১১:১২ এম
গ্যাস অনুসন্ধান কার্যক্রমকে জোরদার ও ত্বরান্বিত করার লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) জন্য আরও দুটি আধুনিক রিগ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে এ তথ্য জানিয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আবদুল মান্নান বলেন, দুটি আধুনিক অনুসন্ধান কূপ খনন রিগ কেনার একটি প্রস্তাব আমরা চূড়ান্ত করেছি। বর্তমানে বাপেক্সের বহরে পাঁচটি রিগ রয়েছে—বিজয়-১০, বিজয়-১১, বিজয়-১২, বিজয়-১৮ এবং আইপিএস-১। নতুন দুটি রিগ কেনা হলে বাপেক্সের মোট রিগের সংখ্যা সাতে উন্নীত হবে।
পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২ হাজার হর্সপাওয়ারের একটি রিগ কেনার প্রস্তাব মূল্যায়ন পর্যায়ে রয়েছে। পাশাপাশি ১ হাজার ৫০০ হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন আরেকটি রিগ সংগ্রহের জন্য একটি বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হচ্ছে। ডিপিপি চূড়ান্ত হওয়ার পর অনুমোদনের জন্য তা পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
দেশীয় উৎস থেকে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন বাড়াতে বাপেক্স বর্তমানে অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভারসহ বিভিন্ন ধরনের কূপ খনন করে যাচ্ছে। বাপেক্সকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রতিষ্ঠানটির একটি মূল্যায়ন-সহ-উন্নয়ন কূপ এবং দুটি অনুসন্ধান কূপ খননের প্রস্তাব অনুমোদন করেছে।
এই প্রকল্পের আওতায় বেগমগঞ্জ-৫ নম্বর মূল্যায়ন-সহ-উন্নয়ন কূপটি প্রায় ৩ হাজার ৫৫০ মিটার, বেগমগঞ্জ-৬ নম্বর অনুসন্ধান কূপটি প্রায় ৩ হাজার ৪০০ মিটার এবং সুনেত্রা-২ নম্বর অনুসন্ধান কূপটি প্রায় ৫ হাজার ৩০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। গ্যাসের সন্ধান পাওয়া গেলে পরবর্তীতে কূপগুলোর পরীক্ষণ ও চূড়ান্ত কাজ সম্পন্ন করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন