মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:০৭ পি.এম
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক অবস্থায় থাকা ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন। তারা মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রত্যাবাসিতদের মধ্যে ১৯ জন অসুস্থ অবস্থায় রয়েছেন।
সোমবার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘ সময় ধরে তারা ওই আটককেন্দ্রে ছিলেন।
এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে, লিবিয়া সরকার ও আইওএমের সহযোগিতায়। মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা দেশে পৌঁছান।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় অনিয়মিত পথে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। পরে ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর তাদের বিভিন্ন আটককেন্দ্রে রাখা হয়।
বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরার আগে তাদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। তিনি এ সময় দেশে ফিরে নতুন করে জীবন শুরু করার পাশাপাশি ভবিষ্যতে দক্ষতা অর্জনের পরামর্শ দেন। তিনি অনিয়মিত পথে বিদেশ গমন থেকে বিরত থাকার আহ্বানও জানান।
ঢাকার বিমানবন্দরে ফেরত আসা বাংলাদেশিদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। প্রয়োজনে তাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে, লিবিয়ার ত্রিপোলি ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। বুধবার (২৫ নভেম্বর) তাদের প্রত্যাবাসনের পরিকল্পনা রয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও আইওএমের যৌথ উদ্যোগ অব্যাহত রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি পেয়েছে এক দিনের ব্যবধানে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বেড়ে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকায় নির্ধারণ করা হয়েছে। এই পরিস্থিতিতে স্বর্ণের দাম দুই লাখ টাকার কাছাকাছি পৌঁছেছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নতুন দাম ঘোষণা করেছে। এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
বাজুসের ঘোষণার ভিত্তিতে, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও সমন্বয় করা হয়েছে।
স্বর্ণের নতুন দাম
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি নির্ধারণ করা হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৪৯ টাকা বেড়ে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেদিন ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এক দিনের মধ্যেই আবারও স্বর্ণের মূল্য বৃদ্ধি করা হলো। বাজুসের হিসাব অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৭ দফা দাম বৃদ্ধি পেয়েছে, ৭৬ দফা দাম কমেছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ফিরেছে। গত এক বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ। সেপ্টেম্বর মাসের শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা।
ব্যাংক খাতের আর্থিক ভিত্তি ও সুশাসন জোরদারে চলমান সংস্কার উদ্যোগের মধ্যে আমানতের এই প্রবৃদ্ধিকে গ্রাহকদের আস্থা ফিরে আসার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা।
এদিকে, চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আমানত বেড়েছে ৩০ হাজার ৭ কোটি ৩০ লাখ টাকা বা ১ দশমিক ৪১ শতাংশ। আগস্ট শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল ২১ লাখ ৩২ হাজার ৫২১ কোটি ৩০ লাখ টাকা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে।
তিনি বলেন, কয়েকটি ব্যাংক সমস্যার মুখে পড়েছিল। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এসব ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করেছে। এর ফলে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র বলেন, ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, সুশাসন নিশ্চিত করা এবং বিনিয়োগ ও ঋণপ্রবাহ স্বাভাবিক করতে একটি সমন্বিত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ইতোমধ্যে ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাকি ব্যাংকগুলোর মূল্যায়ন কার্যক্রমও এগিয়ে চলছে।
তিনি জানান, খেলাপি ঋণ কমানো, মূলধন ঘাটতি মোকাবিলা, কর্পোরেট সুশাসন জোরদার এবং ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৪৪ কোটি ৩০ লাখ টাকা। আগস্টে এর পরিমাণ ছিল ১৮ লাখ ১২ হাজার ৮৩০ কোটি টাকা। তবে এক বছরের ব্যবধানে ঋণ ও অগ্রিমের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ।
অন্যদিকে, সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণে ব্যাংকগুলোর বিনিয়োগ এক বছরে ৩১ দশমিক ৩১ শতাংশ বেড়ে গত সেপ্টেম্বরে ৭ লাখ ৬৭ হাজার ৭৩১ কোটি টাকায় দাঁড়িয়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, ব্যাংক খাতে আমানত সংগ্রহের প্রবৃদ্ধি ঋণ বিতরণের তুলনায় বেশি। আর্থিক খাতের বিদ্যমান চ্যালেঞ্জের কারণে বেসরকারি খাতে ঋণ সম্প্রসারণে ব্যাংকগুলো এখনো সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেও কয়েকটি বেসরকারি ব্যাংকের আমানত সংগ্রহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির চিত্র উঠে এসেছে। বিশেষ করে তুলনামূলক শক্তিশালী আর্থিক ভিত্তি ও সুশাসনসম্পন্ন ব্যাংকগুলোতে আমানত বাড়ছে।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাদের গ্রাহক আমানত ১৬ শতাংশ বেড়ে ১ লাখ ৩ হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ৭৭ হাজার ৯৪৭ কোটি টাকা। এ সময়ে খেলাপি ঋণের হার ছিল ২ দশমিক ২৭ শতাংশ। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেড়ে ২ হাজার ১২১ কোটি টাকায় দাঁড়িয়েছে।
সিটি ব্যাংকের আমানতও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির আমানত ছিল ৬৩ হাজার ১৬৪ কোটি ২৪ লাখ টাকা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ৪১২ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে আমানত বেড়েছে ২২ দশমিক ৬ শতাংশ। ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মেয়াদি আমানত, সঞ্চয়ী আমানত ও চলতি হিসাবের আমানত বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে।
ব্যাংক এশিয়ার আমানতও চলতি বছরের প্রথম নয় মাসে ১৯ শতাংশ বেড়েছে। এ সময়ে ব্যাংকটির আমানতের পরিমাণ ৪৪ হাজার ৬১৫ কোটি টাকা থেকে বেড়ে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে ব্যাংকটির নিট মুনাফা ৩৪ শতাংশ বেড়ে ৪৭২ কোটি টাকা হয়েছে। গত বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৩৫১ কোটি টাকা।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, এক বছরে ব্যাংক খাতে প্রায় ১৩ শতাংশ আমানত বৃদ্ধি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের একটি উৎসাহব্যঞ্জক লক্ষণ।
তবে সব ব্যাংকে আমানত বৃদ্ধির চিত্র সমান নয় উল্লেখ করে তিনি বলেন, আমানতকারীরা এখন তুলনামূলক ভালো সুশাসন ও আর্থিক ভিত্তিসম্পন্ন ব্যাংককে বেশি গুরুত্ব দিচ্ছেন। এটি স্বাভাবিক প্রবণতা।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করা মাসরুর আরেফিন বলেন, তার ব্যাংকের আমানত ২২ শতাংশের বেশি বৃদ্ধি এই প্রবণতারই প্রতিফলন।
তিনি বলেন, ব্যাংক খাতে আমানতকারীদের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, সম্পদের গুণগত মান এবং আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক উন্নতি নিশ্চিত করতে হবে।
এদিকে, সাধারণ আমানতকারীদের কাছে ব্যাংক খাতের পুনরুদ্ধারের সবচেয়ে বড় পরীক্ষা হলো প্রয়োজনের সময় নিজেদের অর্থ নির্বিঘ্নে উত্তোলন করতে পারা। এর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ে মেয়াদি আমানতের অর্থ ফেরত, চেক নিষ্পত্তি এবং এটিএম সেবা স্বাভাবিক রাখা।
আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অতীতে এসব ব্যাংকের তারল্যসংকটের কারণে স্বাভাবিক ব্যাংকিং সেবা ব্যাহত হওয়ার ঘটনাও ঘটেছে।
এ পরিস্থিতি কাটিয়ে ন্যাশনাল ব্যাংক গত ১৫ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু করেছে। আমানত উত্তোলন ও তারল্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার পর ব্যাংকটি এ কার্যক্রম শুরু করে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, জনআস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ব্যাংক খাতে আস্থা পুনরুদ্ধারে শুধু স্বল্পমেয়াদি তারল্য সহায়তা যথেষ্ট নয়।
তিনি কর্পোরেট সুশাসন জোরদার, আর্থিক প্রতিবেদন স্বচ্ছ করা, ঋণ আদায় বাড়ানো, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং আর্থিক অনিয়মের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ব্যাংকগুলোর চলমান সম্পদের গুণগত মান পর্যালোচনা এবং সংস্কার উদ্যোগের মাধ্যমে প্রতিটি ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থা চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আমানত বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখার পাশাপাশি উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো গেলে বেসরকারি বিনিয়োগ, শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে ব্যাংক খাতের অবদান বাড়াতে জনগণের সঞ্চয় সংগ্রহের পাশাপাশি সেই অর্থ উৎপাদনশীল বিনিয়োগে দক্ষতার সঙ্গে ব্যবহার নিশ্চিত করতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিটের যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন। তিনি প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন, যা তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে দ্বীপটির উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই সফরের তথ্য জানান।
স্বর্ণদ্বীপে অবস্থানকালে প্রধানমন্ত্রী যৌথ মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন। অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম সরেজমিনে দেখার পরিকল্পনাও রয়েছে তাঁর।
বিশেষ এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট। সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট এই মহড়ায় অংশগ্রহণ করছে। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে এ ধরনের মহড়া এবারই প্রথম আয়োজন করা হচ্ছে।
যৌথ প্রশিক্ষণের মাধ্যমে তিন বাহিনীর বিশেষ ইউনিটগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, পেশাগত দক্ষতা এবং সম্মিলিত অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত এক যুগের বেশি সময় ধরে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে বিশেষ এই মহড়া এবারই প্রথম।
নির্ধারিত কর্মসূচি ও মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে হেলিকপ্টারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলায়, ঢাকাসহ দেশের আটটি জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এসব জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিজিবি মোতায়েন করা জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার। বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে তারা কাজ করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বাহিনীটি বদ্ধপরিকর।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ