০৭:০১ পি.এম
মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় খাদ্য প্রস্তুতির অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৯ জুলাই) দুপুর দুইটে থেকে বিকাল চারটা পর্যন্ত চলা মনিটরিং অভিযানের মধ্যে ‘বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি’-এ নানা অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এই অভিযানে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট, পাউরুটি এবং কেকসহ বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া, খোলা অবস্থায় ডাস্টবিন রাখা, কর্মীদের জন্য হাত ধোয়ার সাবানের ব্যবস্থা না থাকা এবং কেকের নিচে সাদা কাগজের পরিবর্তে পুরাতন খবরের কাগজ ব্যবহার করার মতো গুরুতর স্বাস্থ্যবিধির লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
এসব অনিয়মের জন্য বেকারিটির মালিক আসলাম খানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, প্রতিষ্ঠানটিকে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য প্রস্তুতের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এই সময় সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর-ই-আলম সোহাগ এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন