শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:০১ পি.এম
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের বিভিন্ন স্থানে প্রায় এক কোটি টাকা ব্যয়ে ২৬১টি ডাস্টবিন স্থাপন করা হয়েছিল। কিন্তু বর্তমানে এসব ডাস্টবিনের অনেকগুলো অকেজো হয়ে পড়েছে। নিয়মিত ময়লা অপসারণ না হওয়ার কারণে ডাস্টবিনের চারপাশে আবর্জনা জমা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এতে শহরের বিভিন্ন স্থানে যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, বন ও পরিবেশ মন্ত্রণালয় প্রকল্পের আওতায় ২ কোটি ৯৯ লক্ষ ৪৯ হাজার টাকা ব্যয়ে পৌর শহরের ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে ১৫৫টি সোলার স্ট্রিট লাইট ও ২৬১টি স্টেইনলেস স্টিল ওয়েন্টবিন (ডাস্টবিন) বসানো হয়েছে। পৌরসভা এই কাজগুলো বাস্তবায়ন করেছে। স্ট্রিট লাইটের জন্য খরচ দেখানো হয়েছে ১ কোটি ৭৫ লক্ষ ১৮ হাজার ৪১০ টাকা এবং ডাস্টবিনের জন্য খরচ হয়েছে ৯৩ লক্ষ ৯৫ হাজার ৯৯৯ টাকা।
পৌর শহরের কয়েকটি এলাকা পরিদর্শন করে দেখা যায়, ডাস্টবিনে ময়লা জমে রয়েছে। অনেক স্থানে ডাস্টবিনের বাইরেও আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। দীর্ঘদিন ময়লা অপসারণ না করায় কোথাও কোথাও ডাস্টবিনের চারপাশ ময়লার স্তূপে পরিণত হয়েছে। শহরের প্রাণকেন্দ্রের একটি প্রবহমান খালে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডাস্টবিন স্থাপন করা হলেও নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা করা হয়নি। ফলে ডাস্টবিনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। যত্রতত্র ময়লা ফেলায় পরিবেশও দূষিত হচ্ছে।
পৌরবাসীর দাবি, ডাস্টবিন স্থাপনের পাশাপাশি নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। তা না হলে সরকারি অর্থ ব্যয়ে স্থাপিত এসব ডাস্টবিন নাগরিক সুবিধার পরিবর্তে দুর্ভোগের কারণ হয়ে থাকবে। জনবসতি এলাকায় ছোট ডাস্টবিন দিয়ে হয় না, তাই পৌরসভার উদ্যোগে নতুন করে ডাস্টবিন বসানো উচিত।
ময়লা পরিষ্কার ও ডাস্টবিন স্থাপনের বিষয়ে জানতে চাইলে মঠবাড়িয়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা বলেন, ডাস্টবিনগুলো কবে স্থাপন করা হয়েছে, সে বিষয়ে তার বিস্তারিত জানা নেই। তিনি জানান, কোনো ডাস্টবিন নষ্ট হয়ে থাকলে বা সেখানে ময়লা জমে থাকার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পৌরসভার কর্মীরা বিভিন্ন এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। তবে জনবল সংকটের কারণে সব এলাকায় নিয়মিত পৌঁছানো সম্ভব হয় না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার জনগণের সামষ্টিক কল্যাণ এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য ভুটানের দৃঢ় সমর্থন চেয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জার্মানি যাওয়ার পথে ঢাকায় এক ঘণ্টার যাত্রাবিরতির সময় এই আহ্বান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের কাছে জানানো হয়।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই অনুরোধ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, যারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি দুপুর ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানান দুই মন্ত্রী।
বৈঠকের সময় বাংলাদেশের দুই মন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক ঘটনাটি স্মরণ করেন। তারা দুই দেশের মধ্যে বিদ্যমান সুদৃঢ় ও চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। উভয় পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনার সময় ভুটানের পরিকল্পিত ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) প্রকল্পে বিভিন্ন পেশার দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠিয়ে সার্বিক সহযোগিতা করার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করা হয়। একইসঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নত ও ঐক্যবদ্ধ দক্ষিণ এশিয়া গড়ার স্বপ্নের কথাও স্মরণ করা হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর ভুটানের প্রধানমন্ত্রী জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সিঙ্গাপুর সরকার নতুন একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানো বা ‘ডুমস্ক্রলিং’-এর প্রবণতা কমানোর লক্ষ্যে। কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়ার বিনিময়ে অর্থ প্রদান করা হবে।
এই নতুন উদ্যোগের আওতায় বই পড়ার জন্য পয়েন্ট সংগ্রহ করতে হবে। সরকারি একটি ওয়েবসাইটে প্রতিদিনের পড়ার সময় নথিভুক্ত করার মাধ্যমে ভার্চুয়াল কয়েন অর্জন করা যাবে। যদি কেউ প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়ে, তাহলে ২০ কয়েন পাওয়া যাবে। একজন ব্যক্তি দিনে একটি পড়ার সেশনই নথিভুক্ত করতে পারবেন। ১,০০০ কয়েন জমা হলে ১ সিঙ্গাপুর ডলার অর্জন করা যাবে, যা প্রায় ৮০ সেন্টের সমান। অর্থাৎ, যদি কেউ প্রতিদিন ১৫ মিনিট করে মোট ৫০টি পড়ার সেশন সম্পন্ন করে, তাহলে তিনি ১ সিঙ্গাপুর ডলার পাবেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
সিঙ্গাপুরের ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের প্রধান মেলিসা টাম বলেন, “ছোট ও সহজলভ্য পদক্ষেপের মাধ্যমে টেকসই পড়ার অভ্যাস গড়ে ওঠে।”
তিনি আরও বলেন, “আমরা এমন এক যুগে বসবাস করছি, যেখানে তথ্যের বৈচিত্র্য, কনটেন্ট আর নানা ধরনের বিনোদনের কোনো অভাব নেই।” দ্য স্ট্রেইটস টাইমসে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, “যেকোনো মুহূর্তেই আমরা শত শত খবরের শিরোনাম স্ক্রল করতে পারি, ভিডিও দেখতে পারি কিংবা প্রায় যেকোনো বিষয়ের সারসংক্ষেপ পেয়ে যেতে পারি।”
মেলিসা টাম আরও বলেন, “আমরা জানি, যেকোনো ছোট ছোট চর্চা যখন নিয়মিত করা হয়, তখনই তা স্থায়ী অভ্যাসে রূপ নেয়। তাই আমাদের লক্ষ্যটাও বেশ সহজ - দিনে অন্তত ১৫ মিনিট বই পড়া। বাসে যাতায়াতের সময়, রাতে ঘুমাতে যাওয়ার আগে কিংবা দুপুরের খাবারের ফাঁকেই এটি করা সম্ভব।”
সিঙ্গাপুর সরকার তরুণদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এর মধ্যে দৈনিক ব্যবহারের সময়সীমা নির্ধারণের বিষয়টিও রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় তরুণদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাবের ক্ষেত্রে ডুমস্ক্রলিং ও আসক্তিকে উল্লেখযোগ্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নাগরিকদের আচরণে পরিবর্তন আনতে আর্থিক প্রণোদনা দেওয়ার নজির সিঙ্গাপুরে নতুন নয়। এর আগে হাঁটায় উৎসাহ দিতে সুপারমার্কারের ভাউচার এবং প্রতিদিন নির্দিষ্টসংখ্যক পদক্ষেপ পূরণ করলে পুরস্কার দেওয়ার কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।
তবে বই পড়ার অভ্যাস নিয়ে নতুন উদ্যোগ গ্রহণের সময় আন্তর্জাতিক মূল্যায়নে সিঙ্গাপুরের শিক্ষার্থীদের সাফল্যও সামনে এসেছে। ২০২৫ সালের আন্তর্জাতিক শিক্ষার্থী মূল্যায়ন কর্মসূচি (পিআইএসএ) অনুযায়ী, ২০২৫ সালের ‘পিসা’ (PISA) বিশ্ব মূল্যায়নে দেখা গেছে, ১৫ বছর বয়সীদের বই পড়ার দক্ষতায় বিশ্বের শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। এই তালিকায় তারা চীন ও তাইওয়ানকে পেছনে ফেলেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আজ ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে খেলতে নামবে চেলসি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) টিভিতে অন্যান্য বেশ কিছু ম্যাচও সম্প্রচারিত হবে।
ক্রিকেট
জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি দুপুর দেড়টায় শুরু হবে, ট্যাপম্যাডে।
ফুটবল
লা লিগা
এস্পানিওল-এলচে সরাসরি রাত ১টা
ইংলিশ প্রিমিয়ার লিগ
ব্রেন্টফোর্ড বনাম চেলসি ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে রাত ১টায় ফ্যানকোডে।
লিগ ওয়ান
মোনাকো ও লেন্সের মধ্যে ম্যাচটি রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হবে, ফ্যানকোডে।
বুন্দেসলিগা
বায়ার্ন এবং এফসি ইউনিয়নের ম্যাচটি রাত ১২টা ৩০ মিনিটে সম্প্রচারিত হবে, ফ্যানকোডে।
ইতালিয়ান সিরি’আ
মোনজা ও সাসুয়ালো ম্যাচটি রাত ১২টা ৪৫ মিনিটে সম্প্রচারিত হবে, ফ্যানকোড এবং অ্যাপল টিভিতে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয় নিয়ে বিতর্কিত কথোপকথনের অডিও ফাঁসের ঘটনার পর ক্যান্টনমেন্ট থানার প্রত্যাহার হওয়া ওসি রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি ডেকেছে।
ডিবিতে ডাকার বিষয়টি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। তিনি জানান, ডিএমপি থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রাকিবুল হাসানকে ডেকেছে। কমিটিতে একজন ডিবির সদস্য রয়েছেন, অন্য দুজন ডিএমপি সদরদপ্তরের। রাকিবুল হাসানকে ভাইরাল হওয়া অডিওর বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ওসি রাকিবুলের নামে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয় নিয়ে বিতর্কিত কথোপকথন শোনা যায়। অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত। পুলিশ কিছুই করতে পারবে না।’
অডিওতে আরও দাবি করা হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএনপির দিকে ঝুঁকছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা তা করছেন না। এছাড়া পুলিশের পদায়নে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথা বলতে শোনা যায় ফাঁস হওয়া ওই অডিওতে।
ভাইরাল হওয়া এই অডিও রেকর্ডটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইল থেকে পোস্ট করে সাফাই গেয়েছেন ওসি রাকিবুল হাসান। তিনি দাবি করেছেন, অডিওটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। তার ভাষ্যমতে, এআই প্রযুক্তি দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে খবর প্রকাশের অনুরোধ জানান তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ