ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

কালিয়াকৈরে দুর্গন্ধ পেয়ে ঘরের ছিদ্র দিয়ে দেখা গেল অর্ধগলিত মরদেহ


কালিয়াকৈরে দুর্গন্ধ পেয়ে ঘরের ছিদ্র দিয়ে দেখা গেল অর্ধগলিত মরদেহ

গাজীপুরের কালিয়াকৈরে একটি ভাড়া বাসার একটি কক্ষ থেকে রাসেল আহমেদ নামে এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কালিয়াকৈর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করতেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ডাইনকিনি এলাকায় এই ঘটনাটি ঘটে। রাসেল ওই এলাকার ফরহাদ হোসেনের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির নাকে দুর্গন্ধ আসে। সন্দেহ হওয়ায় তিনি আশপাশের লোকজনকে নিয়ে ঘরের ছিদ্র দিয়ে ভেতরে তাকান। তখন তারা মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়।

আরও পড়ুন: রামপুরায় স্লুইস গেটের কাছে ৭৪ বছর বয়সী বৃদ্ধের মরদেহ উদ্ধার

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ঝুলন্ত অবস্থায় রাসেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রাসেল আহমেদের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়।

আরও পড়ুন: শারদীয় দুর্গোৎসবে ১৪৪ মণ্ডপে ৩৫০০ কোস্ট গার্ডের নিরাপত্তা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৪

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, মাদকসহ আটক ৮৪

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অতিরিক্ত ডিআইজি (রিয়েপার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া করা বাড়িতে অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং ৮৪ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে নারীও রয়েছে।

এ অভিযানটি সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর পর্যন্ত চলছিল, যা পিওএইচএস ১ হাউজিংয়ের পুলিশ ফাঁড়ির কাছে অবস্থিত আড়াইতলা ভবনে অনুষ্ঠিত হয়।

ডিবি সূত্রে জানা গেছে, ভাটারার ওই বাড়িতে নিয়মিত মাদকের আসর বসছিল এবং ডিজে পার্টি চলছিল। বিভিন্ন বয়সের নারী ও পুরুষ সেখানে আসা-যাওয়া করতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানের পর ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম বলেন, আবদুল্লাহ আল জহির ওই বাড়িটি ভাড়া দিয়েছেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক গ্রহণ ও অবৈধ ডিজে পার্টি চলছিল, যার কারণে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ মদ, সিনথেটিক মাদক, সিসা ও বিয়ার উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবির জানান, অনলাইন মার্কেটপ্লেস বা প্ল্যাটফর্ম এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটির কক্ষ ভাড়া দেওয়া হতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণ-তরুণীরা অনলাইনে ভাড়া বুকিং করে এসব পার্টিতে অংশ নিতেন। পার্টি থেকে আয় করা বড় একটি অংশ অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির এবং তার স্টাফরা পেতেন।

ইলিয়াস কবির আরও জানান, পার্টিটি একজন কোহোস্ট ও হোস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছিল। কো-হোস্ট মাহবুবুল আলম আটক রয়েছেন।

এদিকে, মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আব্দুল্লাহ আল জহিরকে রিপেয়ার আ্যান্ড মেইনটেইন্যান্স শাখা থেকে সরিয়ে হেডকোয়ার্টার্স শাখায় সংযুক্ত করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে, বিনিয়োগকারীরা ফেডের বৈঠকের দিকে নজর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে, বিনিয়োগকারীরা ফেডের বৈঠকের দিকে নজর

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির উদ্বেগের মধ্যে সোনার দাম কিছুটা কমেছে। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য সুদের হার সংক্রান্ত বৈঠকের দিকে নজর রাখছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১২৩ দশমিক ৯৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে, ডিসেম্বর মাসের জন্য নির্ধারিত সোনার ফিউচার মূল্য ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪২ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে।

অ্যাকটিভট্রেডসের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিকার্ডো ইভানজেলিস্তা মন্তব্য করেছেন, "উচ্চ জ্বালানি মূল্যের কারণে মূল্যস্ফীতির স্থায়ী চাপ অব্যাহত রয়েছে।" এর ফলে ফেডারেল রিজার্ভের আরও কঠোর মুদ্রানীতি গ্রহণের প্রত্যাশা জোরালো হচ্ছে।

এ দিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় পাঁচ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সৌদি আরবের অবকাঠামোতে হুথিদের হামলা এবং উপসাগরীয় অঞ্চলে জাহাজে হামলার খবরের কারণে বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা তেলের দামে এই ঝুঁকির প্রভাব হিসাব করছেন।

ইভানজেলিস্তা আরও উল্লেখ করেছেন, "অক্টোবরে ফেড সুদের হার অপরিবর্তিত রাখবে বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।" তাই ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে ফেডের দিকনির্দেশনার ওপর মূলত নজর থাকবে।

ফেডের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যে মুদ্রানীতি আরও কঠোর করার বিষয়ে তাড়াহুড়োর ইঙ্গিত না থাকায় ২৭ ও ২৮ অক্টোবরের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বৃদ্ধির প্রত্যাশা কিছুটা কমেছে। তবে সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ব্যবসায়ীরা দেখছেন। তাদের মতে, এই সম্ভাবনা ৯০ শতাংশ।

সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে সোনাকে বিবেচনা করা হয়। তবে সুদের হার বৃদ্ধি পেলে সোনার আকর্ষণ কমে যায়, কারণ বিনিয়োগকারীরা তখন সুদ বা মুনাফা পাওয়া যায়—এমন সম্পদের দিকে বেশি ঝোঁকেন।

এদিকে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) প্রকাশিত হবে। মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে ফেডের পছন্দের এই সূচকের তথ্য থেকেও সুদের হার সংক্রান্ত ভবিষ্যৎ সিদ্ধান্তের বিষয়ে ধারণা পেতে চাইছেন বিনিয়োগকারীরা।

অন্যদিকে, জাপানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কাজুও উয়েদা বলেছেন, "দেশটিতে অন্তর্নিহিত মূল্যস্ফীতি ২ শতাংশ লক্ষ্যমাত্রার বেশ কাছাকাছি রয়েছে।" তার এই বক্তব্যে জাপানে আরও সুদের হার বৃদ্ধির সুযোগ থাকার ইঙ্গিত পাওয়া গেছে।

মঙ্গলবার অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে স্পট মার্কেটে রুপার দাম ০.২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৭ দশমিক ১৯৩১ ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে, প্লাটিনামের দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৬৩৯ দশমিক ৪৫ ডলারে নেমেছে। প্যালাডিয়ামের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১১০ দশমিক ০৬ ডলার।

সূত্র: রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আকিজ ফুডে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


আকিজ ফুডে পণ্য খালাসে বাধা, ২০ কোটি টাকার ক্ষতির অভিযোগ

ঢাকার ধামরাইয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় পণ্য লোড-আনলোড (বোঝাই ও খালাস) কার্যক্রমে কৃত্রিম সংকট সৃষ্টি করে প্রায় ২০ কোটি টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। কারখানা কর্তৃপক্ষের বক্তব্য, পণ্যবাহী গাড়ির চালকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা ও বকশিশ আদায়ে ব্যর্থ হওয়ায় শ্রমিকদের একটি অংশকে উসকানি দিয়ে এই অচলাবস্থা তৈরি করা হয়েছে।

এ ঘটনার পেছনে স্থানীয় এক ইউপি সদস্য, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এবং আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় দুই নেতার সরাসরি ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এই অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান। এর আগে সোমবার (১৯ অক্টোবর) কারখানা কর্তৃপক্ষ ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করে।

কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, পণ্য লোড-আনলোডের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স এম. এম. এন্টারপ্রাইজ’-এর কিছু শ্রমিকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পণ্যবাহী ট্রাকের চালকদের কাছ থেকে জোরপূর্বক বকশিশ ও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে চালকদের মারধর ও লাঞ্ছিত করার ঘটনাও ঘটে। সম্প্রতি, কারখানা কর্তৃপক্ষ অননুমোদিতভাবে টাকা আদায়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে।

এর ফলস্বরূপ সংশ্লিষ্ট শ্রমিকেরা প্রথমে কাজ বন্ধ করে দেন। পরে কাজে ফিরে আসলেও এক-তৃতীয়াংশ লোকবল নিয়ে ধীরগতিতে কাজ শুরু করেন। এতে কারখানার স্বাভাবিক পণ্য সরবরাহ ব্যাহত হয় এবং প্রায় ২০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয় বলে দাবি কর্তৃপক্ষের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্তৃপক্ষ নতুন ভেন্ডর (ঠিকাদার) নিয়োগ দিলে স্থানীয় প্রভাবশালীরা তাদের কাজ বন্ধ করতে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ কারণে সোমবার বিকেলে ওই ভেন্ডরের শ্রমিকেরা কাজ বন্ধ করে ঢাকা-আরিচা মহাসড়কে নেমে আসেন। এ সময় তারা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, কাজ চালু রাখার জন্য নতুন ভেন্ডরের কয়েকজন শ্রমিক কাজ করতে গেলে সোমবার দুপুরে তাদের কয়েকজনকে মারধর করা হয়। নতুন ভেন্ডর কর্তৃপক্ষ এ বিষয়ে ধামরাই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের সূত্রে জানা যায়, আব্দুল কাদের নামের এক শ্রমিক সর্দারকে মারধর করে রক্তাক্ত জখম করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, এ ঘটনার পেছনে ইন্ধন দিচ্ছেন মেসার্স এম. এম. এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মোজাম্মেল হক ও স্থানীয় কুশুন্দিয়া এলাকার ইউপি সদস্য মো. ঈমান আলী। এই ব্যক্তিরা নতুন ভেন্ডরকে সরিয়ে দিয়ে পুনরায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার জন্য কারখানা কর্তৃপক্ষের ওপর নানামুখী চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া, স্থানীয় যুবলীগ নেতা মো. মামুনের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি নতুন ভেন্ডরের কর্মীদের কারখানা থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন এবং নিজের লোকজন দিয়ে কাজ চালু রাখার জন্য কারখানা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করছেন।

কারখানা কর্তৃপক্ষ যোগাযোগ করলে শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, নতুন ভেন্ডরকে বাদ দেওয়ার শর্তেই কেবল তাদের শ্রমিকেরা পুরোদমে কাজ করতে রাজি আছেন।

সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "যেকোনো ধরনের চাঁদাবাজি, শ্রমিক বা চালকদের ওপর শারীরিক নিগ্রহের মতো অনভিপ্রেত ঘটনা প্রতিষ্ঠানের নীতিমালার পরিপন্থী। একটি সুনির্দিষ্ট চক্রের অযৌক্তিক কর্মবিরতি ও ধীরগতির কারণে কারখানার উৎপাদন ও সরবরাহব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমকে ঝুঁকির মুখে ফেলেছে। আমরা কারখানার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং কর্মরত প্রত্যেকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছি। একই সঙ্গে উৎপাদন সচল রাখতে আইনানুগ পন্থায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও নেওয়া হয়েছে।"

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, "আকিজ ফুড অ্যান্ড বেভারেজ কর্তৃপক্ষের একটি লিখিত আবেদন পাওয়া গেছে। একটি স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে পুলিশ তৎপর রয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হলো অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অতিরিক্ত ডিআইজি (রিয়েপার অ্যান্ড মেইনটেন্যান্স) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া করা বাড়িতে অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষ আব্দুল্লাহ আল জহিরকে সংযুক্ত করেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই সিদ্ধান্তের ঘোষণা করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হচ্ছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

তবে, তাকে কেন সংযুক্ত করা হচ্ছে সে বিষয়ে আদেশে কোনো তথ্য প্রদান করা হয়নি।

এর আগে, সোমবার ভাটারা থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকায় জহিরের বাড়িতে অভিযান চালায় ডিবির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। অভিযানে ৮৪ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ২৬ জন নারী এবং ৫৮ জন পুরুষ রয়েছে, এবং একজন আফগানিস্তানের নাগরিকও আটক হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%