০৫:০৬ পি.এম
সুনামগঞ্জের তাহিরপুরে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল গরুকে চাপা দেওয়ার ফলে প্রতিমা রানী দাস (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গরুটিও ঘটনাস্থলে মারা যায়। মোটরসাইকেলের চালক এবং অপর একজন যাত্রী গুরুতর আহত অবস্থায় রয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের নিকটবর্তী শনির হাওরের উত্তরপাড়ের ডুবন্ত সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত নারীর স্বামী গোপাল চন্দ দাস মধ্যনগর উপজেলার সোনিপাড়া গ্রামের বাসিন্দা। আহত যাত্রী দীপাল দাস (৩০) একই গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে এবং মোটরসাইকেলের চালক পাভেল হোসাইন (১৭) দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দোমাল গ্রামের মোশাররফ হোসাইনের ছেলে। আহতদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
আরও পড়ুন: কালিয়াকৈরে পোশাক কারখানায় শ্রমিক ভাঙচুর, ছুটি ঘোষণা
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বুধবার সকালে মধ্যনগর থেকে মোটরসাইকেলে চালকসহ তিনজন তাহিরপুর বাজারের দিকে রওনা হন। শাহগঞ্জ গ্রামের কাছে পৌঁছানোর পর মোটরসাইকেলটি একটি গরুকে চাপা দেয়। ফলে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় গরুটি ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি ঘটলে প্রতিমা রানী দাসসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু পথিমধ্যে প্রতিমা রানী দাসের মৃত্যু ঘটে। আহত অপর দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফয়েজ আহমদ নূরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গুরুতর আহত এক নারীসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়। পথিমধ্যে ওই নারীর মৃত্যু হয়েছে।’
তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ জানান, ‘এ ঘটনার বিষয়ে থানায় কেউ এখনও অবগত করেননি। বিষয়টি খোঁজখবর নিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
আরও পড়ুন: সড়ক নির্মাণে নিম্নমানের কাজ বরদাশত হবে না: ডা. শাহাদাত হোসেন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন