মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৪০ পি.এম
ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ : সোমবার বার্লিনে নেদারল্যান্ডসকে ৫-০ গোলে পরাজিত করে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জার্মানি। ফ্লোরিয়ান রিটজের দুটি গোল এবং ব্রাজান গ্রুডার একটি গোল ও দুইটি অ্যাসিস্টের মাধ্যমে এই জয়ের ভিত্তি স্থাপন হয়।
জার্মানির হয়ে ডেরি শেরহান্ট ও নিকো শ্লটারবেকও দুটি গোল করেন। কোচ জার্গেন ক্লপের অধীনে ছয় ম্যাচে এটি ছিল দলের সবচেয়ে শক্তিশালী পারফরম্যান্স। প্রতিপক্ষের রক্ষণকে কার্যত ভেঙে ফেলে স্বাগতিকরা।
১৯৫৯ সালের পর নেদারল্যান্ডসের বিপক্ষে জার্মানির এটি সবচেয়ে বড় জয়। এআরডি’র সঙ্গে কথা বলার সময় ক্লপ বলেন, “ম্যাচটি ছিল অসাধারণ। আমরা অবিশ্বাস্য সব গোল করেছি। সবকিছু ছিল এককথায় দুর্দান্ত। দারুণ একটি ফুটবল ম্যাচ এবং অসাধারণ অভিজ্ঞতা। এত কিছু হবে, তা স্বপ্নেও ভাবিনি।”
গ্রুডা ও শেরহান্টের অভিষেকের প্রশংসা করে ক্লপ বলেন, “ওরা দুজন কী দারুণ ফুটবল খেলতে পারে! তবে মাঠে তারা যে পরিমাণ পরিশ্রম করেছে, তা অসাধারণ।”
২০২৫ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে রিটজের গোল করার ক্ষেত্রে কিছুটা সমস্যা ছিল, তবে জার্মানির হয়ে সর্বশেষ চার ম্যাচে তিনি গোল করেছেন। রিটজ বলেন, “আমরা চাই সমর্থকদের জন্য খেলাটা উপভোগ্য করে তুলতে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আমাদের নিজেদেরও দারুণ আনন্দ হয়েছে।”
জাভি হার্নান্দেজের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নেদারল্যান্ডসের এটি প্রথম হার। তবে সোমবার গ্রিস ১-০ গোলে সার্বিয়াকে পরাজিত করে ডাচরা শেষ আটে জায়গা করে নিয়েছে। যদিও ম্যাচের শেষ দিকে জার্মানির পঞ্চম গোলের কারণে তারা গ্রুপে দ্বিতীয় স্থানে নেমে গেছে।
জার্মানির দ্বিতীয় গোলের পর নেদারল্যান্ডস আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি। অধিনায়ক ভার্জিল ফন ডাইক চোটের কারণে দলে ছিলেন না। দুর্বল রক্ষণভাগের সুযোগ নিয়ে স্বাগতিকরা প্রতিপক্ষের বিপজ্জনক এলাকায় প্রবেশ করেছে।
জাভি সাংবাদিকদের বলেন, “আমি সত্যিই খুব হতাশ। কারণ ম্যাচের আগে আমি অনেক গর্বিত ছিলাম। আজ বিষয়টি ফুটবল নিয়ে ছিল না, বরং গতি এবং আমাদের মূল্যবোধ নিয়ে ছিল। সমর্থকদের কাছে আমি ক্ষমা চাই। কারণ আজ আমরা নিজেদের সবচেয়ে খারাপ রূপটি দেখিয়েছি। এটি প্রক্রিয়ারই অংশ... আমাদের এগিয়ে যেতে হবে এবং নিজেদের মূল্যবোধ নিয়ে কাজ করতে হবে।”
জার্মানির জয়ের বিকল্প ছিল না কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার জন্য। তাই ক্লপ ম্যাচটিকে ‘ফাইনাল’ হিসেবে উল্লেখ করেছিলেন।
১৯৭৪ বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি ছিল এই ম্যাচ। সেবার মিউনিখে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জিতেছিল জার্মানি। তবে এবার ম্যাচের শুরুতে দুই দলই ঝুঁকি নিতে অনিচ্ছুক ছিল এবং আক্রমণে এগিয়ে যেতে দ্বিধা করছিল।
প্রথম সুযোগটি নেদারল্যান্ডস পায়। জুরিয়েন টিম্বার পেনাল্টি স্পটে অরক্ষিত ক্রিসেনসিও সামারভিলকে বল বাড়ান। কিন্তু শট নেওয়ার আগেই সামারভিল ভারসাম্য হারিয়ে ফেলেন।
আধঘণ্টা পর বার্লিনের শেরহান্ট সতীর্থ ফ্রেইবুর্গের খেলোয়াড় ফিলিপ ট্রয়ের ক্রসে শট নেন। তবে তার প্রচেষ্টা পোস্টে লেগে ফিরে আসে। নয় মিনিট পর শেরহান্ট আবারও সুযোগ পান এবং দারুণভাবে বাঁকানো শটে বল জালে পাঠান।
বিরতির পরও নেদারল্যান্ডসের পেনাল্টি এলাকার ওপর আক্রমণের চাপ অব্যাহত রাখে জার্মানি। ম্যাচের ৬০ মিনিটে একক প্রচেষ্টায় ব্যবধান বাড়ান রিটজ। লিভারপুলের এই উইঙ্গার বাম দিক থেকে ডান দিকে ড্রিবল করে মাঝখানে চলে আসেন এবং জোড়ালো শটে বাম পোস্ট ঘেঁষে বল জালে পাঠান।
৬৫ মিনিটে গ্রুডার ফ্রি-কিক থেকে হেডে গোল করেন শ্লটারবেক। ছয় মিনিট পর আরেকটি গোলের যোগানদাতা ছিলেন আরবি লিপজিগের উইঙ্গার গ্রুডা। ডান দিক দিয়ে দ্রুত এগিয়ে গিয়ে রিটজকে বল বাড়ান। ক্রসবারের নিচের অংশে লেগে রিটজের শট জালে ঢোকে।
দেশের মাটিতে প্রথম এবং সব মিলিয়ে দ্বিতীয় জার্মান খেলোয়াড় হিসেবে ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পান গ্রুডা। শেরহান্টের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে টোকা দিয়ে জালে পাঠান তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
১৭ নভেম্বর সোমবার বিকালে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা রাকাব প্রধান কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শচীন্দ্র নাথ সমাদ্দার; মহাব্যবস্থাপক (প্রশাসন ও পরিচালন) তাজ উদ্দীন আহম্মদ; মহাব্যবস্থাপক (আইসিসি; হিসাব ও আদায় মহাবিভাগ এবং বিভাগীয় মহাব্যবস্থাপক) মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান কার্যালয়, এসইসিপি, রাকাব প্রশিক্ষণ ইনষ্টিটিউট, বিভাগীয় কার্যালয়, বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, রাজশাহী, জোনাল কার্যালয়, জোনাল নিরীক্ষা কার্যালয়, রাজশাহী এবং স্থানীয় মুখ্য কার্যালয়, রাজশাহী’র সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মানলন্ডারিং, টেরোরিস্ট ফাইন্যান্সিং প্রিভেনশন এন্ড ব্রাঞ্চোস কন্ট্রোল ডিপার্টমেন্ট এর উপ-মহাব্যবস্থাপক মোঃ শাহিনুর ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মোঃ রফিকুল ইসলাম উল্লেখ করেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। তিনি দেশের শাসনভার গ্রহণ করেন এবং একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। এর ফলে গণতন্ত্র পুনঃরুদ্ধারের মাধ্যমে আমরা আমাদের জাতীয় পরিচয় ফিরে পেয়েছি।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার এই আদর্শকে ধারণ করে সকল বিভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে বাংলাদেশকে একটি উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে হবে। ব্যাংকের স্বার্থ ও নিয়ম কানুন রক্ষা করে সততার সাথে কাজ করার মাধ্যমে রাকাবকে আরও গতিশীল ও শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিতে হবে, যা আমাদের গ্রামীণ অর্থনীতি ও কৃষকের ভাগ্য পরিবর্তনে সরাসরি ভূমিকা রাখবে।
ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান বলেন, ৭ নভেম্বর পরবর্তী আমাদের দেশ এক অনিশ্চয়তা থেকে নতুন যাত্রা শুরু করে। বহুদলীয় গণতন্ত্র ও অর্থনীতির মুক্তির মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশের সূচনা হয়। তিনি এই আদর্শ ও চেতনাকে ধারণ করে সকলকে এক সঙ্গে কাজ করার মাধ্যমে রাকাবকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম তামিম শেখ (১৯)। পুলিশ জানায়, তিনি পাংশা কলেজ শাখা ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য।
পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে পাংশা থানার একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। তামিম শেখ কালুখালী উপজেলার কালিকাপুর এলাকার শরিফুল ইসলামের পুত্র।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানায় বিশেষ ক্ষমতা আইনের অধীনে দায়ের করা একটি মামলার তদন্তে তাঁর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, "সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে তাঁর বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে।" গ্রেপ্তারের পর তামিম শেখকে মঙ্গলবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মহেন্দ্র সিং ধোনি ১৯ বছরের আইপিএল ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন। এবার তিনি খেলোয়াড়ের ভূমিকায় থাকবেন না, বরং ভারতের প্রাক্তন অধিনায়ক নতুন দায়িত্বে দেখা দেবেন। ২০২৭ আইপিএল মৌসুমের আগে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) মেন্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এই খবর প্রকাশ করেছে।
ধোনির নতুন দায়িত্বের খবর চেন্নাই সুপার কিংস খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার শেষ সময়ের মাত্র তিন ঘণ্টা আগে জানায়। আইপিএলের নিলাম আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হবে। এই নিলামের আগে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ধোনির ভবিষ্যৎ ভূমিকা নিশ্চিত হলো।
চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন ধোনির সঙ্গে দলের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে হয় না। প্রায় দুই দশক ধরে আমরা একসঙ্গে পথ চলেছি—সাফল্য, ব্যর্থতা এবং সব ধরনের পরিস্থিতিতে। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটি কারণ রয়েছে, আমরা একে অপরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি না। এই বিশ্বাসই আমাদের পথচলাকে সম্ভব করেছে।’
২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে ধোনিকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীনিবাসন। তিনি বলেন, এই সিদ্ধান্ত তাঁর অন্যতম সেরা সিদ্ধান্ত। ধোনি শুধু অর্জনের জন্য নয়, মানুষ হিসেবেও তাঁর কাছে বিশেষ। চেন্নাইয়ের পরিচয়ের অংশ হয়েই থাকবেন এই কিংবদন্তি।
২০০৮ সালে চেন্নাইয়ে যোগ দেওয়ার পর ১৭ মৌসুম ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছেন ধোনি। তাঁর নেতৃত্বে সিএসকে পাঁচবার আইপিএল শিরোপা জিতেছে। পাশাপাশি দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপাও দলটি জিতেছে। তবে ২০১৬ ও ২০১৭ সালে চেন্নাই নিষিদ্ধ থাকায় ওই দুই মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে খেলেছিলেন তিনি।
৪৫ বছর বয়সে ধোনি আইপিএল ক্যারিয়ার শেষ করলেন। টুর্নামেন্টে তাঁর রান সংখ্যা ৫৪৩৯। ব্যাটিং গড় ৩৮.৩০ এবং স্ট্রাইক রেট ১৩৭.৪৫। অধিনায়ক হিসেবে পাঁচটি শিরোপা জয়ের পাশাপাশি উইকেটের পেছনেও চেন্নাইয়ের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।
ধোনির অবসরে চেন্নাইয়ের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটলেও ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না। মাঠের বাইরে থেকে দলের পরিকল্পনা, খেলোয়াড়দের প্রস্তুতি ও কৌশলগত সিদ্ধান্তে তিনি ভূমিকা রাখবেন। ফলে ২০২৭ আইপিএলে চেন্নাইয়ের ডাগআউটে নতুন পরিচয়ে দেখা যাবে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ককে।
ধোনির আইপিএল ক্যারিয়ার একনজরে
বিষয়
পরিসংখ্যান
আইপিএল ক্যারিয়ার
১৯ বছর
মোট রান
৫৪৩৯
ব্যাটিং গড়
৩৮.৩০
স্ট্রাইক রেট
১৩৭.৪৫
চেন্নাইয়ের আইপিএল শিরোপা
৫টি
চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা
২টি
নতুন দায়িত্ব
সিএসকে মেন্টর
দায়িত্ব শুরুর মৌসুম
আইপিএল ২০২৭
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশিদ মন্তব্য করেছেন যে, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের কার্যক্রম শুরু করেছে। তিনি উল্লেখ করেছেন, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অন্যান্য সংগঠন এই সন্ত্রাসী দলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে মাঠে রয়েছে এবং থাকবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে, সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলায় মোটরসাইকেল মিছিলের পর তিনি এসব কথা বলেন।
মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে রাজবাড়ী- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ড থেকে এক হাজারেরও বেশি মোটরসাইকেল নিয়ে মিছিল শুরু হয়। এই মিছিলটি কালুখালী উপজেলার দুর্গাপুর স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায়। সেখান থেকে মিছিলটি কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
তিনি আরও বলেন, সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে, জ্বালাও পোড়াওয়ের সাথে জড়িতদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ার কাজ চলছে। পাশের একটি দেশের মদদে এদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। শান্তিপ্রিয় জনগণ কোন সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করবে না। জ্বালাও পোড়াওয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তবে যারা নিরীহ এবং জ্বালাও পোড়াওয়ের সাথে জড়িত নয়, তারা শান্তিতে বসবাস করতে পারবেন। তিনি সকলকে উস্কানীতে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য সতর্ক থাকার আহবান জানান এবং অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ