ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার


এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১১০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১০০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সুবিধা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে।

প্রস্তাবিত পরিকল্পনার আওতায়, দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে যারা সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছে, তাদের মধ্যে মেধাক্রমের ভিত্তিতে ল্যাপটপ বিতরণ করা হবে। অর্থাৎ, বোর্ডপ্রতি ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে।

১০০তম অবস্থানে সমান নম্বরধারীদের জন্য অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ রিজার্ভ রাখা হয়েছে। এর ফলে মোট দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এইচএসসিতেও এ ধরনের প্রণোদনা চালুর চিন্তা রয়েছে।

আরও পড়ুন: এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে সভায় আলোচনা, সিদ্ধান্ত হয়নি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহারের আলোকে শিক্ষাকে আধুনিক, কর্মমুখী এবং উৎপাদনমুখী করার লক্ষ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীনে ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হবে। সরকারের ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ ক্রয় করা হবে এবং আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। এতে সর্বোচ্চ সাফল্য হিসেবে বিবেচিত জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে, তাদের মধ্যে ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা ছিল। তবে সরকার ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হবে, যার জন্য সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা চূড়ান্তের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "আমরা প্রাথমিক পর্যায়ে ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানো হবে।"

তিনি আরও বলেন, "মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।"

এ বিষয়ে ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক প্রফেসর মো. ফিরোজ আলম বলেন, "শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং শতভাগ মেধার ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করে পাঠাবে।"

তিনি আরও জানান, প্রতিটি ল্যাপটপ যেন আধুনিক মানের হয় এবং মানসম্মত কনফিগারেশন থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় বিতরণের ক্ষেত্রে একটি আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি ১১টি বোর্ডকে যুক্ত করে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: রুয়েটের নিহত দুই শিক্ষার্থীর পরিবার পেল মৃত্যু জনিত বিমার চেক

যেভাবে নির্বাচিত হবেন শিক্ষার্থীরা

ঢাকা শিক্ষা বোর্ডের কাঠামো অনুযায়ী, কেবল জিপিএ-৫ নয়, বরং পরীক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই মেধাক্রম নির্ধারণ করা হবে। প্রতিটি বোর্ডের প্রথম ১০০ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা ও অনুপাত বিবেচনায় বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা বোর্ডের কাঠামো অনুযায়ী সাধারণ অন্য ৮টি বোর্ডেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে কিছুটা ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে ১০০ জন করে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী বাছাই করা হয়েছে। সবগুলো বোর্ডের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পুনঃনিরীক্ষণে দুই বিষয়ে ফেল, তবু সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। কারিগরিতে এসএসসি ভোকেশনালের তুলনায় দাখিল ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম। সে অনুযায়ী আনুপাতিক হারে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহমেদ বলেন, দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারীদের নিয়ে তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। আমাদের শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক বিন্যাসে বিজ্ঞান ও মানবিক ও মুজাব্বিদ শাখার অনুপাত বিবেচনায় তালিকা চূড়ান্ত করা হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গিয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও উৎসাহিত করতে বর্তমান সরকার এই প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াতে পারে। সূত্র: বাসস

আরও পড়ুন: আল-আজহারে ২৫ দেশের সেরা ২৫ শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশের মাসুম বিল্লাহ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে বাংলাদেশসহ কাঁপল ৫ দেশ, উৎপত্তিস্থল নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে বাংলাদেশসহ কাঁপল ৫ দেশ, উৎপত্তিস্থল নেপাল

বাংলাদেশসহ পাঁচটি দেশে ৫ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নেপালে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার নিকটে ছিল।

ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের (এনসিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৭ দশমিক ৮৫৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৯০৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

তবে ভূমিকম্পটির মাত্রা নিয়ে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। ইউএসজিএসের হিসাবে এর মাত্রা ৫ দশমিক ৩। অন্যদিকে, নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে।

সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালের তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকার কাছাকাছি নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

এদিকে, ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। বিহার, মেঘালয় ও পশ্চিমবঙ্গের বাসিন্দারা কম্পন টের পাওয়ার কথা জানিয়েছেন। হঠাৎ কম্পনে হিমালয়সংলগ্ন এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একই দিন ভোরে ভারতের আসাম রাজ্যেও আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ভারতের জাতীয় ভূকম্পনবিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৩টা ৩৯ মিনিটে কার্বি আংলং জেলায় আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৫।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে। এর অবস্থান ছিল ২৫ দশমিক ৭৪৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৩৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

একই দিনে নেপাল ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একাধিক ভূমিকম্পের ঘটনা হিমালয় অঞ্চলের ভূকম্পন পরিস্থিতিকে নতুন করে আলোচনায় এনেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার-আশুলিয়ায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন, উৎপাদন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


সাভার-আশুলিয়ায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন, উৎপাদন শুরু

শ্রমিক অসন্তোষের পর মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। সকাল ৮টার পর থেকেই একযোগে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে কারখানাগুলোতে।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য কারখানার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মহাসড়কে মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সাভারের উলাইল, ব্যাংক টাউন ও হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। সকাল ৮টার পর থেকে এসব এলাকার কারখানাগুলোতে সাধারণ শ্রমিকরা উৎপাদন কার্যক্রম শুরু করেন।

এদিকে আশুলিয়ার শিল্পাঞ্চলেও শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়ে উৎপাদনে অংশ নিয়েছেন। ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ছাড়াও জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, পল্লীবিদ্যুৎ, কাঠগড়া ও জিরানী এলাকার কারখানাগুলোতে শ্রমিকদের কাজে ফেরার খবর পাওয়া গেছে।

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শ্রমিকদের কাজে ফেরার ফলে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ২০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ২০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি

শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ায় ২০টি তৈরি পোশাক কারখানা ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। আজ সকালে মালিকপক্ষ এসব কারখানা বন্ধের সিদ্ধান্ত জানায়। এরপর তারা কারখানার প্রধান ফটকের সামনে বন্ধের নোটিশ টাঙিয়ে দেয়।

এছাড়া, ৮টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সকালে শ্রমিকরা ৮টি কারখানায় প্রবেশ করে উৎপাদন বন্ধ করে দেয়। এর পর মালিকপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে। শ্রমিকরা এরপর যার যার মত বাড়ি চলে যায়। অন্যদিকে, শিল্পাঞ্চল সাভারে সকাল থেকে শ্রমিকরা দলবদ্ধ হয়ে কারখানায় প্রবেশ করে উৎপাদন শুরু করেছেন। যেকোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশ - ১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, বর্তমানে শিল্পাঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য কারখানাগুলোতে উৎপাদন স্বাভাবিক গতিতে চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হলেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


প্রধানমন্ত্রী ঢাকা থেকে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হলেন

নোয়াখালীর স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের জন্য তিনি রওনা হন।

হেলিকপ্টারযোগে সেখানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬‘-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করবেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী দেখবেন এবং অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এই মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করবে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপ স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগেরও বেশি সময় ধরে সেখানে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে এই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানও উপস্থিত থাকবেন।

মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%