প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানীর মিরপুর ১ নম্বরে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে মিরপুরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) এবং মো. রাবিব (২০)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের সংশ্লিষ্টতা স্বীকার করেছেন। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের একটি পাকা এবং তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় প্রতিষ্ঠানটির বিভিন্ন সামগ্রী ও টিকাদানের সরঞ্জাম লুট করার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহআলী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়াকে নামীয় আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মামলায় অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।
রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার অভিযোগ করেছেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনের বেশি লোক রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায়। তারা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্থাপনায় ভাঙচুর ও লুটপাট করে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়।
হামলাকারীরা জমির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’ লেখা একটি সাইনবোর্ডও লাগিয়ে দিয়ে যায় বলে অভিযোগ করেছে রাড্ডা।
নাসরিন আখতার বলেন, মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতিসেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। তিনি দাবি করেছেন, ঘটনাটি সাধারণ ডাকাতি বা হামলা নয়; এটি পরিকল্পিতভাবে সংঘটিত একটি হামলা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন