বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০২:২৮ পি.এম
গাজীপুরের টঙ্গী এলাকায় আরিফ নামের এক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীকে আটক করার পর স্থানীয় নারীরা পুলিশ সদস্যদের ঘেরাও করে। এই সুযোগে তিনি পালিয়ে যান। বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে টঙ্গীর মুদাফা এলাকায় ঘটনাটি ঘটে।
সূত্রে জানা গেছে, পুলিশ আরিফকে আটক করার জন্য ঘেরাও করে। এ সময় স্থানীয় নারীরা মানবপ্রাচীর তৈরি করে পুলিশ সদস্যদের ঘিরে ফেলে। এই অবস্থায় আরিফ পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যান।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, জিএমপির টঙ্গী পশ্চিম থানার একটি পুলিশ দল বুধবার রাত ১২টার দিকে টঙ্গীর মুদাফা এলাকায় উপস্থিত হয়। সেখানে তারা স্থানীয় ছাত্রলীগ নেতা আরিফকে আটক করে পুলিশের গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় নারীরা আসামি এবং পুলিশকে ঘিরে মানবপ্রাচীর তৈরি করে। এই সুযোগে আসামি দৌড়ে পালিয়ে যান।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, ‘নারীরা ঘেরাও করার পর আরিফ নামের ওই আসামি পালিয়ে যান। তবে পুলিশের গাড়ি থেকে পালাননি।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দিতে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভেকিনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সুমন (৩৪), মো. শাহিন হাসান শুভ (২৬), সাইদুর রহমান (৪৫), বাদল মিয়া (৪১), ইমরান (২৬), ইয়াসিন (১৮), মারুফ (২০), ইয়াসিন (২০), মো. মাহাবুব সরকার (২২), মহিবুল্লাহ (১৯), ইমন (১৯), মো. হাসান (২১), মো. সারমিন শাহ (৩২), শামীম (২২), ছোটন (২১), মামুনুর রহমান (৫০)। তারা হোমনা উপজেলার অধিবাসী এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।
মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নাশকতা রোধে পুলিশের একাধিক দল সার্বক্ষণিক টহল দিচ্ছে। টহল চলাকালীন একটি হাইস মাইক্রোবাসসহ নিষিদ্ধ সংগঠনের ১৬ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুই মাইক্রোবাসে জড়ো হয়ে পুটিয়া এলাকায় ঝটিক মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। তবে অপর মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন, নাশকতা রোধে পুলিশ টহল অবস্থায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১৬ জনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা শেষে বিকেলে আদালতে পাঠানো হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত সরকারের দেশের অভ্যন্তরে গোপন বৈঠক করার ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তার রাজনৈতিক গডফাদার, সিলেট সিটি করপোরেশনের পদচ্যুত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বর্তমানে ভারতে অবস্থান করছেন, কারণ যুক্তরাজ্যে তার রাজনৈতিক অ্যাসাইলাম প্রত্যাখ্যাত হয়েছে। সীমান্ত পাড়ি দিয়ে দেশে প্রবেশ করে দলের নেতাকর্মীদের নিয়ে গোপন সভা করার ফলে নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর, পুলিশ সদর দপ্তর দেশের সব সীমান্তবর্তী জেলাগুলোতে কড়া নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে।
গত মঙ্গলবার, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলি হোসেন ফকির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং উপমহাপরিদর্শকদের (ডিআইজি) সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বৈঠকে রনজিত সরকারের দেশে প্রবেশ ও গোপন বৈঠকের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়।
এদিকে, রনজিতের আলোচিত সভাস্থল গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের 'সোহেল স্কয়ার ইকো রিসোর্টে' গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালায়। বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করার পর রিসোর্টটির ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, শিক্ষা সফরের আড়ালে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই রিসোর্টে বৈঠক করেছিলেন। রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন সুনামগঞ্জ জামালগঞ্জের রাধানগরের বাসিন্দা অ্যাডভোকেট রুকন মিয়া, যিনি বর্তমানে সিলেট নগরীর শ্যামলী শাহপরাণে বসবাস করছেন এবং রনজিতের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা রয়েছে। সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই রিসোর্টের মালিক সোহেল আহমদ আত্মগোপনে রয়েছেন। একাধিক সূত্র জানিয়েছে, এ ঘটনার নিরপেক্ষ তদন্ত হলে স্থানীয় থানা পুলিশ ও প্রভাবশালী রাজনৈতিক মহলের অনেকেই ফেঁসে যেতে পারেন, কারণ পুরো আয়োজনটি পূর্বপরিকল্পিত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সভাটি কোথায় হয়েছে তা নিয়ে প্রথমে ধোঁয়াশা তৈরি হলেও গত মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটকের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। থানা পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি রাতারগুলের ওই রিসোর্টে সভা হওয়ার কথা স্বীকার করেন। এর আগে, গত সোমবার বিকেলে রনজিত সরকার নিজের ফেসবুক আইডিতে সভায় দেওয়া ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানসংবলিত ভিডিও প্রকাশ করেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিতের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা গেছে, গোপন সভা শেষে রনজিত সরকার পুনরায় কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান এবং বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছেন। স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্য অনুযায়ী, সিলেট-৪ আসনভুক্ত (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) সীমান্তবর্তী এই এলাকায় পাথর-বালু লুটের পাশাপাশি চোরাচালান সিন্ডিকেট অত্যন্ত সক্রিয়। স্থানীয় বুঙ্গারি চক্র ও সীমান্তরক্ষী বাহিনীর অসাধু মহলের যোগসাজশে রনজিত এই পারাপার ও বৈঠক সফল করেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গেও তার যোগাযোগের গুঞ্জন রয়েছে। গোয়াইনঘাট থানার বর্তমান ওসি উমর ফারুকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে; অভিযোগ রয়েছে যে সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও রনজিতের পুরোনো সিন্ডিকেটের প্রভাবেই তিনি বহাল তবিয়তে থেকে প্রভাব বিস্তার করে চলেছেন।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা বা যোগসাজশ দূর করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হলে সীমান্তবর্তী এই অঞ্চলগুলো দেশের নিরাপত্তার জন্য আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
খাগড়াছড়ি সদর উপজেলার ভূমি অফিস এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ে গভীর রাতে আগুনের ঘটনা ঘটেছে। এতে ল্যাপটপ, কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায় বুধবার দিবাগত রাত ২টা ৪৩ মিনিটে। পরে রাত ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, আগুন নিয়ন্ত্রণের কাজ করতে গিয়ে সরকারি কার্যালয় দুটির জানালা খোলা অবস্থায় পাওয়া যায়। তবে আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু মন্তব্য করেন, ভূমি অফিসের আগুন পরিকল্পিতভাবে নথিপত্র গায়েবের উদ্দেশ্যে লাগানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। পাশাপাশি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আগুনও রহস্যজনক। দুটি কার্যালয় পাশাপাশি অবস্থিত। যদি মামলা করা হয়, তবে তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
এর আগে, ৭ নভেম্বর খাগড়াছড়ি পৌর শহরের মহাজনপাড়ায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ১০ নভেম্বর শহরের পানখাইয়াপাড়ায় পার্কিং করা একটি চাঁদের গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শিশুশিল্পী সিমরিন লুবাবা গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন যে, তাঁর পুরোনো ছবি অনুমতি ছাড়া ব্যবহার না করা হোক। তিনি উল্লেখ করেছেন যে, এ ধরনের ছবি ব্যবহার করে যদি কোনো সংবাদ, প্রতিবেদন বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) লুবাবা নিজের ফেসবুক পোস্টে বিষয়টি পরিষ্কার করেছেন। সেখানে তিনি জানান, তাঁর অনুমতি ছাড়া কোনো ব্যক্তি, গণমাধ্যম বা প্রতিষ্ঠান যেন পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের সংবাদ, পোস্ট বা প্রচারণা প্রকাশ না করে।
লুবাবা আরও জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে ছবি বা ভিডিও প্রকাশে আগ্রহী নন। ধর্মীয় বিধান অনুসরণ করে পর্দা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে চান তিনি। তাই তাঁর পুরোনো ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা বা সংবাদ প্রকাশ করাকে নিজের সিদ্ধান্ত ও সম্মতির পরিপন্থী বলে মনে করছেন এই শিল্পী।
তিনি সতর্ক করেছেন যে, অনুমতি ছাড়া ছবি ব্যবহার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে রাষ্ট্রের আইনের আশ্রয় নেওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন।
ফেসবুক পোস্টে লুবাবা আরও লেখেন, "আর যারা জেনেশুনে আমার অধিকার ও সম্মতি উপেক্ষা করবেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে আমার অভিযোগ থাকবে। আল্লাহই সর্বোত্তম বিচারক।"
পোস্টের শেষাংশে তিনি তাঁর ব্যক্তিগত গোপনীয়তা এবং ধর্মীয় সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তাঁর অনুমতি ছাড়া কোনো ছবি ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ