প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে সেন্টার ফর গ্লোবাল ল্যাঙ্গুয়েজেস এবং অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) ব্যবস্থাপনায় শহিদ আবু সাঈদ প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ ফর গ্লোবাল কম্যুনিকেশন : সিগনিফিক্যান্স অ্যান্ড অপরচুনিটিজ’ শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।
ডুয়েটের ভিসি প্রফেসর ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. প্রকৌশলী রুমা। চীনা ভাষার বৈশ্বিক যোগাযোগে গুরুত্ব এবং এ ভাষা জানার মাধ্যমে সৃষ্ট সুযোগ নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে ভিসি ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বিশ্ববিদ্যালয়সমূহে তৃতীয় ভাষা শিক্ষাদানের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একইসঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকেও (ইউজিসি) তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল রূপান্তর ও চতুর্থ শিল্পবিপ্লবের প্রভাবে প্রযুক্তি এবং বৈশ্বিক কর্মবাজার অভূতপূর্ব গতিতে পরিবর্তিত হচ্ছে। এই বাস্তবতায় বর্তমান ও আগামী প্রজন্মকে মাতৃভাষা এবং ইংরেজির পাশাপাশি বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ অন্যান্য ভাষায় দক্ষ করে গড়ে তোলা এখন সময়ের অপরিহার্য দাবি। বিদেশি ভাষায় দক্ষতা জনশক্তি রপ্তানির সম্ভাবনা বাড়াবে, কর্মবাজারকে বহুমুখী করবে এবং বৈশ্বিক ভ্যালু চেইনে বাংলাদেশের অংশগ্রহণ সুদৃঢ় করে দেশের সামগ্রিক অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশের সাথে চীনের ক্রমবর্ধমান সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতে বর্তমানে অপরিহার্য হয়ে ওঠা চীনা ভাষা শিক্ষা এক্ষেত্রে অন্যতম নিয়ামক হতে পারে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. ওবায়দুর রহমান বলেন, বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট কাজে লাগিয়ে বৈশ্বিক কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ গ্রহণের জন্য বর্তমানে চীনা ভাষা শিক্ষার গুরুত্ব অপরিসীম।
গেস্ট অব অনার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের ফ্যাকাল্টি জ আকিব ইরফান চীনা ভাষা শেখার মাধ্যমে ডুয়েট শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রের অবারিত সুযোগ গ্রহণের আহবান জানান। অনুষ্ঠানে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ফোকাল পয়েন্ট ড. আবদুর রহমান ফরহাদ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মো. শফিউল আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন