ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে প্রচণ্ড সালমোনেলা ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব, ক্ষতির সম্মুখীন বড় বড় সুপারশপ


যুক্তরাষ্ট্রে প্রচণ্ড সালমোনেলা ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব, ক্ষতির সম্মুখীন বড় বড় সুপারশপ

যুক্তরাষ্ট্রের খাদ্য বাজারে মারাত্মক ‘সালমোনেলা’ ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাবের কারণে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই সংকট মোকাবিলার জন্য টার্গেট, ওয়ালমার্ট এবং হোল ফুডসের মতো দেশের শীর্ষ সুপারশপগুলো বাধ্য হয়েছে নিজেদের তাক থেকে বিপুল পরিমাণ খাদ্যপণ্য সরিয়ে নিতে।

মেক্সিকান হ্যালাপ্যানিও কাঁচামরিচ থেকে ছড়িয়ে পড়া এই সংক্রামক ব্যাকটেরিয়ার জন্য শত শত ক্রেতা অসুস্থ হয়ে পড়ার পরে এসব সুপারস্টোরগুলো বড় ধরনের আর্থিক ও ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হয়েছে।

মার্কিন গণমাধ্যম ফক্স ১১ রবিবার (৯ আগস্ট) তাদের এক প্রতিবেদনে এই তথ্যটি জানায়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) জানিয়েছে, মেক্সিকোর সিনালোয়ায় উৎপাদিত এবং সরবরাহকৃত এই কাঁচামরিচ থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ায় প্রধান তিন সুপারশপ ছাড়াও হানাফোর্ড, ক্রোগার ও ট্রেডার জো’সের মতো বিখ্যাত রিটেইল চেইনগুলোও নজিরবিহীন লোকসান ও সংকটে পড়েছে। প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘টেলর ফ্রেশ ফুডস’ বাজার থেকে বিপুল পরিমাণ প্রক্রিয়াজাত পণ্য স্বেচ্ছায় প্রত্যাহার করার পরে এই খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোতে কেনাবেচায় বড় ধাক্কা লাগে।

এফডিএর তথ্যানুযায়ী, মেক্সিকোর সিনালোয়ায় উৎপাদিত এবং ‘কোস্ট সিট্রাস ডিস্ট্রিবিউটরস’ কর্তৃক সরবরাহকৃত কাঁচামরিচের সঙ্গে অন্তত ২৭টি অঙ্গরাজ্যে তিন শতাধিক সালমোনেলা সংক্রমণের সম্পর্ক পাওয়া গেছে। তবে নতুন করে প্রত্যাহার করা পণ্যগুলোর সঙ্গে সরাসরি কেউ অসুস্থ হওয়ার তথ্য এখনও টেলর ফ্রেশ ফুডসের কাছে পৌঁছায়নি।

প্রতিষ্ঠানটির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তুলে নেওয়া এসব পণ্যের ‘মেয়াদ উত্তীর্ণের তারিখ’ হিসেবে ২০২৬ সালের ১৬ আগস্ট বা তার আগের সময় উল্লেখ করা রয়েছে। এই পণ্যগুলো অ্যালাবামা, ফ্লোরিডা, ইলিনয়, টেক্সাস, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া সহ যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যের বিতরণ কেন্দ্রে পাঠানো হয়েছিল। ফলে বড় বড় সুপারমার্কেটগুলোকে বড় ধরনের ব্যবসায়িক ক্ষতি সামাল দিতে হচ্ছে।

স্বাস্থ্য কর্তৃপক্ষ ক্রেতাদের এসব পণ্য না খেয়ে অবিলম্বে ফেলে দেওয়ার অনুরোধ জানিয়েছে। ক্রেতারা পণ্যগুলো ক্রয়কৃত দোকানে ফেরত দিয়ে সম্পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন। এ বিষয়ে বিস্তারিত জানতে কোম্পানির কাস্টমার কেয়ার নম্বর ৮৫৫-৪৫৫-০০৯৮-এ যোগাযোগের সুবিধা রাখা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

এফডিএর সাম্প্রতিক পর্যালোচনা অনুযায়ী, ১৯ জুন থেকে ২০ জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনেরও বেশি রাজ্যে ৩৪৫টি সালমোনেলা সংক্রমণ রেকর্ড করা হয়েছে, যার বড় অংশই ঘটেছিল কলোরাডো ও মিনেসোটায়। আক্রান্তের পর এ পর্যন্ত ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা সালমোনেলায় আক্রান্ত ১৯১ জনের সাক্ষাৎকার নিয়ে দেখেছেন, তাদের মধ্যে ১৭৭ জনই (৯৩ শতাংশ) অসুস্থ হওয়ার আগে কোনো না কোনো মেক্সিকান রেস্তোরাঁয় খাবার খেয়েছিলেন। আক্রান্তদের তালিকায় চিপোটলে ও কডোবার মতো জনপ্রিয় ফুড চেইনের নাম উঠে এসেছে। তবে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় বর্তমানে সেসব স্থানে খাবার খাওয়াকে ঝুঁকিমুক্ত বলে নিশ্চিত করেছে এফডিএ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে ইসরাইলের আ/গু/ন লাগানোর অভিযোগ স্থানীয় অধিবাসীদের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:২৫ পি.এম


দক্ষিণ লেবাননে ইসরাইলের আ/গু/ন লাগানোর অভিযোগ স্থানীয় অধিবাসীদের

স্থানীয় বাসিন্দা ও দমকলকর্মীদের মতে, ইসরাইলি সামরিক বাহিনী ইচ্ছাকৃতভাবে দক্ষিণ লেবাননে দাবানল সৃষ্টি করছে। তাদের অভিযোগ, ইসরাইলের বোমা হামলা ও ড্রোন হামলার ফলস্বরূপ বনাঞ্চল পুড়ে যাচ্ছে। আজ বুধবার (১২ আগস্ট) দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

পরিবেশবাদী সংগঠনগুলো জানাচ্ছে, দীর্ঘকাল ধরেই ইসরাইল লেবাননের প্রাকৃতিক পরিবেশকে লক্ষ্যবস্তু করার চেষ্টা চালিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোর দাবানল সেই দীর্ঘমেয়াদি কৌশলেরই একটি অংশ।

গত মঙ্গলবার (১১ আগস্ট) দক্ষিণ লেবননের খিয়ামের বাইরে একটি বনাঞ্চলে ইসরাইলি বাহিনী ফ্লেয়ার নিক্ষেপ করার পর সেখানকার পরিবেশে আগুন লেগে যায়। দমকলকর্মীরা যখন আগুন নিভানোর চেষ্টা করছিলেন, তখন কাছাকাছি এলাকায় আবারও ড্রোন হামলা চালায় ইসরাইল। নিরাপত্তার কারণে দমকলকর্মীদের ঘটনাস্থল থেকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়।

নাবাতিয়েহ অঞ্চলের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান হুসেইন ফাকিহ এসব তথ্য তুলে ধরেন। তিনি বলেন, এখন আমাদের বেশিরভাগ অভিযানই আগুন নিভানোর জন্য হচ্ছে। ইতোমধ্যে বিশাল পরিমাণ বনাঞ্চল পুড়ে গেছে। যদিও সঠিক পরিসংখ্যান নেই, তবে ফ্রন্টলাইনের কাছাকাছি অবস্থিত অঞ্চলের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ জমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ১৭ জুন হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি হয়ে গেলেও ইসরাইলি হামলার ঘটনা থামছে না। প্রায় দুই মাস পেরিয়ে গেলেও দক্ষিণ লেবাননে প্রায় প্রতিদিনই আগুন ও দাবানলের ঘটনা ঘটছে, বিশেষত জলপাইবাগান ও কৃষিজমিতে এসব আগুন লাগছে।

দমকলকর্মী ও স্বেচ্ছাসেবকদের পোস্ট করা ভিডিও এবং আনুষ্ঠানিক বক্তব্যেও দাবানলের ব্যাপারে প্রতীকী তথ্য দেখা যায়। দাবানলের বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনীর বক্তব্য জানতে চাওয়া হলেও তারা কোনো এক ধরনের জবাব দেয়নি।

ফাকিহ বলেন, যুদ্ধবিরতির পরপরই তারা এসব কার্যক্রম শুরু করেছে। প্রতিদিন অগ্নিসংযোগকারী বোমা ব্যবহার করছে। ছোট ড্রোন এসে দাহ্য পদার্থ নিক্ষেপ করে। বনাঞ্চলে সাদা ফসফরাসের গোলা নিক্ষেপ করা হয়। দিনের বেলায় আলোকসৃষ্টিকারী ফ্লেয়ারও নিক্ষেপ করা হয়, যা গাছপালায় আগুন লাগাতে সাহায্য করে।

দক্ষিণ লেবাননের অন্যান্য অঞ্চলের দমকলকর্মী ও বাসিন্দারাও একই ধরনের অভিযোগ করেছেন। শুক্রবার কাফারচৌবা এবং জেজিন ও পশ্চিম বেকা উপত্যকার মধ্যবর্তী দুটি ঘন বনাঞ্চলে ইসরাইলি গোলাবারুদ ব্যবহার করে বড় ধরনের দাবানল সৃষ্টি হয়েছে।

কাফারচৌবার বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রের প্রধান সামির হারদান জানিয়েছেন, শুক্রবার বিকেলে একটি ড্রোন বনাঞ্চলে গোলাবারুদ ফেললে সেখানে আগুন ধরে যায়। শনিবার আগুন নিভানোর পর রোববার আবারও আরেকটি ড্রোন সেখানে আগুন লাগায়।

দমকলকর্মীদের কার্যক্রম পরিচালনার আগে লেবাননের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা প্রয়োজন হয়। সেনাবাহিনী সেই অনুরোধটি ইসরাইলি বাহিনী ও সংঘাত এড়ানোর সমন্বয়কারী দলের কাছে পাঠায়। তবে আগুন নেভানোর জন্য মাত্র দুটি স্থানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। অন্যান্য এলাকাগুলিতে আগুন জ্বললেও সেখানে যেতে দেওয়া হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে রোমায় পাড়ি দিলেন আর্জেন্টাইন ফুটবলার নাহুয়েল মলিনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে রোমায় পাড়ি দিলেন আর্জেন্টাইন ফুটবলার নাহুয়েল মলিনা

বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার নাহুয়েল মলিনা অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব রোমায় পাড়ি দিয়েছেন। রোমার কাছে তাকে পেতে ১ কোটি ৮০ লাখ ইউরো খরচ হয়েছে, যা বাংলাদেশি টাকায় ২৫৫ কোটি টাকারও বেশি।

২৮ বছর বয়সী মলিনা ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত রোমার সঙ্গে নতুন চুক্তি করেছেন। তার বার্ষিক বেতন হবে ২৭.৫ লাখ ইউরো, পাশাপাশি বোনাস হিসেবে আরও ৭.৫ লাখ ইউরো পাওয়ার সুযোগ রয়েছে।

রোমায় পৌঁছে মলিনা ২০ নম্বর জার্সি পরিধান করবেন। ক্লাবটি তাকে দলে নেওয়ার খবর জানিয়ে বলেছে, ‘সে ২০ নম্বর জার্সি পরবে। নাহুয়েল, রোমায় স্বাগতম।’

ফুটবলার মলিনার এটি ইতালিয়ান ফুটবলে ফিরে আসা। এর আগে তিনি উদিনেজেতে খেলেছেন। সেখানে থেকেই ২০২২ সালের গ্রীষ্মে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন। ২০২৫-২৬ মৌসুমে লা লিগার এই দলের হয়ে সব প্রতিযোগিতায় মলিনা ৪৬টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ২টি গোল করেছেন এবং ৪ গোলে অ্যাসিস্ট করেছেন।

এটি উল্লেখযোগ্য যে, এই ফুটবলার আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছিলেন। ওই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে তিনি মাঠে ছিলেন। এবারের আর্জেন্টিনার রানার্সআপ হওয়ার যাত্রায় কেবল এক ম্যাচে বেঞ্চে বসে ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদলের চারটি কমিটি বিলুপ্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


ছাত্রদলের চারটি কমিটি বিলুপ্ত

ঝালকাঠি পৌরসভা, ঝালকাঠি সদর উপজেলা, নলছিটি উপজেলা এবং নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ঝালকাঠি জেলা ছাত্রদল। সংগঠনটি জানায়, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ধারাবাহিক রাখার লক্ষ্যে শিগগিরই এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে, জেলা ছাত্রদলের একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঝালকাঠি সদর উপজেলা, ঝালকাঠি পৌরসভা, নলছিটি উপজেলা ও নলছিটি পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটি জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি, সংগঠনকে আরও শক্তিশালী এবং গতিশীল করতে নতুন কমিটি গঠনের কার্যক্রম অচিরেই শুরু করার কথা বলা হয়েছে। এতে জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন এবং সদস্যসচিব সাইদুল ইসলাম রনি এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।

জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, সাংগঠনিক গতিশীলতা ও কার্যক্রমকে আরও শক্তিশালী করার জন্যই চারটি ইউনিটের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, খুব শিগগিরই যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, ছাত্রদলকে আরও সুসংগঠিত ও কার্যকর করার জন্য জেলা কমিটি ধারাবাহিকভাবে প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে হিমাগারের অতিরিক্ত ভাড়া কমানোর দাবিতে আলুচাষি ও ব্যবসায়ীদের বি/ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


রংপুরে হিমাগারের অতিরিক্ত ভাড়া কমানোর দাবিতে আলুচাষি ও ব্যবসায়ীদের বি/ক্ষোভ

হিমাগারের অতিরিক্ত ভাড়া কমানোর দাবিতে রংপুরে কৃষি বিপণন অধিদপ্তরের কার্যালয়ে বিক্ষোভ করছে আলুচাষি এবং ব্যবসায়ীরা।

বুধবার সকাল ১১টা থেকে দেড়টা পর্যন্ত রংপুরে এ কর্মসূচিটি পালন করেন তাঁরা। পরে ব্যবসায়ী নেতাদের পক্ষ থেকে কৃষি বিপণন অধিদপ্তরের আঞ্চলিক উপ পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতি এবং রংপুরের বিভাগীয় আলুচাষি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আলুচাষি ও ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা হিমাগার মালিকদের বিরুদ্ধে অভিযোগ তোলেন যে, তারা সিন্ডিকেট করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন এবং দ্রুত ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানান।

আলুচাষি আন্ছুল ইসলাম জানান, 'সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে এক কেজি আলু উৎপাদনে খরচ পড়চ্ছে প্রায় ১৬ টাকা। হিমাগারে সংরক্ষণ ব্যয়সহ সেই খরচ দাঁড়াচ্ছে ২৫ থেকে ২৬ টাকা। অথচ বর্তমানে হিমাগারে আলু বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৭ টাকায়। আমরা চাষ করে লোকসান করছি, আর হিমাগার মালিকেরা বসে থেকেই কোটি কোটি টাকা আয় করছেন।'

হাজীরহাট এলাকার আলুচাষি শাকিল মাহমুদ জানিয়েছেন, 'রংপুর বিভাগের অন্যান্য জেলাগুলোসহ দেশের বিভিন্ন জেলায় কেজিপ্রতি হিমাগার ভাড়া ছয় টাকা হলেও রংপুরে নেওয়া হচ্ছে প্রায় সাত টাকা। আমরা চাই, সর্বোচ্চ পাঁচ টাকা কেজি ভাড়া নির্ধারণ করা হোক। গত বছর আলুতে লোকসান হয়েছে, এবারও একই অবস্থায় আগামী মৌসুমে অনেক কৃষক আলু চাষ ছেড়ে দিতে বাধ্য হবেন।'

রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বনিক বলেন, বিভাগের অধিকাংশ জেলায় কৃষি বিপণন, জেলাপ্রশাসনের সদস্য এবং আলু চাষীদের সমন্বয়ে কেজিপ্রতি ৫ থেকে সাড়ে ৫ টাকা হিমাগার ভাড়া পুনর্নির্ধারণ করা হলেও শুধুমাত্র হিমাগার মালিকদের কারণে রংপুরে তা সম্ভব হয়নি।

তিনি বলেন, আজ আলুচাষি ও ব্যবসায়ীদের পক্ষ থেকে বিপণন অধিদপ্তরকে স্মারকলিপি প্রদান করা হলো। আগামী ১৬ তারিখের মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের আল্টিমেটাম দেন তিনি।

রংপুর জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান বলেন, 'বিগত দুই বছর আগে প্রতি বস্তা আলু সংরক্ষণের ভাড়া ছিল ২৫০ থেকে ৩০০ টাকা। চলতি মৌসুমে তা বাড়িয়ে ৪০০ থেকে ৪৫০ টাকা করা হয়েছে। একদিকে বাজারে আলুর দাম কম, অন্যদিকে সংরক্ষণ ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর ফলে কৃষক ও ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। সরকারের প্রতি অনুরোধ, হিমাগারের ভাড়া কমানো হোক এবং আলু রপ্তানি উদ্যোগ নেওয়া হোক, যাতে লোকসান হওয়া আলুচাষিদের তালিকা করে প্রণোদনার ব্যবস্থা করা যায়।'

বিক্ষোভকারীরা জানিয়েছেন, চলতি বছরে আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকদের ইতোমধ্যে লোকসানের মুখে পড়তে হচ্ছে। এর ওপর অতিরিক্ত হিমাগার ভাড়া তাঁদের সংকটকে আরও গভীর করেছে। তাঁরা হিমাগার মালিকদের সিন্ডিকেট ভেঙে প্রশাসনের মাধ্যমে দ্রুত যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%