প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
দীর্ঘ ২১ বছরের স্থবিরতা কাটিয়ে অবশেষে কীর্তনখোলা নদীর তীরের কবি জীবনানন্দ দাস স্টেডিয়াম আলোর মুখ দেখছে। প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে চলমান মেগা আধুনিকায়ন প্রকল্পটি জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে এখন শেষ পর্যায়ে রয়েছে। যদি সব ঠিক থাকে, তাহলে চলতি বছরের শেষ নাগাদ এখানে আবারও আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে ক্রিকেট বোর্ড।
২০২২ সালে শুরু হওয়া এই মেগা প্রকল্পের ফলস্বরূপ স্টেডিয়ামটিতে দৃশ্যমান হয়েছে অত্যাধুনিক প্যাভিলিয়ন, আন্তর্জাতিক মানের মিডিয়া সেন্টার, প্যাসেঞ্জার লিফট ও ইনডোর প্র্যাকটিস নেট। ইতিমধ্যে মূল পিচের কাজ সম্পন্ন হয়েছে। দীর্ঘ ২১ বছর পর নতুন করে জ্বলে উঠেছে আধুনিক ফ্লাড লাইট, যার আলোয় আলোকিত হয়েছে পুরো স্টেডিয়াম এলাকা। এখন শুধু অপেক্ষা আউটফিল্ডে সবুজ ঘাসের গালিচা বিছানোর।
অতীতে অব্যবস্থাপনা এবং নানা অনিয়মের কারণে এই মাঠ দীর্ঘ সময় জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ থেকে বঞ্চিত ছিল। তবে বর্তমানে সংস্কারের ফলে স্থানীয় ক্রিকেটাররা নতুন করে স্বপ্ন দেখছেন।
স্থানীয় অনূর্ধ্ব-১৯ দলের উদীয়মান পেসার রাফসান বলেন, 'গত কয়েক বছর ধরে আমরা দেখেছি এই মাঠের যে অবহেলা, তা দুঃখজনক। কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে এখানে বছরের পর বছর কোনো বড় ম্যাচ হয়নি। একটি আন্তর্জাতিক মানের মাঠকে ফেলে রেখে আমাদের ক্যারিয়ার ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল।'
স্থানীয় ক্রিকেটার আসিফ জানান, 'অতীতে মাঠের দেখভালের নামে নানা অনিয়ম হয়েছে। ঠিকঠাক প্র্যাকটিস পিচ ছিল না, ড্রেসিংরুমের অবস্থা ছিল বেহাল। ফ্লাডলাইটগুলো নষ্ট হয়ে অন্ধকারে পড়ে ছিল ২১ বছর। এখন সংস্কার হওয়ায় ভালো লাগছে, তবে আমাদের দাবি— ভবিষ্যতে যেন আর কোনো নোংরা রাজনীতির কারণে এই মাঠের জৌলুস হারিয়ে না যায়।'
২৯ একরের এই ভেন্যুটিতে সর্বশেষ ২০১৯ সালের ২৬শে অক্টোবর বাংলাদেশ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের টেস্ট ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছিল বরিশালবাসী। এরপর আর কোনো বড় আসর এখানে অনুষ্ঠিত হয়নি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সহ-সভাপতি এ.কে. এম আসাদুজ্জামান খসরু উল্লেখ করেছেন যে, '৬৫ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই ভেন্যুটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য শতভাগ যোগ্যতা অর্জন করছে। ক্রিকেট বোর্ড বরিশালের ক্রিকেটপ্রেমীদের আবেগকে মূল্যায়ন করে চলতি বছরের শেষ নাগাদ জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর ব্যাপারে ইতিবাচক।'
বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মঞ্জু সংস্কার কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানান, 'সংস্কার কাজ পুরোপুরি শেষ হলে চলতি বছরের শেষের দিকে এখানে বড় ম্যাচ আয়োজনের একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি মাঠটিকে আন্তর্জাতিক মানে ফিরিয়ে নিতে বদ্ধপরিকর। আউটফিল্ডের কাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা বড় আসর আয়োজনের জন্য প্রস্তুত।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন