০৭:৪৮ পি.এম
জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় সাইবার নিরাপত্তা জোরদার করার পাশাপাশি এই খাতে দক্ষ জনশক্তিকে কাজে লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি উল্লেখ করেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তথ্য অন্য দেশের হাতে চলে যাওয়া শুধুমাত্র ব্যক্তিগত গোপনীয়তার বিষয় নয়, বরং এটি জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় ধরনের হুমকি। এই ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় আইন প্রণয়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তিকে কাজে লাগানো অত্যন্ত জরুরি।
রোববার (১৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কাউন্সিল হলে ‘প্রযুক্তি বিপ্লবে জাতীয় সুরক্ষা : সাইবার নিরাপত্তায় বাংলাদেশের প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ) এই সেমিনারের আয়োজন করে।
আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন
রুহুল কবির রিজভী আরও বলেন, দেশের নাগরিকদের এনআইডিসহ ব্যক্তিগত তথ্য হ্যাক করে পার্শ্ববর্তী দেশে নিয়ে যাওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তিনি মনে করেন, উপযুক্ত আইনগত সুরক্ষা এবং প্রযুক্তিগত সক্ষমতা থাকলে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।
তিনি বলেন, ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়া কেবল একজন নাগরিকের গোপনীয়তার লঙ্ঘন নয়, বরং এর সঙ্গে দেশের সামরিক ও জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। এনআইডির তথ্য অন্য দেশের হাতে চলে গেলে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে পড়তে পারে, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে অনেক বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে এবং অনেকে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। বিদেশে অসংখ্য মেধাবী বাংলাদেশি রয়েছেন। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এসব দক্ষ ও মেধাবী মানুষকে কাজে লাগিয়ে সাইবার নিরাপত্তায় নিজেদের সক্ষমতা গড়ে তোলা।
তিনি আরও বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার সঙ্গে নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে। প্রযুক্তি মানুষের কল্যাণে ব্যবহৃত হওয়ার কথা। তবে নৈতিকতা ও যথাযথ নিয়ন্ত্রণের অভাবে এই প্রযুক্তিই সমাজ ও রাষ্ট্রের জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে।
আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম
প্রযুক্তির অপব্যবহার এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, বর্তমানে হোয়াটসঅ্যাপকে অনেকে সবচেয়ে নিরাপদ যোগাযোগ মাধ্যম মনে করেন। কিন্তু তাও বিভিন্ন সময় ব্যক্তিগত কথোপকথন ফাঁস হওয়ার ঘটনা ঘটছে। সাধারণ মানুষের ব্যক্তিগত আবেগ, অনুভূতি ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কথোপকথনে অন্য কারও হস্তক্ষেপের অধিকার নেই। এটি মানবাধিকারের পরিপন্থী।
তিনি বলেন, প্রযুক্তি যেমন মানুষের সামনে বিশ্বকে উন্মুক্ত করেছে, তেমনি এর অপব্যবহার মানুষের নৈতিক ও ব্যক্তিগত পরিসরকে বিপন্ন করছে। তাই প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি এর নৈতিক ব্যবহার ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা প্রয়োজন।
সাইবার অপরাধ মোকাবিলায় প্রয়োজনীয় আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করে রিজভী জানান, তিনি অনেক আগে এলএলবি সম্পন্ন করেছেন এবং ২০২২ সালের দিকে এলএলএম পরীক্ষার প্রস্তুতির সময় সাইবার আইন বিষয়ে পড়াশোনা করেছেন। সেখানে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ এবং এসব অপরাধের শাস্তি সম্পর্কে জেনেছেন। এ বিষয়ে আরও আলোচনা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন করা দরকার।
তিনি বলেন, প্রযুক্তির উন্নয়নকে যথাযথভাবে কাজে লাগাতে না পারলে রাষ্ট্র ও সমাজ নানা ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। সাইবার বুলিং ও সাইবার যুদ্ধ মোকাবিলা করে দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: প্রত্যন্ত অঞ্চলে অস্ত্রোপচার সেবার জন্য প্রয়োজন প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট: জুবাইদা রহমান
সেমিনারের আয়োজকদের উদ্দেশে তিনি বলেন, এ ধরনের আলোচনা শুধুমাত্র সেমিনারের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। আলোচনায় অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ বক্তব্য এবং সুপারিশের একটি সমন্বিত সারসংক্ষেপ বা কার্যবিবরণী তৈরি করে তা প্রধানমন্ত্রীর কাছে এবং নীতিনির্ধারণী পর্যায়ে পাঠানো প্রয়োজন।
তিনি বলেন, এ ধরনের সুপারিশমালা তার কাছেও দেওয়া হলে তিনি তা যথাযথ পর্যায়ে পাঠানোর উদ্যোগ নিতে পারবেন। জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা সুরক্ষায় এসব সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সেমিনারের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রিজভী বলেন, দেশের প্রতি দায়বদ্ধতা এবং দেশপ্রেম থেকেই আয়োজকেরা এ ধরনের উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও দেশের ও সমাজের কল্যাণে তাদের সম্মিলিতভাবে কাজ করার উদ্যোগ প্রশংসনীয়।
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের সভাপতি প্রকৌশলী রাফেল কবিরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান।
আরও পড়ুন: সচিবালয়ের অগ্নিকান্ডের কেনাকাটায় ‘বালিশকাণ্ড-পর্দাকাণ্ড’কে হার মানিয়েছে
এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর পরিচালনা বোর্ডের পরিচালক ও আইসিটি ফোরামের সহ-সভাপতি প্রকৌশলী রুপম রাজ্জাক।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান মুন। প্রবন্ধে তিনি বিদ্যুৎ, জ্বালানি, ব্যাংকিং, টেলিযোগাযোগ, পরিবহন, স্বাস্থ্যসেবা ও সরকারি ডিজিটাল সেবার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। পাশাপাশি সাইবার হুমকি মোকাবিলায় নিয়মিত নিরাপত্তা নিরীক্ষা, দক্ষ বিশেষজ্ঞ তৈরি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের উপদেষ্টা মারুফ মল্লিক, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ সহ দেশের বিশিষ্ট প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ডিসেম্বর মাসে নাশকতার আশঙ্কা নেই: এসআরবি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন