মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:২৩ পি.এম
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা প্রতিবাদ জানিয়েছেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেকের জামায়াতে ইসলামী সম্পর্কিত বক্তব্যের বিরুদ্ধে। তিনি মন্তব্য করেছেন, ‘এ বিষয়ে তার তাওবা করা উচিত।’ একইসঙ্গে তিনি বাবুনগরীর সাম্প্রতিক বক্তব্য নিয়েও আপত্তি প্রকাশ করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলা পৌরসভা ফুটবল মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসিরের বক্তব্যে এসব কথা বলেন আমির হামজা।
খতিবের বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, খতিব সাহেব ফতোয়া দিয়েছেন যে, বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যারা যায় তারা গুমরাহ। তাহলে, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী কি গুমরাহ ছিলেন? আপনার তাওবা করা উচিত।
আমির হামজা আরও বলেন, যারা আন্তরিকভাবে জামায়াত করেন, তাদের ইখলাসে কোনো ঘাটতি নেই।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মুরুব্বি ইদানীং খারাপ কথা বলেন। এত নিকৃষ্ট শব্দ উনার মুখ দিয়ে আসে, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন? এরকম মুরুব্বি, যার কথা ঠিক নেই, মাথা ঠিক নেই, তাকে বাড়িতে বসিয়ে চিকিৎসা করান।
ওয়াজ মাহফিলে বাধা দেওয়া এবং তাকে বিতর্কিত বলার প্রসঙ্গে তিনি বলেন, যারা মাহফিলে বাধা দেন, তারা কাফের। বিতর্কিত আখ্যা দেওয়ার প্রসঙ্গে আমির হামজার দাবি, সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়ার আগে তার বিরুদ্ধে এ ধরনের সমালোচনা ছিল না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নাতিন জামাইয়ের বিরুদ্ধে নামাজ না পড়ার অভিযোগে বরগুনা সদর থানায় নানাশ্বশুর মামলা দায়ের করেছেন। অভিযোগটি সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরগুনা সদর থানায় করা হয়। অভিযুক্ত নাতিন জামাইয়ের নাম মো. রব্বানী গাজী, যিনি অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের জামাই।
অভিযোগের সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত রব্বানী গাজী তার বাসার নিকটবর্তী স্থানে বসবাস করেন।
মাওলানা সোহরাব হোসেন অভিযোগে উল্লেখ করেন যে, রব্বানী গাজী ইসলামবিরোধী এবং বেপরোয়া জীবনযাপন করেন। গত ১২ নভেম্বর (শনিবার) দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে রব্বানীকে নামাজ পড়ার জন্য বললে, তিনি রেগে যান এবং বৃদ্ধ নানার হাতের লাঠি কেড়ে নিয়ে তা ভেঙে ফেলেন। বর্তমানে বৃদ্ধ বয়সে হাঁটাচলা করতে কষ্ট হওয়া ওই ব্যক্তি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
এছাড়া, অভিযুক্ত ব্যক্তি যে কোনো মুহূর্তে বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভুক্তভোগী। বর্তমানে তিনি পথে-ঘাটে গালমন্দ ও অকথ্য ভাষায় গালাগাল করায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনার পর মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানায় আইনগত সহায়তা চেয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বরগুনা সদর থানার ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন থানায় এসে একটি অভিযোগ দাখিল করেছেন এবং আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নাটোরের লালপুরে সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী দায়ের করা মামলায় ৫৮ বছর বয়সী আজম আলী নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য হিসেবে তার পরিচিতি রয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার পরিকল্পনা রয়েছে। সোমবার রাতে উপজেলার বিলমাড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আজম আলী চক বাদকয়া গ্রামের মৃত নজির উদ্দিন মন্ডল এবং মৃত রিজিয়া বেগমের পুত্র। তিনি বিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন।
পুলিশের সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর লালপুর থানায় দায়ের করা ১৫ নম্বর মামলার তদন্ত এবং আসামি গ্রেপ্তারের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে।
লালপুর থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিলমাড়িয়া বাজার থেকে আজম আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানার হেফাজতে নেওয়া হয়েছে। মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট একজন নেতার গ্রেপ্তারের ফলে এলাকায় আলোচনা শুরু হয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম এ বিষয়ে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার আসামি হিসেবে আজম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ করে হত্যা করার মামলায় আসামি সোহেল রানা মৃত্যুদণ্ডের সাজা থেকে রেহাই না পেলেও, তার স্ত্রী স্বপ্না আক্তার খালাস পেয়েছেন। এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধর্ষণ ও হত্যাকাণ্ডে স্বপ্নার জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন, ময়নাতদন্তের প্রতিবেদনে শিশু রামিসাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত বলে প্রমাণিত হয়েছে। আদালত বলেন, শিশুটিকে অত্যন্ত নৃশংস ও অস্বাভাবিকভাবে হত্যা করা হয়েছে এবং এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
অন্যদিকে, স্বপ্না আক্তারকে খালাস দেওয়ার কারণ ব্যাখ্যা করে আদালত জানায়, সোহেল রানা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যায় স্ত্রী স্বপ্নার সহযোগিতার কোনো তথ্য প্রদান করেননি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেন, গ্রেফতারের পর সোহেল রানা দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। আদালত সেই জবানবন্দি বিবেচনায় নিয়ে তার মৃত্যুদণ্ড বহাল রেখেছে।
স্বপ্নার খালাসের বিষয়ে তিনি বলেন, মূল অপরাধ হচ্ছে ধর্ষণ ও হত্যা। এসব অপরাধে স্বপ্না খাতুনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। তিনি শুধু স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেছিলেন। এ কারণে আদালত তাকে খালাস দিয়েছেন।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর পল্লবীতে প্রতিবেশী সোহেল রানা সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ করেন। ঘটনার আড়াল করতে শিশুটিকে গলা কেটে হত্যা করার পর মরদেহ খণ্ডিত করেন তিনি। এরপর জানালার গ্রিল কেটে পালিয়ে যান। পাশের ফ্ল্যাটে থাকা রামিসার মা পারভীন আক্তার শিশুটির আর্তনাদ শুনলেও তখন বুঝতে পারেননি, সেটি তার নিজের সন্তানের। পরে পাশের ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় সেলিম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নুরুদ্দিন (৪০) নামের আরও একজন ব্যক্তি।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে।
নিহত সেলিম গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের মৃত জয়নুল আবেদীনের পুত্র। আহত নুরুদ্দিন একই গ্রামের আব্দুল কাদিরের ছেলে।
স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানায়, রাত ৩টার দিকে মাছ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সেলিম ও নুরুদ্দিন। পরে তারা জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলে সেলিমের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আহত নুরুদ্দিনকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠান।
ভাবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনার পর ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ