ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জবি ছাত্রদল আটক কর্মকর্তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে


জবি ছাত্রদল আটক কর্মকর্তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে আটক পাঁচ কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে শাখা ছাত্রদল। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৪টার দিকে তাদের পুলিশের গাড়িতে তুলে দেন নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে পরে ক্যাম্পাস ত্যাগ করেন তারা।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে অভিযান চালিয়ে পাঁচ কর্মকর্তাকে আটক করে ছাত্রদল। এ সময় তাদের মারধর করে প্রক্টর অফিসে নেওয়া হয়।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সভা শেষে রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনে পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের ঘোষণা দেয়। পাশাপাশি অভিযোগ তদন্তে কমিটি গঠনের কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. রইস উদ্দীন।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

তবে প্রশাসনের সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে আটক কর্মকর্তাদের পুলিশের কাছে হস্তান্তরের দাবিতে রাত দেড়টার দিকে মূল প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। রাতভর অবস্থানের পর ভোর ৪টার দিকে তাদের পুলিশের কাছে তুলে দেন। এ সময় ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ ও ‘ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি রবিউল ইসলাম আরটিভিকে বলেন, রাতের দিকে তাদের থানায় আনা হয়েছে। এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের আটক পাঁচ কর্মকর্তারা হলেন—পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, সেকশন অফিসার নুরুল হুদা এবং উপ-রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

আরও পড়ুন: নড়াইল বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল স্বপদে ফিরলেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আয়ারল্যান্ডের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


আয়ারল্যান্ডের চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’ বিশেষ পুরস্কার অর্জন করেছে ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, যা আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ সেরা পরিচালনার জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার লাভ করেছেন। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

উৎসবটি ৯ থেকে ১৫ নভেম্বর আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয়। বিজয়ীদের নাম ১৫ নভেম্বর ঘোষণা করা হয়। ‘সাঁকোটা দুলছে’ চলচ্চিত্রটি উৎসবের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে অংশগ্রহণ করে।

চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, স্বপ্ন ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। সিনেমাটিতে পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা, ধর্মীয় রক্ষণশীলতা, কুসংস্কার এবং সামাজিক বিধিনিষেধের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে।

‘সাঁকোটা দুলছে’ সিনেমাটি বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র এবং জার্মানির মোগাদর ফিল্মের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। মনোজ প্রামাণিক প্রযোজক হিসেবে কাজ করেছেন, এবং সহযোগী প্রযোজক হিসেবে রয়েছেন ক্রিস্টোফ থোকে।

এই সিনেমায় অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত ও রবিউস সানি।

চলতি বছরে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরে এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে সিনেমাটির বিশ্ব প্রিমিয়ার হয়। এরপর এটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে এবং ইতোমধ্যে তিনটি পুরস্কার অর্জন করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেদারল্যান্ডসকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


নেদারল্যান্ডসকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে জার্মানি

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ : সোমবার বার্লিনে নেদারল্যান্ডসকে ৫-০ গোলে পরাজিত করে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জার্মানি। ফ্লোরিয়ান রিটজের দুটি গোল এবং ব্রাজান গ্রুডার একটি গোল ও দুইটি অ্যাসিস্টের মাধ্যমে এই জয়ের ভিত্তি স্থাপন হয়।

জার্মানির হয়ে ডেরি শেরহান্ট ও নিকো শ্লটারবেকও দুটি গোল করেন। কোচ জার্গেন ক্লপের অধীনে ছয় ম্যাচে এটি ছিল দলের সবচেয়ে শক্তিশালী পারফরম্যান্স। প্রতিপক্ষের রক্ষণকে কার্যত ভেঙে ফেলে স্বাগতিকরা।

১৯৫৯ সালের পর নেদারল্যান্ডসের বিপক্ষে জার্মানির এটি সবচেয়ে বড় জয়। এআরডি’র সঙ্গে কথা বলার সময় ক্লপ বলেন, “ম্যাচটি ছিল অসাধারণ। আমরা অবিশ্বাস্য সব গোল করেছি। সবকিছু ছিল এককথায় দুর্দান্ত। দারুণ একটি ফুটবল ম্যাচ এবং অসাধারণ অভিজ্ঞতা। এত কিছু হবে, তা স্বপ্নেও ভাবিনি।”

গ্রুডা ও শেরহান্টের অভিষেকের প্রশংসা করে ক্লপ বলেন, “ওরা দুজন কী দারুণ ফুটবল খেলতে পারে! তবে মাঠে তারা যে পরিমাণ পরিশ্রম করেছে, তা অসাধারণ।”

২০২৫ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে রিটজের গোল করার ক্ষেত্রে কিছুটা সমস্যা ছিল, তবে জার্মানির হয়ে সর্বশেষ চার ম্যাচে তিনি গোল করেছেন। রিটজ বলেন, “আমরা চাই সমর্থকদের জন্য খেলাটা উপভোগ্য করে তুলতে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমাদের নিজেদেরও দারুণ আনন্দ হয়েছে।”

জাভি হার্নান্দেজের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নেদারল্যান্ডসের এটি প্রথম হার। তবে সোমবার গ্রিস ১-০ গোলে সার্বিয়াকে পরাজিত করে ডাচরা শেষ আটে জায়গা করে নিয়েছে। যদিও ম্যাচের শেষ দিকে জার্মানির পঞ্চম গোলের কারণে তারা গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গেছে।

জার্মানির দ্বিতীয় গোলের পর নেদারল্যান্ডস আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি। অধিনায়ক ভার্জিল ফন ডাইক চোটের কারণে দলে ছিলেন না। দুর্বল রক্ষণভাগের সুযোগ নিয়ে স্বাগতিকরা প্রতিপক্ষের বিপজ্জনক এলাকায় প্রবেশ করেছে।

জাভি সাংবাদিকদের বলেন, “আমি সত্যিই খুব হতাশ। কারণ ম্যাচের আগে আমি অনেক গর্বিত ছিলাম। আজ বিষয়টি ফুটবল নিয়ে ছিল না, বরং গতি এবং আমাদের মূল্যবোধ নিয়ে ছিল। সমর্থকদের কাছে আমি ক্ষমা চাই। কারণ আজ আমরা নিজেদের সবচেয়ে খারাপ রূপটি দেখিয়েছি। এটি প্রক্রিয়ারই অংশ... আমাদের এগিয়ে যেতে হবে এবং নিজেদের মূল্যবোধ নিয়ে কাজ করতে হবে।”

জার্মানির জয়ের বিকল্প ছিল না কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার জন্য। তাই ক্লপ ম্যাচটিকে ‘ফাইনাল’ হিসেবে উল্লেখ করেছিলেন।

১৯৭৪ বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি ছিল এই ম্যাচ। সেবার মিউনিখে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জিতেছিল জার্মানি। তবে এবার ম্যাচের শুরুতে দুই দলই ঝুঁকি নিতে অনিচ্ছুক ছিল এবং আক্রমণে এগিয়ে যেতে দ্বিধা করছিল।

প্রথম সুযোগটি নেদারল্যান্ডস পায়। জুরিয়েন টিম্বার পেনাল্টি স্পটে অরক্ষিত ক্রিসেনসিও সামারভিলকে বল বাড়ান। কিন্তু শট নেওয়ার আগেই সামারভিল ভারসাম্য হারিয়ে ফেলেন।

আধঘণ্টা পর বার্লিনের শেরহান্ট সতীর্থ ফ্রেইবুর্গের খেলোয়াড় ফিলিপ ট্রয়ের ক্রসে শট নেন। তবে তার প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। নয় মিনিট পর শেরহান্ট আবারও সুযোগ পান এবং দারুণভাবে বাঁকানো শটে বল জালে পাঠান।

বিরতির পরও নেদারল্যান্ডসের পেনাল্টি এলাকার ওপর আক্রমণের চাপ অব্যাহত রাখে জার্মানি। ম্যাচের ৬০ মিনিটে একক প্রচেষ্টায় ব্যবধান বাড়ান রিটজ। লিভারপুলের এই উইঙ্গার বাম দিক থেকে ডান দিকে ড্রিবল করে মাঝখানে চলে আসেন এবং জোড়ালো শটে বাম পোস্ট ঘেঁষে বল জালে পাঠান।

৬৫ মিনিটে গ্রুডার ফ্রি-কিক থেকে হেডে গোল করেন শ্লটারবেক। ছয় মিনিট পর আরেকটি গোলের যোগানদাতা ছিলেন আরবি লিপজিগের উইঙ্গার গ্রুডা। ডান দিক দিয়ে দ্রুত এগিয়ে গিয়ে রিটজকে বল বাড়ান। ক্রসবারের নিচের অংশে লেগে রিটজের শট জালে ঢোকে।

দেশের মাটিতে প্রথম এবং সব মিলিয়ে দ্বিতীয় জার্মান খেলোয়াড় হিসেবে ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পান গ্রুডা। শেরহান্টের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে টোকা দিয়ে জালে পাঠান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাকাবের আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাকাবের আলোচনা সভা অনুষ্ঠিত

১৭ নভেম্বর সোমবার বিকালে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা রাকাব প্রধান কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শচীন্দ্র নাথ সমাদ্দার; মহাব্যবস্থাপক (প্রশাসন ও পরিচালন) তাজ উদ্‌দীন আহম্মদ; মহাব্যবস্থাপক (আইসিসি; হিসাব ও আদায় মহাবিভাগ এবং বিভাগীয় মহাব্যবস্থাপক) মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান কার্যালয়, এসইসিপি, রাকাব প্রশিক্ষণ ইনষ্টিটিউট, বিভাগীয় কার্যালয়, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী, জোনাল কার্যালয়, জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী এবং স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানলন্ডারিং, টেরোরিস্ট ফাইন্যান্সিং প্রিভেনশন এন্ড ব্রাঞ্চোস কন্ট্রোল ডিপার্টমেন্ট এর উপ-মহাব্যবস্থাপক মোঃ শাহিনুর ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ রফিকুল ইসলাম উল্লেখ করেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। তিনি দেশের শাসনভার গ্রহণ করেন এবং একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। এর ফলে গণতন্ত্র পুনঃরুদ্ধারের মাধ্যমে আমরা আমাদের জাতীয় পরিচয় ফিরে পেয়েছি।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার এই আদর্শকে ধারণ করে সকল বিভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে একটি উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে হবে। ব্যাংকের স্বার্থ ও নিয়ম কানুন রক্ষা করে সততার সাথে কাজ করার মাধ্যমে রাকাবকে আরও গতিশীল ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে হবে, যা আমাদের গ্রামীণ অর্থনীতি ও কৃষকের ভাগ্য পরিবর্তনে সরাসরি ভূমিকা রাখবে।

ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান বলেন, ৭ নভেম্বর পরবর্তী আমাদের দেশ এক অনিশ্চয়তা থেকে নতুন যাত্রা শুরু করে। বহুদলীয় গণতন্ত্র ও অর্থনীতির মুক্তির মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশের সূচনা হয়। তিনি এই আদর্শ ও চেতনাকে ধারণ করে সকলকে এক সঙ্গে কাজ করার মাধ্যমে রাকাবকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী তামিম শেখ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


পাংশায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী তামিম শেখ গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম তামিম শেখ (১৯)। পুলিশ জানায়, তিনি পাংশা কলেজ শাখা ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে পাংশা থানার একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তামিম শেখ কালুখালী উপজেলার কালিকাপুর এলাকার শরিফুল ইসলামের পুত্র।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় বিশেষ ক্ষমতা আইনের অধীনে দায়ের করা একটি মামলার তদন্তে তাঁর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।

পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, "সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তাঁর বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।" গ্রেপ্তারের পর তামিম শেখকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%