বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১২:২০ এম
দিনাজপুরের ঘোড়াঘাটে একটি বসতঘর পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছে। এই ঘটনায় ঘরের অভ্যন্তরে থাকা মাত্র তিন মাস বয়সী একটি শিশু গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার সময় উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সোনামুখী এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মধ্যপাড়া পাথর খনি থেকে পাথরবোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সোনামুখী গ্রামের মো. মোহন (২২)-এর বাড়িতে আঘাত করে। ফলে বাড়ির একটি শয়নকক্ষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ওই ঘরের ভেতরে থাকা মোহনের তিন মাস বয়সী শিশু সন্তান শাফি গুরুতর আহত হয়।
শিশুটিকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এই ঘটনার পর দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালক তপু কুমার ঘোষকে (৩৫) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঢাকারীপাড়া এলাকার কিশোর কুমার ঘোষের ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। চালক এবং ট্রাক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গুজব এখন জনমনে আতঙ্ক সৃষ্টির নতুন হাতিয়ার হিসেবে আবির্ভূত হয়েছে। বাসে আগুন, শ্রমিক আন্দোলনে শ্রমিকের মৃত্যু, রাজনৈতিক ব্যক্তিদের পদত্যাগসহ বিভিন্ন বিষয়ে একের পর এক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই না করে বিশ্বাস করাটা বর্তমানে একটি বড় বোকামি হয়ে দাঁড়িয়েছে।
শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে একটি বিজ্ঞপ্তিতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
দলীয় সূত্র থেকে জানা গেছে, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার স্ত্রীও শারীরিকভাবে অসুস্থ এবং তিনিও সেখানে রয়েছেন।
এদিকে, তার পদত্যাগের খবর প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির আরও কয়েকজন সংসদ সদস্যের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। প্রথমে নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের পদত্যাগের দাবি সামনে আসে। এমনকি পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং গোপালগঞ্জের দুই সংসদ সদস্যসহ মোট পাঁচজন পদত্যাগ করেছেন বলেও প্রচার করা হয়।
কিন্তু অনুসন্ধানে দেখা যায়, এসব দাবির কোনো সত্যতা নেই। বিএনপির মিডিয়া সেলও নিশ্চিত করেছে যে, ওসমান ফারুক ছাড়া আলোচিত অন্য সংসদ সদস্যদের কেউ পদত্যাগ করেননি।
এভাবে একটি বাস্তব ঘটনা, ভুয়া ফটোকার্ড কিংবা পুরোনো ভিডিওকে নতুন রাজনৈতিক বয়ানে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ফলে সাধারণ মানুষের পক্ষে কোনটি সত্য এবং কোনটি পরিকল্পিত অপপ্রচার, তা বুঝতে পারা কঠিন হয়ে পড়ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের অর্থনৈতিক উন্নয়নকে সচল রাখতে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ ও দক্ষ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মুহম্মদ শহিদুল ইসলাম, যিনি ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) কেন্দ্রীয় সভাপতি।
১৮ নভেম্বর বুধবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হল অডিটোরিয়ামে আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের আয়োজনে অনুষ্ঠিত ব্যবসায়ী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তিনি এই আহ্বান জানান।
মুহম্মদ শহিদুল ইসলাম উল্লেখ করেন, ব্যবসায়িক বিভিন্ন সংকট ও চ্যালেঞ্জের মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, "ব্যবসায়ীদের কল্যাণ এবং বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে আইবিডব্লিউএফ কাজ করে যাচ্ছে।" তিনি আশা প্রকাশ করেন যে, সততা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশের ব্যবসায়ীরা বিশ্ববাজারে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন।
সম্মেলনে ব্যবসায়িক অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি খাতের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মো. মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. আনোয়ারুল আজিম, কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ও গণমাধ্যম ব্যক্তিত্ব ব্যারিস্টার আল মামুন রাসেল।
সভাপতির বক্তব্যে মো. মোশারফ হোসেন বলেন, "কুমিল্লায় কোনো চাঁদাবাজি চলবে না। কোনো ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করা হলে সব ব্যবসায়ী ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন।"
অনুষ্ঠানে আইবিডব্লিউএফ কুমিল্লা মহানগরের সহসভাপতি কাজী আব্দুল মান্নান, মিয়া মুহাম্মদ নাসিম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেশকাত উদ্দিন ফারুকী, প্রশিক্ষণ সম্পাদক ড. কাজী সাইফুল হক চৌধুরী, আপ্যায়ন সম্পাদক মো. বিল্লাল হোসেন, স্যানিটারি ট্রেডের সভাপতি মো. নুরুল ইসলাম তোফায়েল, আদর্শ সদর উত্তরের সভাপতি মো. গোলাম মুর্তুজা এবং সংগঠনের আজীবন সদস্য মো. মিজানুর রহমান, মো. তালাত মাহমুদ মাসুম ও মোহাম্মদ আহসান উল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
‘আমাদের বিয়ের বয়স মাত্র আট মাস। আমার স্বামী আমাকে রেখে চলে গেল। আমি সাত মাসের অন্তঃসত্ত্বা। এখন আমার কী হবে? আমার অনাগত সন্তানকে নিয়ে আমি কীভাবে বাঁচব?’—এই কথাগুলো কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন ফতুল্লায় নিহত গার্মেন্টসকর্মী আবির ইউসুফ মোল্লার (২৫) স্ত্রী নাহিদা ইয়াসমিন। তার চোখে এখন শুধুই অনাগত সন্তান এবং অনিশ্চিত ভবিষ্যতের ভয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে স্বামীর মৃত্যুর কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন নিহত গার্মেন্টসকর্মীর স্ত্রী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ এলাকায় দেলোয়ার রহমান দেলুর বাড়ির সামনে হামলা ও ভাঙচুরের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও ধারণ করার সময় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের কোপে নির্মমভাবে প্রাণ হারান নিরীহ এই যুবক। কৌতূহলবশত করা একটি ভিডিওই কাল হয়ে দাঁড়াল তার জীবনে। নিহত ইউসুফ চাঁদপুরের শাহরাস্তি থানার মফিজ মোল্লার ছেলে। তিনি ফতুল্লায় একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং ওই এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন।
নিহতের পরিবার ও মামা ওমর ফারুকের ভাষ্যমতে, মঙ্গলবার রাতে কারখানা থেকে বেতন নিয়ে অন্য দিনের তুলনায় একটু আগেই বাসায় ফিরেছিলেন ইউসুফ। শরীর ভালো লাগছে না জানিয়ে মানিব্যাগ বাসায় রেখে কিছু টাকা ও মোবাইল ফোন নিয়ে তিনি বাইরে বের হন। পথে দেলুর বাড়ির সামনে কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে কোপাকুপি ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করতে দেখেন তিনি। ঘটনাটি নিজের মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করলে অস্ত্রধারীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয়।
একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মেরুদণ্ডের নিচের দিকে মারাত্মক জখম করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার নেপথ্যের কারণ সম্পর্কে হামলার শিকার বাড়ির মালিক দেলোয়ার হোসেন দিলু জানান, গত ২০ জুন ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান তাকে অপহরণ করে চাঁদা দাবি করেন। পিবিআইয়ের তদন্তাধীন ওই মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে জামিনে বের হন জুয়েল আরমান। এরপর চা-দোকানে বসে থাকা মামলার বাদী দেলুর ছেলে জুয়েল হাওলাদারের ওপর হামলা চালান তিনি। এ নিয়ে দিনের বেলা দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরই জের ধরে রাতে জুয়েল আরমান দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ দেলুর বাড়িতে তাণ্ডব চালাতে আসেন। আর সেই তাণ্ডবের দৃশ্য ভিডিও করতে গিয়েই নৃশংস হামলার শিকার হন পেছনের বাড়ির ভাড়াটিয়া ইউসুফ।
সার্বিক বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী কালের কণ্ঠকে জানান, মঙ্গলবার দুপুরে আদালতের সামনে মারামারির ঘটনাকে কেন্দ্র করে কৃষক দল নেতা জুয়েল আরমানের লোকজন দিলুর বাড়িঘর ভাঙচুর করতে যায়। এ সময় আবির ইউসুফ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল আরমানের লোকজন তাকে কুপিয়ে গুরুতর আহত করে এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী রেঞ্জের ৭১টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না, এই শপথ করানো হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী। তিনি উল্লেখ করেন, মাদকের বিরুদ্ধে কোনো আপস করা হবে না। পুলিশের লক্ষ্য হল মাদকের রুট পুরোপুরি নির্মূল করা। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি আরও বলেন, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না। পুলিশকে কখনোই আলাদা করে দেখার সুযোগ নেই। সাধারণ মানুষের কাছে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে পাবনা অনেক ভালো অবস্থানে রয়েছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে।
সম্প্রতি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগের বিষয়ে ডিআইজি বলেন, পুলিশের কোনো সদস্য সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবেন না। এ বিষয়ে পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্তের স্বার্থে বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। ডিআইজি বলেন, প্রতিটি বাড়িতে সিসি ক্যামেরা এমনভাবে বসাতে হবে, যাতে ঘরের পাশাপাশি সামনের রাস্তার দৃশ্যও ধারণ করা যায়। এতে অপরাধ শনাক্ত করা এবং মামলার তদন্ত কার্যক্রম সহজ হবে। ইতিমধ্যে যেসব মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে, তার বেশির ভাগ ক্ষেত্রেই সিসি ক্যামেরার ফুটেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা ভালো কাজগুলো তুলে ধরবেন। সাংবাদিকরা জেগে থাকলে পুরো দেশ জেগে থাকে। পুলিশের নেতিবাচক কাজের পাশাপাশি ইতিবাচক কর্মকাণ্ডও তুলে ধরবেন।
পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক এবং সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে ডিআইজি আরও বলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে শুরু করে পুলিশ সুপাররা সাংবাদিকদের সঙ্গে আন্তরিক ও মিশুক আচরণে বিশ্বাসী।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইবনে রহমান ও প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক ও আরজুমা আকতার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ