুরি শেষ হলে চলতি বছরের শেষের দিকে এখানে বড় ম্যাচ আয়োজনের একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি মাঠটিকে আন্তর্জাতিক মানে ফিরিয়ে নিতে বদ্ধপরিকর। আউটফিল্ডের কাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা বড় আসর আয়োজনের জন্য প্রস্তুত।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রামীণ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


গ্রামীণ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকারের বদ্ধপরিকর থাকার কথা তুলে ধরেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও উল্লেখ করেন, এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে পল্লী উন্নয়নকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার (৬ জুলাই) আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস এবং সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, সরকার পল্লী উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, কৃষি সহযোগিতা, সেচ সুবিধা সম্প্রসারণ এবং কৃষি কার্ডের মতো বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে গ্রামীণ কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডসহ নানা সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। একই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, সিরডাপ প্রায় পাঁচ দশক ধরে পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে, প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সংস্থাটির অবদান উল্লেখযোগ্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌরবিদ্যুতেই জ্বালানি সংকট মোকাবিলার পথ দেখছে সরকার: মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


সৌরবিদ্যুতেই জ্বালানি সংকট মোকাবিলার পথ দেখছে সরকার: মন্ত্রী

সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর মাধ্যমে সরকার জ্বালানি আমদানির চাপ কমাতে চায়, এমন কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি সোমবার (৬ জুলাই) ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপে এ বিবৃতি দেন।

মন্ত্রী আরও বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে সরকার জ্বালানি আমদানির চাপ কমাবে। বিগত দিনের দায়দেনা পরিশোধের জন্য এটিই হচ্ছে একমাত্র পথ। তবে, এই পথে বেশি দামে বিদ্যুৎ কিনে বা উৎপাদন করে ভোক্তার কাঁধে বোঝা চাপানো যাবে না।

বর্তমানে ৮০ শতাংশ বিদ্যুৎ বেসরকারি খাতের নিয়ন্ত্রণে রয়েছে, এই তথ্য জানিয়ে তিনি বলেন, পুরোনো চুক্তি অনুযায়ী তাদের কাছ থেকে উচ্চ দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। তাদের পাওনা পরিশোধ না করলে উৎপাদন ব্যাহত হবে, ফলে বাধ্য হয়ে বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে।

এ সময়ে ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রে বিনিয়োগ ও উৎপাদন লক্ষ্য স্পষ্ট করা হলেও, ভোক্তার স্বার্থ অনিশ্চিত। তাই এটি চূড়ান্ত করার আগে সাশ্রয়ী মূল্য কাঠামো, আইনি প্রতিকার, বিইআরসির স্বাধীনতা ও সুশাসন নিশ্চিত করতে হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনে শতভাগ বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করা প্রয়োজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নভেম্বরে চক্ষু স্বাস্থ্যবিষয়ক গ্লোবাল সামিট, অংশ নেবেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


নভেম্বরে চক্ষু স্বাস্থ্যবিষয়ক গ্লোবাল সামিট, অংশ নেবেন প্রধানমন্ত্রী: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া চক্ষু স্বাস্থ্য বিষয়ক গ্লোবাল সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।

সোমবার (৬ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশান অফ ব্লাইন্ডনেসের (আইএপিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার হলান্ড।

সাক্ষাতের পর সাংবাদিকদের এম এ মুহিত বলেন, সারা দেশে চক্ষু উন্নয়ন জন্য একটি জাতীয় পরিকল্পনা করা হচ্ছে। আন্তর্জাতিক চক্ষু সেবা প্লাটফর্মের প্রতিনিধি এসেছেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। নভেম্বরে গ্লোবাল সামিট হবে এ বিষয়ে কথা হয়েছে। বিভিন্ন দেশের সরকারপ্রধানরা এই সামিটে উপস্থিত থাকবেন। বাংলাদেশ কো-হোস্ট হিসেবে থাকবে এবং প্রধানমন্ত্রী এতে অংশগ্রহণের সম্মতি জানিয়েছেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, ১০ লাখ ছানি অপারেশন করা হবে এবং যাদের পরবর্তী লেন্স প্রদান করা হবে বিনামূল্যে। বিশেষ করে গ্রামীণ এলাকার স্কুল শিক্ষার্থীদের মধ্যে অনেক শিশু চোখে জটিলতায় পিছিয়ে পড়ে। সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিয়ে আইএপিবির সহযোগিতা চেয়েছে।

আইএপিবির সিইও পитер হলান্ড জানিয়েছেন, আমরা আনন্দিত যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে এবং বাংলাদেশ কো-হোস্ট হতে রাজি হয়েছে।

পিটার হলান্ড আরও বলেন, আমাদের সদস্যরা বাংলাদেশে উপস্থিত আছেন এবং এখানকার চক্ষু সেবা উন্নয়নে স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে কাজ করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনসচেতনতা বাড়ানো ছাড়া সেবা নিশ্চিত করা সম্ভব নয়: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


জনসচেতনতা বাড়ানো ছাড়া সেবা নিশ্চিত করা সম্ভব নয়: অর্থমন্ত্রী

প্রকল্প বাস্তবায়ন শুধু যথেষ্ট নয়, সেসব সেবার বিষয়ে জনগণকে সচেতন করার জন্য উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (৬ জুলাই) সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, দৈনন্দিন জীবনে সময়ের সদ্ব্যবহার এবং জীবনমান উন্নয়নে প্রযুক্তির বিকল্প নেই। সুতরাং দেশের সকল শ্রেণির মানুষকে ধীরে ধীরে ডিজিটাইজেশনের আওতায় আনতে হবে। প্রযুক্তির মাধ্যমে সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা আবশ্যক, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা গ্রহন করতে পারে।

বর্তমানে অনেক সরকারি ও আর্থিক সেবা ঘরে বসেই পাওয়া যাচ্ছে, তবে জনগণকে এসব সেবার বিষয়ে জানানোর জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রযুক্তির মাধ্যমে গ্রাহক ও সাধারণ মানুষের কাছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সেবা আরও সহজ করতে হবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, ঘরে বসে সেবা নিশ্চিত করতে পারলে মানুষের সময় এবং অর্থ; দুটিই সাশ্রয় হবে। প্রকল্প বাস্তবায়ন করতে হবে, কিন্তু সাথে সাথেই জনগণকে সেসব সেবা সম্পর্কে সচেতন করার উদ্যোগ নিতে হবে। সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন খাতে সরাসরি সেবা নেবার বদলে মানুষ যেন অনলাইনে সহজেই সেবা পেতে পারে, সে ব্যবস্থা গড়ে তুলতে হবে।

অর্থমন্ত্রী শেয়ারবাজার, ইনস্যুরেন্সসহ সব খাতে অপব্যবহার রোধে ডিজিটাইজেশন ব্যবস্থার বাস্তবায়নের উপরও জোর দিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%