প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর ২০১৮ সালের অস্ট্রেলিয়া ক্রিকেটের বল টেম্পারিং কেলেঙ্কারি, যা ‘স্যান্ডপেপার গেট’ নামে পরিচিত, নতুন করে আলোচনায় এসেছে। খাজা বইয়ে দাবি করেছেন, কেপটাউনের পাশাপাশি পোর্ট এলিজাবেথ টেস্টেও বল বিকৃতির ঘটনা ঘটেছিল এবং দলের অনেকেই এ বিষয়ে অবগত ছিলেন।
তবে, সেই সময় দলের বোলিং আক্রমণে থাকা বর্তমান অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স এই অভিযোগকে সরাসরি নাকচ করেছেন। কামিন্সের এমন বক্তব্যে সাবেক অস্ট্রেলীয় ওপেনার খাজা হতাশ হয়েছেন।
এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে কামিন্স খাজার অভিযোগকে ‘ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন ও মানহানিকর’ বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, দলের সবাই বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানতেন—এমন খাজার বক্তব্য সত্য নয়।
এ প্রসঙ্গে কামিন্স বলেন, মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি তারা সবাই জানতেন, এমন ধারণা সম্পূর্ণ ভুল হবে। গত আট বছর ধরে তিনি বলে আসছেন, এমন কোনো ঘটনার বিষয়ে তার জানা ছিল না।
এদিকে, কামিন্সের প্রতি ক্রিকেট অস্ট্রেলিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। ফলে অধিনায়কত্ব নিয়ে আপাতত কোনো অনিশ্চয়তা তৈরি হয়নি। তবে খাজা জানিয়েছেন, তিনি কখনোই কামিন্সের নেতৃত্ব হারানো চাননি। এক পডকাস্টে তিনি বলেন, সবসময়ই কামিন্সকে অধিনায়ক হিসেবে দেখতে চেয়েছেন এবং কখনো তার পদ হারানোর পক্ষে ছিলেন না।
খাজার ভাষ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনের আগে কামিন্সের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তিনি চেয়েছিলেন, ২০১৮ সালের ঘটনার দায় দলগতভাবে স্বীকার করা হোক। কিন্তু কামিন্স বল টেম্পারিং সম্পর্কে জানার বিষয়টি অস্বীকার করার পাশাপাশি তার বক্তব্যকে ‘মানহানিকর’ বলে আখ্যা দেন।
কামিন্সের এমন প্রতিক্রিয়ায় খাজা নিজের বিস্ময় ও হতাশার কথা জানিয়েছেন। তিনি বলেন, কামিন্স তার বিরুদ্ধে এভাবে ব্যক্তিগত আক্রমণ করবেন, তা কখনো ভাবেননি। বিশেষ করে ব্যক্তিগতভাবে যেভাবে তাকে আক্রমণ করা হয়েছে এবং এখনো হচ্ছে, তা তাকে ব্যথিত করেছে। সাবেক এই ওপেনার জানান, কামিন্সের এমন আচরণ আগে কখনো দেখেননি।
তবে খাজার দাবির পক্ষে কথা বলেছেন সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। তারা জানিয়েছেন, খাজার বক্তব্য পুরোপুরি সত্য। খাজা নিজের অবস্থানেও অনড় রয়েছেন। তার দাবি, তিনি যা বলেছেন, তা সত্য বলেই বলেছেন। এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই এবং সত্য প্রকাশ করায় রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন