শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০১:২১ পি.এম
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি নতুন ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই তথ্য জানান সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করেছেন যে, সৌদি আরবের পূর্বাঞ্চলের আকাশে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। তবে তিনি ড্রোনটির উৎস, হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেননি।
এর আগে সৌদি আরবের বিভিন্ন স্থানে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের খবর জানিয়েছিল জোটটি। বৃহস্পতিবার রিয়াদ অঞ্চলে কয়েকটি ড্রোনও প্রতিহত করা হয়েছে। আরব নিউজের প্রতিবেদনে রাজধানী এলাকায় দুটি পৃথক ড্রোন প্রতিহত করার তথ্য উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, আনাদোলু এজেন্সি জানায়, রিয়াদ ও পূর্বাঞ্চলে ড্রোন প্রতিহত করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এর আগের দিন বুধবার, সৌদি বাহিনী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। একই দিনে মক্কা ও সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দিকে আসা দুটি ড্রোনও ধ্বংস করার খবর দেয় জোটটি।
এদিকে, সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, প্রতিহত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কা অঞ্চলের সাবুহাহ গ্রামে গিয়ে পড়ে।
তবে এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
তথ্যসূত্র: গলফ নিউজ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) কার্যত স্থগিত করেছে দ্রুত ওষুধ অনুমোদনের বিশেষ কর্মসূচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সময় শুরু হওয়া এই কর্মসূচির অধীনে নতুন কোনো ওষুধকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না। ফলে দ্রুত অনুমোদনের জন্য অপেক্ষা করা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
২০২৫ সালের জুনে তৎকালীন এফডিএ কমিশনার মার্টি মাকারি ‘কমিশনার্স ন্যাশনাল প্রায়োরিটি ভাউচার’ কর্মসূচি চালু করেছিলেন। এই কর্মসূচির আওতায় জনস্বাস্থ্যের জরুরি প্রয়োজন মেটাতে সক্ষম এমন ওষুধের অনুমোদন প্রক্রিয়া এক থেকে দুই মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
এই কর্মসূচির অধীনে মোট ২২টি ওষুধকে বিশেষ অনুমোদনপত্র প্রদান করা হয়েছে। এর মধ্যে ১২টি ওষুধ ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। তবে গত মে মাসে মাকারির পদত্যাগের পর নতুন কোনো ওষুধকে এই সুবিধা দেওয়া হয়নি। কর্মসূচির অনুমোদন তদারকির জন্য গঠিত বিশেষ পরিষদের কার্যক্রমও বর্তমানে বন্ধ রয়েছে।
বিশেষজ্ঞদের অভিযোগ, দ্রুত অনুমোদনের নামে কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানকে অতিরিক্ত সুবিধা প্রদান করা হয়েছে এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ওষুধের দাম কমানোর চুক্তি করা কিছু প্রতিষ্ঠান এই সুবিধা পেয়েছে বলে সমালোচনা করা হচ্ছে।
তবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের মুখপাত্র জানিয়েছেন, কর্মসূচিটি এখনো কার্যকর রয়েছে। এ বিষয়ে প্রাপ্ত মতামত পর্যালোচনা করে এর কাঠামো উন্নত করার কাজ চলছে।
সূত্র: রয়টার্স
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাশিয়ার শেষ রাজপরিবার রোমানভদের ঐতিহাসিক সংগ্রহের অন্তর্ভুক্ত বিশাল একটি নীলকান্তমণি বসানো ব্রেসলেট সম্প্রতি বিক্রি হয়েছে প্রায় ৫ মিলিয়ন ডলারে। নিলামে ব্রেসলেটটির দাম উঠেছে ৪১ লাখ সুইস ফ্রাঁ, যা মার্কিন মুদ্রায় প্রায় ৪৯ লাখ ডলার। রাজপরিবারটির ঐতিহাসিক এই অলংকারটি প্রত্যাশিত দামের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হওয়ায় নতুন করে আলোচনায় এসেছে।
বুধবার (১১ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবির আয়োজিত নিলামে ব্রেসলেটটি বিক্রি হয়। অলংকারটির মাঝখানে ১৯৭ দশমিক ৮০ ক্যারেটের কুশন আকৃতির একটি নীলকান্তমণি রয়েছে। এর চারপাশে জ্যামিতিক নকশায় হীরা বসানো হয়েছে। বিখ্যাত গয়না নির্মাতা প্রতিষ্ঠান কার্টিয়ে এই ব্রেসলেটটি তৈরি করেছে।
নিলামের পূর্বে ব্রেসলেটটির সম্ভাব্য দাম ৮ লাখ ৫০ হাজার থেকে ১৭ লাখ সুইস ফ্রাঁ নির্ধারণ করা হয়েছিল, যা মার্কিন মুদ্রায় প্রায় ১০ লাখ ২০ হাজার থেকে ২০ লাখ ৪০ হাজার ডলার। তবে শেষ পর্যন্ত এর দাম ৪১ লাখ সুইস ফ্রাঁতে পৌঁছেছে।
সোথবির নিলাম তালিকায় উল্লেখ করা হয়েছে, এই অসাধারণ ঐতিহাসিক নীলকান্তমণির উৎস রোমানভ পরিবারের কিংবদন্তিতুল্য সংগ্রহ। রাশিয়ার জারদের এই রাজকীয় সংগ্রহকে ইতিহাসের অন্যতম সমৃদ্ধ ও মূল্যবান রাজকীয় অলংকারের সংগ্রহ হিসেবে গণ্য করা হয়।
রোমানভরা ছিলেন রাশিয়ার সর্বশেষ রাজপরিবার। ১৯১৭ সালে রুশ বিপ্লবের সূচনালগ্নে জার দ্বিতীয় নিকোলাস সিংহাসন ত্যাগ করলে তাদের শাসনের অবসান ঘটে। এরপরের বছর বলশেভিকদের হাতে পরিবারের সদস্যরা নিহত হন।
রোমানভ পরিবার নীলকান্তমণিটি ঠিক কখন সংগ্রহ করেছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে নিলাম প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ১৮৮৩ সালে একটি রাজকীয় অনুষ্ঠানে দ্বিতীয় নিকোলাসের মা সম্রাজ্ঞী মারিয়া ফিওদোরোভনা যে স্কার্ট পরেছিলেন, তার সামনের অংশে একই ধরনের দুটি নীলকান্তমণি দেখা যায়। ধারণা করা হয়, বর্তমান রত্নটি ছিল সেই জোড়ার একটি।
রুশ বিপ্লবের পর ১৯২০-এর দশকে সোভিয়েত সরকার রোমানভ পরিবারের রাজকীয় সংগ্রহের অলংকারগুলো বিক্রি করে দেয়। এরপর ১৯২৭ সালে গ্যানা ওয়ালস্কা নামের এক সমাজের উচ্চবিত্ত নারী নীলকান্তমণিটি কিনে নেন বলে সোথবি জানিয়েছে।
সে সময় রত্নটি একটি নেকলেসে বসানো ছিল। ১৯৭১ সালে ওয়ালস্কার সম্পত্তির অংশ হিসেবে এটি বিক্রির সময়ও অন্য একটি ছোট নেকলেসে বসানো ছিল। পরে ২০১৫ সালে কার্টিয়ে নীলকান্তমণিটিকে বর্তমানে দেখা যাচ্ছে এমন হীরাখচিত ব্রেসলেটে স্থাপন করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফুটবল মাঠের বাইরে নতুন একটি অধ্যায় শুরু করতে চলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি তার প্রথম টেলিভিশন সিরিজ ‘ডে ওয়ানস’ এর প্রযোজনার কাজ শুরু করেছেন, যা পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার জন্য একটি নতুন উদ্যোগ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ৪১ বছর বয়সী রোনালদো নতুন এই প্রকল্পের খবর জানান। তিনি লেখেন, ‘দারুণ খবর! আমার প্রথম টিভি শো ডে ওয়ানসের প্রযোজনার কাজ শুরু হয়েছে। সামনে আরও খবর আসছে।’
সিরিজটি ব্রিটিশ ফুটবলকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। এই চিত্রনাট্যনির্ভর ড্রামায় ফুটবলের মাঠের বাইরের ব্যবসায়িক জগতের বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে। বিশেষ করে, প্রভাবশালী ফুটবল এজেন্সির সঙ্গে ক্ষমতার লড়াই, চুক্তি-আলোচনা এবং বিভিন্ন পক্ষের সম্পর্কের টানাপোড়েন দেখানো হবে।
সিরিজটিতে প্রভাবশালী ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনের চরিত্রে অভিনয় করবেন অভিনেতা ড্যামিয়ান লুইস। ‘হোমল্যান্ড’ ও ‘বিলিয়নস’ সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই অভিনেতার সঙ্গে প্রকল্পটিতে যুক্ত রয়েছেন সাবেক ফরাসি ফুটবলার থিয়েরি অঁরি এবং ব্রিটিশ র্যাপার ডেভ। সিরিজটিতে অতিথি চরিত্রে অঁরির উপস্থিতির সম্ভাবনাও রয়েছে।
রোনালদো এবং ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা ম্যাথিউ ভনের প্রতিষ্ঠিত স্বাধীন প্রযোজনা প্রতিষ্ঠান ইউআর-মার্ভ স্টুডিওস সিরিজটি নির্মাণ করছে। প্রতিষ্ঠানটি ২০২৫ সালে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে কাজ করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে।
সিরিজটির নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন রোনালদো। একই সঙ্গে, চিত্রনাট্যনির্ভর অভিনয়ে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তিনি। ফুটবলের পাশাপাশি ফ্যাশন, আতিথেয়তা ও গণমাধ্যম ব্যবসায় নিজের অবস্থান তৈরি করা এই তারকা এবার বিনোদন জগতে নিজের পরিচিতি বাড়ানোর পথে হাঁটছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিকাল হলেই অলিগলিতে ভাজাপোড়ার দোকানের সামনে ভিড় জমে যায়। কড়াইয়ে টগবগ করে ফুটছে তেল, তার মধ্যে ছাড়া হচ্ছে পুরি, সিঙারা, সমুচা, পিয়াজু। গরম গরম মুখরোচক এই খাবারের ঘ্রাণে জিভে জল আসে অনেকেরই।
তবে, এই মুখরোচক খাবারের আড়ালে লুকিয়ে আছে স্বাস্থ্যঝুঁকির শঙ্কা। পোড়া তেল নামক এই তেলের ব্যবহার, যা সকাল থেকে রাত পর্যন্ত বারবার ভাজা হচ্ছে, কালো হয়ে ফেনা উঠছে, সেই তেলেই ভাজা হচ্ছে অনেকের প্রিয় খাবার সিঙারা-পুরি।
ঢাকায় সম্প্রতি অনুষ্ঠিত একটি সেমিনারে বাংলাদেশে মুখরোচক খাবার তৈরিতে পোড়া তেলের ব্যাপক ব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বারবার ব্যবহৃত এই তেল কেবল পেটের সমস্যা সৃষ্টি করে না, বরং উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, লিভারের ক্ষতি, এমনকি ক্যান্সারের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে।
এছাড়া, সেমিনারে আশার কথা উঠে এসেছে। বলা হয়েছে, ফেলে দেওয়া পোড়া তেলই হতে পারে মূল্যবান সম্পদ।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই তেল সংগ্রহ করে বায়োফুয়েল বা বায়োডিজেল তৈরি করা সম্ভব। এর ফলে একদিকে পরিবেশ দূষণ কমবে, অন্যদিকে অর্থনৈতিক সুফলও পাওয়া যাবে।
পোড়া তেল আসলে কী?
ভোজ্যতেল একবার গরম করলেই তার রাসায়নিক গঠন পরিবর্তন হতে শুরু করে। বারবার গরম করলে সেই পরিবর্তন আরও ভয়াবহ হয়ে ওঠে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব জানাচ্ছেন, ভোজ্যতেলে বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান রয়েছে, যা অয়েল গ্লিসাইড অবস্থায় বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড অবস্থায় থাকে।
নির্দিষ্ট তাপমাত্রায় গরম হওয়ার ফলে ভোজ্যতেলের মধ্যে থাকা ফ্যাটি অ্যাসিডের গঠন পরিবর্তন হয়ে ট্রান্স কনফিগারেশনে পরিণত হয়, যা ট্রান্স ফ্যাট উৎপন্ন করে।
‘এই ট্রান্স ফ্যাট আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে মানবদেহে কার্ডিওভাসকুলার ডিজিজ হওয়ার শঙ্কা থাকে। যা হার্টের আর্টারি ব্লক করে,’ বলেন তিনি।
অনেক তাপমাত্রা দেওয়ার ফলে অ্যালডিহাইডের মতো বিভিন্ন রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়, যা শরীরের বিভিন্ন সেল বা কোষের সঙ্গে প্রতিক্রিয়া তৈরি করে।
বিশেষজ্ঞরা বলছেন, বারবার তাপ প্রয়োগ বা দীর্ঘ সময় ধরে একই তেল ব্যবহার করে রান্না করলে রাসায়নিক প্রতিক্রিয়ার মাধ্যমে তেলের মধ্যে থাকা প্রয়োজনীয় উপাদানগুলো পরিবর্তিত হয়ে ক্ষতিকর উপাদানে পরিণত হয়।
স্বাস্থ্যঝুঁকি কতটা?
পোড়া তেল পুনরায় ব্যবহারের ফলে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। এটি অ্যাসিডিটি, বুক জ্বালাপোড়া, স্ট্রোক, পারকিনসন, হৃদরোগ, এমনকি ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
অতিরিক্ত তাপমাত্রায় একাধিকবার গরম করার ফলে তেলে ক্ষতিকর যৌগ তৈরি হয়, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পোড়া তেল ব্যবহারের সময় আগের রান্নার কিছু অদৃশ্য কণা সেই তেলে থেকে যায়। ফলে ফ্রেশ খাবার রান্না করলেও খাবারের স্বাদ এবং বিশেষ করে পুষ্টিগুণ অনেকটাই নষ্ট হয়।
‘ব্যবহৃত তেলে ফ্রি র্যাডিকাল তৈরি হয়, যা মানবদেহের কোষের ক্ষতি করে এবং বার্ধক্য প্রক্রিয়া ত্বরান্বিত করে,’ বলেন মি. শোয়েব।
পোড়া তেল হৃদযন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর উল্লেখ করে এটি ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা বিএফএসএ'র চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।
তিনি বলছেন, ‘হার্টের যতগুলো শত্রু আছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক হলো পোড়াতেল। তাই ব্যক্তি পর্যায়ের পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদেরও পোড়া তেল ব্যবহার পরিহার করতে হবে।’
পোড়া তেল বা একাধিকবার ব্যবহৃত ভোজ্যতেল মানুষের শরীরে স্লো পয়জনিং বা ধীর বিষক্রিয়ার কাজ করে বলেই মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন।
তিনি বলেন, দিনের পর দিন পোড়া তেলের খাবার খাওয়ার ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, হার্ট অ্যাটাক, রক্তনালিতে চর্বি জমা, লিভারের ক্ষতি ও ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।
‘ভোজ্যতেল একবার ব্যবহার করলে তেলের মধ্যে থাকা অক্সিজেন বেরিয়ে যায়। এর ফলে এই তেল সেবনে শরীরে রক্ত জমাট বেঁধে যায়। মানবদেহের হার্ট এবং ব্রেইনে এর প্রভাব পড়ে,’ বলেন তিনি।
দীর্ঘদিন এই তেল ব্যবহারে মানবদেহের গুরুত্বপূর্ণ অনেক অঙ্গ নিষ্ক্রিয় হয়ে পড়ার শঙ্কা রয়েছে বলেও জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক।
‘পোড়া তেল রক্তের মধ্যে একটা বর্জ্য হিসেবে জমে যায়। দীর্ঘদিন এর ব্যবহারে রক্ত চলাচল কমে গিয়ে হার্ট ও ব্রেইনের মতো গুরুত্বপূর্ণ অঙ্গে ইনফেকশন এবং অচল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে,’ বলেন তিনি।
পোড়া তেল থেকে বায়োফুয়েল
পোড়া তেল নিয়ে নানা সংকটের মধ্যেই এ নিয়ে সম্ভাবনার কথাও বলছেন বিশেষজ্ঞরা। এই তেল ব্যবহার করে বায়োফুয়েল বা বায়োডিজেল উৎপাদনের বিষয়টিও সামনে আসছে তাদের আলোচনায়।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ব্যবহৃত ভোজ্যতেল বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বায়োডিজেলে পরিণত করা সম্ভব। যা নবায়নযোগ্য জ্বালানি হিসেবে ব্যবহার করে প্রাকৃতিক দূষণ কমানো সম্ভব।
বাংলাদেশে রান্নার তেল সংগ্রহ করে তা থেকে বায়োডিজেল উৎপাদন করছে বেসরকারি প্রতিষ্ঠান বায়োটেক এনার্জি লিমিটেড। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বাংলাদেশে যে পরিমাণ ভোজ্যতেল রেস্টুরেন্ট বা ভাজাপোড়ার দোকানে ব্যবহার করা হয়, তার মাত্র ৩০ শতাংশের মতো আবর্জনা হিসেবে সংগ্রহ করতে পারে তারা।
বর্তমানে দেশের অন্তত তিন হাজার প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ১০০ টনের বেশি ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করার কথা জানান বায়োটেক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল হামিদ। তিনি বলেন, ‘যেসব দোকানে তরকারি এবং ডিপফ্রাই দুইটাই আছে, সেসব জায়গা থেকে এক ফোঁটা তেলও আসে না। পরোটার জন্য যে খামি তৈরি করা হয়, সেখানে আসলে এই ব্যবহৃত তেলগুলো দিয়ে দেওয়া হয়।’
অর্থাৎ, একবার ভাজার পর যে তেল বেঁচে যায়, তা ফেলে না দিয়ে আবার পরোটার খামিতে কিংবা তরকারিতে ব্যবহার করা হয়।
কীভাবে তৈরি হয় বায়োফুয়েল?
বাংলাদেশে বায়োফুয়েল উৎপাদন এখনও বড় পরিসর লাভ করেনি। তবে পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের।
বায়োটেক এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল হামিদ বলছেন, শুরুতে ব্যবহৃত ভোজ্যতেল সংগ্রহের ক্ষেত্রে খুব একটা সাড়া না পেলেও ২০১৯ সাল থেকে বাংলাদেশে এর পরিমাণ বেড়েছে।
‘শুরুতে পাঁচ টন তেল না পাওয়া গেলেও এখন আমরা মাসে একশ টন পর্যন্ত তেল সংগ্রহ করছি,’ বলেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব জানান, পোড়াতেলে ট্রাই গ্লিসারয়েড অবস্থায় বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড থাকে, যা মিথানল (অ্যালকোহল) এর উপস্থিতিতে পরিবর্তন করে এস্টারে পরিণত করা হয়।
রসায়নের ভাষায়, বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিডের এস্টারই হলো বায়োডিজেল বা বায়োফুয়েল।
বিভিন্ন ক্ষেত্রে জ্বালানি হিসেবে ‘নরমাল যে ফুয়েল ব্যবহার করা হয়, সেখানে আলাদা আলাদা কম্পোজিশন আছে। এটাকেও একইভাবে বায়োডিজেল হিসেবে ব্যবহার করা যায়।’
সাধারণত যানবাহন চলাচলের জন্য যে জ্বালানি ব্যবহার করা হয়, তার তুলনায় বায়োফুয়েল ব্যবহার প্রকৃতির জন্য ভালো।
মি. শোয়েব বলছেন, ‘যেহেতু খাদ্যের তেলের মধ্যে কোনো সালফার নাই। ফলে এটা থেকে উৎপাদিত বায়োডিজেলেও সালফার থাকে না। ফলে সাধারণ ডিজেলের তুলনায় ৮০ শতাংশ কালো ধোঁয়া কম হয়।’
তবে, এই পদ্ধতিতে বায়োফুয়েল উৎপাদনের জন্য অবকাঠামো এবং প্রযুক্তিগত যে সক্ষমতা প্রয়োজন, সেটি বেশ ব্যয় সাপেক্ষ। কিন্তু জ্বালানির চাহিদা পূরণ এবং পরিবেশ দূষণ কমাতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের যে পরিকল্পনা বিশ্বব্যাপী নেওয়া হয়েছে, সেখানে ভালো বিকল্প হতে পারে বায়োফুয়েল।
‘আমাদের যেহেতু এখন জ্বালানি সংকট এবং সামনে আরও বেশি হবে। ফলে যদি আমরা উদ্ভাবনী উপায় হিসেবে বায়োফুয়েল উৎপাদন করতে পারি, এটা ভালো হবে,’ বলেন তিনি।
বিশেষজ্ঞরা বলছেন, জীবাশ্ম জ্বালানির তুলনায় বায়োফুয়েল পরিবেশের ক্ষতি কমায়। এতে ইঞ্জিনের ক্ষতির পরিমাণও অনেক কম এবং কালো ধোঁয়া কম হয়।
মি. শোয়েবের ভাষ্য অনুযায়ী, ‘ব্যবহারের পর আবর্জনা হিসেবে যে তেল আমরা ফেলে দেই, সেটা ফেলে না দিয়ে নবায়নযোগ্য জ্বালানির মতো এটা আমরা ব্যবহার করতে পারি।’
আবদুল্লাহ আল হামিদ জানান, বাংলাদেশে বর্তমানে স্বল্প মাত্রায় বায়োফুয়েল উৎপাদন হচ্ছে, যার অধিকাংশই ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।
‘ইউরোপের দেশগুলোতে এর চাহিদা আছে, কারণ তারা প্রকৃতিকে রক্ষা করতে চায়। আমাদের এখানে প্রকৃতির তুলনায় দাম নিয়েই চিন্তাটা বেশি,’ বলেন তিনি।
সূত্র: বিবিসি বাংলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ