মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০১:১৯ পি.এম
মিশরের বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলাদেশের গর্ব উজ্জ্বল করেছেন সাতক্ষীরার কৃতী শিক্ষার্থী মাসুম বিল্লাহ গুলজার।
স্নাতক পর্যায়ে অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি ‘দিরউত তামাইয়্যুজিল ইলমি’ (একাডেমিক এক্সেলেন্স ক্রেস্ট) ও বিশেষ সম্মাননা সনদ অর্জন করেছেন। ৪৫টি দেশের ১ হাজার ১৯০ জন বিদেশি স্নাতকের মধ্যে ২৫টি দেশের ২৫ জন সেরা শিক্ষার্থীকে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মাসুম বিল্লাহ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে এই সম্মাননা লাভ করেন।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় মিশরের রাজধানী কায়রোর আল-আজহার কনফারেন্স সেন্টারের আল-আন্দালুস হলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিদেশি শিক্ষার্থীদের জন্য এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মিশরের গ্র্যান্ড মুফতি অধ্যাপক ড. নাজির আইয়াদ, আল-আজহারের ভারপ্রাপ্ত ডেপুটি গ্র্যান্ড ইমাম শায়খ আইমান আবদুল গনি, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদ সিদ্দিকসহ শীর্ষস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মাসুম বিল্লাহ গুলজার তাঁদের কাছ থেকে একাডেমিক এক্সেলেন্স ক্রেস্ট, সম্মাননা পদক ও সনদ গ্রহণ করেন।
‘এডুকেশন ডেভেলপমেন্ট সেন্টার ফর আল-আজহার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস’ আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় চতুর্থবারের মতো এ সমাবর্তনের আয়োজন করে। এতে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ ৪৫টি দেশের ১ হাজার ১৯০ জন বিদেশি স্নাতক অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ৮০৬ জন ছাত্র এবং ৩৮৪ জন ছাত্রী। সমাবর্তনে অংশগ্রহণকারী সকল স্নাতককে সনদ প্রদান করা হয়। তবে ৪৫টি দেশের মধ্যে নিজ নিজ ক্ষেত্রে সেরা ২৫ দেশের ২৫ জন শিক্ষার্থীকে বিশেষ মেধার স্বীকৃতি হিসেবে একাডেমিক এক্সেলেন্স ক্রেস্ট প্রদান করা হয়।
এ বছর আল-আজহার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে ৪০ জনের বেশি বাংলাদেশি শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আকিদা ও দর্শন বিভাগ থেকে মাহবুবুল আলম, রেজাউল করীম, মো. মাহফুজুর রহমান ও মুহাম্মদ মাহমূদ হাসান অংশ নেন। তাফসির বিভাগ থেকে মাসুম বিল্লাহ গুলজার, ইয়াকুব বিন ইসহাক, রাকিবুল ইসলাম, ওবায়দুল্লাহ আল আহরার, মো. আমজাদ হোসেন, আবুরাজিন মো. মুয়াজ, গাজী নুহাস জামিম, মো. আবছার উদ্দীন, মো. এনামুল হক, আব্দুর রহমান ও আনাস ইমাম উপস্থিত ছিলেন।
এছাড়া হাদিস বিভাগ থেকে যুবায়ের আহমাদ ও ফয়সাল মাহমুদ, শিক্ষাতত্ত্ব ও ইতিহাস বিভাগ থেকে কামরুল ইসলাম ও রেজাউল ইসলাম, আরবি ভাষা অনুষদ থেকে মো. মুজাহিদুল ইসলাম এবং শরিয়াহ ইসলামিয়া অনুষদ থেকে আব্দুল্লাহ মুসআব সমাবর্তনে অংশ নেন।
এর আগে গত ৬ জুলাই আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত চূড়ান্ত ফলাফলে মাসুম বিল্লাহ গুলজার তাফসির ও উলুমুল কুরআন বিভাগ থেকে ৯৫ দশমিক ০৩ শতাংশ নম্বর পেয়ে সর্বোচ্চ সম্মাননাসহ প্রথম শ্রেণি অর্জন করেন। তিনি বিভাগের বিদেশি শিক্ষার্থীদের মধ্যে প্রথম এবং মিশরীয় ও বিদেশি শিক্ষার্থী মিলিয়ে সামগ্রিকভাবে তৃতীয় স্থান অধিকার করেন। স্নাতক পর্যায়ের আগের বর্ষগুলোতেও তিনি অনুষদের বিদেশি শিক্ষার্থীদের মেধাতালিকায় যথাক্রমে দ্বিতীয়, দ্বিতীয় ও প্রথম স্থান অর্জন করেছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটে বুরাক এয়ারের (ইউজেড-২২২) একটি ফ্লাইটে তাঁরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। জানা গেছে, প্রত্যাবাসিতদের মধ্যে ১৯ জন শারীরিকভাবে অসুস্থ অবস্থায় ছিলেন।
লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়। সোমবার (২৩ নভেম্বর) লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাঁদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হয়। দীর্ঘদিন আটক থাকার পর অবশেষে তাঁরা দেশে ফেরার সুযোগ পান।
প্রত্যাবাসিতদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারী ও দালালচক্রের প্রলোভনে পড়ে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। পরে ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়ার পর তাঁদের লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে রাখা হয়। অভিযোগ রয়েছে, সেখানে অনেকেই অপহরণ, নির্যাতন ও নানা ধরনের অমানবিক পরিস্থিতির শিকার হয়েছেন।
লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ বেনগাজীর বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বিদায় জানান। এ সময় লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়সহ দেশটির বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদায়ের আগে রাষ্ট্রদূত প্রত্যাবাসিত বাংলাদেশিদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন। তিনি দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার পাশাপাশি দক্ষতা অর্জন করে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরামর্শ দেন। রাষ্ট্রদূত একই সঙ্গে ভবিষ্যতে অবৈধ পথে বিদেশ গমন থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান। এ সময় প্রত্যাবাসিত ব্যক্তিদের লিবিয়ায় অবস্থানের ভয়াবহ অভিজ্ঞতা পরিবার, আত্মীয়স্বজন ও নিজ নিজ এলাকার মানুষের সঙ্গে ভাগাভাগি করার অনুরোধ জানানো হয়। অনিয়মিত অভিবাসন ও মানবপাচারের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং দালালচক্রের প্রতারণা থেকে অন্যদের সতর্ক করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রত্যাবাসিত প্রত্যেক বাংলাদেশিকে দেশে ফেরার যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছে আইওএম। প্রয়োজন অনুযায়ী তাঁদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে। সংস্থাটি মানবিক সহায়তার অংশ হিসেবে নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন কার্যক্রমে সহযোগিতা করছে।
এদিকে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এবং দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে বাংলাদেশ সরকার ও আইওএম। বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর লিবিয়ার ত্রিপোলি ও মিসরাতা থেকে আরও ১৭৫ বাংলাদেশিকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে পর্যায়ক্রমে আরও বাংলাদেশির প্রত্যাবাসনের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, উন্নত জীবনের আশায় ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখিয়ে মানবপাচারকারী চক্র বাংলাদেশিদের প্রথমে লিবিয়ায় নিয়ে যায়। এরপর অনেককে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাঠানোর প্রলোভন দেখানো হয়। এ পথে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি অনেক অভিবাসীকে জিম্মি করে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়, অপহরণ ও নির্যাতনের অভিযোগও রয়েছে। ঝুঁকিপূর্ণ এই পথ পাড়ি দিতে গিয়ে অনেকে প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অভিনেতা সোহেল খান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ‘নসিব’ সিনেমার শুটিং করতে গিয়ে। আজ মঙ্গলবার সকালে ১০টার সময় তিনি বগুড়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুটিংয়ের সময় সোহেল একটি ভিডিও সাক্ষাৎকারে কথা বলেন। তিনি উল্লেখ করেন, ‘এখন আর নাটক-সিনেমায় অভিনয় করতে ইচ্ছা করে না। কারণ সবাই নাটক করে। রিকশায় উঠলেও নাটক, বাজার করতে গেলেও নাটক করে সবাই। হৃদয় থেকে কথা বলার বিষয়টা এখন আর নাই।’
ভিডিওতে তিনি সিনেমাটির শুটিং প্রসঙ্গেও কথা বলেন। মুকেশ ঋষির সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেন। এছাড়া বগুড়ার দইয়ে চিনি বেশি দেয়ার কথাও তিনি উল্লেখ করেন।
সোহেল খানের আকস্মিক মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় শ্রমিকরা লাঠিসোঁটা হাতে সড়ক অবরোধ করে। শ্রমিক মৃত্যুর গুজবের কারণে এই অবরোধ ঘটে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মহানগরীর ইসলাম ও রিপন গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন। এর ফলে ওই গার্মেন্টসসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, শ্রমিকের মৃত্যুর গুজবে মঙ্গলবার সকালে লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। পরে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।
এদিকে বেতন বাড়ানোর দাবিতে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ও বাঘের বাজারের নতুন বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিল্প-কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কের দুটি স্থানে অবরোধ করে বেতন বাড়ানোর দাবি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো রাশিয়ার মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর প্রস্তুতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জার্মানির সামরিক বাহিনী ও ফেডারেল গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দেশটির সংবাদমাধ্যমের একটি অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে, মস্কো চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ‘স্পুটনিক-এস’ নামের একটি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে পারে। রাশিয়া এই অভিযোগকে অস্বীকার করে একে অপপ্রচার বলে অভিহিত করেছে।
সোমবার (২৩ নভেম্বর) জার্মানির সম্প্রচারমাধ্যম এনডিআর ও ডব্লিউডিআর এবং সংবাদপত্র জুডডয়েচে সাইটুংয়ের যৌথ অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে। পরবর্তীতে সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, জার্মান সামরিক বাহিনী এবং ফেডারেল গোয়েন্দা সংস্থা (বিএনডি) ন্যাটোর কয়েকটি সদস্য দেশকে রাশিয়ার সম্ভাব্য এই পরিকল্পনা সম্পর্কে সতর্ক করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আদান-প্রদান হওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে, ‘স্পুটনিক-এস’ নামের স্যাটেলাইটটি কয়েক বছর আগে তৈরি করা হয়েছিল এবং বর্তমানে এটি মস্কো অঞ্চলে সংরক্ষিত রয়েছে। নভেম্বরের শুরুতে পাওয়া গোয়েন্দা তথ্যে আগামী ৬০ দিনের মধ্যে স্যাটেলাইটটি উৎক্ষেপণের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জার্মান সামরিক কর্মকর্তাদের মূল্যায়ন অনুযায়ী, ডিসেম্বরেই এটি উৎক্ষেপণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ধরনের অস্ত্র যদি পৃথিবীর নিম্ন কক্ষপথে বিস্ফোরিত হয়, তবে সামরিক ও বেসামরিক—উভয় ধরনের অবকাঠামোর ওপর ব্যাপক প্রভাব পড়তে পারে। এতে কক্ষপথে থাকা হাজারো স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত বা অকার্যকর হয়ে যেতে পারে। এর ফলে যোগাযোগ, নেভিগেশন, আবহাওয়ার পূর্বাভাস, বৈজ্ঞানিক গবেষণা এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
জার্মানির সাইবার অ্যান্ড ইনফরমেশন স্পেস কমান্ডের (সিআইআর) মেজর জেনারেল আর্মিন ফ্লেইশম্যান বলেছেন, এ ধরনের হুমকি মোকাবিলায় জার্মানি ‘কাউন্টারস্পেস সক্ষমতা’ গড়ে তোলার কথা বিবেচনা করতে পারে। এর মাধ্যমে মহাকাশে থাকা সম্ভাব্য হুমকি নিষ্ক্রিয় করার সক্ষমতা তৈরি করা সম্ভব হবে।
যুক্তরাষ্ট্রের মধ্যেও একই ধরনের উদ্বেগ দেখা দিয়েছে। গত অক্টোবরে দেশটির প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) এক মূল্যায়নে জানায়, রাশিয়া পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি স্যাটেলাইট তৈরির কাজ করছে। সংস্থাটির প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, মহাকাশভিত্তিক এ ধরনের সক্ষমতা ব্যবহার করা হলে বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের পরিচালিত হাজারো স্যাটেলাইট দ্রুত ক্ষতিগ্রস্ত বা অকার্যকর হয়ে যেতে পারে। এতে স্যাটেলাইটনির্ভর গুরুত্বপূর্ণ যোগাযোগ, নেভিগেশন, আবহাওয়া, বাণিজ্যিক ও জাতীয় নিরাপত্তাসেবা ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে।
যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ডের প্রধান জেনারেল স্টিফেন এন হোয়াইটিংও গত মার্চে সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শুনানিতে বলেন, রাশিয়ার কাছে মহাকাশভিত্তিক সম্পদ অকার্যকর করে দেওয়ার মতো সক্ষমতা রয়েছে। এর মধ্যে কক্ষপথে পারমাণবিক অস্ত্র স্থাপনের সম্ভাবনাও রয়েছে। তিনি উল্লেখ করেন, মহাকাশে সশস্ত্র সংঘাত অনিবার্য নয়। তবে প্রতিরোধব্যবস্থা ব্যর্থ হলে সম্মিলিত মহাকাশ সক্ষমতা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কৌশলগত সুবিধা দেবে।
গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ডের প্রধান দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী অ্যান্টি-স্যাটেলাইট বা এএসএটি অস্ত্র স্থাপন ১৯৬৭ সালের মহাকাশ চুক্তির লঙ্ঘন হবে। একই সঙ্গে এতে পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা সব দেশের স্যাটেলাইট ঝুঁকির মুখে পড়বে। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই কক্ষপথে বর্তমানে ১০ হাজারের বেশি স্যাটেলাইট রয়েছে। এর মধ্যে স্টারলিংকের মতো বড় স্যাটেলাইট নেটওয়ার্কও রয়েছে।
ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে কিয়েভের সামরিক বাহিনী ব্যাপকভাবে স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্কের ওপর নির্ভর করেছে। এই নেটওয়ার্কের স্যাটেলাইট থেকে ভূমিতে থাকা ব্যবহারকারীদের টার্মিনালে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হয়। ফলে মহাকাশে পারমাণবিক বিস্ফোরণ ঘটলে এ ধরনের যোগাযোগব্যবস্থাও বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।
এদিকে রাশিয়ার দূতাবাস অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার মহাকাশ কার্যক্রম নিয়ে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন এবং এগুলো অপপ্রচারের অংশ। দেশটির মহাকাশ কার্যক্রম আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনেই পরিচালিত হচ্ছে এবং এর উদ্দেশ্য শান্তিপূর্ণ।
১৯৬৭ সালের মহাকাশ চুক্তি অনুযায়ী, পৃথিবীর কক্ষপথে পারমাণবিক অস্ত্র বা অন্য কোনো গণবিধ্বংসী অস্ত্র স্থাপন নিষিদ্ধ। ফলে রাশিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হলে তা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন হবে। তবে স্যাটেলাইটটির অস্তিত্ব, এতে পারমাণবিক ওয়ারহেড থাকার বিষয়টি কিংবা উৎক্ষেপণের পরিকল্পনা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তথ্যসূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, রয়টার্স
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ