ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

ঝিনাইদহে আমির হামজার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সমঝোতা


ঝিনাইদহে আমির হামজার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সমঝোতা

ঝিনাইদহের কালীগঞ্জে মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন নিয়ে দিনভর চলা নাটকীয়তার অবসান ঘটেছে। বিএনপি ও জামায়াত রাজনৈতিক বক্তব্য না দেওয়ার শর্তে মাহফিল আয়োজনের বিষয়ে একমত হয়েছে। উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সমঝোতা সম্পন্ন হয়।

সভায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, জামায়াতের সাবেক আমির ওলিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভা শেষে সংসদ সদস্য মাওলানা আবু তালিব মন্তব্য করেন, কুরআনের মাহফিলে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য আমির হামজাকে অনুরোধ করা হবে। মাহফিল আয়োজনে বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে।

আরও পড়ুন: জিন তাড়ানোর ছলে ১৩ বছরের মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টা, খতিব গ্রেফতার

এর আগে, কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে এ তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার।

দিনভর আলোচনা, পাল্টাপাল্টি অবস্থান ও নানা নাটকীয়তার পর রাতের এই সমঝোতায় মাহফিল আয়োজন নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা কেটেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন: তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় ২৪২ জনের বিরুদ্ধে মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের মামলায় ৮ জনের নাম উল্লেখ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের মামলায় ৮ জনের নাম উল্লেখ

কুষ্টিয়ার দৌলতপুরে, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের মাধ্যমে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে, নিজেই বাদী হয়ে মামলাটি দৌলতপুর থানায় দায়ের করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখিত আটজনের মধ্যে রয়েছেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহবায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এর আগে, বুধবার রাত দেড়টার দিকে, দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় বাড়ির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে যায় এবং দুটি ছাগলও পুড়ে মারা যায় বলে জানা গেছে।

এ ঘটনায় সংসদ সদস্য অভিযোগ করেছেন যে, পরিবারের সদস্যদের প্রাণনাশের আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ এ তথ্য জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিউটি ব্লগে আজকের সাজগোজ: ২০ হাজারেরও বেশি প্রোডাক্টের তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৭ পি.এম


বিউটি ব্লগে আজকের সাজগোজ: ২০ হাজারেরও বেশি প্রোডাক্টের তথ্য

বাংলাদেশে বিউটি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে এক সময় অনেক নারীর জন্য ছিল অনিশ্চয়তা। ফাউন্ডেশনের শেড নিজের ত্বকের সঙ্গে মানানসই খুঁজে বের করা কিংবা প্রোডাক্টের আসলত্ব যাচাই করার জন্য অনেককে বন্ধু, পরিবার বা দোকানদারের পরামর্শের ওপর নির্ভর করতে হতো। আবার অনেক সময় নিজেদের ধারণার ভিত্তিতে প্রোডাক্ট কিনতে হতো। বাজারে বিউটি প্রোডাক্ট পাওয়া গেলেও, সেগুলোর সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া সহজ ছিল না। বিশেষ করে যারা প্রথমবারের মতো মেকআপ শুরু করছিলেন বা নতুন করে স্কিন কেয়ার শুরু করছিলেন, তাদের জন্য বিষয়টি ছিল আরও কঠিন।

কারণ, তখন বাংলাদেশে অনলাইন কেনাকাটা কেবল জনপ্রিয় হতে শুরু করেছিল। তাই বিউটি প্রোডাক্ট পাওয়া গেলেও, সেগুলোর সম্পর্কে সঠিক পরামর্শ পাওয়ার সুযোগ ছিল সীমিত। কাস্টমারদের প্রয়োজন ছিল এমন একটি জায়গার, যেখানে শুধুমাত্র প্রোডাক্ট কেনার সুযোগ নয়, বরং প্রোডাক্ট সম্পর্কে জানা, প্রশ্ন করা এবং নিশ্চিন্তে নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নেওয়ার সুযোগ থাকবে। অথচ তখন এসব সাধারণ প্রশ্নের সহজ উত্তর দেওয়ার মতো প্ল্যাটফর্ম খুব বেশি ছিল না।

এমন পরিস্থিতিতে, ২০১৩ সালে সাজগোজ যাত্রা শুরু করে। মজার বিষয় হলো, এটি শুরুতে কোনো অনলাইন বিউটি শপ ছিল না। এর প্রতিষ্ঠাতা নাজমুল শেখ, সিনথিয়া শারমিন ইসলাম ও মিলকী মাহমুদ একটি সহজ ভাবনা নিয়ে কাজ শুরু করেন। তারা এমন একটি বিউটি ব্লগ তৈরি করেন, যেখানে ত্বকের যত্ন, মেকআপের কৌশল, বিভিন্ন প্রোডাক্টের রিভিউসহ স্কিন কেয়ারের নানা প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হতো।

সাজগোজের লক্ষ্য ছিল শুধু প্রোডাক্ট কেনার প্রতি আগ্রহ তৈরি করা নয়, বরং মানুষকে নিজের প্রয়োজন সম্পর্কে বুঝতে সাহায্য করা। ত্বকের ধরন অনুযায়ী যত্ন নেওয়া থেকে শুরু করে কোন প্রোডাক্ট কীভাবে কাজ করে, এসব বিষয়ে তথ্য দিয়ে ধীরে ধীরে স্কিন কেয়ারে আগ্রহীদের কাছে পরিচিত হয়ে ওঠে সাজগোজ। সময়ের সঙ্গে প্ল্যাটফর্মটির রিডার ও ফলোয়ারও বাড়তে থাকে। তবে একপর্যায়ে প্রতিষ্ঠাতারা বুঝতে পারেন, শুধু তথ্য দেওয়াই যথেষ্ট নয়, কাস্টমারদের কাছে আসল প্রোডাক্ট সহজে পৌঁছে দেওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ।

এই চিন্তা থেকেই, ২০১৫ সালে ঢাকার যমুনা ফিউচার পার্কে প্রথমবারের মতো সাজগোজের অফলাইন শপ চালু হয়। এর মাধ্যমে কাস্টমাররা অনলাইনে প্রোডাক্ট সম্পর্কে জানার পাশাপাশি সরাসরি সেগুলো দেখার, বিউটি কনসালট্যান্টদের সাথে আলোচনা এবং নিজের প্রয়োজন অনুযায়ী পছন্দের প্রোডাক্ট বেছে নেওয়ার সুযোগ পান। তবে অফলাইন শপ চালুর পরও দেশের সকল মানুষের কাছে পৌঁছানো তখনও একটি বড় চ্যালেঞ্জ ছিল। কারণ, সে সময় বাংলাদেশে অনলাইন কেনাকাটার ইকোসিস্টেম, লজিস্টিকস সাপোর্ট পুরোপুরি গড়ে ওঠেনি। বিশেষ করে ঢাকার বাইরের মানুষের জন্য অনেক বিউটি প্রোডাক্ট সহজে পাওয়ার সুযোগ ছিল সীমিত।

এই সীমাবদ্ধতা কাটিয়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যেই ২০১৮ সালের অক্টোবরে সাজগোজ তাদের প্রথম ই-কমার্স প্ল্যাটফর্ম shop.shajgoj.com চালু করে। যার শুরু হয়েছিল শুধু স্কিন কেয়ারের বিভিন্ন তথ্য জানানো দিয়ে, সেটিই ধীরে ধীরে হয়ে ওঠে প্রোডাক্ট কেনাকাটার একটি মাধ্যম। এর ফলে কাস্টমাররা ঘরে বসেই বিভিন্ন প্রোডাক্ট দেখতে, সেগুলোর উপকারিতা সম্পর্কে জানতে এবং একই সঙ্গে অর্ডারও করতে পারেন। এভাবেই বিউটি প্রোডাক্ট কেনার ক্ষেত্রে দীর্ঘদিনের দুটি গুরুত্বপূর্ণ চাহিদা এক জায়গায় পূরণের সুযোগ তৈরি হয়। একটি হলো প্রোডাক্ট সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া, অন্যটি আসল প্রোডাক্ট কেনার সুযোগ।

বর্তমানে সাজগোজে ১,২০০টির বেশি ব্র্যান্ডের ২০ হাজারেরও বেশি প্রোডাক্ট রয়েছে। ফলে কাস্টমাররা এখন নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরনের প্রোডাক্ট বেছে নিতে পারছেন। অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামে সাজগোজের আটটি অফলাইন শপও রয়েছে।

তবে সাজগোজের এই পথচলা শুধু প্রোডাক্টের সংখ্যা কিংবা শপের সংখ্যা বাড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। এর সঙ্গে মানুষের স্কিন কেয়ারের অভ্যাসেও পরিবর্তন এসেছে। আগে যেখানে অনেকেই অন্যের পরামর্শের ওপর নির্ভর করতেন, সেখানে এখন প্রত্যেকের নিজের ত্বক সম্পর্কে জানার আগ্রহ বেড়েছে। কোন প্রোডাক্ট কোন ত্বকের জন্য উপযোগী কিংবা সেটি কীভাবে ব্যবহার করতে হবে, এসব বিষয়ে মানুষ এখন আরও সচেতন হয়ে উঠেছে।

এ বছর সাজগোজের ই-কমার্স যাত্রার আট বছর পূর্ণ হয়েছে। তবে এই পথচলার গল্প শুধু একটি অনলাইন প্ল্যাটফর্মের বেড়ে ওঠার নয়, বরং সেই সব মানুষেরও, যারা সময়ের সঙ্গে নিজেদের স্কিন কেয়ারের অভ্যাস ও পছন্দকে নতুনভাবে গড়ে তুলেছেন। একটি বিউটি ব্লগ হিসেবে যাত্রা শুরু করা সাজগোজ পরবর্তী সময়ে প্রোডাক্ট বিক্রি শুরু করলেও কাস্টমারদের সঠিক তথ্য দিয়ে সচেতন করার বিষয়টিকে সব সময় গুরুত্ব দিয়েছে। কারণ, সাজগোজ মনে করে, সঠিক তথ্য জানা থাকলে কাস্টমাররা নিজের ত্বক, বাজেট ও পছন্দ অনুযায়ী আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারেন। আর এই আস্থাই তাদের বারবার ফিরে আসতে উৎসাহিত করে।

সাজগোজের বিশ্বাস, প্রত্যেক মানুষই নিজের আদর্শ হতে পারেন। তাই এই আট বছরের পথচলার প্রকৃত হিরো হলেন সাজগোজের কাস্টমাররাই, যাদের প্রত্যেকেই এক একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে, দুই সপ্তাহের নিম্নমুখী প্রবণতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৮ পি.এম


বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে, দুই সপ্তাহের নিম্নমুখী প্রবণতা

বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম কমে গেছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ ইরানের ওপর অব্যাহত রাখার ঘোষণা এবং মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা কমে যাওয়ার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা করলেও, এটি টানা দ্বিতীয় সপ্তাহের মতো দরপতনের পথে রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রিনিচ মান সময় শুক্রবার রাত ২টা ৪২ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির দাম ব্যারেলপ্রতি ১ সেন্ট কমে ৯৫ দশমিক ৪১ ডলারে পৌঁছেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২০ সেন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫২ ডলারে নেমে এসেছে।

শুক্রবারের এই দরপতনের ফলে টানা দুই দিনের মূল্যবৃদ্ধির ধারায় ছেদ পড়েছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ নবম মাসে প্রবেশ করায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

যুদ্ধ অবসানে সমঝোতার সম্ভাবনা নিয়ে কিছুটা আশাবাদ তৈরি হলেও, মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার ঝুঁকি পুরোপুরি কাটেনি। বিশেষ করে ইরানপন্থী ইয়েমেনের হুথি গোষ্ঠীর সৌদি আরবের বিভিন্ন অবকাঠামোতে হামলা এবং উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেল পরিবহনকারী ট্যাংকারে হামলার আশঙ্কা বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে।

তবে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সব মিলিয়ে ভূরাজনৈতিক পরিস্থিতি ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমতির দিকে রয়েছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদত্যাগের পরও রেহাই নেই, কংগ্রেসে তলব এনভিডিয়ার সাবেক প্রধানকে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


পদত্যাগের পরও রেহাই নেই, কংগ্রেসে তলব এনভিডিয়ার সাবেক প্রধানকে

চীনা গুপ্তচরের সঙ্গে কথিত প্রেমের সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তাসংক্রান্ত তথ্য ফাঁসের আশঙ্কায় কংগ্রেসে তলব করা হয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে। আগামী ৩ ডিসেম্বর মার্কিন সিনেটের ব্যাংকিং কমিটির সামনে তাকে স্বেচ্ছায় সাক্ষ্য দিতে বলা হয়েছে। একই ঘটনায় জিজ্ঞাসাবাদের মুখে পড়তে যাচ্ছেন দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকও।

শুক্রবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর টিম স্কট জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও সংবেদনশীল প্রযুক্তির সুরক্ষা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। হুয়াং স্বেচ্ছায় হাজির না হলে তাকে বাধ্য করতে সমন জারি করা হতে পারে। এছাড়া প্রতিনিধি পরিষদের তিনটি কমিটিও আগামী ১ ডিসেম্বর তাকে রুদ্ধদ্বার বৈঠকে হাজির হওয়ার জন্য চিঠি দিয়েছে।

সিঙ্গাপুরের প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কথিত সম্পর্ক নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়। অ্যালিসকে চীনের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থাকার সন্দেহ করা হলেও বেইজিং এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, অ্যালিস গুপ্তচরবৃত্তিতে জড়িত কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

এদিকে, এনভিডিয়ার আরেক নির্বাহীর সঙ্গেও হুয়াংয়ের কথিত সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং। হুয়াংয়ের পদত্যাগের পর একই দিন প্রতিষ্ঠানটির অর্থ বিভাগের প্রধান কোলেট ক্রেসকে অন্তর্বর্তী প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এ ঘটনায় মাত্র পাঁচ দিনে এনভিডিয়ার শেয়ারবাজারের মূল্য ৫৫০ বিলিয়ন ডলার কমেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা কিংবা তাদের গোপন তথ্যের কোনো ক্ষতি হয়েছে বলে বিশ্বাস করার কারণ নেই। তবে বিষয়টি খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত চলছে।

আগামী ৩ ডিসেম্বর সিনেটের ব্যাংকিং কমিটিতে স্বেচ্ছায় সাক্ষ্য দিতে জেনসেনকে চিঠি দিয়েছেন সিনেটর টিম স্কট। হাজির না হলে তাকে বাধ্য করতে সমন জারি করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এছাড়া প্রতিনিধি পরিষদের তিনটি কমিটি আগামী ১ ডিসেম্বর তাকে রুদ্ধদ্বার বৈঠকে হাজির হওয়ার জন্য চিঠি দিয়েছে। একই ঘটনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককেও সিনেটের সামনে হাজির হতে বলা হয়েছে।

এদিকে, বিতর্কের জেরে এনভিডিয়ার বাজারমূল্য ৪ লাখ কোটি ডলারের নিচে নেমে গেছে, যা ২০২৫ সালের জুলাইয়ের পর প্রথম। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ জেনসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করেছে। তবে এনভিডারের দাবি, জাতীয় নিরাপত্তা কিংবা প্রতিষ্ঠানের গোপন তথ্যের ক্ষতি হয়েছে বলে বিশ্বাস করার কোনো কারণ নেই।

সূত্র: আল জাজিরা , বিবিসি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%