প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জের সাবেক এমপি রনজিত সরকারের দেশের অভ্যন্তরে গোপন বৈঠক করার ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। তার রাজনৈতিক গডফাদার, সিলেট সিটি করপোরেশনের পদচ্যুত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, বর্তমানে ভারতে অবস্থান করছেন, কারণ যুক্তরাজ্যে তার রাজনৈতিক অ্যাসাইলাম প্রত্যাখ্যাত হয়েছে। সীমান্ত পাড়ি দিয়ে দেশে প্রবেশ করে দলের নেতাকর্মীদের নিয়ে গোপন সভা করার ফলে নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রশ্ন উঠেছে। এই ঘটনার পর, পুলিশ সদর দপ্তর দেশের সব সীমান্তবর্তী জেলাগুলোতে কড়া নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে।
গত মঙ্গলবার, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলি হোসেন ফকির সীমান্তবর্তী জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং উপমহাপরিদর্শকদের (ডিআইজি) সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ওই বৈঠকে রনজিত সরকারের দেশে প্রবেশ ও গোপন বৈঠকের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়।
এদিকে, রনজিতের আলোচিত সভাস্থল গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের 'সোহেল স্কয়ার ইকো রিসোর্টে' গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালায়। বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করার পর রিসোর্টটির ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, শিক্ষা সফরের আড়ালে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই রিসোর্টে বৈঠক করেছিলেন। রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন সুনামগঞ্জ জামালগঞ্জের রাধানগরের বাসিন্দা অ্যাডভোকেট রুকন মিয়া, যিনি বর্তমানে সিলেট নগরীর শ্যামলী শাহপরাণে বসবাস করছেন এবং রনজিতের সঙ্গে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠতা রয়েছে। সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই রিসোর্টের মালিক সোহেল আহমদ আত্মগোপনে রয়েছেন। একাধিক সূত্র জানিয়েছে, এ ঘটনার নিরপেক্ষ তদন্ত হলে স্থানীয় থানা পুলিশ ও প্রভাবশালী রাজনৈতিক মহলের অনেকেই ফেঁসে যেতে পারেন, কারণ পুরো আয়োজনটি পূর্বপরিকল্পিত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সভাটি কোথায় হয়েছে তা নিয়ে প্রথমে ধোঁয়াশা তৈরি হলেও গত মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটকের পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। থানা পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি রাতারগুলের ওই রিসোর্টে সভা হওয়ার কথা স্বীকার করেন। এর আগে, গত সোমবার বিকেলে রনজিত সরকার নিজের ফেসবুক আইডিতে সভায় দেওয়া ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানসংবলিত ভিডিও প্রকাশ করেন। ভিডিও ছড়িয়ে পড়ার পর মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিতের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
জানা গেছে, গোপন সভা শেষে রনজিত সরকার পুনরায় কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান এবং বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থান করছেন। স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্য অনুযায়ী, সিলেট-৪ আসনভুক্ত (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) সীমান্তবর্তী এই এলাকায় পাথর-বালু লুটের পাশাপাশি চোরাচালান সিন্ডিকেট অত্যন্ত সক্রিয়। স্থানীয় বুঙ্গারি চক্র ও সীমান্তরক্ষী বাহিনীর অসাধু মহলের যোগসাজশে রনজিত এই পারাপার ও বৈঠক সফল করেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি স্থানীয় কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতার সঙ্গেও তার যোগাযোগের গুঞ্জন রয়েছে। গোয়াইনঘাট থানার বর্তমান ওসি উমর ফারুকের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে; অভিযোগ রয়েছে যে সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও রনজিতের পুরোনো সিন্ডিকেটের প্রভাবেই তিনি বহাল তবিয়তে থেকে প্রভাব বিস্তার করে চলেছেন।
পুলিশ ও স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা বা যোগসাজশ দূর করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া না হলে সীমান্তবর্তী এই অঞ্চলগুলো দেশের নিরাপত্তার জন্য আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন