প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন, সরকার একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি উল্লেখ করেছেন যে, দলের নেতাকর্মীসহ যে কেউ দুর্নীতির সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-২০২৬’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এ সভার আয়োজন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে করেছে। সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চান। এই উদ্দেশ্যে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে এই কার্ড বিতরণে সচ্ছল ব্যক্তিদের অন্তর্ভুক্তির মতো যেসব অনিয়ম ও স্বজনপ্রীতি ঘটেছিল, বর্তমান সরকার তথ্য সংগ্রহের নিয়মে পরিবর্তন এনে তা দূর করেছে।
তথ্য সংগ্রহকারীদের উদ্দেশে তিনি কড়া নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, তথ্য সংগ্রহের কাজ অবশ্যই সমাজের সবচেয়ে অবহেলিত ও দরিদ্র মানুষের বাড়ি থেকে শুরু করতে হবে। এরপর পর্যায়ক্রমে গৃহহীন ও অন্যের জায়গায় বসবাসকারীদের তালিকাভুক্ত করতে হবে। কোনো অবস্থাতেই সচ্ছল বা পাকা ভবনের অধিবাসীদের আগে তালিকাভুক্ত করা যাবে না।
তিনি আরও বলেন, তথ্য সংগ্রাহকদের সরকার নির্ধারিত সম্মানী দেওয়া হচ্ছে। তাই এ কাজে কোনো প্রকার অর্থ লেনদেন বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না। তিনি সতর্ক করেন যে, নিজ দল বিএনপি বা অঙ্গসংগঠন ছাত্রদলের কেউ যদি চাঁদাবাজি বা দুর্নীতিতে লিপ্ত হয়, তবে তিনি নিজেই বাদী হয়ে মামলা করবেন।
জাতীয় পর্যায়ে বিদ্যুতের ঘাটতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ব্যাঘাত ঘটছে, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
একইসঙ্গে অপচয় রোধে সবাইকে দিনের বেলায় অপ্রয়োজনে আলো বা ফ্যান না চালিয়ে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানান তিনি। সরকার দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছে বলেও তিনি জানান।
পাহাড়ি এলাকার গারো ও হাজং সম্প্রদায়সহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশংসা করে তিনি বলেন, নানা অভাব-অনটন সত্ত্বেও তাদের মধ্যে অপরাধ বা মিথ্যাচারের প্রবণতা নেই। বিগত সরকারের আমলে সামাজিক নিরাপত্তার ভাতার টাকা অন্য মোবাইল নম্বরে চলে যাওয়ার মতো যেসব অনিয়ম হয়েছে, তা বর্তমান সরকার কঠোরভাবে বন্ধ করবে।
তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান এবং গৃহহীনদের বাসস্থানের আশ্বাস দেন। দল-মতের ঊর্ধ্বে উঠে আগামী পাঁচ বছর কলমাকান্দা ও দুর্গাপুরের মানুষের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এই অঞ্চলকে একটি বাগানের সঙ্গে তুলনা করে নিজেকে তিনি একজন ‘মালী’ আখ্যায়িত করেন এবং জনপদের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন