প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষ হওয়ার পর, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল নিজ নির্বাচনী এলাকায় ফিরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের নিয়ে মাঠে অবস্থান গ্রহণ করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মাধবপুর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে স্বাগত জানান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম কামাল, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. পারভেজ হোসেন চৌধুরী, মো. আরজু মিয়া মেম্বার, সৈয়দ মোহাম্মদ জাবেদ, মীর খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে ইমাম চৌধুরী সুমন ও মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ এবং মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো. গোলাপ খানসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী।
এ সময় নেতাকর্মীদের উদ্দেশে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংসদ অধিবেশন শেষে আমি এলাকায় চলে এসেছি। দলের সবাইকে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। সজাগ থাকতে হবে, মাঠে থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘মাধবপুর ও চুনারুঘাটে কেউ সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে তা কঠোর হস্তে দমন করা হবে। কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ ও বালু চোরের স্থান বিএনপিতে হবে না।’
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে দলের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে হবে।
পরে সংসদ সদস্য উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে বসে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন