শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৪:২০ পি.এম
কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল কেডিওয়ারী এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে আবারও ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা জানান, ধসে যাওয়া অংশের পাশ দিয়ে তীব্র স্রোতে নদী আছড়ে পড়ছে। বড় বড় ফাটল তৈরি হওয়ায় যে-কোনো সময় আরও অংশ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বারবার এভাবে ধসে যাওয়া অংশ ভেঙে যাওয়ায় এলাকাবাসীরা আতংকিত হয়ে পড়ছেন।
এর আগে, বৃহস্পতিবার রাতে প্রায় ৪০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় বসতবাড়ি, আবাদি জমি ও স্থানীয় সড়ক হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, রাতেই বিকট শব্দে বাঁধ ভেঙে নদীতে চলে যায়। যেহেতু বাঁধের পাশেই আমাদের বাড়ি, এখন আমাদের বাড়িঘর নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা নদীতে বিলীন হয়ে যাবে। শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি দল।
সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি অধ্যাপক ফজলুল হক বলেন, ঝুঁকিপূর্ণ স্থানটি জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে রক্ষার উদ্যোগ নেওয়া হবে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, কাঁচকল কেডিওয়ারী এলাকার ৪ দশমিক ১ কিলোমিটার ঝুঁকিপূর্ণ তীর সংরক্ষণের জন্য একটি ডিপিপি দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে এই ভাঙন সমস্যার সমাধান হবে বলে আশা করছি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর মিরপুর ১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে মিরপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) এবং মো. রাবিব (২০)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের একটি পাকা এবং তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন সামগ্রী ও টিকাদানের সরঞ্জাম লুট করার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহআলী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়াকে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলায় অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।
রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার অভিযোগ করেছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনের বেশি লোক রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায়। তারা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্থাপনায় ভাঙচুর ও লুটপাট করে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়।
হামলাকারীরা জমির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’ লেখা একটি সাইনবোর্ডও লাগিয়ে দিয়ে যায় বলে অভিযোগ করেছে রাড্ডা।
নাসরিন আখতার বলেন, মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতিসেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। তিনি দাবি করেছেন, ঘটনাটি সাধারণ ডাকাতি বা হামলা নয়; এটি পরিকল্পিতভাবে সংঘটিত একটি হামলা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায়, যার ফলে চালক সুজন মিয়া (৩০) নিহত হন। এই ঘটনায় গাড়িতে থাকা এক নারী যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজারসংলগ্ন হালির মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুজন মিয়া রাজিবপুর উপজেলার বালিয়ামারি ক্যাম্পপাড়া গ্রামের শহীদুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সুজন মিয়া তার ভ্যানে একজন যাত্রী নিয়ে তারাটিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হন। বাজারের নিকটবর্তী পৌঁছানোর পর হালির মোড় এলাকায় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা যাত্রীর চিৎকার শুনে স্থানীয়রা এসে চালক সুজন মিয়াকে উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে একটি কুকুরের আক্রমণে সাতজন আহত হয়েছেন, যার মধ্যে একটি শিশু রয়েছে। কুকুরটির আক্রমণের শিকার হয়েছে দুটি গরু ও চারটি ছাগলও। পরে স্থানীয়রা কুকুরটিকে ধরে পিটিয়ে হত্যা করেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামাল, দেওডোবা ও মনিরাম গ্রামে পৃথক সময়ে এই ঘটনাগুলি ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন— জামাল গ্রামের মৃত জয়ন উদ্দিনের ছেলে আব্দুল হান্নান (৫০), তোফাজ্জল হোসেন (৭০) এবং মৃত রয়েজ উদ্দিনের ছেলে ছবির মিয়া (৫৫); দেওডোবা গ্রামের হাফিজুরের ছেলে সোহাগ মিয়া (৪) ও মৃত আব্দুল মান্নানের ছেলে আতোয়ার রহমান (৫০); মনিরাম গ্রামের সফিয়াল মিয়ার ছেলে জহুরুল ইসলাম (২৫) এবং মৃত মোজাহারের ছেলে রুবেল মিয়া (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে জামাল গ্রামে ঢুকে কুকুরটি একে একে কয়েকজনকে কামড়ে আহত করে। এরপর সকাল সাড়ে ৯টার দিকে মনিরাম গ্রামের গাজীর মোড় এলাকায় আরও তিনজনকে কামড় দেয়। আহতদের শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে। আহতরা সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
স্থানীয়রা জানান, কুকুরটি মানুষের ওপর হামলার পাশাপাশি দুটি গরু ও চারটি ছাগলকেও কামড়িয়েছে। কুকুরটি বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে এলাকাবাসী কুকুরটিকে ধরে হত্যা করেন।
বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল জব্বার বলেন, "কুকুরের কামড়ে শিশুসহ সাতজন আহত হয়েছেন। ঘটনাস্থলে প্রাণিসম্পদ দপ্তরের লোকজন কাজ করছেন।"
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান জানান, কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের পিটসবার্গে, শিশু চিকিৎসক ডা. ইদ্রিস ইভান্স তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে হঠাৎ করে একজন ব্যক্তি তাদের বাড়িতে প্রবেশ করে রান্নাঘরের ছুরি দিয়ে হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ৪৬ বছর বয়সী এই চিকিৎসকের মৃত্যু ঘটে। হামলায় তার স্ত্রীও গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পিটসবার্গের উপকণ্ঠ এজউডের একটি বাড়িতে দুইজনের ছুরিকাঘাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখানে ডা. ইভান্স ও তার স্ত্রীকে একাধিক ছুরিকাঘাতের জখমসহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ইভান্সের মৃত্যু হয়। তার স্ত্রীকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডা. ইদ্রিস ইভান্স ইউপিএমসি চিলড্রেনস হাসপাতাল অব পিটসবার্গের শিশুদের গুরুতর অসুস্থতার চিকিৎসক হিসেবে কাজ করতেন। তিনি পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপকও ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক ও গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উল্লেখ করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
আদালতের নথি অনুযায়ী, ইভান্স ও তার স্ত্রী বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় হামলাকারী তাদের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। ইভান্সের স্ত্রী পুলিশকে জানান, হামলাকারী শুধু অন্তর্বাস পরা অবস্থায় ছিল এবং সে ‘আমি ঈশ্বর’ ধরনের কথা বলছিল। হামলার সময় তিনি দ্রুত তাদের দুই সন্তানকে প্রতিবেশীর বাড়িতে চলে যেতে বলেন।
পুলিশ হামলার ঘটনায় ৩২ বছর বয়সী এলিয়াহ হেমিংওয়েকে আটক করে। তদন্তকারীরা তাকে কাছের একটি বাড়ির পেছনে খুঁজে পান। তার হাতেও কাটা জখম ছিল এবং চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যা, গুরুতর হামলা, বাড়িতে অবৈধভাবে প্রবেশ এবং অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে।
ইভান্সের স্ত্রী পুলিশকে জানান, হামলার সময় তার স্বামী হামলাকারীকে ‘এলিয়াহ’ নামে ডাকেন। তবে পুলিশ এখনও নিশ্চিত নয় যে ইভান্স ও সন্দেহভাজন ব্যক্তির মধ্যে পূর্বে কোনো পরিচয় বা সম্পর্ক ছিল কিনা। হামলার উদ্দেশ্যও এখনও জানা যায়নি।
আলেঘেনি কাউন্টি পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট ভিক্টর জোসেফ জানান, ঘটনাস্থলের পরিস্থিতি ছিল অত্যন্ত সহিংস। শোবার ঘরের আসবাবপত্র ও আয়না ভাঙা অবস্থায় পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত কারণ ও হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ