ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একটি কৃষকের মৃত্যু


সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একটি কৃষকের মৃত্যু

নাটোর জেলার সিংড়া এলাকায় বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৬) নামের এক কৃষকের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এই মৃত্যু বৃহস্পতিবার সকাল ৭ টায় ঘটে, যখন কৃষকটি তার বাড়ির পার্শ্ববর্তী বিলে মাছ ধরতে গিয়েছিলেন। নিহত কৃষক উপজেলার ইটালী ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে বলেই জানা যাচ্ছে।

পুলিশ এবং স্থানীয় এলাকাবাসী সূত্রে যে তথ্য পাওয়া গেছে, তাতে জানা যায়, নিহত ইসমাইল হোসেন সকাল ৬ টায় মাছ ধরার জন্য বাড়ির পার্শ্ববর্তী মাঠের দিকে যান। সে সময় সেখানে মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং বজ্রের বিকট শব্দ শোনা যাচ্ছিল। এই বজ্রপাতে কৃষকটির মৃত্যু ঘটে বলে রিপোর্ট করা হয়েছে। পরে স্থানীয় সিদ্দিক নামের এক প্রতিবেশী কৃষক মাছ ধরতে গিয়ে ইসমাইলকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেছেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বজ্রপাতে ঘটনার বিষয়ে নিশ্চিত হয়ে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় যুক্তরাজ্যে শিক্ষার্থীদের চাপের মুখে, উঠছে অস্ত্র বাণিজ্যের প্রসঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় যুক্তরাজ্যে শিক্ষার্থীদের চাপের মুখে, উঠছে অস্ত্র বাণিজ্যের প্রসঙ্গ

যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের বিরুদ্ধে ইসরায়েলের গাজা আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অভিযোগ উঠেছে। আল জাজিরা ও লিবার্টি ইনভেস্টিগেটসের যৌথ অনুসন্ধান অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টি প্রতিরক্ষা শিল্প ও ইসরায়েল-সংশ্লিষ্ট অস্ত্র কোম্পানির সঙ্গে আর্থিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার জন্য ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

প্রতিবেদন উল্লেখ করছে যে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের নভেম্বরের মধ্যে যুক্তরাজ্যের ১৫৬টি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে অন্তত ২৩৬ জন শিক্ষার্থী ও কর্মীর বিরুদ্ধে তদন্ত করা হয়েছে। এসবের মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ অন্তত ২৬টি শাস্তিমূলক ব্যবস্থা বা তদন্ত করা হয়েছে কিংস কলেজ লন্ডনে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও এই তালিকায় রয়েছে।

অনুসন্ধানে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে, যেখানে ১৮ বছর বয়সী এক মুসলিম ছাত্রী হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁর লেকচারারের অতীত ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত থাকার তথ্য শেয়ার করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ফিলিস্তিনবিষয়ক পোস্ট শেয়ার করেন। তাই তাঁকে সাময়িকভাবে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং দুই হাজার শব্দের একটি অনুতাপমূলক প্রবন্ধ লিখতে বলা হয়। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, তাঁকে ব্রিটিশ সরকারের ‘প্রিভেন্ট’ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার হুমকিও দেওয়া হয়েছিল।

প্রতিবেদন আরও জানায়, ফিলিস্তিনপন্থি আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের জন্য কিংস কলেজসহ যুক্তরাজ্যের অন্তত এক ডজন বিশ্ববিদ্যালয় একটি বেসরকারি গোয়েন্দা প্রতিষ্ঠান নিয়োগ করেছিল। ২০২৫ সালের মে মাসে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য ১৩ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিক সতর্কতা প্রদান করা হয়। মিশরীয় শিক্ষার্থী উসামা ঘানেমকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে এবং তাঁর শিক্ষার্থী ভিসাও বাতিল হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কিংস কলেজের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের দাবি, বিশ্ববিদ্যালয়টিতে প্রতিরক্ষা শিল্প ও অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘ দিন ধরে আর্থিক সম্পর্ক বিদ্যমান। ২০২৪ সালের এক প্রতিবেদনে দেখা যায় যে, বিশ্ববিদ্যালয়টি প্রায় ২০ মিলিয়ন পাউন্ড এমন সব প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে, যেগুলো গাজায় চলমান সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়া ২০২০ সাল থেকে বিএই সিস্টেমস, থেলস এবং রোলস রয়েসের মতো প্রতিরক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে অন্তত ৩ দশমিক ৩ মিলিয়ন পাউন্ড গবেষণা তহবিল পেয়েছে কিংস কলেজ। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহের অভিযোগ রয়েছে।

জাতিসংঘের শান্তিপূর্ণ সমাবেশ ও সমিতির স্বাধীনতা বিষয়ক বিশেষ প্রতিবেদক জিনা রোমেরো কিংস কলেজের এই আচরণকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি কয়েক হাজার মানুষ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


রাঙামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি কয়েক হাজার মানুষ নিহত ২

পাহাড়ে বৃষ্টি থামছে না। কখনো ভারি, কখনো মাঝারি, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস গত ২৪ ঘণ্টায় ২৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এর মধ্যে, রাঙামাটির ১৬টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৮০০ এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

রাঙামাটি সদর, বাঘাইছড়ি ও লংগদু উপজেলাবাসি পানিবন্দী হয়ে পড়েছে। অন্যদিকে, রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পাহাড় ধসে এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। এখনও তার নাম পরিচয় জানা যায়নি। এছাড়া, রাঙামাটি সদর এলাকার মগবানে ইউনিয়নে বানের পানিতে তলিয়ে মৃত্যু হয়েছে দলমনি চাকমা নামের এক ব্যক্তির।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত পাঁচদিনের টানা ভারি বৃষ্টিতে ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটেছে রাঙামাটিতে। পাহাড় ধসে রাঙামাটি-চট্টগ্রাম, কাপ্তাই-আসামবস্তি, রাজস্থলী-বাঙ্গালহালিয়া, রাঙামাটি-খাগড়াছড়ি দীঘিনালা ও সাজেক সড়ক চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রাঙামাটি শহরের উন্নয়ন বোর্ড সংলগ্ন আভ্যন্তরীণ সড়ক ভেঙে গেছে। রাঙাপানি ভেদভেদী সড়কও ক্ষতিগ্রস্ত।

রাঙামাটি সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, রাঙামাটিতে ১৬টি স্থানে পাহাড় ধসের ফলে সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। আপাতত মাটি সরিয়ে সড়ক চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে। তবে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে যানচালাচল বন্ধ হয়ে রাঙামাটি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

এদিকে, পাহাড় ধসে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বিলাইছড়িতে ৩৭টি স্থানে। কাউখালী উপজেলার বেশ কিছু মানুষের ঘর ভেঙে গেছে। নিন্মাঞ্চলে প্লাবিত হয়ে রাঙামাটি তিনটি উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, রাঙামাটির ১৬টি আশ্রয় কেন্দ্রে ৮০০ এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে এবং তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, ১০৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। কাচালং নদীতে পানি বৃদ্ধি এবং দীঘিনালায় সড়কে পাহাড় ধসের কারণে পর্যটকদের সাজেকে অবস্থান করতে নিষেধ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ স্থানে মাইকিং অব্যাহত রয়েছে। মাঠে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট, ফায়ার সার্ভিস, সড়ক ও জনপদ বিভাগ এবং স্বেচ্ছাসেবক দলগুলো।

এদিকে, গত বুধবার রাতে রাঙামাটিতে হঠাৎ সফর করেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দীন। তিনি রাঙামাটির বিভিন্ন আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য সরকারের পক্ষ থেকে ১৩০০ মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দ দেওয়া হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরবর্তীতে আরও সহায়তা দেওয়া হবে।

এছাড়া, রাঙামাটির বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য এ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনিও আশ্রয় কেন্দ্রের মানুষদের খাবার বিতরণ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্ভোগ কমাতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত সড়ক পরিষ্কারে ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


দুর্ভোগ কমাতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত সড়ক পরিষ্কারে ছাত্রদল

রাঙামাটির মানিকছড়িস্থ সাপছড়ি এলাকায় ঘটে যাওয়া আকস্মিক পাহাড় ধসের কারণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে সম্পূর্ণরূপে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিন্তু ছাত্রদল সেই রাস্তা পরিষ্কার করেছে।

টানা বর্ষণের ফলে বৃহস্পতিবার (৯ জুলাই) সাপছড়ি এলাকায় পাহাড় ধসে রাস্তার ওপর পড়ে। এই সংকটময় পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে দ্রুত ঘটনাস্থলে যান রাঙামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা কোদাল দিয়ে রাস্তা থেকে পাহাড় ধসে পড়া মাটি পরিষ্কারের কাজে সরাসরি অংশগ্রহণ করেন। ছাত্রদলের নেতাকর্মী ও প্রশাসনের সহযোগিতায় দ্রুততম সময়ে রাস্তার মাটি সরিয়ে যান চলাচল আবারও স্বাভাবিক করা সম্ভব হয়েছে।

রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ এবং সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম রনির নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা রাস্তা পরিষ্কার করার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ বলেন, "রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, রাজনীতি হোক মানুষের সেবায়, সংকটে ও জনকল্যাণে— এটিই আবারও প্রমাণ করলো ছাত্রদল।"

তিনি জানান, সাধারণ মানুষের যেকোনো দুর্যোগে ও প্রয়োজনে ছাত্রদল এমন ইতিবাচক ভূমিকা সর্বদা অব্যাহত রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বৃক্ষ মেলার উদ্বোধন

বড় আয়োজনে নতুন চিত্র, অনুষ্ঠানের ব্যানারে নেই প্রধানমন্ত্রীর ছবি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


বড় আয়োজনে নতুন চিত্র, অনুষ্ঠানের ব্যানারে নেই প্রধানমন্ত্রীর ছবি

বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি বর্ণাঢ্য ও পরিপাটি পরিবেশে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো গোছানো তৎপরতায় কোথাও প্রধানমন্ত্রীর ছবি ছিল না।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে অনেকেই বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করেছেন। সাভার থেকে আসা পরিবেশকর্মী সোলায়মান নিলয় মন্তব্য করেন, ‘এটা খুবই দৃষ্টি আকর্ষণ হওয়ার মতো ঘটনা। আজকের অনুষ্ঠানে ব্যানারে প্রধানমন্ত্রীর কোনো ছবি নেই।’

তিনি আরও বলেন, ‘দুইদিন আগে পত্রিকায় একটি নিউজ দেখেছিলাম যে, প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন যে, সরকারি অনুষ্ঠানে তার ছবি যেন ব্যবহার না করা হয়। তার নির্দেশের প্রতিফলন আমরা আজকের অনুষ্ঠানে দেখতে পাচ্ছি। আগে দেখা গেছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর একটি বড় ছবি থাকতো, কিন্তু আজ সেটা নেই। সত্যি অসাধারণ ব্যাপার।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সংক্রান্ত নির্দেশের প্রেক্ষিতে গত ৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ একটি পরিপত্র জারি করে। ওই পরিপত্রে উল্লেখ করা হয় যে, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রি ডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। সরকারি অনুষ্ঠানে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড নকশা সেই অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে তৈরি করতে হবে এবং প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে নির্মাণ করতে হবে যেন অনুষ্ঠানের উদ্দেশ্যে ও বার্তা ও বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

আজ বৃহস্পতিবার সকালে, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দারুণ একটি অনুষ্ঠান আয়োজন করে, যেখানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানের মূল মঞ্চ এবং চারপাশের দেয়ালে পরিবেশ সংক্রান্ত নানা শ্লোগান সম্বলিত মোট ২০টি ব্যানার-ফেস্টুন টানানো হয়।

এসব ব্যানার-ফেস্টুনে কীভাবে পরিবেশ রক্ষা করা হবে, কীভাবে প্রাণীকূলসহ জীববৈচিত্র্য ঠিক রাখা যাবে, কীভাবে গাছ রোপণ করা হবে এবং কীভাবে গাছের পরিচর্যা করতে হবে - সেই সম্পর্কিত পরামর্শ ও নির্দেশনা ছিল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমান রাজনীতির যে গুণগত পরিবর্তনের কথা বলেছেন, এই ধরনের ঘটনা তারই বহিঃপ্রকাশ।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরোজা রোজা বলেন, ‘অতীতে প্রধানমন্ত্রীর ছবি বড় করে প্রচার করার প্রবণতা দেখা গেছে। এর ফলে মূল অনুষ্ঠানের বিষয় বোঝা যেতো না এবং অনুষ্ঠানের মূল উদ্দেশ্য আড়ালে পড়ে যেতো।’

তিনি আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সংস্কৃতি থেকে বের হওয়ার উদ্যোগ নিয়েছেন, যা অবশ্যই প্রশংসার দাবীদার। আপনি খুঁজে দেখলে দেখতে পাবেন - প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নির্দেশ সবার মনের কথা। এজন্য আমি প্রধানমন্ত্রীকে থ্যাংকস জানাতে চাই।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পেশাজীবীরা।

সূত্র : বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%