ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯


সেপটিক ট্যাংক-পরিত্যক্ত কূপ যেন মৃত্যুফাঁদ, ৫ বছরে মৃত্যু ২২৯

বাড়ির সেপটিক ট্যাংক এবং পরিত্যক্ত কূপে মৃত্যুফাঁদ রূপ নিয়েছে। বদ্ধ স্থানে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। কখনো কেউ পরিষ্কার করতে গিয়ে মৃত্যুর শিকার হচ্ছেন, আবার কখনো অসতর্কতায় প্রাণ হারাচ্ছেন শিশু, শ্রমিক এবং পরিবারের সদস্যরা। গত পাঁচ বছরে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এ ধরনের দুর্ঘটনায় ২২৯ জনের মৃত্যু ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস পরীক্ষা করা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে কখনোই বদ্ধ স্থানে নামা উচিত নয়।

সম্প্রতি দেশে সেপটিক ট্যাংক এবং পরিত্যক্ত কূপে বিষাক্ত গ্যাসের কারণে মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ‘সেপটিক ট্যাঁক দুর্ঘটনা’ লিখে গুগলে অনুসন্ধান করলে দেখা যায়, অসংখ্য ঘটনার খবর পাওয়া যায়। বিশ্লেষণে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই একজনকে উদ্ধার করতে গিয়ে আরো এক বা একাধিক ব্যক্তি প্রাণ হারাচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, সেপটিক ট্যাংকের ভেতরে জমে থাকা হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড এবং মিথেনের মতো বিষাক্ত গ্যাস কয়েক সেকেন্ডের মধ্যেই একজন মানুষকে অচেতন করে ফেলতে পারে। এরপর ঘটে মৃত্যু। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই গ্যাস পরীক্ষা করা হয় না। অক্সিজেন সাপোর্ট, গ্যাস ডিটেক্টর, সেফটি হার্নেস এবং প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জামও থাকে না। ফলে একজনকে বাঁচাতে গিয়ে আরো অনেকের প্রাণ বিপন্ন হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রওশন মমতাজ জানাচ্ছেন, অনেকেই জানেন না যে এ কাজটি কতটা ঝুঁকিপূর্ণ এবং এই ক্ষেত্রে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। মিউনিসিপ্যালিটি যখন এ সেবা সরবারহ করে, তখন যারা এ কাজে নিয়োজিত থাকেন, তাদের যথাযথ প্রশিক্ষণ এবং তদারকির অভাব দেখা দেয়। এর ফলস্বরূপ এসব দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে সেপটিক ট্যাংক, স্যুয়ারেজ এবং কূপ সংক্রান্ত ১৭৫টি দুর্ঘটনায় ২২৯ জন নিহত হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, সামান্য সতর্কতা অবলম্বন করা হলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। সেপটিক ট্যাংক অথবা পরিত্যক্ত কূপে নামার আগে কিছু সহজ দেশীয় পদ্ধতি অনুসরণ করার পরামর্শ তারা দিয়েছেন। যেমন, একটি জ্বালানো হারিকেন বা কূপি দড়ি দিয়ে ধীরে ধীরে কূপের ভেতরে নামাতে হবে। যদি সেটি দ্রুত নিভে যায়, তাহলে বুঝতে হবে সেখানে অক্সিজেনের অভাব রয়েছে।

এছাড়া পাতাসঙ্গে গাছের ডাল দড়িতে বেঁধে বারবার কূপের ভেতরে উঠানামা করলে কিছু বিষাক্ত গ্যাস বাইরে বের হয়ে যায় এবং কিছু অক্সিজেন ভেতরে প্রবেশ করে। পাশাপাশি পরিত্যক্ত বা অরক্ষিত কূপ এবং সেপটিক ট্যাংক স্থায়ীভাবে বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন তারা।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ঢাকা ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান বলেছেন, প্রয়োজনীয় সতর্কতা মেনে চললে সেপটিক ট্যাংক বা এ ধরনের স্থানে দুর্ঘটনা শতভাগভাবে এড়ানো সম্ভব। এসব জায়গায় নামার জন্য বিশেষ ধরনের নিরাপত্তা সরঞ্জাম প্রয়োজন। তাই সেখানে প্রবেশের আগে প্রয়োজনীয় সতর্কতা নিতে হবে এবং প্রয়োজন হলে অবশ্যই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তা নিতে হবে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, শুধুমাত্র উদ্ধার ব্যবস্থার উন্নয়ন নয়, বরং সেপটিক ট্যাংকের নিরাপদ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতাকর্মীদের বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থাও অত্যাবশ্যক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার আইন সংশোধন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


সাইবার আইন সংশোধন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের সাইবার আইনকে সময়োপযোগী ও আরও কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে। এ লক্ষ্যে আইনজীবীদের কাছ থেকে দ্রুত মতামত ও পরামর্শ নেয়া হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে সুপ্রিমকোর্টে ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না হলেও আমাদের গণমাধ্যমের সেই আয়না এখনও নিখুঁত নয়। তাই দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গণমাধ্যমে বয়ান তৈরির প্রসঙ্গেও কথা বলেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, কোনো ঐতিহাসিক ঘটনার পক্ষে বা বিপক্ষে বয়ান তৈরি করতে গিয়ে কেউ যদি প্রচলিত আইন লঙ্ঘন করেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


ইউক্রেনের হামলায় রাশিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় নিহত ২

ঢাস্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের হামলায় সীমান্তের দুইটি রাশিয়ান এলাকায় শুক্রবার দুইজন প্রাণ হারিয়েছেন। এর একদিন আগে রাশিয়ার এক ভয়াবহ হামলায় কিয়েভে অন্তত ৩০ জন মারা যান।

মস্কো থেকে এএফপি বার্তা সংস্থা জানায়, বেলগোরোদ শহরের মেয়র ভ্যালেন্তিন দেমিদভ একটি টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে উল্লেখ করেন, শুক্রবার সকালে ইউক্রেন ‘ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়েছে। দুঃখজনকভাবে হামলায় একজন নারী বাসিন্দা নিহত হয়েছেন।

মেয়রের অভিযোগ হচ্ছে, এই হামলায় ‘বেসামরিক অবকাঠামো’ লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে। এর ফলে তিন লক্ষাধিক জনসংখ্যার শহরটিতে পানি ও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে।

এছাড়া, অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইয়েগর কোভালচুক জানিয়েছেন, ব্রিয়ানস্ক অঞ্চলে একটি ড্রোন হামলায় একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলের আকাশে এবং রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের মোট ১৫৫টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর বৃহস্পতিবার কিয়েভে রাশিয়া সবচেয়ে তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি চালায়।

শুক্রবার উদ্ধারকারী সংস্থাগুলোর প্রকাশিত সর্বশেষ তথ্যে জানা যায়, ওই হামলায় কিয়েভে অন্তত ৩০ জন নিহত হন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসায়ীকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন ইউক্রেনীয় নারীর সন্ধানে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


ব্যবসায়ীকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন ইউক্রেনীয় নারীর সন্ধানে পুলিশ

ইউরোপের অন্যতম নিরাপদ দেশ হিসাবে পরিচিত মোনাকোতে গত সোমবার (২৯ জুন) ইউক্রেনীয় ধনকুবের ভাদিম ইয়ারমোলাইভের লক্ষ্য করে একটি পার্সেল বোমা হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন ইয়ারমোলাইভ, তার নারী সঙ্গী এবং ১৩ বছর বয়সী ছেলে। এ ঘটনায় কর্তৃপক্ষ একজন ইউক্রেনীয় নারীকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে।

মোনাকোর প্রসিকিউটর কার্যালয় গত বৃহস্পতিবার (২ জুলাই) জানায়, ৩০ বছরের ওই ইউক্রেনীয় নারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি বর্তমানে মোনাকো কিংবা ফ্রান্সের বাইরে অন্য একটি দেশে অবস্থান করছেন। ফরাসি সংবাদপত্র লে ফিগারো জানিয়েছে, সন্দেহভাজন ওই নারী জার্মানিতে বসবাস করেন।

তদন্তে পুলিশ একটি সিসিটিভি ফুটেজ পেয়েছে। ওই ফুটেজে দেখা গেছে, হামলার পর কালো রঙের ফিশারম্যান হ্যাট পরিত্যক্ত অবস্থায় থাকা একজন ব্যক্তি ফ্রান্সের সীমান্তবর্তী শহর বুসোলেইলের দিকে পালিয়ে যাচ্ছেন। পরবর্তীতে মোনাকো পুলিশের একটি অভ্যন্তরীণ নথির তথ্য অনুসারে ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি জানায়, ওই ব্যক্তি কিছুটা সময়ের জন্য পুরুষ হিসেবে উপস্থাপন করেছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, হামলার আগে সন্দেহভাজন ব্যক্তি প্রায় এক ঘণ্টা ধরে ইয়ারমোলাইভ ও তার পরিবারের গতিবিধি পর্যবেক্ষণ করেন। পরে যখন পরিবারের গাড়িটি আবাসিক ভবনের পার্কিংয়ে প্রবেশ করে, তখন তিনি ভবনের কাছেই একটি পার্সেল বোমা রেখে যান। এর কিছুক্ষণ পর তিনি সামান্য দূরত্বে অবস্থান করে নিশ্চিত হন যে, পরিবারের সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, পরিবারের ১৩ বছর বয়সী ছেলে প্রথমে ভবনে প্রবেশ করে। এরপর ইয়ারমোলাইভের নারী সঙ্গী ভবনে ঢোকার সময় সন্দেহভাজন ব্যক্তি দূর থেকে রিমোট কন্ট্রোলের ব্যবহার করে বিস্ফোরণ ঘটান। বিস্ফোরণের পরপরই তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর মোনাকোর বিচার বিভাগ হত্যাচেষ্টা ও বিস্ফোরক ব্যবহারের অভিযোগে তদন্ত শুরু করেছে। মামলাটি তিনজন তদন্তকারী বিচারকের তত্ত্বাবধানে চলছে। প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার প্রক্রিয়া শুরু হয়েছে, যাতে তাকে আন্তর্জাতিকভাবে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়।

মোনাকোর পাবলিক প্রসিকিউটর স্টেফান থিবো তদন্তে দ্রুত অগ্রগতির জন্য মোনাকোর পুলিশ ও আন্তর্জাতিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সমন্বিত সহযোগিতার প্রশংসা করেছেন।

তবে এখনও হামলার উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনায় সন্ত্রাসবাদ সংক্রান্ত কোনো সম্পর্ক পাওয়া যায়নি। তদন্তকারীরা সংগঠিত অপরাধচক্র কিংবা বিদেশি কোনো শক্তির সংশ্লিষ্টতার সম্ভাবনাও খতিয়ে দেখছেন।

ইউক্রেনে ভাদিম ইয়ারমোলাইভের বিরুদ্ধে রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় মদ বিক্রির অভিযোগ রয়েছে। ইউক্রেন সরকার তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বার্তা সংস্থা এএফপির একটি সূত্র দাবি করছে, ইউক্রেনের ডনিপ্রো শহরে, যেখানে ইয়ারমোলাইভ তার ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, সেখানে তার বহু শত্রু রয়েছে এবং তাকে হত্যার আগ্রহী মানুষের অভাব ছিল না।

অন্যদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার পর্যন্ত ভাদিম ইয়ারমোলাইভের শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছে। কিন্তু তার নারী সঙ্গীর অবস্থায় এখনও আশঙ্কাজনক। বিস্ফোরণে তিনি তার দুটি পা হারিয়েছেন, এমন খবর এসেছে। ১৩ বছর বয়সী ছেলে আহত হয়েছে, তবে তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাপ্রধান দেশে ফিরেছেন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষ করে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


সেনাপ্রধান দেশে ফিরেছেন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষ করে

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরেছেন।

তিনি চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরে আসেন। শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোুক্ত পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে সেনাপ্রধান উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে কাজ করেন। এছাড়াও, তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান ২৮ জুন সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গমন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%