বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১২:১৮ এম
এক যুবকের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের সিদ্ধান্তও নেন তারা। কিন্তু মেয়ের বাবা একজন অটোরিকশাচালক হওয়ায় পাত্রপক্ষের আপত্তির কারণে বিয়ের আলোচনা ভেঙে যায়। এর কয়েকদিন পর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়ারা গ্রামে পাওয়া যায় সানজিদা আক্তার প্রীতি (২৪) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। প্রীতি শাহজালালের মেয়ে এবং তিনি চৌদ্দগ্রাম সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কাশিনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামের ওমানপ্রবাসী সাজ্জাদের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রীতির প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ১২ নভেম্বর সাজ্জাদের মা, বোন ও খালা প্রীতিকে দেখতে তাদের বাড়িতে যান। কিন্তু প্রীতির বাবার অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করার বিষয়টি জানার পর পাত্রপক্ষ বিয়েতে আগ্রহ হারিয়ে ফেলে।
প্রীতির বড় বোন স্মৃতি জানিয়েছেন, তাদের বাবা আগে মুদি দোকান করতেন। ব্যবসায় লোকসানের পর বর্তমানে অটোরিকশা চালিয়ে সংসার চালান। এই বিষয়টি নিয়ে পাত্রপক্ষের লোকজন বিভিন্ন কটূক্তি করেন। প্রীতি তাকে জানিয়েছিলেন যে, পাত্রপক্ষ তাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে রাজি নয়। তবে সাজ্জাদ তাকে বিয়ে করতে চান এবং নিয়মিত যোগাযোগ রাখছেন।
স্মৃতি আরও জানান, বুধবার দুপুরে প্রীতি নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। পরিবারের সদস্যরা প্রথমে ভেবেছিলেন, তিনি ঘুমাচ্ছেন। বিকেল পর্যন্ত কোনো সাড়াশব্দ না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। প্রীতির মুঠোফোন পরীক্ষা করে পরিবারের সদস্যরা জানতে পারেন, মৃত্যুর আগে তিনি সাজ্জাদের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
২৬ বছর বয়সী অসহায় ও অসুস্থ নারী মোসা. রোজিনা আক্তার সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তার জন্য আবেদন করেছেন, যাতে তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। চিকিৎসার জন্য তার প্রয়োজন ৬ লাখ ৫০ হাজার টাকা।
রোজিনা বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামের একজন তালাকপ্রাপ্তা, কর্মহীন নারী। তার একটি চার বছর বয়সী শিশু রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি কোমর ও হিপের জয়েন্টের গুরুতর সমস্যায় ভুগছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে হলে তার শরীরের উভয় পাশের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা জরুরি। বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ট্রান্সফার করার পর ডাক্তার তাকে দ্রুত হিপ রিপ্লেসমেন্টের পরামর্শ দেন।
কোনো আয় না থাকায়, ব্যয়বহুল এই অস্ত্রোপচারের খরচ বহন করা রোজিনার পক্ষে সম্ভব হচ্ছে না। অর্থের অভাবে বর্তমানে তার চিকিৎসা বন্ধ রয়েছে। প্রতিনিয়ত শারীরিক যন্ত্রণা নিয়ে তিনি অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছেন। সমাজের হৃদয়বান মানুষের সহযোগিতায় তিনি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চান এবং তার শিশু সন্তানটির জন্য বাঁচতে চান।
যোগাযোগ ও বিকাশ নম্বর : ০১৪০৬৮৩৯০০৬
অ্যাকাউন্ট নম্বর : ০০৮৮১২০০০০০৪৮
অ্যাকাউন্টধারীর নাম : আলী আকবর
এসবিএসি ব্যাংক, মিরপুর-১, ঢাকা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বসতঘর পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছে। এই ঘটনায় ঘরের অভ্যন্তরে থাকা মাত্র তিন মাস বয়সী একটি শিশু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার সময় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মধ্যপাড়া পাথর খনি থেকে পাথরবোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোনামুখী গ্রামের মো. মোহন (২২)-এর বাড়িতে আঘাত করে। ফলে বাড়ির একটি শয়নকক্ষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ওই ঘরের ভেতরে থাকা মোহনের তিন মাস বয়সী শিশু সন্তান শাফি গুরুতর আহত হয়।
শিশুটিকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এই ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালক তপু কুমার ঘোষকে (৩৫) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঢাকারীপাড়া এলাকার কিশোর কুমার ঘোষের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। চালক এবং ট্রাক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গুজব এখন জনমনে আতঙ্ক সৃষ্টির নতুন হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। বাসে আগুন, শ্রমিক আন্দোলনে শ্রমিকের মৃত্যু, রাজনৈতিক ব্যক্তিদের পদত্যাগসহ বিভিন্ন বিষয়ে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই না করে বিশ্বাস করাটা বর্তমানে একটি বড় বোকামি হয়ে দাঁড়িয়েছে।
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে একটি বিজ্ঞপ্তিতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
দলীয় সূত্র থেকে জানা গেছে, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার স্ত্রীও শারীরিকভাবে অসুস্থ এবং তিনিও সেখানে রয়েছেন।
এদিকে, তার পদত্যাগের খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির আরও কয়েকজন সংসদ সদস্যের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। প্রথমে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের পদত্যাগের দাবি সামনে আসে। এমনকি পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং গোপালগঞ্জের দুই সংসদ সদস্যসহ মোট পাঁচজন পদত্যাগ করেছেন বলেও প্রচার করা হয়।
কিন্তু অনুসন্ধানে দেখা যায়, এসব দাবির কোনো সত্যতা নেই। বিএনপির মিডিয়া সেলও নিশ্চিত করেছে যে, ওসমান ফারুক ছাড়া আলোচিত অন্য সংসদ সদস্যদের কেউ পদত্যাগ করেননি।
এভাবে একটি বাস্তব ঘটনা, ভুয়া ফটোকার্ড কিংবা পুরোনো ভিডিওকে নতুন রাজনৈতিক বয়ানে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ফলে সাধারণ মানুষের পক্ষে কোনটি সত্য এবং কোনটি পরিকল্পিত অপপ্রচার, তা বুঝতে পারা কঠিন হয়ে পড়ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের অর্থনৈতিক উন্নয়নকে সচল রাখতে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ ও দক্ষ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মুহম্মদ শহিদুল ইসলাম, যিনি ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) কেন্দ্রীয় সভাপতি।
১৮ নভেম্বর বুধবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের আয়োজনে অনুষ্ঠিত ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এই আহ্বান জানান।
মুহম্মদ শহিদুল ইসলাম উল্লেখ করেন, ব্যবসায়িক বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জের মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, "ব্যবসায়ীদের কল্যাণ এবং বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে আইবিডব্লিউএফ কাজ করে যাচ্ছে।" তিনি আশা প্রকাশ করেন যে, সততা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশের ব্যবসায়ীরা বিশ্ববাজারে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।
সম্মেলনে ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি খাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল আজিম, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্ব ব্যারিস্টার আল মামুন রাসেল।
সভাপতির বক্তব্যে মো. মোশারফ হোসেন বলেন, "কুমিল্লায় কোনো চাঁদাবাজি চলবে না। কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হলে সব ব্যবসায়ী ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন।"
অনুষ্ঠানে আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের সহসভাপতি কাজী আব্দুল মান্নান, মিয়া মুহাম্মদ নাসিম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেশকাত উদ্দিন ফারুকী, প্রশিক্ষণ সম্পাদক ড. কাজী সাইফুল হক চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মো. বিল্লাল হোসেন, স্যানিটারি ট্রেডের সভাপতি মো. নুরুল ইসলাম তোফায়েল, আদর্শ সদর উত্তরের সভাপতি মো. গোলাম মুর্তুজা এবং সংগঠনের আজীবন সদস্য মো. মিজানুর রহমান, মো. তালাত মাহমুদ মাসুম ও মোহাম্মদ আহসান উল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ