ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই, গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু


ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই, গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আটজনের মৃত্যু ঘটেছে। এডিস মশাবাহিত এই রোগে চলতি বছরে মৃতের সংখ্যা ৪৯৯ জনে পৌঁছেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, ফলে চলতি বছরের জন্য মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর রোববার (১৫ নভেম্বর) জানায়, মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের পাঁচজন, এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ৮৭৩ জন ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, বরিশাল বিভাগে ২০৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, রংপুর বিভাগে ৭৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগী ও মৃত্যুর তথ্য সংগ্রহ করে আসছে। ২০২৩ সালে এ রোগে সর্বাধিক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

গত বছর ডেঙ্গুতে ৪ শতাধিক মানুষের মৃত্যু ঘটে, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিকিৎসকরা এডিস মশার প্রজননস্থল ধ্বংস, তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে জেলা কমিটির মাসিক সভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


ময়মনসিংহে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে জেলা কমিটির মাসিক সভা

ময়মনসিংহ, ১৫ নভেম্বর, ২০২৬ : ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটিতে জেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রমের অগ্রগতি এবং তা বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পূর্বনির্ধারিত মাসিক এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান।

এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।

এছাড়াও মাসে অন্তত দুইদিন বৃহৎ পরিসরে এই কর্মসূচি পালন করা হচ্ছে। হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অব্যাহত রয়েছে।

একই সাথে জলাতঙ্ক ও স্নেক ভেনম এর টিকা উপজেলাওয়ারী বিভাজন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, যানজট নিরসনে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং নগরীর প্রধান সড়কের মোড়ে অতিরিক্ত স্বেচ্ছাসেবক দ্বারা নিয়মিত যানজট নিরসন করা হচ্ছে।

এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় এডিস মশার বিস্তার রোধে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত লার্ভীসাইড স্প্রে এবং সন্ধ্যাকালীন এডালটিসাইড প্রয়োগ করা হচ্ছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পে ১১২টি কাজের মধ্যে ১০৮টি কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে এবং ৪টি কাজ চলমান আছে। নির্বাচিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পে ৮টি কাজের মধ্যে ৫টি কাজ সমাপ্ত হয়েছে।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি জানান, ১৫তলা বিশিষ্ট ময়মনসিংহ মেডিকেল কলেজে ছাত্র হোস্টেল নির্মাণ কাজ চলমান রয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, জেলার ১৩টি উপজেলায় ৩৯টি কৃষি ব্লকে কৃষক কার্ড কার্যক্রম নির্ধারিত তারিখের মধ্যে টার্গেট পূরণের জন্য কার্যক্রম চলমান আছে। এছাড়া সমন্বিতভাবে নিয়মিত ন্যায্য মূল্যে সার বিতরণ কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।

কৃষি বিপণন অধিদপ্তরের প্রতিনিধি জানান, প্রয়োজনীয় পণ্যের বাজার দর সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।

সভাপতি বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, "আমরা বিশ্বাস করি জেলার উন্নয়নে প্রতিটি দপ্তর তাদের নিজ নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেলা প্রশাসন উন্নয়নমূলক সকল কাজে সব সময় সকল দপ্তরের সহযোগী হিসেবে থাকবে।"

তিনি আরও বলেন, "জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কেবল টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই যেকোনো পর্যায়ে কোনো জটিলতা থাকলে তা দ্রুত সম্মিলিত চেষ্টার মাধ্যমে সমাধান করতে হবে। তবেই সকল দপ্তরের আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীলতার মাধ্যমে আমরা জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পারব।"

সভায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আশরাফুল করিমসহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


সাতক্ষীরায় মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা, ১৫ নভেম্বর ২০২৬ : আজ জেলায় ‘শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি’ শীর্ষক শ্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যা মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে আয়োজন করা হয়।

রোববার বেলা ১১টায় সদর উপজেলার আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে সাতক্ষীরা সদর থানার উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারান চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলহাজ মো. আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী প্রমুখ।

সমাবেশে শিক্ষার্থীদের মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শপথবাক্য পাঠ করানো হয়।

এ সময় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান রিজভীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান রিজভীর

জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এই খাতে দক্ষ জনশক্তিকে কাজে লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি উল্লেখ করেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য অন্য দেশের হাতে চলে যাওয়া শুধুমাত্র ব্যক্তিগত গোপনীয়তার বিষয় নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি। এই ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় আইন প্রণয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তিকে কাজে লাগানো অত্যন্ত জরুরি।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা : সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) এই সেমিনারের আয়োজন করে।

রুহুল কবির রিজভী আরও বলেন, দেশের নাগরিকদের এনআইডিসহ ব্যক্তিগত তথ্য হ্যাক করে পার্শ্ববর্তী দেশে নিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তিনি মনে করেন, উপযুক্ত আইনগত সুরক্ষা এবং প্রযুক্তিগত সক্ষমতা থাকলে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

তিনি বলেন, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়া কেবল একজন নাগরিকের গোপনীয়তার লঙ্ঘন নয়, বরং এর সঙ্গে দেশের সামরিক ও জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। এনআইডির তথ্য অন্য দেশের হাতে চলে গেলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে পড়তে পারে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে অনেক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে এবং অনেকে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। বিদেশে অসংখ্য মেধাবী বাংলাদেশি রয়েছেন। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এসব দক্ষ ও মেধাবী মানুষকে কাজে লাগিয়ে সাইবার নিরাপত্তায় নিজেদের সক্ষমতা গড়ে তোলা।

তিনি আরও বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার সঙ্গে নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে। প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হওয়ার কথা। তবে নৈতিকতা ও যথাযথ নিয়ন্ত্রণের অভাবে এই প্রযুক্তিই সমাজ ও রাষ্ট্রের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।

প্রযুক্তির অপব্যবহার এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে হোয়াটসঅ্যাপকে অনেকে সবচেয়ে নিরাপদ যোগাযোগ মাধ্যম মনে করেন। কিন্তু তাও বিভিন্ন সময় ব্যক্তিগত কথোপকথন ফাঁস হওয়ার ঘটনা ঘটছে। সাধারণ মানুষের ব্যক্তিগত আবেগ, অনুভূতি ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কথোপকথনে অন্য কারও হস্তক্ষেপের অধিকার নেই। এটি মানবাধিকারের পরিপন্থী।

তিনি বলেন, প্রযুক্তি যেমন মানুষের সামনে বিশ্বকে উন্মুক্ত করেছে, তেমনি এর অপব্যবহার মানুষের নৈতিক ও ব্যক্তিগত পরিসরকে বিপন্ন করছে। তাই প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি এর নৈতিক ব্যবহার ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা প্রয়োজন।

সাইবার অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে রিজভী জানান, তিনি অনেক আগে এলএলবি সম্পন্ন করেছেন এবং ২০২২ সালের দিকে এলএলএম পরীক্ষার প্রস্তুতির সময় সাইবার আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখানে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ এবং এসব অপরাধের শাস্তি সম্পর্কে জেনেছেন। এ বিষয়ে আরও আলোচনা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করা দরকার।

তিনি বলেন, প্রযুক্তির উন্নয়নকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে রাষ্ট্র ও সমাজ নানা ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ মোকাবিলা করে দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারের আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের আলোচনা শুধুমাত্র সেমিনারের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। আলোচনায় অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ বক্তব্য এবং সুপারিশের একটি সমন্বিত সারসংক্ষেপ বা কার্যবিবরণী তৈরি করে তা প্রধানমন্ত্রীর কাছে এবং নীতিনির্ধারণী পর্যায়ে পাঠানো প্রয়োজন।

তিনি বলেন, এ ধরনের সুপারিশমালা তার কাছেও দেওয়া হলে তিনি তা যথাযথ পর্যায়ে পাঠানোর উদ্যোগ নিতে পারবেন। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা সুরক্ষায় এসব সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সেমিনারের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, দেশের প্রতি দায়বদ্ধতা এবং দেশপ্রেম থেকেই আয়োজকেরা এ ধরনের উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও দেশের ও সমাজের কল্যাণে তাদের সম্মিলিতভাবে কাজ করার উদ্যোগ প্রশংসনীয়।

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।

এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর পরিচালনা বোর্ডের পরিচালক ও আইসিটি ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী রুপম রাজ্জাক।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন। প্রবন্ধে তিনি বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংকিং, টেলিযোগাযোগ, পরিবহন, স্বাস্থ্যসেবা ও সরকারি ডিজিটাল সেবার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। পাশাপাশি সাইবার হুমকি মোকাবিলায় নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা, দক্ষ বিশেষজ্ঞ তৈরি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উপদেষ্টা মারুফ মল্লিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ সহ দেশের বিশিষ্ট প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তৌকির গ্রেপ্তার, কারাগারে পাঠানো হল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তৌকির গ্রেপ্তার, কারাগারে পাঠানো হল

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তৌকির ইবনে সাদেক (৩১) নামে এক যুবককে। আদালত তার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে। মামলার তদন্তের সুষ্ঠু ের জন্য তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন। ঢাকার অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে।

রোববার রাজধানীর গাবতলী এলাকা থেকে তৌকিরকে গ্রেপ্তার করা হয়।

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে পরীক্ষাটি স্থগিত করা হয়। এ ঘটনায় ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%