ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডেপুটি স্পিকার: দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে


ডেপুটি স্পিকার: দুর্নীতিমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, সরকার একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি উল্লেখ করেছেন যে, দলের নেতাকর্মীসহ যে কেউ দুর্নীতির সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-২০২৬’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ সভার আয়োজন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে করেছে। সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। এই উদ্দেশ্যে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে এই কার্ড বিতরণে সচ্ছল ব্যক্তিদের অন্তর্ভুক্তির মতো যেসব অনিয়ম ও স্বজনপ্রীতি ঘটেছিল, বর্তমান সরকার তথ্য সংগ্রহের নিয়মে পরিবর্তন এনে তা দূর করেছে।

তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে তিনি কড়া নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, তথ্য সংগ্রহের কাজ অবশ্যই সমাজের সবচেয়ে অবহেলিত ও দরিদ্র মানুষের বাড়ি থেকে শুরু করতে হবে। এরপর পর্যায়ক্রমে গৃহহীন ও অন্যের জায়গায় বসবাসকারীদের তালিকাভুক্ত করতে হবে। কোনো অবস্থাতেই সচ্ছল বা পাকা ভবনের অধিবাসীদের আগে তালিকাভুক্ত করা যাবে না।

তিনি আরও বলেন, তথ্য সংগ্রাহকদের সরকার নির্ধারিত সম্মানী দেওয়া হচ্ছে। তাই এ কাজে কোনো প্রকার অর্থ লেনদেন বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। তিনি সতর্ক করেন যে, নিজ দল বিএনপি বা অঙ্গসংগঠন ছাত্রদলের কেউ যদি চাঁদাবাজি বা দুর্নীতিতে লিপ্ত হয়, তবে তিনি নিজেই বাদী হয়ে মামলা করবেন।

জাতীয় পর্যায়ে বিদ্যুতের ঘাটতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ব্যাঘাত ঘটছে, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

একইসঙ্গে অপচয় রোধে সবাইকে দিনের বেলায় অপ্রয়োজনে আলো বা ফ্যান না চালিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানান তিনি। সরকার দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছে বলেও তিনি জানান।

পাহাড়ি এলাকার গারো ও হাজং সম্প্রদায়সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশংসা করে তিনি বলেন, নানা অভাব-অনটন সত্ত্বেও তাদের মধ্যে অপরাধ বা মিথ্যাচারের প্রবণতা নেই। বিগত সরকারের আমলে সামাজিক নিরাপত্তার ভাতার টাকা অন্য মোবাইল নম্বরে চলে যাওয়ার মতো যেসব অনিয়ম হয়েছে, তা বর্তমান সরকার কঠোরভাবে বন্ধ করবে।

তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান এবং গৃহহীনদের বাসস্থানের আশ্বাস দেন। দল-মতের ঊর্ধ্বে উঠে আগামী পাঁচ বছর কলমাকান্দা ও দুর্গাপুরের মানুষের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

এই অঞ্চলকে একটি বাগানের সঙ্গে তুলনা করে নিজেকে তিনি একজন ‘মালী’ আখ্যায়িত করেন এবং জনপদের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে বন্যা ও ভূমিধসের কারণে বাংলাদেশি পর্যটকদের জন্য সতর্কতা জারি করেছে দূতাবাস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


নেপালে বন্যা ও ভূমিধসের কারণে বাংলাদেশি পর্যটকদের জন্য সতর্কতা জারি করেছে দূতাবাস

বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি পর্যটকদের নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি করেছে।

স্থানীয় সময় রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে কাঠমান্ডুতে এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সকল বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের জন্য নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ভ্রমণে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ভ্রমণে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

বিশেষ করে পিসাং, চামে, মানাং এবং আশপাশের পর্যটন এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং তুষারপাতের ফলে অনেক স্থানে সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটেছে। দুর্গম ভূপ্রকৃতি এবং যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় উদ্ধার কার্যক্রম অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

এদিকে, কর্তৃপক্ষ ইতোমধ্যে মানাং-এর বিভিন্ন এলাকায় ট্রেকিং স্থগিত করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা এবং ভীমথাং।

এছাড়া, ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং নিকটবর্তী ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকায় ভ্রমণের জন্যও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হচ্ছে। মুস্তাং, জমসম এবং অন্যান্য পার্বত্য এলাকার ভ্রমণের পূর্বে গান্দাকি প্রদেশের বিভিন্ন সড়ক যোগাযোগ সম্পর্কে যথেষ্ট অবগত থাকা প্রয়োজন, কারণ এসব সড়ক ব্যবস্থা তাৎক্ষণিকভাবে বিঘ্নিত হতে পারে।

এ কারণে, বাংলাদেশি নাগরিকদের অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ বিভিন্ন পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ এবং ভ্রমণের পরিকল্পনা করার আগে সকল তথ্য যাচাই করা এবং নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনাগুলো ঘনিষ্ঠভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

যেসব বাংলাদেশি নাগরিক ইতোমধ্যে দুর্ঘটনাপ্রবণ এলাকায় ভ্রমণ করছেন, তাদের নিরাপদ স্থানে অবস্থান করা, নদীর তীর ও ভূমিধসের আশংকাযুক্ত এলাকা এড়িয়ে চলা, ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই করা এবং ট্রাভেল অপারেটর ও দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

দূতাবাস নেপালের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য প্রকাশ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


ঝিনাইদহ সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি অজ্ঞাত ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা করেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের তাৎক্ষণিক কার্যক্রমের ফলে ওই প্রচেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন চুয়াডাঙ্গা জীবননগর মাধবপুর সীমান্তে বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি জানায়, মাধবপুর সীমান্ত পিলার ৭০/২ আর এর কাছে ভারতীয় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা ওই পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এ সময় বিওপির বিজিবির টহল দলের নজরে আসলে তারা বাংলাদেশে প্রবেশের মুখে বাধা প্রদান করে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবির বাধার মুখে বিএসএফের অবৈধ পুশ-ইন চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে অবস্থান করছেন। এই বিষয়ে ইতোমধ্যে ১৯৪ বিএসএফকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপহরণের ৪ ঘণ্টা পর মহাসড়কে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


অপহরণের ৪ ঘণ্টা পর মহাসড়কে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে স্থানীয় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের অভিযোগ উঠেছে। প্রায় চার ঘণ্টা পর মহাসড়কের পাশে আঘাতের চিহ্নসহ তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা হন জিসান। অভিযোগ রয়েছে, কাকারা সাবের সদরের একটি দোকানের সামনে থেকে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়।

চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী-কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে জিসানের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, তার গলা ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে।

পরিবারের দাবি, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার সবুজবাগ এলাকার কবির টাওয়ারে নিয়ে হত্যা করা হয়েছে। পরে তার মরদেহ মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তবে এই দাবির বিষয়টি তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। জিসানকে কারা তুলে নিয়ে গিয়েছিল, কোথায় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে কিংবা হত্যার পেছনে কোনো কারণ রয়েছে কি না—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি তারা। চকরিয়া থানার পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, জিসান হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার নারীকে চকরিয়া থানায় নিয়ে যাওয়া হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ বছর বয়সেই যোগব্যায়ামের প্রশিক্ষক, গিনেস রেকর্ডে ফিনিক্স

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


পাঁচ বছর বয়সেই যোগব্যায়ামের প্রশিক্ষক, গিনেস রেকর্ডে ফিনিক্স

যুক্তরাষ্ট্রের হিউস্টনের পাঁচ বছর বয়সী শিশু ফিনিক্স জিসেল হিকস যোগব্যায়ামের প্রশিক্ষক হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে। ৫ বছর ৩৩৭ দিন বয়সে ২০০ ঘণ্টার প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করে সে সবচেয়ে কম বয়সী নারী যোগব্যায়াম প্রশিক্ষক হওয়ার স্বীকৃতি অর্জন করেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফিনিক্সের যোগব্যায়ামের সঙ্গে পরিচয় ঘটে মাত্র তিন মাস বয়সে। তার মা সিডনি হিকসের কোলে চড়ে ‘মামি অ্যান্ড মি’ নামের যোগব্যায়ামের ক্লাসে যাওয়া শুরু করে সে। সময়ের সঙ্গে সঙ্গে যোগব্যায়ামের প্রতি তার আগ্রহ বাড়তে থাকে। একপর্যায়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে ২০০ ঘণ্টার কোর্স সম্পন্ন করে ফিনিক্স, যা তাকে প্রশিক্ষকের সনদ অর্জনে সহায়তা করে।

যোগব্যায়ামের প্রশিক্ষক হওয়ার এই যাত্রা সহজ ছিল না। প্রশিক্ষণ কোর্সে ফিনিক্স ছিল একমাত্র শিশু, বাকি সবাই ছিলেন প্রাপ্তবয়স্ক। কোর্সের অংশ হিসেবে তাকে শারীরবিদ্যা সম্পর্কে বিস্তারিত জানতে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে এবং লিখিত কাজসহ প্রশিক্ষণের বিভিন্ন ধাপ সম্পন্ন করতে হয়েছে।

বর্তমানে হিউস্টনে তার মা সিডনির সঙ্গে যোগব্যায়ামের ক্লাস নেয় ফিনিক্স। সে শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদেরও যোগব্যায়াম শেখায়।

নিজের অভিজ্ঞতা জানিয়ে ফিনিক্স বলে, "আমি মায়ের সঙ্গে ক্লাস নিতে ভালোবাসি। তিনিই আমাকে যোগব্যায়ামের প্রশিক্ষক হতে অনুপ্রাণিত করেছেন। তাই আমরা যখন একসঙ্গে শেখাতে পারি, তখন খুব মজা লাগে।"

প্রশিক্ষণের স্মৃতিচারণ করে সে আরও বলে, "আমি তখন ক্লাসের একমাত্র শিশু। বাকিরা সবাই প্রাপ্তবয়স্ক। আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে। শারীরবিদ্যা সম্পর্কে বিস্তারিত জানতে হয়েছে, লিখতে হয়েছে এবং ধাপে ধাপে প্রশিক্ষণের বিভিন্ন পর্যায় পার হতে হয়েছে।"

যোগব্যায়াম শেখানোর সুযোগ পেয়ে গর্বিত ফিনিক্স। তার ভাষ্য, "কঠোর পরিশ্রমের পরই নিজের পছন্দের কাজটি করার অনুমতি পেয়েছি। যোগব্যায়াম শেখানোর সময় নিজেকে সম্মানিত ও গর্বিত মনে হয়।"

মেয়ের এই অর্জনে আনন্দিত মা সিডনি হিকসও। তার মতে, ফিনিক্সের শেখানোর দক্ষতা শুধু যোগব্যায়ামের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর মাধ্যমে সে বৃহত্তর একটি আন্দোলনেও ভূমিকা রাখছে। গভীরভাবে শ্বাস নেওয়া, নিজের লক্ষ্য পূরণ করা এবং বিশ্বকে বদলে দেওয়ার ক্ষেত্রে বয়স যে বাধা নয়, ফিনিক্সের অর্জন তারই উদাহরণ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%