ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অস্ট্রেলিয়া ১২ লাখ কর্মী নেবে, ভাগ্য খুলছে বাংলাদেশিদের


অস্ট্রেলিয়া ১২ লাখ কর্মী নেবে, ভাগ্য খুলছে বাংলাদেশিদের

অস্ট্রেলিয়ায় আগামী চার বছরের মধ্যে ১২ লাখ কর্মীর প্রয়োজন হবে। শ্রমিক সংকটের কারণে দেশটির বিভিন্ন খাতে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া, ফলে বাংলাদেশের কর্মীদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচিত হয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাতে হলে দক্ষ জনশক্তি তৈরির পাশাপাশি সরকারি উদ্যোগ ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানাচ্ছেন, অস্ট্রেলিয়ায় বিশেষভাবে দক্ষ কর্মীর চাহিদা বেশি। নার্স, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, কৃষি খাতের কর্মী এবং অন্যান্য পেশাজীবীদের জন্য সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশি কর্মীরা যদি প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে পারেন, তবে তারা এই শ্রমবাজারে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।

শ্রমিক সংকট মোকাবিলায় অস্ট্রেলিয়া সরকার গত সেপ্টেম্বর মাসে স্থায়ী অভিবাসীর সংখ্যা বাড়ানোর ঘোষণা দেয়। চলতি অর্থবছরে স্থায়ী অভিবাসীর বার্ষিক কোটা ৩৫ হাজার বাড়িয়ে ১ লাখ ৯৫ হাজার করা হয়েছে। এর আগে বছরে সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার স্থায়ী অভিবাসী নেওয়ার সুযোগ ছিল।

আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যুদ্ধের হিসাব-নিকাশ বদলে দিতে পারে

ক্যানবেরায় ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সরকারের জবস অ্যান্ড স্কিলস সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও'নিল বলেন, "শ্রমিক সংকটের কারণে অস্ট্রেলিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চাপের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে নার্স, প্রকৌশলী ও কৃষি খাতের কর্মীদের নিয়োগের মাধ্যমে সংকট মোকাবিলার চেষ্টা করা হচ্ছে।" ব্লুমবার্গের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

তিনি আরও বলেন, "অস্ট্রেলিয়ার অগ্রাধিকার সব সময় দেশটির নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করা। কিন্তু করোনাভাইরাসের প্রভাব এতটাই ব্যাপক ছিল যে, অন্য সব সম্ভাবনা কাজে লাগানোর পরও স্বল্প মেয়াদে দেশটিতে হাজার হাজার কর্মীর ঘাটতি থেকে যাবে।"

বাংলাদেশের উদ্যোগ প্রয়োজন দক্ষ কর্মী পাঠাতে। অস্ট্রেলিয়ার শ্রমবাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে সরকারের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি শিক্ষক ড. আবুল হাসনাত মিল্টন। তিনি বলেন, "অস্ট্রেলিয়ায় কর্মীর সংকটকে কাজে লাগাতে বাংলাদেশ সরকারের উদ্যোগ নেওয়া উচিত।" বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ব্যবস্থা করতে পারে।

তিনি জানান, আগে বাংলাদেশ থেকে এক বছরের কর্মভিসায় অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ ছিল। কিন্তু অনেকেই মেয়াদ শেষে দেশে ফিরে না আসায় পরবর্তী সময়ে অস্ট্রেলিয়া সরকার এ সুযোগ বন্ধ করে দেয়।

আরও পড়ুন: মিয়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনের অংশগ্রহণ অনিশ্চিত: ক্রেমলিন

ফিলিপাইনের উদাহরণ টেনে তিনি বলেন, "দেশটিতে নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে অস্ট্রেলিয়ার মান অনুযায়ী কর্মীদের দক্ষতা যাচাইয়ের কেন্দ্র রয়েছে। বাংলাদেশেও এ ধরনের দক্ষতা যাচাই কেন্দ্র প্রতিষ্ঠা করা গেলে কর্মীদের যোগ্যতা যাচাই এবং অস্ট্রেলিয়ার শ্রমবাজারে প্রবেশ সহজ হবে।"

কোন পথে অস্ট্রেলিয়ায় যাওয়ার সুযোগ

অভিবাসন আইনজীবী ও পরামর্শক প্রতিষ্ঠান স্টাডি সলিউশনের প্রধান নির্বাহী ব্যারিস্টার এরশাদ আহমেদ নিশান জানান, বর্তমানে বাংলাদেশিদের জন্য অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রধান তিনটি পথ রয়েছে। এগুলো হলো শিক্ষার্থী ভিসা, পরিবারের সদস্যদের সঙ্গে যাওয়ার জন্য নির্ভরশীল বা ডিপেনডেন্ট ভিসা এবং দক্ষ কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা।

তিনি বলেন, "অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী অভিবাসনের মাধ্যমে কর্মীর চাহিদা পূরণের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আসছে।" দেশটিতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের পরবর্তী সময়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। মেলবোর্ন ও সিডনির বাইরের শহরগুলোতে পড়াশোনা শেষে পাঁচ বছর পর্যন্ত কাজের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: ‘হিন্দু-শিখ সৌহার্দ্যের’ বার্তা দিয়ে পাঞ্জাব নির্বাচনে ফের একসঙ্গে লড়বে বিজেপি-অকালি দল

নিশান জানান, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় শিক্ষার্থী যাওয়ার সংখ্যাও সম্প্রতি বেড়েছে। তার প্রতিষ্ঠানের মাধ্যমে আটজন শিক্ষার্থী স্নাতক, স্নাতকোত্তর ও ডিপ্লোমা পর্যায়ে পড়তে দেশটিতে গেছেন। বাংলাদেশের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়াও আগের তুলনায় সহজ হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, বাংলাদেশ এখন কম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে।

তথ্যপ্রযুক্তি খাতে বড় সম্ভাবনা

অস্ট্রেলিয়ার শ্রমবাজারে তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য কর্মী সংকটের পূর্বাভাস রয়েছে। ফাইন্যান্সিয়াল রিভিউয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী চার বছরে দেশটিতে ১২ লাখ নতুন কর্মীর প্রয়োজন হবে। এর মধ্যে ৯৮ হাজার ৬০০-এর বেশি প্রযুক্তি বিশেষজ্ঞ, ২০ হাজার ৪০০ আইনজীবী এবং ৭ হাজার ৭০০ নিরীক্ষকের চাহিদা রয়েছে।

এসব পেশায় কর্মসংস্থান প্রায় ২ লাখ ৬ হাজার ৬০০টি বাড়তে পারে, যা বর্তমানের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি।

আরও পড়ুন: শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, অ্যামাজন ও ইবেকে এআই খেলনা বিক্রি বন্ধের দাবি

তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ করে আইটি সাপোর্ট ও সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারদের চাহিদা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ খাতে কর্মসংস্থান ৪৩.৭ শতাংশ বেড়ে ১ লাখ ৫৭ হাজারে পৌঁছাতে পারে। এছাড়া ডেটাবেজ ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এবং আইটি সাপোর্ট কর্মীদের চাহিদা ৩৫ শতাংশের বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে অস্ট্রেলিয়ার কয়েকটি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ নিয়োগ শুরু করেছে। বিশেষ করে পেগা ডেভেলপার ও ইঞ্জিনিয়ার, পিএইচপি ও সিম্ফনি ডেভেলপার, সেলসফোর্স ডেভেলপার এবং ডটনেট ডেভেলপার নিয়োগে আগ্রহ দেখা যাচ্ছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এসব নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ভিসা নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অস্ট্রেলিয়ায় কর্মীর চাহিদা বাড়ার খবর ছড়িয়ে পড়ার পর একশ্রেণির প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। আকর্ষণীয় বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে অনেককে ভিসার প্রলোভন দেখানো হচ্ছে।

সিডনিতে বসবাসরত বাংলাদেশি অভিবাসন আইনজীবী ও সাংবাদিক কাওসার খান তার সাম্প্রতিক এক নিবন্ধে সতর্ক করে বলেছেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই এমন ভিডিও ছড়ানো হয়, যেখানে দাবি করা হয় স্পনসর বা ইংরেজি ভাষার দক্ষতা ছাড়াই শুধু আবেদন করে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া সম্ভব।" মূলত দর্শক আকৃষ্ট করতে এসব বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। অনেক ভিডিওতে ভিসার শর্ত সম্পর্কেও ভুল তথ্য দেওয়া হয়।

আরও পড়ুন: বাংলাদেশ-আমিরাত সম্পর্ক জোরদারের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

তিনি বলেন, "ওয়ার্কিং হলিডে ভিসাকেও অনেক সময় আকর্ষণীয় সুযোগ হিসেবে তুলে ধরা হয়।" এ ভিসায় এক বছর অস্ট্রেলিয়ায় অবস্থান ও খণ্ডকালীন কাজের সুযোগ রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ ভিসা কেবল ১৯টি দেশের নাগরিকদের দেওয়া হয়। বাংলাদেশ এমনকি ভারতও এ তালিকায় নেই।

ব্যারিস্টার এরশাদ আহমেদ নিশানও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তার মতে, "মানুষকে প্রতারিত করার জন্য সব সময়ই কিছু অসাধু ব্যক্তি সক্রিয় থাকে।" তাই অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে ভিসার নিয়মকানুন সম্পর্কে সঠিক তথ্য জানা এবং প্রতারণার বিষয়ে সচেতন হওয়া জরুরি।

দূতাবাসের সহযোগিতার আশ্বাস

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর ও প্রথম সচিব মো. সালাহউদ্দিন জানিয়েছেন, দেশটিতে জনবল সংকটের বিষয়টি বাংলাদেশ সরকার অবগত রয়েছে। যারা স্থায়ীভাবে বসবাসের সুযোগ বা পিআর পেতে চান, তারা প্রচলিত নিয়মে আবেদন করতে পারেন। প্রয়োজন হলে দূতাবাস থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

আরও পড়ুন: মামদানিরের আহ্বান, ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধ হোক

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বলয়’ নাটক: সামাজিক ও রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কাহিনি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


‘বলয়’ নাটক: সামাজিক ও রাজনৈতিক অন্তর্দ্বন্দ্বের কাহিনি

মানুষ সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কিংবা ক্ষমতার বলয়ে বারবার বন্দি হয়ে পড়ে। মুক্তির সন্ধানে বলয় ভাঙার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত কি সত্যিই মুক্তি পাওয়া সম্ভব? তিনটি ভিন্ন পেশার মানুষের আত্মদ্বন্দ্ব এবং মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনা ‘বলয়‘। এটি প্রদর্শিত হয়েছে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে।

কর্মজীবনে প্রবেশের পর, ব্যক্তি মানুষ কর্মজীবনের মানুষের দ্বন্দ্বে হারিয়ে যায় তার নিজস্ব সত্তা।

সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কিংবা ক্ষমতার বলয়ে বন্দি পেশাগত মানুষ মুক্তি চায় এবং সেই বৃত্ত ভাঙতে চায়। তবে, এক বলয় থেকে বেরিয়ে আসার পরও মুক্তি মেলে না, বরং নতুন বলয়ে জড়িয়ে পড়তে হয়। নাট্যদল থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনা ‘বলয়’ এই ব্যতিক্রমি ভাবনাকে উপজীব্য করে।

নাটকের প্রধান তিনটি চরিত্র হল রাজনীতিক, বিজ্ঞান চিন্তক এবং ধর্মতাত্ত্বিক। প্রত্যেকটি চরিত্র নিজের মেধায় পেশায় পরিপক্ব, কিন্তু কোথাও যেন একটি আকুলতা, মুক্তির বাসনা বিদ্যমান।

নাটকটির নির্দেশক মোকাদ্দেম মোরশেদ মন্তব্য করেন, এটি মূলত অন্তর্দ্বন্দ্বের গল্প। জীবনের নানা ঘেরাটোপে আমরা প্রত্যেকেই কোনো না কোনো বলয়ে বন্দি হয়ে আছি।

সংলাপনির্ভর এই নাটকে সংলাপই প্রকাশের প্রধান শক্তি হিসেবে কাজ করেছে। অর্থবহ কথোপকথনে উঠে এসেছে ব্যক্তি, সমাজ, ক্ষমতা এবং রাষ্ট্রের নানা অসংগতি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে সিটি ও পৌরসভার কর্মকর্তাদের নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


রাজশাহীতে সিটি ও পৌরসভার কর্মকর্তাদের নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু

রাজশাহী মহানগরী বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগরী হিসেবে পরিচিত। এই নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেশের মধ্যে সুনামের অধিকারী। অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যে রাজশাহীতে এসেছেন তিন সিটি কর্পোরেশন ও এক পৌরসভার প্রশাসক এবং কর্মকর্তাবৃন্দ।

রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভারন্যান্স প্রজেক্টের আওতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তিন দিনব্যাপী ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করছেন। মঙ্গলবার নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এই কর্মশালার শুভ উদ্বোধন করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো।

স্বাগত বক্তব্য প্রদান করেন ইউডিসিজিপি প্রকল্প পরিচালক এ.এস.এম. রাশেদুর রহমান। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন। সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের সরকার। নাগরিকদের কাক্সিক্ষত সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সবার আন্তরিকতা, সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে দেশকে কাক্সিক্ষত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব।"

তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী আমাদের প্রতি যে নির্দেশনা দিয়েছেন, তা হলোÑ‘তোমাদের কাজ হচ্ছে নগরকে সাজাও।’ সেই লক্ষ্য সামনে রেখে রাজশাহী নগরীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।"

রাসিক প্রশাসক উল্লেখ করেন, রাজশাহী বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর নগরী হিসেবে পরিচিত। এই পরিচিতি ধরে রাখতে রাজশাহী সিটি কর্পোরেশন নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও নালা-নর্দমা পরিষ্কার, বর্জ্য স্থানান্তর এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, "একটি পরিচ্ছন্ন নগর গড়ে তোলার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়; নগরবাসীর সচেতনতা, পরিচ্ছন্নতাকর্মীদের আন্তরিকতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

তিনি আরও বলেন, "জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ ও জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ বাড়ছে। তাই প্রচলিত ব্যবস্থাপনার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশসম্মত বর্জ্য অপসারণের ওপর গুরুত্ব দিতে হবে।"

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, নাগরিক সেবার মানোন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, ফুটপাত দখলমুক্তকরণ, ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন এবং নগরীর সবুজায়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাজশাহী নগরীকে নতুনভাবে ঢেলে সাজানোর লক্ষ্যে মাস্টারপ্ল্যান তৈরি করা হবে। নগর ভবনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য ভবনে সোলার সিস্টেম চালুর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে প্রতি মাসে বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য ব্যয় সাশ্রয় হবে।

তিনি আরও বলেন, "তিনটি সিটি কর্পোরেশন ও একটি পৌরসভার প্রতিনিধিদের সঙ্গে আমাদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। আমি বিশ্বাস করি, এই পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় সবার জন্যই উপকারী হবে।"

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ ইউসুফ মোল্লা টিপু বলেন, "রাজশাহী সিটি কর্পোরেশনে জাইকার সহযোগিতায় পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম সরেজমিনে দেখব এবং অভিজ্ঞতা অর্জন করে নিজ নিজ এলাকায় তা বাস্তবায়নের উদ্যোগ নেব।" তিনি আরও বলেন, "কীভাবে রাজশাহীর মতো পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তোলা যায়, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনই এই কর্মশালার মূল লক্ষ্য। এ ধরনের কর্মশালার মাধ্যমে এক সিটি কর্পোরেশনের অর্জিত সাফল্য ও অভিজ্ঞতা অন্য সিটি কর্পোরেশনের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।"

তিনি উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদানের পরে পবিত্র ঈদুল আজহায় কোরবানির বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশনা প্রদান করেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করেছি। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।"

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা যথাযথভাবে পালনের চেষ্টা করছি। জাইকার সহযোগিতায় পারস্পরিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত। সুন্দর আয়োজন ও চমৎকার ব্যবস্থাপনার জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"

তিনি আরও বলেন, "নগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় রাজশাহীকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার যে সুন্দর পরিবেশ ও উদ্যোগ আমরা দেখেছি, তা সত্যিই প্রশংসনীয়। রাজশাহীর এই অভিজ্ঞতা ও অর্জনকে কাজে লাগিয়ে নারায়ণগঞ্জ নগরীর উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম এগিয়ে নিতে চাই।"

কর্মশালায় গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তাবৃন্দ, কমিউনিটি প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৬ নভেম্বর তিন দিনব্যাপী কর্মশালা শেষ হবে। কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিনিধিরা রাজশাহী সিটি কর্পোরেশনের বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতের বেলা সড়ক পরিষ্কার কার্যক্রমসহ নগরীর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


প্রধানমন্ত্রীর নির্দেশে সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে মাঠে এমপি ফয়সল

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষ হওয়ার পর, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল নিজ নির্বাচনী এলাকায় ফিরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের নিয়ে মাঠে অবস্থান গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, মো. আরজু মিয়া মেম্বার, সৈয়দ মোহাম্মদ জাবেদ, মীর খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে ইমাম চৌধুরী সুমন ও মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষে আমি এলাকায় চলে এসেছি। দলের সবাইকে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সজাগ থাকতে হবে, মাঠে থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘মাধবপুর ও চুনারুঘাটে কেউ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে তা কঠোর হস্তে দমন করা হবে। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও বালু চোরের স্থান বিএনপিতে হবে না।’

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে দলের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে হবে।

পরে সংসদ সদস্য উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে বসে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৬ নভেম্বর ১১২ কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


২৬ নভেম্বর ১১২ কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন

অবশেষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন কর্মী। ওই দিন সন্ধ্যায় ৭টায় ঢাকা থেকে মালয়েশিয়াগামী কর্মীদের বহনকারী প্রথম ফ্লাইটটি উড্ডয়ন করবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই ফ্লাইটের উদ্বোধন করবেন। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত ওই ১১২ জন কর্মী ডিএইচএল প্রতিষ্ঠানে কর্মরত হবেন। যাত্রীদের সকল খরচ নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে।

এর আগে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, মালয়েশিয়ায় ১০ হাজার শ্রমিক বিনা খরচে যাচ্ছেন। তাদের মধ্যে এক হাজার শ্রমিক গুম-খুনের শিকার ও জুলাই মাসে অবদান রাখা ব্যক্তিরা অন্তর্ভুক্ত রয়েছেন।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন, ‘স্বৈরাচারের আমলে সিন্ডিকেটের কারণে অনেক দেশ শ্রমিক নেয়া বন্ধ করেছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাচ্ছে।’

প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো সহজতর করতে এবং হুন্ডি প্রতিরোধে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রথম ফ্লাইটের পর বাকি কর্মীদের যাওয়ার সময়সূচি এখনও জানা যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%