১০:২৬ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ সমাজকে মাদক এবং সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে। তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করতে হবে। একটি সুস্থ, মানবিক এবং সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার জন্য খেলাধুলার বিকল্প নেই।
রোববার (১৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মূলধারার ক্রীড়ায় সম্পৃক্ত করার উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে। এটি সবাইকে সমানভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রানারআপ হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি—উভয়পক্ষের চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি দলকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁর এ ঘোষণায় উপস্থিত খেলোয়াড়, শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, অন্তর্ভুক্তি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’-এর আয়োজন করা হয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের অংশগ্রহণ এ আয়োজনকে আরও অর্থবহ এবং মানবিক করে তুলেছে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন