প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক অবস্থায় থাকা ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরে এসেছেন। তারা মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রত্যাবাসিতদের মধ্যে ১৯ জন অসুস্থ অবস্থায় রয়েছেন।
সোমবার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘ সময় ধরে তারা ওই আটককেন্দ্রে ছিলেন।
এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে, লিবিয়া সরকার ও আইওএমের সহযোগিতায়। মঙ্গলবার ভোর ৪টা ৪৫ মিনিটে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা দেশে পৌঁছান।
প্রত্যাবাসিত বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় অনিয়মিত পথে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের মধ্যে অনেকেই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। পরে ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর তাদের বিভিন্ন আটককেন্দ্রে রাখা হয়।
বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফেরার আগে তাদের বিদায় জানান লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। তিনি এ সময় দেশে ফিরে নতুন করে জীবন শুরু করার পাশাপাশি ভবিষ্যতে দক্ষতা অর্জনের পরামর্শ দেন। তিনি অনিয়মিত পথে বিদেশ গমন থেকে বিরত থাকার আহ্বানও জানান।
ঢাকার বিমানবন্দরে ফেরত আসা বাংলাদেশিদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসিত প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। প্রয়োজনে তাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে, লিবিয়ার ত্রিপোলি ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। বুধবার (২৫ নভেম্বর) তাদের প্রত্যাবাসনের পরিকল্পনা রয়েছে। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও আইওএমের যৌথ উদ্যোগ অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন