১১:৫৯ এম
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমে অবস্থিত একটি মিষ্টির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ৩৯ জন নিখোঁজ রয়েছে। এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
রোববার (২২ নভেম্বর) সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন। শনিবার (২১ নভেম্বর) বিকেলে রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সেরং জেলার ‘ফোনুসা আগুং মুলিয়া’ কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। উদ্ধারকারী কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো জানিয়েছেন, এখন পর্যন্ত ৩৯ জন নিখোঁজ রয়েছেন। আহত চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, মিষ্টান্ন ও চিনিজাত পণ্য প্রস্তুতকারী কারখানাটির বিভিন্ন অংশে আগুন জ্বলছে। এ সময় ভবনটির ছাদের একটি অংশ ধসে পড়তে দেখা যায়। রোববারও কারখানার কিছু অংশে আগুন জ্বলছিল, যা নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযানকে জটিল করে তুলেছে।
আরও পড়ুন: ভারতের শেয়ারবাজারে ধস, দুই ঘণ্টায় উধাও দেড় লাখ কোটি টাকা
রিজকি দ্বিয়ান্তো বলেন, যৌথ অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা রোববার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন