বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০১ এম
ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৬ : সরকার হিজড়া, বেদে, অনগ্রসর জনগোষ্ঠী এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য অতিরিক্ত কল্যাণ অনুদান বরাদ্দ করেছে, যা ১০ হাজার ৭৮৫ জনের জন্য প্রযোজ্য।
বর্তমান ২০২৬-২৭ অর্থবছরে অনলাইনে জমা দেওয়া আবেদনের ভিত্তিতে দেশের বিভিন্ন উপজেলা ও শহর সমাজসেবা কার্যালয়ের জন্য এই বরাদ্দের বিভাজন করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের ‘অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন’ কার্যক্রমের আওতায় এই বরাদ্দ প্রদান করা হয়েছে। গত ১৫ নভেম্বর, অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে একটি চিঠি জারি করা হয়, যেখানে স্বাক্ষর করেন পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে অর্থনৈতিক গ্রুপ/কোড-৩৭২১১০২-এর আওতায় অনগ্রসর জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ৭ হাজার ১ জনের বরাদ্দ পাওয়া গেছে। এর সাথে ২০২৫-২৬ অর্থবছরের অবশিষ্ট ৩ হাজার ৭৮৪ জনের বরাদ্দও যুক্ত করা হয়েছে। ফলে, মোট ১০ হাজার ৭৮৫ জনের জন্য বরাদ্দ বিভাজন প্রস্তুত করা হয়েছে।
অধিদপ্তর জানায়, অনলাইনে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে বিভিন্ন উপজেলা সমাজসেবা কার্যালয় ও শহর সমাজসেবা কার্যালয়ের মধ্যে আনুপাতিক হারে এই বরাদ্দ বণ্টন করা হয়েছে।
বরাদ্দ বিভাজন অনুযায়ী সংশ্লিষ্ট কার্যালয়গুলোকে উপকারভোগী নির্বাচনের পর পেরোল পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে ‘অনগ্রসর জনগোষ্ঠীসমূহের জীবনমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সমন্বিত নীতিমালা-২০২৫’ অনুসরণ করা আবশ্যক। বরাদ্দ অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।
এ সংক্রান্ত চিঠি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। দেশের সব জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে বরাদ্দসংক্রান্ত তথ্য প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১৮ নভেম্বর ২০২৬ : সরকার ঔষধ প্রশাসন অধিদপ্তরে ১৭ জন ঔষধ তত্ত্বাবধায়ক (নন-ক্যাডার) নিয়োগ দিয়েছে। জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী নবম গ্রেডে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে অস্থায়ী ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ২২ নভেম্বরের মধ্যে যোগদান করতে হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ গত ১৫ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ২০ মে'র সুপারিশ এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা-২০১২ অনুসরণ করে এ নিয়োগ কার্যকর করা হয়েছে।
অধিদপ্তরের শূন্য পদের বিপরীতে মেধাক্রম অনুযায়ী ১৭ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ২২ নভেম্বর মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর, মহাখালী, ঢাকা বরাবর যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে সম্মত নন বলে গণ্য হবেন এবং তাঁর নিয়োগ বাতিল বলে বিবেচিত হবে।
প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের চাকরির প্রথম দু'বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। প্রয়োজনে সরকার এ মেয়াদ আরও দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তা চাকরিতে বহাল থাকার অনুপযোগী বিবেচিত হলে, কারণ দর্শানো ছাড়াই তাঁকে চাকরি থেকে অপসারণ করা যাবে।
নিয়োগপ্রাপ্তদের সরকার নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ শুরুর আগে একজন জামিনদারসহ ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করতে হবে।
শিক্ষানবিশকালে অথবা শিক্ষানবিশকাল শেষ হওয়ার পরবর্তী তিন বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দিলে প্রশিক্ষণকালে প্রাপ্ত বেতন-ভাতা, প্রশিক্ষণ ব্যয়সহ সংশ্লিষ্ট অর্থ ফেরত দিতে হবে।
এ ছাড়া নিয়োগপ্রাপ্তদের দেশের যেকোনো স্থানে বদলি করা যাবে। চাকরিতে যোগদানের সময় তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ জমা দিতে হবে। একই সঙ্গে যৌতুক গ্রহণ বা প্রদান না করার বিষয়ে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের ক্ষেত্রে কোনো প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য তথ্যের ঘাটতি, জালিয়াতি কিংবা অসত্য তথ্য প্রমাণিত হলে তার নিয়োগ বাতিল করা হবে। গুরুতর অনিয়মের ক্ষেত্রে চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি প্রশাসনিক ও ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যাবে।
জনস্বার্থে এ নিয়োগাদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) ব্যবস্থাপনায় শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কম্যুনিকেশন : সিগনিফিক্যান্স অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।
ডুয়েটের ভিসি প্রফেসর ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. প্রকৌশলী রুমা। চীনা ভাষার বৈশ্বিক যোগাযোগে গুরুত্ব এবং এ ভাষা জানার মাধ্যমে সৃষ্ট সুযোগ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে ভিসি ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়সমূহে তৃতীয় ভাষা শিক্ষাদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকেও (ইউজিসি) তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর ও চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে প্রযুক্তি এবং বৈশ্বিক কর্মবাজার অভূতপূর্ব গতিতে পরিবর্তিত হচ্ছে। এই বাস্তবতায় বর্তমান ও আগামী প্রজন্মকে মাতৃভাষা এবং ইংরেজির পাশাপাশি বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য ভাষায় দক্ষ করে গড়ে তোলা এখন সময়ের অপরিহার্য দাবি। বিদেশি ভাষায় দক্ষতা জনশক্তি রপ্তানির সম্ভাবনা বাড়াবে, কর্মবাজারকে বহুমুখী করবে এবং বৈশ্বিক ভ্যালু চেইনে বাংলাদেশের অংশগ্রহণ সুদৃঢ় করে দেশের সামগ্রিক অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশের সাথে চীনের ক্রমবর্ধমান সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে বর্তমানে অপরিহার্য হয়ে ওঠা চীনা ভাষা শিক্ষা এক্ষেত্রে অন্যতম নিয়ামক হতে পারে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. ওবায়দুর রহমান বলেন, বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কাজে লাগিয়ে বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ গ্রহণের জন্য বর্তমানে চীনা ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম।
গেস্ট অব অনার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের ফ্যাকাল্টি জ আকিব ইরফান চীনা ভাষা শেখার মাধ্যমে ডুয়েট শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রের অবারিত সুযোগ গ্রহণের আহবান জানান। অনুষ্ঠানে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ফোকাল পয়েন্ট ড. আবদুর রহমান ফরহাদ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত কূটনৈতিক যোগাযোগকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ও শ্রীলঙ্কা গতকাল বুধবার একটি ‘যৌথ পরামর্শক কমিশন’ গঠনের বিষয়ে একমত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলম্বোতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিতা হেরাতের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এই কমিশন গঠনের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এর ফলে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর আলোচনার জন্য একটি আনুষ্ঠানিক কাঠামো তৈরি হলো।
এই কমিশন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের ক্ষেত্রে সহায়তা প্রদান করবে। এটি বিদ্যমান সহযোগিতার পর্যালোচনা করার পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করার সুযোগ খুঁজে বের করার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং তাদের নিজ নিজ সরকারের সামনে থাকা অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন।
এছাড়া, উভয় দেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের বিষয়ে মতবিনিময়ও করা হয়। মন্ত্রীরা বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদারের গুরুত্বকে স্বীকার করেন। তারা দ্বিপাক্ষিক সম্পর্কের পর্যালোচনা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময়ের জন্য উচ্চপর্যায়ের ধারাবাহিক যোগাযোগের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন। হুমায়ুন কবিরের শ্রীলঙ্কা সফরের সময় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করার এবং সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে প্রতিফলিত করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এবার আলোচিত ও সমালোচিত মডেল ও উদ্যোক্তা মেঘনা আলম দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে ধরা পড়েছেন। সংস্থাটি তার বিরুদ্ধে গত ৪ নভেম্বর নোটিশ পাঠিয়ে তলব করে। গতকাল সোমবার তার হাজির হওয়ার কথা ছিল। দুদকের উপ-পরিচালক সুমিত্রা সেনের নেতৃত্বে গঠিত দুই সদস্যের একটি টিম তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রস্তুত ছিল।
দুদক সূত্রে জানা যায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড ও সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির এবং মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এই অভিযোগের তদন্তের স্বার্থে দুদকের তলবি চিঠিতে মেঘনা আলমকে ১৮ নভেম্বর হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।
মেঘনা আলম একজন মডেল, উদ্যোক্তা এবং রাজনীতিবিদ হিসেবে পরিচিত। ২০২০ সালে তিনি ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন। তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবেও কাজ করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েও তিনি শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। অর্থ পাচারের অভিযোগের তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও গতকাল তিনি হাজির হননি বলে জানা গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ