প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নারায়ণগঞ্জের বন্দরের পাতাকাটা এলাকার একটি পুকুরে কুমিরের উপস্থিতি আবারও দেখা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, টানা তিন দিন ধরে গ্রামের ভেতরের একটি বড় পুকুরে কুমিরটিকে ভেসে থাকতে দেখা যাচ্ছে। এই ঘটনার কারণে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিরটি উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার দিনের বেলা প্রথম পুকুরে কুমিরটি দেখতে পেয়ে এলাকাবাসী স্থানীয় প্রশাসনকে খবর দেন। এরপর সোমবার ও মঙ্গলবারও একই পুকুরে কুমিরটি দেখা যায়। বুধবার দিনভর গ্রামবাসীরা কুমিরটিকে ক্ষণে ক্ষণে পানিতে ভেসে উঠতে দেখেছেন। খবর পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধারের চেষ্টা করেন। পরে বন বিভাগের কর্মীরাও কুমিরটির অবস্থান নির্ণয়ের চেষ্টা করেন। স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দুই মাস আগে বন্দরের তিনগাঁও এলাকায় একটি কুমির দেখা গিয়েছিল।
মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোতালেব হোসেন জানান, রোববার পাতাকাটা এলাকার পুকুরে কুমির দেখার পর প্রশাসনকে জানানো হয়েছে। টানা কয়েক দিন একই পুকুরে কুমিরটি দেখা যাওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে।
দাসেরগাঁও এলাকার বাসিন্দা আবুল হোসেন জানিয়েছেন, পাতাকাটা গ্রামের প্রায় তিন কিলোমিটার পূর্বে ব্রহ্মপুত্র নদ এবং তিন কিলোমিটার পশ্চিমে শীতলক্ষ্যা নদী অবস্থিত। সাধারণত এসব নদ-নদীতে কুমির দেখা যায় না। নদী থেকে এত দূরে লোকালয়ের মাঝখানের একটি পুকুরে কুমিরটি কিভাবে এলো, তা নিয়ে গ্রামবাসী হতবাক ও উদ্বিগ্ন।
এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার জানান, মুছাপুর ইউনিয়নের পাতাকাটা এলাকায় পুকুরে কুমির দেখা যাওয়ার খবর পেয়ে বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। কিছুদিন আগে পাশের তিনগাঁও গ্রামেও একটি কুমির দেখা গিয়েছিল, তবে তখন সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। এটি সেই কুমির কিনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়ে এবং সতর্ক করে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন