মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:০৮ পি.এম
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : দেশের ব্যাংকিং খাতে আমানতের প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ফিরেছে। গত এক বছরে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ১২ দশমিক ৯৪ শতাংশ। সেপ্টেম্বর মাসের শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ২১ লাখ ৬২ হাজার ৫২৮ কোটি ৬০ লাখ টাকা।
ব্যাংক খাতের আর্থিক ভিত্তি ও সুশাসন জোরদারে চলমান সংস্কার উদ্যোগের মধ্যে আমানতের এই প্রবৃদ্ধিকে গ্রাহকদের আস্থা ফিরে আসার ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ১৪ হাজার ৭৪৪ কোটি ৫০ লাখ টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে আমানত বেড়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৮৪ কোটি ১০ লাখ টাকা।
এদিকে, চলতি বছরের আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আমানত বেড়েছে ৩০ হাজার ৭ কোটি ৩০ লাখ টাকা বা ১ দশমিক ৪১ শতাংশ। আগস্ট শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ ছিল ২১ লাখ ৩২ হাজার ৫২১ কোটি ৩০ লাখ টাকা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন উদ্যোগের ফলে ব্যাংক খাতে সাধারণ মানুষের আস্থা ফিরতে শুরু করেছে।
তিনি বলেন, কয়েকটি ব্যাংক সমস্যার মুখে পড়েছিল। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এসব ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে শুরু করেছে। এর ফলে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক প্রভাব পড়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র বলেন, ব্যাংক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, সুশাসন নিশ্চিত করা এবং বিনিয়োগ ও ঋণপ্রবাহ স্বাভাবিক করতে একটি সমন্বিত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
ইতোমধ্যে ১৫টি ব্যাংকের সম্পদের গুণগত মান পর্যালোচনা (অ্যাসেট কোয়ালিটি রিভিউ) সম্পন্ন হয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় বাকি ব্যাংকগুলোর মূল্যায়ন কার্যক্রমও এগিয়ে চলছে।
তিনি জানান, খেলাপি ঋণ কমানো, মূলধন ঘাটতি মোকাবিলা, কর্পোরেট সুশাসন জোরদার এবং ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ১১ হাজার ৯৪৪ কোটি ৩০ লাখ টাকা। আগস্টে এর পরিমাণ ছিল ১৮ লাখ ১২ হাজার ৮৩০ কোটি টাকা। তবে এক বছরের ব্যবধানে ঋণ ও অগ্রিমের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশ।
অন্যদিকে, সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য আর্থিক উপকরণে ব্যাংকগুলোর বিনিয়োগ এক বছরে ৩১ দশমিক ৩১ শতাংশ বেড়ে গত সেপ্টেম্বরে ৭ লাখ ৬৭ হাজার ৭৩১ কোটি টাকায় দাঁড়িয়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, ব্যাংক খাতে আমানত সংগ্রহের প্রবৃদ্ধি ঋণ বিতরণের তুলনায় বেশি। আর্থিক খাতের বিদ্যমান চ্যালেঞ্জের কারণে বেসরকারি খাতে ঋণ সম্প্রসারণে ব্যাংকগুলো এখনো সতর্ক অবস্থানে রয়েছে।
এদিকে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেও কয়েকটি বেসরকারি ব্যাংকের আমানত সংগ্রহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির চিত্র উঠে এসেছে। বিশেষ করে তুলনামূলক শক্তিশালী আর্থিক ভিত্তি ও সুশাসনসম্পন্ন ব্যাংকগুলোতে আমানত বাড়ছে।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাদের গ্রাহক আমানত ১৬ শতাংশ বেড়ে ১ লাখ ৩ হাজার ৯১ কোটি টাকা ছাড়িয়েছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ৭৭ হাজার ৯৪৭ কোটি টাকা। এ সময়ে খেলাপি ঋণের হার ছিল ২ দশমিক ২৭ শতাংশ। চলতি বছরের প্রথম নয় মাসে ব্যাংকটির সমন্বিত নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ বেড়ে ২ হাজার ১২১ কোটি টাকায় দাঁড়িয়েছে।
সিটি ব্যাংকের আমানতও উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির আমানত ছিল ৬৩ হাজার ১৬৪ কোটি ২৪ লাখ টাকা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ হাজার ৪১২ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে আমানত বেড়েছে ২২ দশমিক ৬ শতাংশ। ব্যাংকটির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, মেয়াদি আমানত, সঞ্চয়ী আমানত ও চলতি হিসাবের আমানত বৃদ্ধির ফলে এ প্রবৃদ্ধি হয়েছে।
ব্যাংক এশিয়ার আমানতও চলতি বছরের প্রথম নয় মাসে ১৯ শতাংশ বেড়েছে। এ সময়ে ব্যাংকটির আমানতের পরিমাণ ৪৪ হাজার ৬১৫ কোটি টাকা থেকে বেড়ে ৫৩ হাজার ৩০৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে ব্যাংকটির নিট মুনাফা ৩৪ শতাংশ বেড়ে ৪৭২ কোটি টাকা হয়েছে। গত বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৩৫১ কোটি টাকা।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান মাসরুর আরেফিন বলেন, এক বছরে ব্যাংক খাতে প্রায় ১৩ শতাংশ আমানত বৃদ্ধি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারের একটি উৎসাহব্যঞ্জক লক্ষণ।
তবে সব ব্যাংকে আমানত বৃদ্ধির চিত্র সমান নয় উল্লেখ করে তিনি বলেন, আমানতকারীরা এখন তুলনামূলক ভালো সুশাসন ও আর্থিক ভিত্তিসম্পন্ন ব্যাংককে বেশি গুরুত্ব দিচ্ছেন। এটি স্বাভাবিক প্রবণতা।
সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করা মাসরুর আরেফিন বলেন, তার ব্যাংকের আমানত ২২ শতাংশের বেশি বৃদ্ধি এই প্রবণতারই প্রতিফলন।
তিনি বলেন, ব্যাংক খাতে আমানতকারীদের পূর্ণ আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, সম্পদের গুণগত মান এবং আর্থিক শৃঙ্খলার ধারাবাহিক উন্নতি নিশ্চিত করতে হবে।
এদিকে, সাধারণ আমানতকারীদের কাছে ব্যাংক খাতের পুনরুদ্ধারের সবচেয়ে বড় পরীক্ষা হলো প্রয়োজনের সময় নিজেদের অর্থ নির্বিঘ্নে উত্তোলন করতে পারা। এর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ে মেয়াদি আমানতের অর্থ ফেরত, চেক নিষ্পত্তি এবং এটিএম সেবা স্বাভাবিক রাখা।
আর্থিক সংকটে থাকা ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অতীতে এসব ব্যাংকের তারল্যসংকটের কারণে স্বাভাবিক ব্যাংকিং সেবা ব্যাহত হওয়ার ঘটনাও ঘটেছে।
এ পরিস্থিতি কাটিয়ে ন্যাশনাল ব্যাংক গত ১৫ অক্টোবর থেকে পূর্ণাঙ্গ ব্যাংকিং কার্যক্রম পুনরায় শুরু করেছে। আমানত উত্তোলন ও তারল্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনার পর ব্যাংকটি এ কার্যক্রম শুরু করে। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, জনআস্থা বজায় রাখা এবং ব্যাংকিং কার্যক্রম সুশৃঙ্খল রাখতে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয়।
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ব্যাংক খাতে আস্থা পুনরুদ্ধারে শুধু স্বল্পমেয়াদি তারল্য সহায়তা যথেষ্ট নয়।
তিনি কর্পোরেট সুশাসন জোরদার, আর্থিক প্রতিবেদন স্বচ্ছ করা, ঋণ আদায় বাড়ানো, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ এবং আর্থিক অনিয়মের জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
ব্যাংকগুলোর চলমান সম্পদের গুণগত মান পর্যালোচনা এবং সংস্কার উদ্যোগের মাধ্যমে প্রতিটি ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থা চিহ্নিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এর ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী সংশোধনমূলক পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, আমানত বৃদ্ধির এই ধারা অব্যাহত রাখার পাশাপাশি উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো গেলে বেসরকারি বিনিয়োগ, শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে ব্যাংক খাতের অবদান বাড়াতে জনগণের সঞ্চয় সংগ্রহের পাশাপাশি সেই অর্থ উৎপাদনশীল বিনিয়োগে দক্ষতার সঙ্গে ব্যবহার নিশ্চিত করতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিটের যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে পৌঁছেছেন। তিনি প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন, যা তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার স্বর্ণদ্বীপে অবতরণ করে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে দ্বীপটির উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই সফরের তথ্য জানান।
স্বর্ণদ্বীপে অবস্থানকালে প্রধানমন্ত্রী যৌথ মহড়ার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন। অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের কার্যক্রম সরেজমিনে দেখার পরিকল্পনাও রয়েছে তাঁর।
বিশেষ এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিট। সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট এই মহড়ায় অংশগ্রহণ করছে। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে এ ধরনের মহড়া এবারই প্রথম আয়োজন করা হচ্ছে।
যৌথ প্রশিক্ষণের মাধ্যমে তিন বাহিনীর বিশেষ ইউনিটগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, পেশাগত দক্ষতা এবং সম্মিলিত অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
গত এক যুগের বেশি সময় ধরে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সমন্বয়ে বিশেষ এই মহড়া এবারই প্রথম।
নির্ধারিত কর্মসূচি ও মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে হেলিকপ্টারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মোকাবিলায়, ঢাকাসহ দেশের আটটি জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এসব জেলায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিজিবি মোতায়েন করা জেলাগুলোর মধ্যে রয়েছে ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার। বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে তারা কাজ করছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল এবং দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বাহিনীটি বদ্ধপরিকর।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ‘উন্মাদনা’ ও ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন। তিনি মন্তব্য করেন, "একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা বিশ্বে বিরল।" তাঁর মতে, এমন দাবি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান। এজন্য তিনি ভারতের দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে তাঁকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
আমিনুল ইসলাম বলেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির হয়ে এ ধরনের দাবি তোলার ঘটনা নজিরবিহীন। তিনি মুখপাত্রের বক্তব্যকে বাস্তবতাবিবর্জিত এবং উন্মাদনা ছাড়া আর কিছু নয় বলে উল্লেখ করেন। তাঁর মতে, এ ধরনের দাবি গ্রহণযোগ্য হতে পারে না।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে অবস্থান নেওয়ার পর শেখ হাসিনা এবারই প্রথম দেশে ফেরার জন্য একটি সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করেছেন। মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী দাবি করেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি রাষ্ট্রীয় উড়োজাহাজে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই বিজয় দিবসে তাঁকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা সরকারের করা উচিত।
এছাড়া দেশে ফেরার প্রস্তুতি হিসেবে শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন পাঠিয়েছে ব্রিটিশ আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। ওই আবেদনের অগ্রগতি জানতে ১৯ নভেম্বর প্রতিষ্ঠানটির ব্যারিস্টার স্টিভেন পাওলস আবার চিঠি দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং দিল্লি ও সীমান্তবর্তী এলাকায় সংবাদ সম্মেলন করার বিষয়ে সরকারের কোনো ব্যর্থতা রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, "বাংলাদেশের ভূখণ্ডের বাইরে তারা কী করছে, সে বিষয়ে সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত।" অন্য দেশে কোনো আসামির তৎপরতা থাকলে কূটনৈতিক চ্যানেলে বিষয়টি জানানো যেতে পারে।
আমিনুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটির সন্ত্রাসী পরিচয় প্রকাশ পাচ্ছে বলে তিনি মনে করেন। তাঁর ভাষ্য, "দলটির নেতাকর্মীরা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববাসীর কাছে নিজেদের দুষ্কৃতকারী ও খুনি হিসেবে তুলে ধরছেন।"
তিনি আরও বলেন, যদি আওয়ামী লীগ কর্মকাণ্ডের মাধ্যমে সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমে সরকার ও ট্রাইব্যুনালকে দলটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের দাবিতে একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়েছে। সরকারের একজন প্রতিমন্ত্রী এই অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে এবং তদন্ত শেষ হলে পরবর্তী পদক্ষেপ ও বিস্তারিত তথ্য জানানো হবে।
ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শুনানি নিয়েও কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর মামলার যুক্তিতর্ক চলছে এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। অন্য টেলিভিশন চ্যানেলগুলোও শুনানিটি সম্প্রচার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগকে গুরুতর উল্লেখ করে আমিনুল ইসলাম তাঁর বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন। রাষ্ট্রপক্ষ মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তি বাজেয়াপ্তসহ অন্যান্য আনুষঙ্গিক সাজাও চাইবে বলে জানান তিনি। এ সময় জিয়াউল আহসানকে ঘিরে গুরুতর হত্যার অভিযোগের কথা তুলে ধরে চিফ প্রসিকিউটর বলেন, "তাঁর বিরুদ্ধে এককভাবে ১১৫ জনের বেশি মানুষ হত্যার অভিযোগ রয়েছে।" তবে এসব বক্তব্য ও অভিযোগ বিচারাধীন মামলার অংশ।
জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শুনতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্বীকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে ছিলেন গুমের স্বীকার ব্যক্তিদের স্বজনদের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক ও বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।
তিনি বলেন, "এক যুগেরও বেশি সময় ধরে গুম ও বিচারবহির্ভূত হত্যার স্বীকার পরিবারগুলো ন্যায়বিচারের দাবিতে লড়াই করছেন।" এসব পরিবার ঐক্যবদ্ধ ছিল বলেই শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে পেরেছেন বলে মন্তব্য করেন তিনি।
সানজিদা ইসলাম তুলি বলেন, গুম কমিশনের তথ্য অনুযায়ী, দেশে ১ হাজার ৮০০-এর বেশি মানুষ গুমের স্বীকার হয়েছেন। তাঁদের মধ্যে আড়াই শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রীয় বাহিনীকে কীভাবে মানুষ হত্যা ও গুমের কাজে ব্যবহার করা হয়েছে, তা উন্মোচনের দাবি জানান তিনি। গোপন বন্দিশালায় নির্যাতন, লিথাল ইঞ্জেকশন ও ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগের পাশাপাশি হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়ার মতো ঘটনার সত্যতা উদঘাটনের দাবি জানান তিনি।
তুলির ভাষ্য, গোপন বন্দিশালায় কীভাবে নির্যাতন করা হয়েছে এবং নিখোঁজ ব্যক্তিদের শেষ পর্যন্ত কী পরিণতি হয়েছে, তা দেশবাসীর জানা প্রয়োজন। তাঁরা প্রতিটি গুম ও হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত এবং বিচার চান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : চীনের মহাকাশ অভিযানে প্রথমবারের মতো বিদেশি নভোচারী অংশগ্রহণ করতে যাচ্ছেন। বুধবার নতুন মহাকাশযানের যাত্রার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন পাকিস্তানের এই নভোচারী, যিনি জানিয়েছেন, তিনি ‘২৫ কোটি পাকিস্তানির আশা-আকাক্সক্ষা’ নিয়ে যাচ্ছেন।
এটি একটি গুরুত্বপূর্ণ খবর যা বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে। চীন তার মহাকাশ কর্মসূচিতে ব্যাপক অর্থ বিনিয়োগ করেছে। তিয়াংগং মহাকাশ স্টেশন পরিচালনার জন্য একটি তিনজন নভোচারীর দল দায়িত্ব পালন করে। সাধারণত প্রতি ছয় মাস পরপর এই দলের সদস্যদের পরিবর্তন করা হয়।
চীনের মানববাহী মহাকাশ সংস্থার (সিএমএসএ) মুখপাত্র ঝাং জিংবো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শেনঝৌ-২৪ মিশন বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণকেন্দ্র থেকে যাত্রা শুরু করবে।
এই মিশনের মাধ্যমে পাকিস্তানের পেলোড বিশেষজ্ঞ মুহাম্মদ জিশান আলী চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়বেন। মিশনে অংশগ্রহণকারী নভোচারীদের পরিচিতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে আলী বলেছেন, ‘আমি আমার কাঁধে বহন করছি পাকিস্তানের নাম, ২৫ কোটি পাকিস্তানির আশা-আকাক্সক্ষা।’
তিনি আরও উল্লেখ করেছেন, ‘আমি যখন মহাকাশে থাকব, তখন যেসব শিশু আমার দিকে তাকিয়ে থাকবে, তাদের বলব—আকাশের দিকে তাকাও এবং মনে রেখো, তোমাদের স্বপ্ন নিয়েই আমি সেখানে আছি।’ আলী সাবলীলভাবে ম্যান্ডারিন ও উর্দু ভাষায় বক্তব্য দেন।
আলীর মহাকাশযাত্রা হবে সংক্ষিপ্ত, যেখানে তিনি প্রায় পাঁচ দিন কক্ষপথে অবস্থান করবেন এবং পরে শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন। উল্লেখ্য, ওই মহাকাশযানটি গত মে মাসে তিয়াংগং মহাকাশ স্টেশনে যুক্ত হয়েছিল।
তবে আলী মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক নন। এর আগে ২০২৩ সালের অক্টোবরে মোনাকোভিত্তিক মেরু অভিযাত্রী নামিরা সেলিম ভার্জিন গ্যালাকটিকের গ্যালাকটিক-০৪ মিশনে মহাকাশ ভ্রমণ করেছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে চীন তার মহাকাশ কর্মসূচিতে ব্যাপক বিনিয়োগ করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মহাকাশ প্রতিযোগিতায় ব্যবধান কমানোর চেষ্টা করছে। চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থাকার কারণে মহাকাশ অভিযানে দেশটি বেইজিংয়ের স্বাভাবিক অংশীদার হয়ে উঠেছে।
বর্তমানে তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানরত নভোচারীদের নেতৃত্ব দিচ্ছেন ৪০ বছর বয়সী ঝু ইয়াংঝু। তার সঙ্গে রয়েছেন লাই কাইইং ও ৪০ বছর বয়সী ঝাং ঝিইউয়ান। লাই হংকংয়ের প্রথম নভোচারী এবং বর্তমানে মহাকাশ স্টেশনে অবস্থানরত একমাত্র নারী।
নতুন পুরুষ নভোচারীদের দল তিয়াংগংয়ে পৌঁছানোর পর পাকিস্তানের আলী লাই ও ঝাংয়ের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন। তবে ঝু মহাকাশ স্টেশনে থেকে যাবেন, যেখানে তিনি চীনের ইতিহাসে প্রথমবারের মতো টানা এক বছর মহাকাশে অবস্থানের লক্ষ্য পূরণের চেষ্টা করবেন। ভবিষ্যতে চাঁদে এবং আরও দূরবর্তী মহাকাশে অভিযানের প্রস্তুতির জন্য এ দীর্ঘমেয়াদি অবস্থান একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
পরবর্তী ছয় মাসের জন্য তিয়াংগং মহাকাশ স্টেশনে ঝুর সঙ্গে থাকবেন ৫১ বছর বয়সী অভিজ্ঞ নভোচারী তাং হংবো এবং ত্রিশের কোঠার শেষ বয়সী উ ই। উ ই প্রথমবারের মতো মহাকাশযাত্রা করতে যাচ্ছেন।
সিএমএসএ’র মুখপাত্র ঝাং জানিয়েছেন, নভোচারীদের বহনকারী লং মার্চ-২এফ রকেটে শিগগিরই জ্বালানি ভরা হবে। তিনি আরও জানান, নভোচারীরা সুস্থ আছেন এবং মহাকাশ স্টেশনও স্বাভাবিকভাবে কাজ করছে। মিশন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ